থালাপতি বিজয়

  • প্রকাশ : সোমবার ০৯ মার্চ, ২০২৬, সময় : ৩:১৩ এএম

এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে অভিনেতা রাজনীতিবিদ থালাপতি বিজয়। তাঁর বিরুদ্ধে ইতিমধ্যে বিচ্ছেদের মামলা করেছেন তাঁর স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম। অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়েও ইঙ্গিত করেছেন তিনি। 


তুমুল বিতর্কের মধ্যেও এত দিন ‘স্পিকটি নট’ ছিলেন বিজয়। এবার এই ঘটনায় প্রথম মুখ খুললেন। দিলেন ভক্তদের উদ্দেশে বার্তাও কী বললেন বিজয়। রোববার আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজয়। 


সেখানেই নিজের ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘যা রটছে ও ঘটছে, হতে দিন। এসবে কান দেবেন না। এই নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। কারণ, যা ঘটে চলেছে তা নিয়ে মাথা ঘামানো মানে আপনাদের মূল্যবান সময়ের অপব্যবহার। আমি এই সবকিছুকে একা যুঝে নেব। তবে আমার সব থেকে খারাপ লাগে যা তা হলো আমার কারণে আপনাদের মন খারাপ হচ্ছে। আমার নামে যা রটছে, যে আলোচনা হচ্ছে তা নিয়ে আপনারা অত্যন্ত চিন্তিত তা দেখে আমি কষ্ট পাই। আপনারা এসব নিয়ে অকারণ দুশ্চিন্তা করবেন না।’


দিন কয়েক আগেই অভিনেত্রী তৃষার সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিজয়। বিচ্ছেদ নিয়ে জোর চর্চার মাঝেই তাঁদের দেখে রোষে ফেটে পড়েছিলেন নেটিজেনরা। কয়েক দিন ধরেই বিজয়-সঙ্গীতার বিচ্ছেদচর্চা চলছে। আদালতের তরফে ইতিমধ্যে বিজয়কে আগামী ২০ এপ্রিল আদালতে সশরীর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনেই এই মামলার পরবর্তী শুনানিও হবে।


বিজয়ের স্ত্রী আগে অভিযোগ এনেছিলেন, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহবহির্ভূত সম্পর্কে রয়েছেন বিজয়। ২০২১ সালেই স্বামীর এই সম্পর্কের বিষয়ে তিনি জানতে পেরেছিলেন। বারবার বিজয়ের পক্ষ থেকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি স্ত্রী সঙ্গীতাকে দেওয়া হলেও সেই কথা বিজয় রাখেননি বলেই জানিয়েছেন তাঁর স্ত্রী সঙ্গীতা।




দার-ই-নিজাত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪০ এএম

পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। গল্পের ভিন্নতা, শিল্পীদের অভিনয় এবং একের পর এক নাটকীয় ঘটনা দর্শকদের মুগ্ধ করেছে। শুধু পাকিস্তানেই নয়, ভারত, নেপাল, বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও জনপ্রিয়তা পেয়েছে নাটকটি। দর্শকদের এই বিপুল সাড়া বিবেচনায় নিয়ে নাটকটির পর্বসংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।

পাকিস্তানি সংবাদমাধ্যম রিভিউইটের এক প্রতিবেদনে বলা হয়েছে, নাটকটির মোট পর্বসংখ্যা নিয়ে সম্প্রতি কথা বলেছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক পর্যালোচক সোনিয়া রাও। তার দেওয়া তথ্য অনুযায়ী, শুরুতে ‘দার-ই-নিজাত’ ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা ছিল। কিন্তু দর্শকদের প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়ায় সেই পরিকল্পনায় পরিবর্তন এনেছেন সংশ্লিষ্টরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নাটকটির পর্বসংখ্যা বাড়িয়ে ৪২ করা হয়েছে।

