বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা

  • প্রকাশ : বুধবার ২৯ জুলাই, ২০২৬, সময় : ১০:৪৮ পিএম

মার্ভেল-ভক্তদের তুমুল উম্মাদনার মধ্য দিয়ে আবারও পর্দায় আসছে ‘স্পাইডার-ম্যান’। ৩১ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে চলেছে সিরিজের নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। 


আরও চমকপ্রদ খবর হলো, আন্তর্জাতিক মুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের দর্শকেরা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে মুক্তির আগের দিন, ৩০ জুলাই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি। মাল্টিপ্লেক্সটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের ৩৮তম এবং ‘স্পাইডার-ম্যান’ সিরিজের চতুর্থ সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এ সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যানের চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা জেনডায়াও থাকছেন আগের মতোই। জেনডায়া, জ্যাকব ব্যাটালন এবং হাল্ক চরিত্রে মার্ক রাফেলোর চেনা প্রত্যাবর্তনের পাশাপাশি এ সিনেমায় বেশ কয়েকটি নতুন মুখের সংযোজন ঘটছে।


পিটারের স্মৃতি মন থেকে মুছে যাওয়ার পর এমজে তার জীবনে নতুন করে এগিয়ে গেছে। অভিনেতা ইমান এসফান্দি এ ছবিতে এমজের নতুন বয়ফ্রেন্ডের চরিত্রে অভিনয় করছেন। ‘স্ট্রেঞ্জার থিংস’ অভিনেত্রী সেডি সিঙ্ক এ ছবিতে একটি অত্যন্ত রহস্যময় চরিত্রে হাজির হচ্ছেন।


মার্ভেল–ভক্তদের জন্য সবচেয়ে বড় চমক হলো, জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ ‘ডেয়ারডেভিল’-এর পর জন বার্নথাল আবারও তাঁর আইকনিক ‘ফ্র্যাঙ্ক ক্যাসেল’ বা ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় ফিরছেন। ছবিটি পিটারের মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্বের লড়াইকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে। বিশেষ করে ‘নো ওয়ে হোম’-এর পর পিটার পার্কারের নতুন অধ্যায় কীভাবে শুরু হবে, এটা দেখার জন্য মুখিয়ে আছে সবাই। 


‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর চার বছর পরের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে এবারের সিনেমা। ‘নো ওয়ে হোম’-এর শেষে ড. স্টিফেন স্ট্রেঞ্জের জাদুর পর বিশ্ব পিটার পার্কারের অস্তিত্ব ভুলে গেছে।


পার্কার ‘স্পাইডার-ম্যান’ নায়ক হিসেবে বেনামে নিউইয়র্ক শহরকে রক্ষা করে এবং একটি শক্তিশালী নতুন হুমকির তদন্ত করে, যখন তার অতিমানবীয় শক্তিগুলো একটি আশ্চর্যজনক এবং সম্ভাব্য বিপজ্জনক বিবর্তনের মধ্য দিয়ে যায়। পিটার পার্কার এখন সম্পূর্ণ একা। কেউ জানে না সে কে, তাই সে পূর্ণ সময়ের স্পাইডার-ম্যান হিসেবে নিউইয়র্ককে রক্ষা করছে। কিন্তু একাকিত্ব, মানসিক চাপ ও নতুন এক রহস্যময় শত্রুর আবির্ভাব তাকে কঠিন পরীক্ষার মুখে ফেলে। 


আগের সিনেমাগুলোর তুলনায় এবার পিটারকে আরও দায়িত্বশীল, স্বাধীন এবং মানসিকভাবে পরিণত অবস্থায় দেখা যাবে। যাঁরা চরিত্রের বিকাশ দেখতে পছন্দ করেন, তাঁদের জন্য এটি আকর্ষণীয় হতে পারে। শুধু গল্প বা ভিজ্যুয়াল ইফেক্ট নয়, প্রযুক্তিগত দিক থেকেও অভিনব সিনেমাটি।


