জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় সংগঠনটির আট নেতা-কর্মীকে বহিষ্কার এবং এক যুগ্ম-আহ্বায়ককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
রবিবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির কর্তৃক অনুমোদিত এবং দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (সহ-সভাপতি পদমর্যাদা) স্বাক্ষরিত দুই পৃথক বিজ্ঞপ্তিতে এই সাংগঠনিক ব্যবস্থার বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য মো. ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির ও মো. সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সিদ্ধান্তে ছাত্রনেতা কাব্য সাহাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়।
এদিকে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিকের বিরুদ্ধেও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। নোটিশে তাকে ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়।
এর আগে রবিবার দুপুরে জবি ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ক্যাম্পাসসংলগ্ন ভিক্টোরিয়া পার্কের একটি চায়ের দোকানের কাছে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়। পরে তা ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানে দুই পক্ষের লোকজনকে রড ও পাইপ নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান।
এ ঘটনায় তিনজন আহত হন। তারা হলেন অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাদুদ, লোকপ্রশাসন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন এবং বাংলা বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী ইমরান হোসেন ইমন।
সংঘর্ষের পেছনে সম্প্রতি সদস্যসচিব শামছুল আরেফিনের আয়োজিত একটি পাঠচক্রকে ঘিরে বিরোধের বিষয়টিও সামনে এসেছে।
১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনে ‘শিক্ষা ভাবনা, ওরিয়েন্টালিজম এবং চিন্তার মৌলিকত্ব’ শীর্ষক পাঠচক্র আয়োজন করেন শামছুল আরেফিন। এ আয়োজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনামূলক পোস্ট দেন যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিক। পরে পোস্টটি মুছে ফেলা হয়।
এ বিষয়ে নাহিয়ান বিন হক অনিকের দাবি, শামছুল আরেফিনের সঙ্গে থাকা কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগত তাদের ওপর হামলা চালায়। আগের রাতেও তাদের মারধরের হুমকি দেওয়া হয়েছিল এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছিল বলে জানান তিনি।
অন্যদিকে, এ বিষয়ে শামছুল আরেফিনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল কেটে দেন। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়াও গত ১৬ সেপ্টেম্বর জবি ছাত্রদলের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্টে সংগঠনটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা সম্পৃক্ত কয়েকজনও এই বহিষ্কারের তালিকায় অন্তর্ভুক্ত রয়েছেন। ওই ঘটনায় তিনজন আহত হয়েছিলেন। পরে কেন্দ্রীয় ছাত্রদল জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদার ও যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিশ দেয়।
ফলে কয়েক দিনের ব্যবধানে জবি ছাত্রদলের অভ্যন্তরীণ দুই সংঘর্ষের ঘটনায় কেন্দ্রীয় পর্যায় থেকে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের ঘটনা ঘটলো।
শিক্ষা, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিবালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। প্রফেসর মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারের সহযোগী পরিচালক অধ্যাপক ড. জি. এইচ. এম. সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক (অব.) ড. মো. বোরহান উদ্দিন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ গোলজারুল আজিজ, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আবদুল আলীম এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।
এ ছাড়া নিউট্রিশন ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. এ. কে. এম. মুসা, জাতীয় প্রোগ্রাম ম্যানেজার মাসুদ আলম খান, প্রোগ্রাম অফিসার আকিব আবরারসহ কেন্দ্রীয় গবেষণাগারের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, এ চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সহযোগিতার সুযোগ ও বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এ অংশীদারিত্ব উভয় প্রতিষ্ঠানের একাডেমিক ও সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখবে।
আয়োজকদের মতে, এ সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি হবে।
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) নোবিপ্রবি বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তাঁর সাহিত্যের মাধ্যমে বিপুল উদ্দীপনার সৃষ্টি করেছিলেন। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে নজরুলের পদচারণা ছিলনা। অসাম্প্রদায়িক চেতনা সৃষ্টির মাধ্যমে তিনি একজন সার্বজনীন সাহিত্যিকের আসনে উন্নীত হয়েছিলেন।
