সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে মন্তব্য করাকে কেন্দ্র করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হামলার শিকার শিক্ষার্থীরা হলেন- বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৯তম ব্যাচের মিরাজুল ইসলাম চৌধুরী, মো. এহসানুল হক রাফি, রাইয়ান সিদ্দিকী পর্ব ও মাহিন জামান।
ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ল্যাব শেষে বের হওয়ার সময় কয়েকজন শিক্ষার্থী মিরাজকে অনুসরণ করে পকেট গেটের সামনে তাকে ঘিরে ধরেন। তাদের ভাষ্য, এ সময় ৪৯তম ব্যাচের অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সুমন সরকার ও ছাত্রদল বুটেক্স শাখার দপ্তর সম্পাদক মাজেদুল ইসলাম প্রান্ত এবং ৪৮তম ব্যাচের ফ্যাব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ও ছাত্রদল বুটেক্স শাখার সাংগঠনিক সম্পাদক বর্ষণ বণিক মিরাজকে মারধর করেন। তাদের সঙ্গে থাকা ৪৯তম ব্যাচের ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের দেবনাথ সৌমিক চন্দ্র, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের সুজিত রায় ও ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আবিদ হাসান শিশিরসহ কয়েকজন এতে সহযোগিতা করেন বলেও জানান তারা। একপর্যায়ে মিরাজের পরনের জামা ছিঁড়ে যায়। পরে পর্ব মুঠোফোনে ঘটনার ভিডিও ধারণ করতে গেলে বর্ষণ বণিক তাকে মারধর করেন বলে অভিযোগ করেন পর্ব।
ঘটনার বিষয়ে মিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘গতকাল জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বুটেক্সের আবাসিক হলগুলোতে ছাত্রদলের সাধারণ সম্পাদকের নামে মিষ্টি বিতরণ করা হয়। এর প্রতিবাদে আমি ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করি। সেখানে আগে ছাত্রলীগের সঙ্গে যুক্ত কয়েকজনের মিষ্টি বিতরণ নিয়ে মন্তব্য করেছিলাম। আমার ধারণা, ওই মন্তব্যের জেরেই আজ আমার ওপর হামলা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে এফএসডি ল্যাব থেকে বের হলে পকেট গেটের সামনে কয়েকজন আমাকে ঘিরে ধরেন। প্রান্ত আমাকে জোর করে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রাজি না হওয়ায় আমার কলার ধরে টান দিলে টি-শার্ট ছিঁড়ে যায়। পরে আমাকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।’
আহত শিক্ষার্থী রাইয়ান সিদ্দিকী পর্ব বলেন, ‘মিরাজকে মারধরের সময় তাকে রক্ষা করতে আমরা এগিয়ে যাই। এ সময় প্রান্ত একটি বাঁশ নিয়ে মিরাজকে মারতে এগিয়ে আসেন। তখন আমি মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করি। ভিডিও করার সময় বর্ষণ বণিক আমার কলার ধরে মুখে ঘুষি মারেন।’
অভিযোগের বিষয়ে মাজেদুল ইসলাম প্রান্ত বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আমাদের উসকানিমূলক কথা বলা ও ‘লীগ’ ট্যাগ দেয়ার পরিপ্রেক্ষিতেই মিরাজের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। কিন্তু তিনি উসকানিমূলক আচরণ করায় পরিস্থিতি ধাক্কাধাক্কির পর্যায়ে যায়। আমরা মারামারি এড়ানোর চেষ্টা করেছি। তার জামা ছিঁড়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। আমাদের ফাঁসাতে ও নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করতেই এসব অভিযোগ করা হচ্ছে।’
এ ছাড়া অভিযুক্ত আরেক শিক্ষার্থী বর্ষণ বণিকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
এ বিষয়ে বুটেক্স ছাত্রদলের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ‘এই অপ্রীতিকর ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অত্যন্ত দুঃখজনক। যেই ট্যাগিংয়ের রাজনীতি বিগত সময়ে ফ্যাসিস্ট ছাত্রসংগঠন কর্তৃক হতো, এখন সেই ট্যাগিংয়ের অপরাজনীতি গুপ্ত সংগঠনের পক্ষ থেকে হচ্ছে। আমরা এই ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি দাবি করছি।’
বুটেক্সের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘যারা হামলার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা হলে, আমরা সব অভিযোগ গ্রহণ করব এবং সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ যাচাই-বাছাই করে ঘটনার সুষ্ঠু তদন্ত করব। সব ধরনের তথ্য-প্রমাণ পর্যালোচনার পর দোষীদের বিরুদ্ধে খুব দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।’