এটি বিশ্বের প্রথম সিনেমা, যা সম্পূর্ণভাবে ‘শট ফর স্ক্রিন-এক্স’ উদ্যোগের আওতায় নির্মিত হয়েছে। স্ক্রিন-এক্স হলো একধরনের উন্নত সিনেমা প্রদর্শন প্রযুক্তি। সাধারণ সিনেমা হলে দর্শক শুধু সামনের পর্দায় সিনেমা দেখেন। কিন্তু স্ক্রিন-এক্স প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়। ফলে দর্শকেরা ২৭০ ডিগ্রি প্যানোরামিক ভিউ উপভোগ করতে পারবেন, যা সিনেমার অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করবে।


মুক্তির তারিখ ঘোষণার আগে থেকেই ভক্তদের আলোচনার তুঙ্গে রয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ট্রেলার প্রকাশের পর তো রীতিমতো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 


প্রথম ২৪ ঘণ্টাতেই ট্রেলারটি ৭১ কোটি ৮৬ লাখ ভিউ পেয়ে নতুন রেকর্ড গড়েছে। অগ্রিম টিকিট বুকিংও চলছে ব্যাপকভাবে। এতে বোঝা যায়, সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ কতটা প্রবল।




জয় চৌধুরী ও রোমানা নীড়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৩ পিএম

বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাসাসের আহ্বায়ক ও অভিনেতা হেলাল খানের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকির অভিযোগ তুলে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের আহ্বায়ক কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী। হেলাল খানের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে সোমবার (১৬ নভেম্বর) রাতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। অন্যদিকে, এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে গালাগালের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়।


রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধের শুরু। ওই দিনের একটি ভিডিওতে হেলাল খানকে জয় চৌধুরীর উদ্দেশে ‘তুই ফ্যাসিস্ট’ বলতে শোনা যায়।


ঘটনার প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন রোমানা নীড়। সেখানে তিনি লেখেন, ‘আমার স্বামীর পারিবারিক শিক্ষা রয়েছে। সে ধৈর্যসহকারে বিএনপির জাসাস আহ্বায়ক নায়ক হেলাল খানকে বোঝানোর চেষ্টা করেছে। তারপরও হেলাল খান আমার স্বামীকে ফ্যাসিস্ট বলেছেন, অকথ্য ভাষায় গালাগাল দিয়েছেন। যা তিনি মোটেও ঠিক করেননি, কারণ এফডিসি কোনো রাজনীতি করার জায়গা নয়।’


এফডিসিকে একটি অরাজনৈতিক স্থান হিসেবে উল্লেখ করে রোমানা নীড় আরও লেখেন, ‘সেখানে বিভিন্ন দলের সমর্থক থাকতে পারেন। কিন্তু প্রকাশ্যে কোনো দলের নেতা এফডিসিতে ঢুকে হুমকি প্রদর্শন করতে পারেন না। তাই আমি মনে করি এফডিসি অরাজনৈতিক স্পট এবং প্রতিটি সংগঠন কোনো দলের সঙ্গে জড়িত থাকতে পারে না।’ এদিকে কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে জয় চৌধুরী অভিযোগ করেন, হেলাল খান নিজেই শিল্পীদের গালাগাল করেছেন। পাশাপাশি তার সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন বহিরাগত ব্যক্তিও শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন। জয় চৌধুরীর দাবি, হেলাল খানের সামনে তার সহযোগীরা শিল্পীদের উদ্দেশে অশালীন ভাষায় কথা বলেছেন। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।


এ পরিস্থিতিতে হেলাল খানের নেতৃত্বে কাজ করতে চান না বলে জানিয়েছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালাগাল করেন।’


জানা গেছে, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রোববার বিকেলে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।


তবে এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষ হওয়ার পর শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই ঘটনার পরই হেলাল খানের নেতৃত্ব নিয়ে নিজের আপত্তির কথা প্রকাশ করেন জয় চৌধুরী।


  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:২০ পিএম

বনানী থানার মাদক মামলার অভিযোগ গঠনের বিষয়ের শুনানিতে হাজির দিতে এসে চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি পরীমনি জানতে পারলেন 'আদালত বদলি' হয়ে গেছে।


পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে এতদিন মামলার বিচার চলছিল ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক রবিউল আলমের আদালতে। এখন মামলাটা সিএমএম আদালতে বদলি করা হয়েছে।


গেল ২৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হয়েছে; সেদিন শুনানি শেষে পরবর্তী তারিখ দেওয়া হয় এদিন।মঙ্গলবার বিচারক রবিউল আলমের আদালতে হাজিরা দিতে সকাল ১০টা ৩৮ মিনিটে আদালতে পৌঁছান পরীমনি। পরে আদালতের ভেতর বসে থাকেন তিনি।বিচারক রবিউল আলম এজলাসে উঠলে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, “মামলাটা এই আদালতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য ছিল। কিছুটা শুনানিও হয়েছে। আজ এসে শুনেছি, ৯ নভেম্বর মামলাটা সিএমএম আদালতে বদলি করা হয়েছে। কিন্তু আমাদের বিষয়টি জানানো হয়নি।”


এসময় বিচারক বলেন, “মাদক মামলায় নতুন আইন হয়েছে। ট্রাইব্যুনাল গঠিত হয়েছে। সেই হিসেবে মামলার বিচার চলবে।”পরে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী এজলাসের ভেতর পরীমনির বসে থাকার মৌখিক অনুমিত চান। বিচারক অনুমতি দেন।


কিছুটা সময় বসে থেকে আদালতের বাইরে বের হন পরীমনি। আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী তার জানতে চান, তিনি কেন বের হয়েছেন?


পরীমনি তাকে বলেন, “ভেতর দম বন্ধ হয়ে আসছে।”


পরে আদালতের বাইরে বসে থাকেন পরীমনি।


এদিকে মামলার বিষয়ে ঢাকার সিএমএম আদালত খোঁজ খবর নিতে থাকেন আইনজীবীরা।


পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে যান পরীমনি।


নীলাঞ্জনা রিফাত সুরভী বলেন, “নতুন আদালতে আজ মামলার তারিখ ছিল না। আমরা শুধু হাজিরা দিয়েছি। আগামী ২৩ ডিসেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।”


২০২১ সালে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তোলপাড় তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি। তার কয়েক দিনের মধ্যে ওই বছরের ৪ অগাস্ট তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব।


পরে তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে মাদকের মামলাও করে র‌্যাব। এক মাস কারাগারে থাকার পর মুক্তি পান পরীমনি।


এরপর ওই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। ২০২২ সালের ৫ জানুয়ারি পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হয়।


মামলার অপর দুই আসামি- পরীমনির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার আদালতে হাজিরা দেন।


মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান আদালতে সাক্ষ্য দেয়া শুরু করেন।


অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমনি হাইকোর্টে আবেদন করেন। ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমনির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন।


পরে মামলার পুনরায় অভিযোগ গঠনের আদেশ আসে উচ্চ আদালত থেকে।


ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৩৬ এএম

ব্র্যান্ডের প্রচার ও ব্র্যান্ড অ্যাম্বাসেডরের পরিচয় নিয়ে অপু বিশ্বাসের বক্তব্য নিয়ে বিতর্কে জড়ান পরীমনি। অপু বিশ্বাস তার বক্তব্যে বলেন, লাইভে কোনো পণ্য প্রচার করলেই কেউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যান না। অপুর বক্তব্যের প্রতিক্রিয়ায় পরীমনি নিজের পোস্টে প্রথমে তাকে বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেন। অপুর বক্তব্য উদ্ধৃত করে লাইভে পণ্যের প্রচার করা একজন ব্যক্তির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া নিয়ে তার আপত্তির প্রশ্ন তোলেন।

এরপর পোস্টের ভাষা ব্যক্তিগত কটাক্ষে গড়ায়। অপুর চিন্তাভাবনাকে ‘বোরিং’ বলেন পরীমনি; ‘ব্যাঙাচি’ ও ‘পরগাছা’র মতো শব্দও ব্যবহার করেন। নিজের যোগ্যতা প্রমাণ করে অন্যদের অবস্থান তৈরির কথাও লেখেন তিনি।

