ছবি : সংগৃহীত
দুর্গাপূজাকে ঘিরে দুই বাংলার সিনেমাপ্রেমীদের জন্য এসেছে নতুন ছবির আয়োজন। বাংলাদেশের ঢালিউডে মুক্তি পাচ্ছে তিনটি সিনেমা, আর আগামী ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে আসবে শিক্ষার্থীদের নির্মিত ‘অন্যপাতা’। অন্যদিকে পশ্চিমবঙ্গের টালিউডে উৎসবের আমেজ বাড়াচ্ছে দেব-শুভশ্রীর ‘দেশু ৭’, ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ও ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। সব মিলিয়ে দুই বাংলার দর্শকদের জন্য থাকছে আটটি নতুন সিনেমার আয়োজন।
ঢালিউডে পূজার তিন সিনেমা
শুক্রবার (১৬ অক্টোবর) বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘চিরকুট’, ‘কাট-পিস’ ও ‘স্নেহের বন্ধন’। তিনটি সিনেমায় উঠে এসেছে ভিন্ন ভিন্ন গল্প ও প্রেক্ষাপট।
নব্বইয়ের দশকের ক্যাম্পাসজীবন নিয়ে ‘চিরকুট’
মুনতাসির আকিব পরিচালিত ‘চিরকুট’ নির্মিত হয়েছে নব্বইয়ের দশকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে। তারুণ্য, প্রেম, বন্ধুত্ব ও ক্যাম্পাসজীবনের নানা অভিজ্ঞতা সিনেমাটির মূল উপজীব্য।
ছবিতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিম, কাজী নওশাবা, সুমন পাটোয়ারীসহ অনেকে। পেশাদার অভিনয়শিল্পীদের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ২৫০ থেকে ৩০০ শিক্ষার্থীও এতে অংশ নিয়েছেন। ঢাকার ব্লকবাস্টার সিনেমাসসহ দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
মিরপুরের ঝুটপট্টির গল্পে ‘কাট-পিস’
রাজধানীর মিরপুরের ঝুটপট্টির ব্যবসা ও এর ভেতরের নানা সমীকরণ নিয়ে নির্মিত হয়েছে অ্যাকশনধর্মী সিনেমা ‘কাট-পিস’। তরুণ নির্মাতা ইফফাত জাহানের এটি প্রথম চলচ্চিত্র।
গার্মেন্টসের পরিত্যক্ত ও উদ্বৃত্ত কাপড়কে কেন্দ্র করে গড়ে ওঠা ঝুট ব্যবসার অর্থনৈতিক লেনদেন, প্রভাব বিস্তার ও ক্ষমতার নানা দিক সিনেমাটির পটভূমি। প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন ও নানজীবা তোরসা। খল চরিত্রে রয়েছেন ইমরান আহমেদ সওদাগর।
স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসসহ দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
পারিবারিক আবেগের গল্প ‘স্নেহের বন্ধন’
কামরুজ্জামান পরিচালিত ‘স্নেহের বন্ধন’ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, সামাজিক টানাপোড়েন ও অ্যাকশন মিলিয়ে সাজানো হয়েছে সিনেমাটির গল্প।
মৌ খান ও জয় চৌধুরী অভিনয় করেছেন প্রধান দুই চরিত্রে। এ ছাড়া রয়েছেন সাবেরী আলম, সুব্রত বড়ুয়া, রাশেদা চৌধুরী ও কাজী হায়াৎ। ঢাকার লায়ন সিনেমাস ও সৈনিক ক্লাবসহ দেশের ১৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
শিক্ষার্থীদের নির্মিত ‘অন্যপাতা’ আসছে ২৩ অক্টোবর
এবারের পূজার আয়োজনের ব্যতিক্রমী সংযোজন ‘অন্যপাতা’। একদল শিক্ষার্থী প্রায় দুই বছর ধরে সিনেমাটি নির্মাণ করেছেন। পরিবারের প্রত্যাশা, আর্থিক সংকট, প্রেম, পরিচয়ের সংকট এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রতিযোগিতা উঠে এসেছে এর গল্পে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মো. শাহেজাহান ছবিটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বে রয়েছেন। বুয়েট, চুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০ জনের বেশি শিক্ষার্থী এতে যুক্ত হয়েছেন।