নজরুলকে জানতে হলে তার দর্শনকে আমাদের ভালোভাবে জানতে হবে। আমরা এ মহান কবির মানবতাবাদকে ধারণ করে একটি উদারনৈতিক ও বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের পথে এগিয়ে যাবো। উপাচার্য আরও বলেন, জাতীয় কবিকে শ্রদ্ধা জানিয়ে নজরুল বর্ষ ঘোষণার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এর মাধ্যমে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কবির গান, কবিতা ও সাহিত্যচর্চার সুযোগ প্রসারিত হচ্ছে। বক্তব্যে নজরুল বর্ষের সফলতা কামনা করে প্রতিযোগিতার বিজয়ীদের অভিনন্দন জানান উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সেমিনারের কি-নোট স্পিকার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম বলেন, কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করতে গেলে আমরা সাধারণত তাঁকে বিদ্রোহী, সাম্যের কিংবা মানবতার কবি হিসেবে চিহ্নিত করি। এগুলো তাঁর সাহিত্যিক পরিচয়ের গুরুত্বপূর্ণ দিক হলেও নজরুলের সৃষ্টিশীলতার পরিসর এর চেয়ে অনেক বিস্তৃত। নজরুলকে যথাযথভাবে বুঝতে হলে তাঁর সাহিত্যভাবনা, সৃজনশীলতার স্বাতন্ত্র্য, ভাষার ব্যবহার এবং সাহিত্যের নন্দনতত্ত্ব নিয়ে গভীরভাবে আলোচনা করা প্রয়োজন।
নজরুল বাংলা সাহিত্যে এমন এক সময়ে আবির্ভূত হয়েছিলেন, যখন সাহিত্যের একটি নির্দিষ্ট ধারা বেশ প্রভাবশালী ছিল। কিন্তু নজরুল তাঁর সাহিত্যকর্মের মধ্য দিয়ে সেই প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে নতুন ভাষা, প্রকাশভঙ্গি এবং নতুন বিষয়বস্তুর সংযোজন ঘটিয়েছেন। তাঁর কবিতা, গান, গল্প, প্রবন্ধ ও সাংবাদিকতায় যে বৈচিত্র দেখা যায়, তা বাংলা সাহিত্যের প্রচলিত রীতিকে নতুনভাবে আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ফলে নজরুলকে কোনো একটি নির্দিষ্ট পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ করে দেখার সুযোগ নেই।
তিনি আরও বলেন, বর্তমান সময়েও নজরুলের সাহিত্যভাবনার প্রাসঙ্গিকতা রয়েছে। সমাজে যখন বৈষম্য, অসহিষ্ণুতা কিংবা কর্তৃত্বের প্রশ্ন সামনে আসে, তখন নজরুলের সাহিত্য আমাদের নতুন করে চিন্তা করার সুযোগ তৈরি করে দেয়। নজরুলের সাহিত্যকে বিভিন্ন আঙ্গিকে পাঠ ও বিশ্লেষণ করতে পারলেই তাঁর সৃষ্টির নতুন নতুন মাত্রা উন্মোচিত হবে।
নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. গাজী মো. মহসিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। সেমিনারে আলোচক হিসেবে ছিলেন সাহিত্যিক ও নজরুল গবেষক ড. আবুহেনা আবদুল আউয়াল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নজরুল বর্ষ উদ্যাপন কমিটির সদস্য সচিব ড. মো. শিবলুর রহমান। এ সময় নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের পদবি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের পদবি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর। যা উপাচার্যের চূড়ান্ত অনুমোদন নিয়ে প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছেন জনসংযোগ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের পর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অধ্যাপক ড. আজম খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইনের নাম উল্লেখ করা হয়। তবে প্রকৃতপক্ষে সমিতির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূইয়া এবং সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন অধ্যাপক ড. ইমরানুল হক।
বিষয়টি নিয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক বলেন, বিজ্ঞপ্তিতে এমন উল্লেখ দেখে তিনি অবাক হয়েছেন। তিনি কাউকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে যাননি, মৌখিক বা লিখিত কোনোভাবেই নয়। ওই দিন তিনি আনুষ্ঠানিক ছুটিতে অন্য একটি বিশ্ববিদ্যালয়ে মডারেশনের কাজে ছিলেন। তিনি আরও বলেন, এ ধরনের ভুল জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই সংশ্লিষ্ট দপ্তরের আরও সচেতন থাকা উচিত।
শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূইয়া বলেন, বিষয়টি তাদের নজরে আসার পরপরই জনসংযোগ দপ্তরকে জানানো হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের কাজে যাওয়ায় শিক্ষক সমিতির একজন সদস্যকে নিজের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে পাঠিয়েছিলেন। অধ্যাপক ড. আজম খান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে নয়, বরং ভারপ্রাপ্ত সভাপতির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, জনসংযোগ দপ্তর বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেছে এবং সংশোধনের কথা জানিয়েছে। এ জন্য দপ্তর থেকে তার কাছে দুঃখ প্রকাশও করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান বলেন, “বিজ্ঞপ্তিতে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আজম খান এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে বিলাল হোসেনের নাম উল্লেখ করা হয়েছে মিটিং এ। মূলত তারা প্রতিনিধি হিসেবে এসব দায়িত্ব পালন করছেন, এটি বোঝানোই বিজ্ঞপ্তির উদ্দেশ্য ছিল।
তিনি আরও বলেন, আমাদের বিজ্ঞপ্তি তিন স্তরের অনুমোদন শেষে প্রকাশ হয়। ভিসি স্যার ফাইনাল দেখেই বিশ্ববিদ্যালয়ের ভেরিফাই পেজে আপলোড করা হয়েছে। তবে এটা আমরা সংশোধন করছি।
উল্লেখ্য, বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও দি ইবনে সিনা ট্রাস্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী (বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে রেফারকৃত), কর্মকর্তা-কর্মচারী এবং তাদের যোগ্য নির্ভরশীলদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণে বিশেষ ছাড় দেওয়ার কথা রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফিজিক্যালি চ্যালেঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির এর যৌথ উদ্যোগে বিদেশে উচ্চশিক্ষা, পিএইচডি ও আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সুযোগ সম্পর্কে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ৩১৫ নম্বর কক্ষে ‘ব্রেকিং ব্যারিয়ার্স, বিল্ডিং ফিউচারস হায়ার স্টাডি অ্যাব্রড, পিএইচডি অ্যান্ড রিসার্চ’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন JnURHSS-এর সভাপতি এবং স্ট্যাটএইড রিসার্চ ল্যাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক সুজন মিয়া। তিনি শিক্ষার্থীদের সামনে বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি, পিএইচডি করার প্রক্রিয়া এবং গবেষণার আন্তর্জাতিক সুযোগ নিয়ে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।