নিজের ভ্লগে সোনিয়া রাও জানান, নাটকটি শিগগিরই শেষ হয়ে যাবে ভেবে যাঁরা হতাশ হচ্ছেন, তাদের আপাতত চিন্তার কিছু নেই। প্রচারের জন্য এখনো বেশ কয়েকটি পর্ব বাকি রয়েছে। এমনকি দর্শকদের আগ্রহ একইভাবে অব্যাহত থাকলে পর্বসংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনাও রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে নাটকটির ভবিষ্যৎ পর্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের মধ্যে চলছে নানা আলোচনা। অনেকেই জানিয়েছেন, ‘দার-ই-নিজাত’-এর গল্প তাদের এতটাই ভালো লেগেছে যে প্রয়োজনে হাজার পর্বও দেখতে রাজি তারা। তবে বিপরীত মতও রয়েছে। একাংশের আশঙ্কা, দর্শকপ্রিয়তার কারণে গল্প অযথা দীর্ঘ করা হলে নাটকটির মূল আকর্ষণ ও আবেদন নষ্ট হতে পারে।

উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত হয়েছে ‘দার-ই-নিজাত’। থ্রি এস এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটি প্রচারিত হচ্ছে এআরওয়াই ডিজিটালে। পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও দেখা যাচ্ছে এটি।

নাটকটির মূল গল্প আবর্তিত হয়েছে জারিয়াব ও আবু বকরের ভালোবাসা এবং তাদের জীবনের নানা পরিবর্তনকে কেন্দ্র করে। আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। অন্যদিকে জারিয়াব চরিত্রে রয়েছেন দুরে ফিশান সেলিম। আগামী পর্বগুলোতে তাদের গল্প কোন দিকে এগোয়, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।


  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪২ পিএম

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। ‘রুনা মহল’ শিরোনামের এই আয়োজনে জন্মদিনের উপহার হিসেবে শিল্পীর হাতে তুলে দেওয়া হয়েছে একটি স্বর্ণের গিটার।


চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রুনা লায়লার হাতে উপহারটি তুলে দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর। ব্যতিক্রমী এই উপহার পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন বরেণ্য এই সংগীতশিল্পী।


অনুষ্ঠানটিতে শুধু জন্মদিন উদযাপনই নয়, তুলে ধরা হয়েছে রুনা লায়লার দীর্ঘ সংগীতজীবনের নানা স্মৃতি, সাফল্য ও অজানা গল্প। প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেনের উপস্থাপনায় আয়োজনে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক আলমগীর, খ্যাতিমান চিত্রশিল্পী রফিকুন নবী এবং সংগীতশিল্পী আঁখি আলমগীর।


বাংলা সংগীতে অসামান্য অবদান রাখা রুনা লায়লা কয়েক হাজার বাংলা চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। দেশাত্মবোধক গানসহ সংগীতের বিভিন্ন ধারায়ও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। দীর্ঘ সংগীতজীবনে তার কণ্ঠের মাধুর্যে মুগ্ধ হয়েছেন প্রজন্মের পর প্রজন্মের শ্রোতা।


মানববন্ধনে অংশ না নেয়ায় ক্ষুব্ধ অভিনেতা হেলাল খান, উত্তপ্ত এফডিসি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১৪ পিএম

সন্ত্রাসীদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ও চলচ্চিত্রসংশ্লিষ্টদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিএফডিসি প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আর পূর্ব ঘোষিত এই কর্মসূচিতে অংশ না নেয়ার কারণে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জয় চৌধুরীসহ কয়েকজনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ও বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান।


এদিন মানববন্ধন শেষে তাদের সামনে পেয়ে উত্তেজিত হয়ে বিভিন্ন মন্তব্য করেন অভিনেতা হেলাল খান। মানববন্ধনে তিনি ছাড়াও আরও উপস্থিত ছিলেন সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বলসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকে।