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার তিন মাস পেরিয়ে গেলেও শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এমনকি সাময়িক বহিষ্কার থাকাকালীন শাস্তিপ্রাপ্ত ছাত্রদলের পদধারী শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। এতে প্রশাসনের ভূমিকা, শাস্তি কার্যকরের দীর্ঘসূত্রতা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা।
জানা যায়, গত ৬ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উত্তর গেটে ৪৯তম ব্যাচের চার শিক্ষার্থীর ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটে। পরে গত ১৭ আগস্টে অনুষ্ঠিত শৃঙ্খলা বোর্ডের সভায় ছাত্রদলের পাঁচজন কর্মীর শাস্তির সিদ্ধান্ত প্রক্টর কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ফেসবুকে মন্তব্যের জেরে বুটেক্সের ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
শাস্তিপ্রাপ্তদের মধ্যে ৪৮তম ব্যাচের শিক্ষার্থী বর্ষণ বণিক ও ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দ মাজেদুল ইসলাম প্রান্তকে সাময়িক বহিস্কার করা হয়। তারা যথাক্রমে বুটেক্স ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদক। এছাড়া ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. মোহাইমিনুল হোসাইনকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা এবং ৪৯তম ব্যাচের সুমন সরকার ও দেবনাথ সৌমিক চন্দ্রকে ৫ হাজার টাকা করে জরিমানা ও মুচলেকার শাস্তি দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির ভাষ্যমতে, সাময়িক বহিষ্কার বহাল থাকাকালে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবে না। শাস্তিপ্রাপ্তদের কারণ দর্শানোর নোটিশের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়। তাদের জবাব পাওয়ার পর তা একটি কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে সিন্ডিকেট সভায় শাস্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ‘শৃঙ্খলা বোর্ড প্রবিধান ২০১৫’-এর ৫ নম্বর ধারা অনুযায়ী, যেকোনো মেয়াদের বহিষ্কারের সিদ্ধান্ত সিন্ডিকেটের চূড়ান্ত অনুমোদনসাপেক্ষ। তবে সাময়িক বহিষ্কার শাস্তিপ্রাপ্ত বর্ষণ বণিক আগস্ট-সেপ্টেম্বর দুই মাস এপিলিয়ন গ্রুপ থেকে তার একাডেমিক ইন্টার্নশিপ সম্পন্ন করেন। তার অধ্যয়নরত ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে খোঁজ নিয়ে জানা যায়, তিনি নিয়মিত থিওরি ও ল্যাব ক্লাসে অংশগ্রহণের পাশাপাশি ক্লাস পরীক্ষাও দিচ্ছেন।
এমনকি আসন্ন চূড়ান্ত সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে তা বিভাগে জমাও দিয়েছে বহিষ্কার হওয়া বর্ষণ বণিক। এ বিষয়ে সাংবাদিকের কাছে তিনি নিজেও তথ্যগুলোর সত্যতা স্বীকার করেন। তবে এ বিষয়ে তার বক্তব্য জানতে চাওয়া হলে অভিযুক্ত এই ছাত্রদল নেতা কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইমদাদ সরকার বলেন, ‘যেহেতু প্রক্টরিয়াল বডি শাস্তি দিয়েছে, তাই প্রক্টরিয়াল বডির এখানে শাস্তি কার্যকর হচ্ছে কি না তা মনিটরিং করা উচিত ছিল। আমাদের কাছে অভিযুক্তের ক্লাস, পরীক্ষা কিংবা টার্ম ফাইনাল পরীক্ষার ফর্ম ফিলাপ স্থগিত করার ব্যাপারে কোনো নির্দেশনা না আসায় আমরা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারিনি।’
অন্যদিকে একই শাস্তিপ্রাপ্ত মাজেদুল ইসলাম প্রান্ত বর্তমানে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০তম ব্যাচের সাথে রি-অ্যাড শিক্ষার্থী হিসেবে আছেন। তবে বিভাগ থেকে খোঁজ নিলে জানা যায়, তিনি কোনো ক্লাস ও পরীক্ষায় অংশগ্রহণ করেননি। তবে চারটি বিষয়ে রিটেক পরীক্ষা দেয়ার জন্য ফর্ম পূরণ করে সেগুলো বিভাগে জমা দিয়েছেন তিনি।
এ বিষয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কানিজ ফারহানা বলেন, ‘আমি প্রক্টরের সাথে সাময়িক বহিষ্কারের বিষয়টি নিয়ে কথা বলেছি। শাস্তিপ্রাপ্ত অবস্থায় সে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করেনি। আমাদের পক্ষ থেকে ফরম পূরণ করা বিষয়গুলোর পরীক্ষায় তাকে অংশগ্রহণ করতে দেয়া হবে না। আর ফর্ম পূরণ করার বিষয়টি আমাদের ওপর নেই এবং এখন টাকা ফেরত পাবে কিনা সেটা রেজিস্ট্রার অফিস সিদ্ধান্ত নেবে।’