তিনি বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ, আবেদনের প্রক্রিয়া, প্রয়োজনীয় যোগ্যতা ও প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। এ সময় বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ভালো একাডেমিক ফলাফল, গবেষণার অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় দক্ষতা, মানসম্মত গবেষণা প্রস্তাব (রিসার্চ প্রপোজাল) এবং উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও সুপারভাইজার নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয়।
এ ছাড়া স্কলারশিপ পাওয়ার উপায়, পিএইচডিতে আবেদনের যোগ্যতা, গবেষণার ক্ষেত্র নির্বাচন এবং আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার সঙ্গে যুক্ত হওয়ার বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়। শিক্ষার্থীদের শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণামুখী দক্ষতা ও একাডেমিক প্রস্তুতি গড়ে তোলার পরামর্শ দেন আলোচক।
আয়োজকদের পক্ষ থেকে পিডিএফ এর সভাপতি ইমরান হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রেখে সেমিনারটির আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা পেয়েছেন বলে আশা করছি।"
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা, জবি পিডিএফ শাখার সদস্য ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিংয়ের ঘটনায় ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন এবং ডিভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের মোট ১৬ জন শিক্ষার্থীকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অর্থদণ্ড এবং ৬ জনকে বহিষ্কার করা হয়েছে।
গত ২৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২৮ অক্টোবর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন সাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো যায়।
স্মারকে উল্লেখ করা হয়েছে, গত ৬ মে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ২৬ ব্যাচের ১২ শিক্ষার্থী একই ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা র্যাগিংয়ের শিকার হন।
এ ঘটনায় প্রণয় কুমার ঘোষকে পরবর্তী দুই টার্মের জন্য বহিষ্কারের পাশাপাশি ১৫ হাজার টাকা এবং মো. জুবায়ের হোসেনকে এক টার্মের জন্য বহিষ্কারের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও অসিম দাস, তৌফিক মাহিনুল আহছান ও আব্দুল্লাহ আল সিফাতকে ১৫ হাজার টাকা এবং স্বপন কুমার দাশ, দেবাশীষ মন্ডল ও সজল পালকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও গত ১৪ আগস্ট রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত হল রোডসংলগ্ন নয়ন সড়কের একটি আবাসিক বাসায় ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২৫ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ২৬ ব্যাচের শিক্ষার্থীদের জোরপূর্বক উপস্থিত হতে বলেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় মুশফিকুল হক মাহিদকে পরবর্তী দুই টার্মের জন্য বহিষ্কারের পাশাপাশি ১৫ হাজার টাকা, মো. মারুফ সরোয়ারকে এক টার্মের জন্য বহিষ্কারের পাশাপাশি ১৫ হাজার টাকা এবং মো. মিশন রহমান ও মো. খায়রুল ইসলামকে এক টার্মের জন্য বহিষ্কারের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সাইদিস সালেহীন স্বপ্নীল, ঋত্বিক কর্মকার, সৌরভ চন্দ্র বর্মন ও রাগিব শাহরিয়ারকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়াও অভিযুক্ত সকল শিক্ষার্থীর অভিভাবকদের থেকে মুচলেকা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দীন বলেন, আগস্ট মাসে ডিভেলপমেন্ট স্টাডিজের ২৬ ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে র্যাগিংয়ের অভিযোগ পাই। তারা পুলিশের কাছেও অভিযোগ করেছিল। পরে অডিও, ভিডিও ও ছবি সহকারে ছাত্রবিষয়ক পরিচালকের দপ্তরে অভিযোগ জমা দেয়। তদন্ত কমিটি বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ যাচাই করে শাস্তির সুপারিশ করে।
ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ক্ষেত্রেও ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে র্যাগিংয়ের অভিযোগ পাওয়া যায়। এসব ঘটনায় অডিও রেকর্ডসহ বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ তারিখে অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সভায় শাস্তির সিদ্ধান্ত নেওয়া হয়।
তিনি আরও বলেন, র্যাগিং ও বুলিংয়ের বিষয়ে সচেতনতা তৈরিতে দুই মাস আগে প্রায় সব ডিসিপ্লিনে নির্দেশনা পাঠানো হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রায় ১০০টি পোস্টার দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার বিষয়ে কর্তৃপক্ষকে জানাতে পারেন। আমরা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র-জুনিয়র সম্পর্কের ঐতিহ্য বজায় রাখতে চাই। তবে এর অর্থ এই নয় যে নতুন শিক্ষার্থীদের অশালীন আচরণের মাধ্যমে অপদস্থ বা শারীরিকভাবে হেনস্তা করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অবস্থান কঠোর।