তবে মানববন্ধনের সময় বিএফডিসিতে উপস্থিত থাকার পরও তাতে অংশ নেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। আর এ কারণেই তাদের ওপর ক্ষুব্ধ হন জাসাস আহ্বায়ক। পূর্ব ঘোষণা অনুযায়ী মানববন্ধন শেষে বিএফডিসির শিল্পী সমিতির কার্যালয়ের সামনে যাওয়ার পর জয় চৌধুরীসহ কয়েকজনকে সেখানে দেখতে পান হেলাল খান। তারপর তাদের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি গালিগালাজ করতেও দেখা যায় তাকে। তখন মুহূর্তেই বিএফডিসি প্রাঙ্গণ উত্তপ্ত হয়ে ওঠে।


এ সময় উত্তেজিত কণ্ঠে সেখানে উপস্থিতদের ‘ফ্যাসিস্ট’ ও ‘স্বৈরাচারের দোসর’ বলে মন্তব্য করেন হেলাল খান। তার অভিযোগ, বিএফডিসিতে উপস্থিত থাকার পরও কেন মানববন্ধনে অংশ নেননি তারা, সেটিই মূলত তার ক্ষোভের কারণ। জয় চৌধুরীর উদ্দেশে তাকে বলতে শোনা যায়, তুই একটা ফ্যাসিস্ট। স্বৈরাচারের দোসর। এ কারণে অনুষ্ঠানে যাসনি তোরা। এ জাসাস নেতা আরও বলেন, এখানে যারা ছিল তারা সবাই ফ্যাসিস্ট। বিএফডিসি ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। আর পরে এ ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বিএফডিসি প্রাঙ্গণে। 


জয়া আহসান

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫২ পিএম

সম্পর্কের সমীকরণ সব সময় সরল হয় না। ভালোবাসা, বন্ধুত্ব কিংবা পারিবারিক বন্ধনের আড়ালেও জমতে পারে সন্দেহ, ঈর্ষা, ক্ষোভ ও বিশ্বাসঘাতকতা। মানুষের মনের এমনই অন্ধকার দিকের গল্প নিয়ে পর্দায় আসছেন জয়া আহসান। ভারতের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা অর্জুন দত্তের নতুন সিনেমা ‘আরএসভিপি মার্ডার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন দুই বাংলায় জনপ্রিয় এ অভিনেত্রী।


মনস্তাত্ত্বিক রহস্য ও খুনের গল্পে নির্মিতব্য এ সিনেমায় আরও অভিনয় করেছেন শ্রাবন্তী, শিলাজিৎ মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, মিষ্টু (অভিপ্সা) চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়, লোকনাথ দে, অঙ্কিতা মাঝি, খেয়া চট্টোপাধ্যায়, গৌরব রায়চৌধুরী, প্রীতি সরকার, প্রিয়াঙ্কা গুহ, বৈশাখী রায়, আয়ুষ দাস, রূপালি রাই ভট্টাচার্য, অভিরূপ চক্রবর্তী, মনোজ ওঝাসহ আরও অনেকে।


অর্জুন দত্তের সিনেমায় সম্পর্কের জটিলতা ও মানুষের মনস্তত্ত্ব বরাবরই বিশেষ গুরুত্ব পেয়েছে। ‘গুলদস্তা’, ‘শ্রীমতী’ কিংবা ‘বিবাহ অভিযান’-এর মতো ভিন্নধর্মী গল্পের মধ্য দিয়ে তিনি দর্শকের সামনে তুলে ধরেছেন মানুষের ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েন। এবার সেই পরিচিত গল্প বলার ভঙ্গিতে যুক্ত হচ্ছে রহস্য, রোমাঞ্চ ও ডার্ক হিউমার। ফলে ‘আরএসভিপি মার্ডার’ পরিচালকের আগের কাজগুলোর তুলনায় ভিন্ন স্বাদের একটি সিনেমা হতে যাচ্ছে।