এদিকে হামলার শিকার শিক্ষার্থীরা প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। ভুক্তভোগী ৪৯তম ব্যাচের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাইয়ান সিদ্দিকী পর্ব হতাশা প্রকাশ করে বলেন, ‘বুটেক্সে প্রায় তিন বছর ধরে আছি। এখন পর্যন্ত শিক্ষার্থীদের চাপ ছাড়া প্রশাসনকে কোনো কঠোর পদক্ষেপ নিতে দেখিনি। ভবিষ্যতেও দেখব বলে মনে হয় না। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন হবে, তা অনেকটা অনুমেয় ছিল।’
একই বিভাগের ও ব্যাচের শিক্ষার্থী এস এম সাদিকুজ্জামান বলেন, ‘অপরাধের পর সাময়িকভাবে শাস্তির বিধান করা হলেও প্রকৃতপক্ষে সেই শাস্তি এখনো কার্যকর হয়নি। আমাদের চাওয়া বেশি কিছু না, যে অপরাধ করবে সে শাস্তি পাবে—এটুকুই তো। এতটুকু যদি প্রশাসন নিশ্চিত করতে না পারে, তাহলে এর চেয়ে লজ্জার কিছু নেই। আমরা সকলেই চাই বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় থাকুক।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘শুধু শাস্তির ঘোষণা দিলেই বিচার নিশ্চিত হয় না; ঘোষিত শাস্তির যথাযথ বাস্তবায়নও জরুরি। দীর্ঘসূত্রতার কারণে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পাশাপাশি প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের আস্থাও কমছে।’
বহিষ্কৃত শিক্ষার্থীরা কীভাবে পরীক্ষার ফি পরিশোধের সুযোগ পেলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে অ্যাকাউন্টস দপ্তরের সহকারী অ্যাকাউন্টস অফিসার মো. হেলাল মৃধা বলেন, ‘একাডেমিক দপ্তর থেকে পরীক্ষার ফরম পূরণের জন্য নির্ধারিত শিক্ষার্থীদের তালিকা আমাদের কাছে পাঠানো হয়। সেই তালিকা সোনালী ব্যাংকে পাঠানোর পর শিক্ষার্থীরা অনলাইনে ফি পরিশোধের সুযোগ পায়। বর্ষণ বণিকের নাম তালিকায় থাকায় তিনি ফি দিতে পেরেছেন। তবে রিটেক পরীক্ষা সবার জন্য উন্মুক্ত। কাউকে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত রাখতে হলে সংশ্লিষ্ট বিভাগকে ব্যবস্থা নিতে হবে।’
সাময়িক বহিষ্কার থাকাকালীন একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘সাময়িক বহিষ্কার বহাল থাকা অবস্থায় অভিযুক্তরা কোনো ধরনের একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। আমাদের সিদ্ধান্ত প্রতিটি বিভাগ, অনুষদ, ডিন, পরিচালক ও সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছে দেয়া হয়েছে এবং সবাই এই বিষয়ে অবগত। কেউ ফর্ম পূরণ করে থাকলেও বহিষ্কারাদেশ বহাল থাকলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই। এটি সংশ্লিষ্ট বিভাগ ও রেজিস্ট্রার অফিস থেকে কার্যকর করতে হবে।’
চূড়ান্ত শাস্তির বিষয়ে তিনি বলেন, ‘আনুমানিক দুই মাস আগে প্রক্টরিয়াল বডি থেকে পাঁচজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে এবং এর জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। তারা অনেকেই উত্তর দেয়নি। আর জরিমানা বিষয়সহ সবার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। জরিমানা না দিয়ে কেউ মূল কিংবা সাময়িক সনদ নিয়ে বের হতে পারবে না। কারণ এই হিসাবটা আমরা পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরে দিয়ে দেবো।’
সিদ্ধান্ত আসার দীর্ঘসূত্রতা নিয়ে তিনি বলেন, ‘এটি একটি প্রশাসনিক প্রক্রিয়া। এক্ষেত্রে ধাপে ধাপে কাজ করতে সময় প্রয়োজন হয় এবং সিন্ডিকেট হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে। আশা করছি দ্রুত সিদ্ধান্ত আসবে।’
অগ্নিনির্বাপক যন্ত্র।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হলে অগ্নিনিরাপত্তার জন্য স্থাপন করা হয়েছে অগ্নিনির্বাপক যন্ত্র। তবে এসব যন্ত্রের ব্যবহারবিধি সম্পর্কে স্পষ্ট ধারণা নেই অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে নিরাপত্তাসামগ্রী থাকার পরও তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবন এবং আবাসিক হল ঘুরে দেখা যায়, ভবনগুলোর করিডোর ও সিঁড়ির পাশে কার্বন ডাই-অক্সাইড গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। তবে এসব যন্ত্র কীভাবে ব্যবহার করতে হয়, সে বিষয়ে অধিকাংশ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীর পর্যাপ্ত ধারণা নেই।