এক ঘণ্টা ৪০ মিনিটের সিনেমাটিতে অভিনয় করেছেন শাহরিয়া শাকিল, প্রত্যাশা ঘোষ ও মোহাম্মদ ইফতিখার। থাকছে ছয়টি মৌলিক গান। আগামী ২৩ অক্টোবর ঢাকা, চট্টগ্রাম, যশোর ও সিলেটের প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
টালিউডে দেব-শুভশ্রীর ‘দেশু ৭’
পশ্চিমবঙ্গের পূজার সিনেমার তালিকায় অন্যতম আকর্ষণ দেব ও শুভশ্রী গাঙ্গুলীর ‘দেশু ৭’। ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ছবিটি। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন দেব।
ছবিতে আরও অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য। রোমান্স ও অ্যাকশনের মিশেলে নির্মিত সিনেমাটি নিয়ে টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
কেরালায় রহস্যের জালে একেনবাবু
গোয়েন্দা চরিত্র একেনবাবুকে নিয়ে নির্মিত ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ১৫ অক্টোবর। জয়দীপ মুখার্জি পরিচালিত ছবিটিতে একেনবাবুর চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ চক্রবর্তী।
এক বিজ্ঞানীর অপহরণকে কেন্দ্র করে তৈরি হয়েছে সিনেমাটির রহস্য। তদন্তের প্রয়োজনে কেরালায় পৌঁছান একেনবাবু। রহস্যের পাশাপাশি থাকছে তাঁর পরিচিত হাস্যরস। ছবিতে আরও অভিনয় করেছেন সুহোত্র মুখার্জি, ঋত্বিক চক্রবর্তী, রাইমা সেন ও অম্বরীশ ভট্টাচার্যসহ অনেকে।
অ্যাকশন-থ্রিলারে ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’
২০২৪ সালে মুক্তি পাওয়া ‘বহুরূপী’র পরবর্তী গল্প নিয়ে ফিরেছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ নামের ছবিটিতে ডাকাতি, সংঘাত ও অ্যাকশনের পরিসর আরও বিস্তৃত করা হয়েছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, সোহিনী সরকার ও কৌশানি মুখোপাধ্যায়। যিশু ও শিবপ্রসাদের মুখোমুখি লড়াই ছবিটির অন্যতম আকর্ষণ। ১৫ অক্টোবর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।
শরৎচন্দ্রকে নিয়ে সৃজিতের ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’
ইতিহাস, সাহিত্য ও রাজনীতির মেলবন্ধনে নির্মিত হয়েছে সৃজিত মুখার্জির ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবন ও রাজনৈতিক চেতনা ছবিটির কেন্দ্রে রয়েছে। শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী। আরও রয়েছেন আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী ও কাঞ্চন মল্লিক।
শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস ‘পথের দাবী’ থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে ব্রিটিশবিরোধী ভাবনা, বিপ্লবের আদর্শ ও লেখার স্বাধীনতার প্রশ্ন তুলে ধরা হয়েছে। ১৯২৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার উপন্যাসটি নিষিদ্ধ করেছিল। সেই ঐতিহাসিক প্রেক্ষাপটকে পর্দায় তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা।
১৫ অক্টোবর পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ছবিটি।
দুই বাংলার দর্শকদের জন্য গল্পের বৈচিত্র্য