সিনেমাটির গল্পের পটভূমি পাহাড়। সেখানে একটি আনন্দঘন অনুষ্ঠানকে ঘিরে একত্র হন বেশ কয়েকজন মানুষ। উৎসবের আমেজ, পরিচিত মুখ আর হাসি-আড্ডায় শুরু হওয়া সন্ধ্যা আচমকাই বদলে যায় একটি অস্বস্তিকর বার্তায়। প্রথমে বিষয়টি অবিশ্বাস্য মনে হলেও দ্রুত পরিস্থিতি জটিল হয়ে ওঠে। একটি ঘটনা ঘিরে শুরু হয় রহস্যের অনুসন্ধান। সেই অনুসন্ধানে সামনে আসতে থাকে একেকজনের ব্যক্তিগত জীবনের অজানা অধ্যায়।


বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক সম্পর্কের আড়ালে লুকিয়ে থাকা স্বার্থ, ঈর্ষা ও পুরোনো ক্ষোভ নতুন করে প্রশ্নের মুখে পড়ে। প্রত্যেকের আচরণ ও বক্তব্যের মধ্যে তৈরি হয় অসংগতি। কে নির্দোষ, কে অপরাধী আর কার কাছে রয়েছে ঘটনার গুরুত্বপূর্ণ সূত্র–তা নিয়েই এগোবে কাহিনি। এমন একটি গল্পে যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত জয়া আহসান। পরিচালক অর্জুন দত্তের কাজের প্রতি নিজের ভালো লাগার কথাও জানিয়েছেন তিনি।


জয়ার ভাষ্যে, ‘অর্জুন দত্ত আমার পছন্দের নির্মাতাদের মধ্যে অন্যতম। তাঁর পরবর্তী ছবির অংশ হতে পেরে আমি আনন্দিত। একঝাঁক গুণী শিল্পীর সঙ্গে কাজের সুযোগ এবং আমার চরিত্রের অভিনয়গত চ্যালেঞ্জ আমাকে আকৃষ্ট করেছে। ছবিটি যেহেতু একটি মার্ডার মিস্ট্রি, তাই এমন একটি গল্পের অংশ হতে পেরে আমি বিশেষভাবে আনন্দিত।’


জয়ার কথায় তাঁর চরিত্রের অভিনয়গত চ্যালেঞ্জের বিষয়টি বিশেষভাবে উঠে এসেছে। তবে চরিত্রটি সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে নারাজ জয়া। রহস্যনির্ভর সিনেমা হওয়ায় গল্পের গুরুত্বপূর্ণ অংশ ও চরিত্রগুলোর পারস্পরিক সম্পর্ক আপাতত আড়ালেই রাখছেন নির্মাতারা। 


প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায়ের সংস্থা শ্রী অভিজ্ঞান ড্রিমওয়ার্কস প্রাইভেট লিমিটেডের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। সহ-প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন রূপম গোস্বামী।


প্রযোজক অভিজিৎ চট্টোপাধ্যায় জানান, গল্পের রহস্য, উত্তেজনা এবং সম্পর্কের জটিলতাই তাঁকে এই প্রকল্পের প্রতি আগ্রহী করেছে। অর্জুন দত্তের পরিচালনায় গল্পটি দর্শকের সামনে তুলে ধরতে আশাবাদী তিনি। তাঁর প্রযোজনা সংস্থার লক্ষ্য বাংলা ভাষার গল্পকে ভৌগোলিক সীমানা পেরিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকের কাছে পৌঁছে দেওয়া। ‘আরএসভিপি মার্ডার’ সেই প্রচেষ্টারই অংশ। 


ছবির চিত্রনাট্য লিখেছেন আশীর্বাদ মৈত্র ও অর্জুন দত্ত। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন সুপ্রতিম ভোল, সম্পাদনায় সুজয় দত্ত রায়। সংগীত পরিচালনা করছেন মৈনাক মজুমদার ও অভিজিৎ চট্টোপাধ্যায়। শিল্প নির্দেশনায় রণজিৎ ঘোড়াই এবং পোশাক পরিকল্পনায় পৌলমী গুপ্ত।


বিষয় :