শিক্ষার্থীদের অভিযোগ, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে যন্ত্র স্থাপন করা হলেও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গড়ে তোলা হয়নি। এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বড় পরিসরে ব্যবহারিক মহড়া কিংবা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়নি। ফলে আগুন লাগার প্রাথমিক পর্যায়ে তা নিয়ন্ত্রণে আনার মতো দক্ষতা ও আত্মবিশ্বাসের অভাব রয়েছে তাদের।
গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড ঘটে। এতে মেঝেতে পড়ে গিয়ে আহত হন এক নারী শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের কেউই অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম জানতেন না। প্রায় ২৫ থেকে ৩০ মিনিট আগুন জ্বলতে থাকার পর একজন মেকানিক এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। শেষ পর্যন্ত বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অগ্নিনিরাপত্তা প্রস্তুতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
ইতিহাস বিভাগের শিক্ষার্থী জাকিয়া সুলতানা বলেন, দোলনচাঁপা হলের সার্বিক অব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা দীর্ঘদিনের উদ্বেগের বিষয়। খাবার ও আবাসিক সুযোগ-সুবিধার সংকটের পাশাপাশি এবার সামনে এসেছে অগ্নিনিরাপত্তার ভয়াবহ ঘাটতি। হলে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অধিকাংশ জানেন না সেটি কীভাবে ব্যবহার করতে হয়। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এ বিষয়ে শিক্ষার্থী কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জন্য কোনো কার্যকর প্রশিক্ষণ বা সচেতনতামূলক কর্মসূচির ব্যবস্থাও নেই। কয়েকদিন দিন আগের অগ্নিকাণ্ডে এই অপ্রস্তুত অবস্থা স্পষ্ট হয়েছে। প্রশ্ন হলো, একটি আবাসিক হলে অগ্নিনিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা কেন থাকবে না? দুর্ঘটনা বলে-কয়ে আসে না; তাই শুধু নিরাপত্তাসামগ্রী স্থাপন নয়, সেগুলোর ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।
এ বিষয়ে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম বলেন, আমরা কিছুদিন আগে ফায়ার সার্ভিসের সহায়তায় একটি মহড়ার আয়োজন করেছিলাম। তবে বিশ্ববিদ্যালয়ে লোকবল বেশি হওয়ায় ওই মহড়ায় সবাইকে সম্পৃক্ত করা সম্ভব হয়নি। সম্প্রতি দোলনচাঁপা হলে ঘটে যাওয়া ঘটনার পর হলটির প্রভোস্ট আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। এ পরিপ্রেক্ষিতে সব হলের প্রভোস্টদের সমন্বয়ে একটি প্রশিক্ষণের আয়োজন করার পরামর্শ দিয়েছি। পাশাপাশি আমাদের দপ্তরের পক্ষ থেকেও একটি প্রশিক্ষণের আয়োজনের চেষ্টা করব।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইরাসমাস প্লাস সম্মেলনে প্রথমবারের মতো অংশ নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সম্মেলনের প্রথম দিনেই প্রায় ২০টি দেশের বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে।
সোমবার (২৩ নভেম্বর) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সানওয়ে রিসোর্ট হোটেলে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিজিওনাল ইরাসমাস প্লাস ক্লাস্টার মিটিং অ্যান্ড কন্টাক্ট-মেকিং সেমিনার ফর এশিয়া, দ্য মিডল ইস্ট অ্যান্ড দ্য প্যাসিফিক ২০২৬’। ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির আওতায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ৫০টির বেশি দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছে তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রাফায়েল ডায়ের, মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী দাতো সেরি দিরাজা জামব্রি আবদুল কাদির এবং ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ার উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাফরি বিন মোহাম্মদ রহিম। এ ছাড়া অনুষ্ঠানে অংশ নেন মালয়েশিয়ায় ইরাসমাস প্লাসের ন্যাশনাল ফোকাল পয়েন্টের প্রতিনিধি মোহাম্মদ আরিফিন বিন আবু হাসান।
সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক এবং আন্তর্জাতিক সহযোগিতা ও গতিশীলতা সমন্বয়ক মশিউর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক।
সম্মেলনের প্রথম দিনের অভিজ্ঞতা সম্পর্কে মশিউর রহমান বলেন, ‘প্রথম দিনেই প্রায় ২০টি দেশের প্রতিনিধিদের সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে সরাসরি আলোচনা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আমাদের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রাথমিক আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে সৌদি আরবের প্রতিনিধিরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একটি প্রতিনিধিদল পাঠানোর আশাবাদ ব্যক্ত করেছেন।’
তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু সমঝোতা স্মারক স্বাক্ষর করা নয়, বরং আন্তর্জাতিক সহযোগিতার সুফল শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, আন্তর্জাতিক প্রশিক্ষণ এবং ইরাসমাস প্লাস প্রকল্পে অংশগ্রহণের সুযোগ তৈরির বিষয়গুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি।’
ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস প্লাস কর্মসূচির আওতায় আয়োজিত এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো। পাশাপাশি নতুন অংশীদার খুঁজে বের করা এবং শিক্ষা, গবেষণা ও একাডেমিক বিনিময়ের ক্ষেত্রে যৌথ উদ্যোগের সুযোগ তৈরি করাও এ আয়োজনের লক্ষ্য।
মশিউর রহমান জানান, সম্মেলনে বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে প্রাথমিক আলোচনার পাশাপাশি ভবিষ্যতে যৌথ প্রকল্প গ্রহণ এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের সম্ভাবনা নিয়েও আলোচনা হচ্ছে। এসব আলোচনাকে পরবর্তী সময়ে প্রাতিষ্ঠানিক সহযোগিতায় রূপ দেওয়ার চেষ্টা করা হবে।
আন্তর্জাতিক এ সম্মেলনে অংশগ্রহণের মধ্য দিয়ে বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা এবং একাডেমিক বিনিময়ে অংশগ্রহণের নতুন সুযোগ তৈরি হতে পারে।
৩য় সমাবর্তন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের মতবিনিময়
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩য় সমাবর্তন ২০২৭ উপলক্ষে নোবিপ্রবিতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
মতবিনিময়কালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী নোবিপ্রবি তৃতীয় সমাবর্তনের নতুন তারিখ ২১ তারিখ ২০২৭ এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, সমাবর্তনের পূর্বের ঘোষিত তারিখ (২৪ জানুয়ারি) সরকার ঘোষিত শব-ই বরাতের সম্ভাব্য ছুটি থাকায় মহামান্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে আগামী ২১ জানুয়ারি ২০২৭ তারিখ সমাবর্তন অনুষ্ঠানের নতুন তারিখ পূণ:নির্ধারণ করে দেয়া হয়েছে।
আমি আশা করি আপনাদের সকলের সহযোগিতায় উল্লেখিত সময় ও তারিখে অত্যন্ত সুশৃঙ্খল, সুষ্ঠু ও সফলভাবে এবারের সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এবারের সমাবর্তনে বিশেষ কিছু আয়োজন রাখা হয়েছে। যেসব সাবেক শিক্ষার্থী ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে মরণোত্তর সংবর্ধনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপাচার্য আরও বলেন, কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পদক প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদ এবং দুটি ইনস্টিটিউটকে সমন্বিত করে একটি ইউনিট হিসেবে গণ্য করে মোট আটটি ইউনিটের সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের এ পদক প্রদান করা হবে। এর মাধ্যমে মেধা ও একাডেমিক উৎকর্ষকে যথাযথভাবে মূল্যায়নের পাশাপাশি শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।