এবারের দুর্গাপূজায় দুই বাংলার সিনেমার তালিকায় রয়েছে প্রেম, অ্যাকশন, রহস্য, পারিবারিক সম্পর্ক, ক্যাম্পাসজীবন ও ইতিহাসনির্ভর কাহিনি। ঢালিউডের স্থানীয় গল্প ও শিক্ষার্থীদের উদ্যোগ যেমন নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে, তেমনি টালিউডে তারকানির্ভর ও জনপ্রিয় গল্পের সিনেমা উৎসবের আকর্ষণ বাড়াচ্ছে।
মুক্তির মাত্র আট দিনের মধ্যেই বিশ্বজুড়ে ১ হাজার কোটি রুপি আয়ের মাইলফলক অতিক্রম করেছে রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত সিনেমা ‘রামায়ণ’।
নীতেশ তিওয়ারি পরিচালিত বড় বাজেটের এই ছবিটি ভারতের চলচ্চিত্র ইতিহাসে দ্রুততম সময়ে এ মাইলফলক অর্জন করা ১১তম সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে।
চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের দেওয়া তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর মুক্তির অষ্টম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৩ কোটি ৫৫ লাখ রুপি। এর মধ্যে ভারতের প্রেক্ষাগৃহগুলো থেকে গ্রস আয় হয়েছে ৬৭৫ কোটি ৫ লাখ রুপি। দেশটির বাজারে নেট আয় ৫৬৪ কোটি ৬০ লাখ রুপি।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ৩৫৮ কোটি ৫০ লাখ রুপি।মুক্তির পর থেকেই বক্স অফিসে ভালো অবস্থান ধরে রেখেছে সিনেমাটি। অষ্টম দিনে শুধু হিন্দি সংস্করণ থেকেই আয় হয়েছে ৪৩ কোটি রুপি। পাশাপাশি কন্নড়, তেলেগু ও মালয়ালম সংস্করণও দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে। এর আগে মুক্তির পঞ্চম দিনে ভারতের প্রেক্ষাগৃহে ছবিটির আয় ছিল ১০৭ কোটি ৫০ লাখ রুপি।
আয়ের গতিতে দক্ষিণী পরিচালক এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’-কেও ছাড়িয়ে গেছে ‘রামায়ণ’। ১ হাজার কোটি রুপির ঘরে পৌঁছাতে ‘বাহুবলী ২’-এর সময় লেগেছিল প্রায় ১০ থেকে ১১ দিন। সে তুলনায় মাত্র আট দিনেই এই অর্জন নতুন রেকর্ড হিসেবে বিবেচিত হচ্ছে।এই সাফল্য রণবীর কাপুরের ক্যারিয়ারেও নতুন মাত্রা যোগ করেছে। তার অভিনীত কোনো সিনেমা এবারই প্রথম ১ হাজার কোটি রুপির ক্লাবে প্রবেশ করল। একই সঙ্গে ছবিটির আয় ছাড়িয়ে গেছে রণবীরের আগের ব্যবসাসফল সিনেমা ‘অ্যানিমেল’-এর মোট আয়। ভারতের বাজারে দ্রুততম সময়ে ৩০০ কোটি রুপি নেট আয় করার ক্ষেত্রেও শাহরুখ খানের ‘জওয়ান’-এর রেকর্ড স্পর্শ করেছে সিনেমাটি।
বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শের ভাষ্য, উৎসবের পরিবেশ এবং দর্শকদের ব্যাপক আগ্রহ ছবিটির ব্যবসায় বড় ভূমিকা রেখেছে। প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’ অভিনয় ও নির্মাণশৈলীর কারণে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে আলোচনায় এসেছে।
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ছবিঃ ফেসবুক।
শাড়ির সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, স্মৃতি আর ভালোবাসা। বিশেষ করে মায়ের আলমারিতে যত্নে তুলে রাখা শাড়িগুলোর আবেদন যেন একটু অন্য রকম। সেই আবেগের পাশাপাশি মায়ের শাড়ি পরার মধ্যে খুঁজে পান সাশ্রয়ের পথও। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার জামদানি-প্রীতির গল্পেও রয়েছে এমনই এক মজার বিষয়।