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১:২০ পিএম
  • আপডেট : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ৭:১৮ এএম


  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১:২০ পিএম

মুক্তির মাত্র আট দিনের মধ্যেই বিশ্বজুড়ে ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’।


নীতেশ তিওয়ারি পরিচালিত বড় বাজেটের এই ছবিটি ভারতের চলচ্চিত্র ইতিহাসে দ্রুততম সময়ে এ মাইলফলক অর্জন করা ১১তম সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।


চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর মুক্তির অষ্টম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি। এর মধ্যে ভারতের প্রেক্ষাগৃহগুলো থেকে গ্রস আয় হয়েছে ৬৭৫ কোটি ৫ লাখ রুপি। দেশটির বাজারে নেট আয় ৫৬৪ কোটি ৬০ লাখ রুপি।


অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৩৫৮ কোটি ৫০ লাখ রুপি।মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। অষ্টম দিনে শুধু হিন্দি সংস্করণ থেকেই আয় হয়েছে ৪৩ কোটি রুপি। পাশাপাশি কন্নড়, তেলেগু ও মালয়ালম সংস্করণও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। এর আগে মুক্তির পঞ্চম দিনে ভারতের প্রেক্ষাগৃহে ছবিটির আয় ছিল ১০৭ কোটি ৫০ লাখ রুপি।


আয়ের গতিতে দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’-কেও ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। ১ হাজার কোটি রুপির ঘরে পৌঁছাতে ‘বাহুবলী ২’-এর সময় লেগেছিল প্রায় ১০ থেকে ১১ দিন। সে তুলনায় মাত্র আট দিনেই এই অর্জন নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।এই সাফল্য রণবীর কাপুরের ক্যারিয়ারেও নতুন মাত্রা যোগ করেছে। তার অভিনীত কোনো সিনেমা এবারই প্রথম ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করল। একই সঙ্গে ছবিটির আয় ছাড়িয়ে গেছে রণবীরের আগের ব্যবসাসফল সিনেমা ‘অ্যানিমেল’-এর মোট আয়। ভারতের বাজারে দ্রুততম সময়ে ৩০০ কোটি রুপি নেট আয় করার ক্ষেত্রেও শাহরুখ খানের ‘জওয়ান’-এর রেকর্ড স্পর্শ করেছে সিনেমাটি।


বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের ভাষ্য, উৎসবের পরিবেশ এবং দর্শকদের ব্যাপক আগ্রহ ছবিটির ব্যবসায় বড় ভূমিকা রেখেছে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’ অভিনয় ও নির্মাণশৈলীর কারণে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে আলোচনায় এসেছে।


অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবিঃ ফেসবুক।

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৪৫ পিএম

শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, স্মৃতি আর ভালোবাসা। বিশেষ করে মায়ের আলমারিতে যত্নে তুলে রাখা শাড়িগুলোর আবেদন যেন একটু অন্য রকম। সেই আবেগের পাশাপাশি মায়ের শাড়ি পরার মধ্যে খুঁজে পান সাশ্রয়ের পথও। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার জামদানি-প্রীতির গল্পেও রয়েছে এমনই এক মজার বিষয়।


জামদানি পরার ইচ্ছা হলেই নিজের জন্য নতুন শাড়ি কিনতে ছোটেন না প্রভা। বরং মায়ের শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নেন। এতে একদিকে যেমন নতুন শাড়ি কেনার খরচ বাঁচে, অন্যদিকে মায়ের শাড়ি পরার মধ্য দিয়ে মিশে থাকে আলাদা এক ভালো লাগা।


<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1598401928238375%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>


সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিতই বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে নিজের ভাবনা ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। সম্প্রতি মায়ের শাড়ি পরার প্রসঙ্গেও নিজের অভ্যাসের কথা জানিয়েছেন প্রভা।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’


এর পেছনে খরচ বাঁচানোর বিষয়টিও রয়েছে বলে জানান অভিনেত্রী। প্রভার কথায়, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ, আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’