সমাবর্তনে অংশগ্রহণকারী গ্র্যাজুয়েট, অভিভাবক এবং অতিথিদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার বিষয়টিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। পুরো আয়োজনজুড়ে শৃঙ্খলা বজায় রাখা এবং অংশগ্রহণকারীরা যেন নির্বিঘ্নে অনুষ্ঠান উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী আরও বলেন, নোবিপ্রবি এ আয়োজনে সমাবর্তনের প্রচার ও প্রসারে গণমাধ্যমের ভূমিকা প্রশংসনীয়। এছাড়াও নোবিপ্রবির শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, সাফল্য ও সম্ভাবনার খবর দেশবাসীর কাছে তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা আমরা সবসময় প্রত্যাশা করি।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপাচার্য ড. গোলাম রব্বানী নোবিপ্রবির ৩য় সমাবর্তনে অংশগ্রহণের জন্য ৪,২৫৯ জন শিক্ষার্থী, ২২৪ জন শিক্ষক এবং ১৯১ জন কর্মকর্তা নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানান। সভায় নোবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দিন, প্রক্টর এ এফ এম আরিফুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদে তিন বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী প্রতিযোগিতায় সেরা শিল্পী হিসেবে পুরস্কার পেয়েছেন তিন বিভাগের তিন শিক্ষার্থী।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চারুকলা অনুষদের উদ্যোগে এবং মিডিয়া পার্টনার হিসেবে দৈনিক ইনকিলাবের সৌজন্যে এ নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ১১তম, ১২তম ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, চারুকলা অনুষদের শিক্ষার্থীরা কেবল শিক্ষার্থী নন, তারা প্রত্যেকেই একেকজন শিল্পী। তাদের মধ্যে থাকা শিল্পীসত্তার বিকাশ ও পৃষ্ঠপোষকতা নিশ্চিত করা জাতির অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিল্পকর্ম মানুষের ভাবনা, ইতিহাস, সংস্কৃতি ও অর্জনকে সহজে প্রকাশ করতে পারে। তাই শিল্পী ও শিল্পকর্মের যথাযথ মূল্যায়ন এবং শিল্পচর্চার অনুকূল পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব।
তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে চাই, যাতে বাংলাদেশের মানুষ চারুকলা বলতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলার কথা স্বতন্ত্রভাবে বিবেচনা করে। পুরান ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গভীর সম্পর্ক রয়েছে। এই ঐতিহ্যকে শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরতে চারুকলা অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়ে প্রশাসন কাজ করছে।
চারুকলা অনুষদের অবকাঠামোগত উন্নয়ন ও একাডেমিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যানেও চারুকলা অনুষদকে বিশেষ গুরুত্ব দিয়ে সাজানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বর্তমান ক্যাম্পাসেও অনুষদটির সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। চারুকলার বিভাগগুলোকে স্বতন্ত্রভাবে বিকশিত করার পাশাপাশি ভবিষ্যতে নতুন বিভাগ চালুর পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জাতির গুরুত্বপূর্ণ অর্জন ও ঐতিহাসিক ঘটনাবলিকে শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে ধারণ করতে হবে। দেশের ইতিহাস, ঐতিহ্য ও জাতিসত্তার প্রতি শ্রদ্ধাশীল থেকে শিল্পীরা তাদের সৃষ্টির মাধ্যমে জাতীয় সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবেন এটাই প্রত্যাশা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে দেশের মানুষের কাছে পরিচিত করে তুলবেন এবং জাতির সাংস্কৃতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাঃ আলপ্তগীন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হক। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ শিল্পকর্ম প্রদর্শনী প্রতিযোগিতায় তিন বিভাগ থেকে প্রথম স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগ থেকে তানজিলা আক্তার দোলা, প্রিন্টমেকিং বিভাগ থেকে সুরাইয়া ইয়াসমিন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগ থেকে দেবব্রত ভৌমিক নিজ নিজ বিভাগে প্রথম স্থান অর্জন করেন। অনুষ্ঠানে চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতীকী ছবি