জামদানি পরার ইচ্ছা হলেই নিজের জন্য নতুন শাড়ি কিনতে ছোটেন না প্রভা। বরং মায়ের শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নেন। এতে একদিকে যেমন নতুন শাড়ি কেনার খরচ বাঁচে, অন্যদিকে মায়ের শাড়ি পরার মধ্য দিয়ে মিশে থাকে আলাদা এক ভালো লাগা।
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fwww.facebook.com%2Freel%2F1598401928238375%2F&show_text=true&width=267&t=0" width="267" height="591" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। নিয়মিতই বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে নিজের ভাবনা ও দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। সম্প্রতি মায়ের শাড়ি পরার প্রসঙ্গেও নিজের অভ্যাসের কথা জানিয়েছেন প্রভা।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শাড়িটা সুন্দর, তাই না? আমারও বেশ পছন্দ। তবে দুর্ভাগ্যজনকভাবে এটি আমার নয়, আম্মুর। আমি জামদানি পরতে চাইলে সাধারণত নিজের জন্য শাড়ি কিনি না। আম্মুর শাড়ির সংগ্রহ থেকেই পছন্দমতো একটি বেছে নিই।’
এর পেছনে খরচ বাঁচানোর বিষয়টিও রয়েছে বলে জানান অভিনেত্রী। প্রভার কথায়, ‘এতে নিজের শাড়ি কেনার খরচটাও বেঁচে যায়। কারণ, আম্মুর মতো তো আর আয় করি না! তাই জামদানি পরার ইচ্ছা হলে আম্মুর সংগ্রহ থেকেই একটি শাড়ি নিয়ে পরি।’
‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’র দৃশ্য। ছবি: লাদেশ থিয়েটার
বাংলাদেশ নাট্যোৎসব
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আজ শুরু হচ্ছে ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব। ৯ দিনব্যাপী উৎসবে প্রদর্শিত হবে ১২টি দলের ১২টি নাটক। ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকের প্রদর্শনী হবে।
বাংলাদেশ থিয়েটারের পাশাপাশি এই নাট্যোৎসবে অংশগ্রহণ করছে নাটকের দল থিয়েটার, দেশ নাটক, বহুবচন, নাট্যতীর্থ, নান্দনিক নাট্য সম্প্রদায়, স্বপ্নদল, নাগরিক নাট্যাঙ্গন, ঢাকা থিয়েটার, মহাকাল নাট্য সম্প্রদায়, দৃষ্টিপাত নাট্য সংসদ ও নাট্যম রেপার্টরি। আজ উদ্বোধনী দিন জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকছে বাংলাদেশ থিয়েটারের নাটক সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা। নবনাট্যরূপ ও নির্দেশনায় আবদুল আজিজ।
ব্যতিক্রমী আয়োজনে নেমেসিস
বাংলাদেশে মিক্সড মার্শাল আর্টস বা এমএমএকে জনপ্রিয় করতে ব্যতিক্রমী আয়োজন ‘খার ১৩’। আজ রাজধানীর পূর্বাচল ৩০০ ফুট সড়কের অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে বিকেল সাড়ে পাঁচটায় শুরু হবে আয়োজন। এতে থাকছে আটটি অপেশাদার এমএমএ লড়াই। এরপর মঞ্চে উঠবে দেশের জনপ্রিয় রক ব্যান্ড নেমেসিস। দর্শনীর বিনিময়ে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন দর্শকেরা।
‘ব্যাড আইডিয়া’
উত্তরায় স্ট্যান্ডআপ ঢাকা আয়োজন করেছে ‘ব্যাড আইডিয়া’ নামের স্ট্যান্ডআপ কমেডি শো। আলবিয়ন আর্ট গ্যালারিতে এই আয়োজনে পারফর্ম করবেন রাফিদ, জাদিদ, আফনান ও ইফতি। সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই শো।
কনস্ট্যান্টাইন চরিত্রে অভিনয় করেন কিয়ানু রিভস। ছবি: সংগৃহীত
দর্শকপ্রিয় অভিনেত্রী ফারজানা চুমকি। ছবি: সংগৃহীত
বাংলাদেশে ফিরেছেন শাকিলা জাফর। ছবি: সংগৃহীত