গতকাল রোববার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের মুখে পরীমনির পোস্ট নিয়ে প্রতিক্রিয়া জানান অপু বিশ্বাস। তার দাবি, পরীমনির ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ, বাকি পাঁচটি নির্মাণাধীন। এরপর অপু বিশ্বাস বলেন, ‘সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়েও নিজের অবস্থান ব্যাখ্যা করেন অপু। জানান, তিনি খুব নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না; পরিচিত ও পারিবারিক বন্ধুদের পোস্ট সামনে এলে মন্তব্য করেন। তাকে নিয়ে অন্যদের পোস্ট দেওয়ার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। অপুর ভাষায়, ‘যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’

গত বছরের সেপ্টেম্বরেও কুষ্টিয়ায় বিএনপির একটি অনুষ্ঠানে অপুর অংশ নেওয়ার পর পরীমনির একটি পোস্ট আলোচনায় আসে। সেই পোস্টে পরীমনি লিখেছিলেন, ‘এখন ৬ মাস আওয়ামী লীগ, ৬ মাস বিএনপি।’ এরপর ‘পল্টিবাজ’ ও ‘সুবিধাবাদী’ শব্দ ব্যবহার করে ‘দিদি’ সম্বোধনে কটাক্ষ করেন। সেবারও তিনি অপুর নাম উল্লেখ করেননি। 

বিষয় :


‘২৫ সিনেমার ২০টাই ফ্লপ’ পরীমনিকে অপু বিশ্বাসের পালটা খোঁচা

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১১ এএম

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে বাকযুদ্ধে জড়িয়েছেন দুই ঢালিউড নায়িকা অপু বিশ্বাস ও পরীমনি। সম্প্রতি পরীমনির একটি স্ট্যাটাস ঘিরে সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়। ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের পর দুই নায়িকার পালটাপালটি অবস্থান বিনোদন জগতে নেটিজেনদের মাঝে জন্ম দেয় নতুন বিতর্কের।

ব্র্যান্ড প্রমোশন নিয়ে অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে তাকে ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেন পরীমনি। এক পোস্টে অভিনেত্রীকে ‘পরগাছার রানি’ বলেও খোঁচা দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে নানা রকম মন্তব্য করেন এই নায়িকা। এবার যেন সেই খোঁচার মোক্ষম জবাব দিলেন অপু বিশ্বাস। 

কয়েক দিন আগে সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় অপু বিশ্বাস বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এমন মন্তব্য ঘিরেই শুরু হয় নেটিজেনদের মাঝে ঝড়। সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে সামাজিক মাধ্যমে পরীমনি এক পোস্টে বলেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।’

পরীমনির খোঁচার জবাবে রোববার (১৫ নভেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে অপু বিশ্বাসের পালটা জবাব, ‘যার ২৫টা সিনেমার মধ্যে ২০ টা সিনেমাই ফ্লপ, ৫ টা আন্ডার প্রোডাকশন সেই মানুষ আমার জায়গায় আমার লেভেলে আসার পর আমাকে নিয়ে যেন পোস্ট করে। দ্যাটস ইট, আর কোনো কথা বলতে চাই না।’

অপু আরও বলেন, ‘আমি ফেসবুক ওইভাবে ইউজ করিনা। আমার কিছু ফ্যামিলি ফ্রেন্ড আছে, ওদের পোস্ট সামনে আসলে সেখানেই কমেন্ট করা হয়। যারা আমাকে নিয়ে স্ট্যাটাস দেয়, তারা আমাকে বেচতে চায়।’ 


সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২১ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি অনন্ত জলিল ও আফিয়া নুসরাত বর্ষা—রূপালি পর্দার বাইরেও যাদের নিয়ে ভক্ত-দর্শকের আগ্রহের কমতি নেই। সম্প্রতি অনন্ত জলিলের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে নানা গুঞ্জন, ব্যাংকঋণের নোটিশ আর কারখানার পরিস্থিতি নিয়ে যখন চারদিকে চলছে নানান আলোচনা, ঠিক তখন স্বামীর পরম ছায়ার মতো শক্ত হয়ে পাশে দাঁড়ালেন ঢালিউড অভিনেত্রী বর্ষা। 

শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়ে ভক্তদের ভালোবাসার যেমন প্রতিদান দিয়েছেন তিনি, তেমনি স্বামী ও সন্তানদের জন্য দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া। 

পোস্টের শুরুতেই ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বর্ষা লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমাদের জন্য আপনাদের এত সুন্দর দোয়া, ভালোবাসা ও আন্তরিকতার জন্য মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। সত্যিই, আপনাদের এই ভালোবাসা আমাদের অনেক সাহস ও অনুপ্রেরণা দেয়।’ 

তিনি আরও বলেন, ‘আপনারা সবাই আমাদের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, সবার রিজিকে বরকত দেন এবং আমাদের দেশের প্রতিটি মানুষকে শান্তিতে ও ভালোভাবে থাকার তৌফিক দান করেন।’ জীবনের কঠিন বাস্তবতাকে সুন্দরভাবে মেনে নিয়ে এই চিত্রনায়িকা আরও যোগ করেন, ‘জীবনে ব্যবসা-বাণিজ্য কিংবা পরিস্থিতি সব সময় একরকম থাকে না। কখনো ভালো সময় আসে, কখনো একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। এটাই জীবনের বাস্তবতা। আমরা বিশ্বাস করি, আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। তার ওপর ভরসা রেখেই সামনে এগিয়ে যেতে চাই।’ 

পোস্টের শেষ দিকে এসে একটু আবেগপ্রবণ হয়ে পড়েন বর্ষা। সবার কাছে নিজের পরিবারের জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, ‘বিশেষ করে আমার জন্য, আমার স্বামীর জন্য, আমার সন্তানদের জন্য এবং আমাদের পুরো পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সব বিপদ-আপদ থেকে হেফাজত করেন, জীবনের প্রতিটি পদক্ষেপ সহজ করে দেন এবং আমাদের সবার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করেন।’ 

উল্লেখ্য, গত কয়েক দিন ধরেই ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিলের বিভিন্ন ব্যবসায়িক সংকট নিয়ে তোলপাড় চলছে মিডিয়ায়। সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে তার মালিকানাধীন ‘এবি অ্যাপারেলস লিমিটেড’-এর ঋণের বিপরীতে ২২৬ কোটি ৭৫ লাখ টাকা আদায়ের আইনি নোটিশ পাঠানোর খবর সামনে আসতেই চারদিকে শুরু হয় গুঞ্জন। 

এর মাঝেই স্বামীর কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা ও দোয়া কামনা করে তার পাশে দাঁড়ালেন এই অভিনেত্রী। 


নাজমুন মুনিরা ন্যান্সি।

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৯ পিএম

গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করার পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নিজের মতামত প্রকাশ করে থাকেন নাজমুন মুনীরা ন্যান্সি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে সরাসরি কড়া বার্তা দিয়েছেন তিনি।


স্ট্যাটাসে ন্যান্সি লিখেছেন, ‘যেমন পীর তেমন তার মুরিদ! ক্ষমতা আর পাবেন না আপা, বাস্তবতা মাইনা লন।’


সোমবার (১৬ নভেম্বর) দেওয়া এই স্ট্যাটাসে কাউকে সরাসরি নাম উল্লেখ করেননি গায়িকা। ‘ক্ষমতা আর পাবেন না আপা’ মন্তব্যের মাধ্যমে কাকে উদ্দেশ করে কথাগুলো বলেছেন, তাও স্পষ্ট করেননি তিনি। ফলে তার বক্তব্যের লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে কৌতূহল।


অনেকেই মনে করছেন বিএনপির সমর্থক এই গায়িকা স্ট্যাটাসটি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করেই লিখেছেন।


এর আগে বিভিন্ন সময় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে মতামত জানিয়ে আলোচনায় এসেছেন ন্যান্সি। বিশেষ করে রাজনৈতিক অবস্থান ও সমসাময়িক ঘটনা নিয়ে তার বক্তব্য অনুসারীদের মধ্যে আগ্রহ তৈরি করে।