রায়হান রাফি। ছবি: সংগৃহীত
সত্য ঘটনা অবলম্বনে সিনেমা ও ওয়েব ফিল্ম নির্মাণের জন্য খ্যাতি রয়েছে পরিচালক রায়হান রাফির। আগেও বেশকিছু বাস্তব ঘটনা অবলম্বনে সিনেমা বানিয়ে হইচই ফেলেছেন গুণি এই নির্মাতা। এবার বহুল আলোচিত বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন রাফি। এমনটা নির্মাতা নিজেই জানিয়েছেন।
সবশেষ ওটিটিতে রাফি পরিচালিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি পায়। ধারণা করা হয়ে থাকে, এটি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের ঘটনা অবলম্বনে নির্মিত। যদিও বিষয়টি কখনোই সরাসরি স্বীকার করেননি তিনি। তবে সিনেমাটি মুক্তি দিতে কম কাঠ-খড় পোড়াতে হয়নি তাকে। প্রথমে ‘অমীমাংসিত’ মুক্তির সময় সেন্সর বোর্ড সিনেমাটিকে নিষিদ্ধ করেছিল। তবে সরকার পরিবর্তনের পর এটি মুক্তির অনুমতি পায়।
এদিকে বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানো প্রসঙ্গে রায়হান রাফি বলেন, ‘আমার খুব ইচ্ছে আছে বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর। এতজন সেনাকে হত্যা করা হল, একের পর এক লাশ বের হল, গণকবর হল। ভেতরে কী ঘটনা ঘটেছিল তা এখনো পুরোপুরি জানি না। আরও তথ্য জানা গেলে তখন এ নিয়ে সিনেমা বানাব। সাহস থাকলে সত্য ঘটনা অবলম্বনে বারবার কাজ করা যায়। আমার লক্ষ্য হল, সমাজে একই ধরনের অন্যায় যেন পুনরায় না ঘটে, সেই সচেতনতা তৈরি করা।’
এছাড়াও বিভিন্ন সময় সত্য ঘটনা অবলম্বনে কাজ করতে গিয়ে তাকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া বিডিআর বিদ্রোহে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ মোট ৭৪ জন নিহত হন।
বলিউড অভিনেত্রী হুমা কুরেশির নতুন সিনেমা ‘বয়ান’ প্রেক্ষাগৃহের পরিবর্তে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির ডিজিটাল স্বত্ব কিনেছে জি ফাইভ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির গল্প, বাস্তবধর্মী নির্মাণ ও অভিনয় দেখে আগ্রহ প্রকাশ করেছে জি ফাইভ কর্তৃপক্ষ। দর্শকদের কাছে সিনেমাটি গ্রহণযোগ্যতা পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
ইতোমধ্যে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ‘ইউ/এ ১৬+’ ছাড়পত্র পেয়েছে ‘বয়ান’। তবে সিনেমাটির মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
রাজস্থানের এক নবীন নারী পুলিশ কর্মকর্তাকে ঘিরে এগিয়েছে সিনেমার গল্প। একটি আশ্রমে একাধিক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে প্রভাবশালী এক ধর্মগুরুর বিরুদ্ধে। সেই অভিযোগ তদন্তের দায়িত্ব পান ওই নারী কর্মকর্তা। কিন্তু অভিযুক্ত ধর্মগুরুর সঙ্গে পুলিশ ও রাজনৈতিক মহলের প্রভাবশালী ব্যক্তিদের সম্পর্ক থাকায় তদন্তে নানা বাধার মুখে পড়েন তিনি। প্রতিকূল পরিস্থিতিতে অপরাধের গুরুত্বপূর্ণ সাক্ষ্য সংগ্রহের লড়াই নিয়েই নির্মিত হয়েছে সিনেমাটি।
এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন হুমা কুরেশি। পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবেও যুক্ত রয়েছেন তিনি। বিকাশ রঞ্জন মিশ্র পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন চন্দ্রচূড় সিং, শচীন খেড়েকর, বিভোর মায়াঙ্ক, স্বাতী দাস ও সাম্পা মণ্ডল। ধর্মগুরুর চরিত্রে দেখা যাবে চন্দ্রচূড় সিংকে।
প্লাটুন ওয়ান ফিল্মস, সামিট স্টুডিওস ও গাইড্যান্ট ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত ‘বয়ান’ ২০২৫ সালের সেপ্টেম্বরে ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
চলতি বছর হুমা কুরেশিকে ‘বেবি ডু ডাই ডু’, যশ অভিনীত ‘টক্সিক’ এবং ওটিটিতে মুক্তি পাওয়া ‘পূজা মেরি জান’ সিনেমায় দেখা গেছে। এবার ‘বয়ান’-এর মাধ্যমে আবারও ভিন্নধর্মী চরিত্রে দর্শকদের সামনে আসছেন এই অভিনেত্রী।
শ্রবণশক্তির সমস্যায় দীর্ঘদিন সংগীতজগৎ থেকে দূরে রয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অলকা ইয়াগনিক। অসুস্থতার কারণে জনসমক্ষেও খুব একটা দেখা যায়নি তাকে। তবে এবার ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ বিরতির পর আবারও মঞ্চে ফিরতে যাচ্ছেন নব্বইয়ের দশকের অসংখ্য জনপ্রিয় গানের এই শিল্পী।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নির্মাতা সুভাষ ঘাইয়ের আমন্ত্রণে একটি বিশেষ সংগীতানুষ্ঠানে যোগ দিতে সম্মতি জানিয়েছেন অলকা ইয়াগনিক। আগামী ১১ ডিসেম্বর মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে অনুষ্ঠিত হবে ‘ক্যায়া জামানা থা’ শিরোনামের আয়োজনটি।চলচ্চিত্র নির্মাণে সুভাষ ঘাইয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অলকাকে আমন্ত্রণ জানাতে সম্প্রতি তার বাড়িতে যান নির্মাতা নিজেই। পরে তাদের সাক্ষাতের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি।
২০২৪ সালে নিজের শ্রবণশক্তির সমস্যার কথা প্রকাশ্যে আনেন অলকা ইয়াগনিক। সে সময় তিনি জানান, ভাইরাল সংক্রমণের পর বিরল এক ধরনের সেন্সরিনিউরাল হিয়ারিং লসে আক্রান্ত হয়েছেন। এ সমস্যায় অন্তঃকর্ণ কিংবা শ্রবণস্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ায় শোনার ক্ষমতা কমে যেতে পারে।
হঠাৎ শ্রবণশক্তি হারানোর অভিজ্ঞতা অলকার ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় প্রভাব ফেলে। এরপর থেকে সংগীত পরিবেশনা ও জনসমক্ষে উপস্থিতি অনেকটাই সীমিত করে দেন তিনি।
হিন্দি চলচ্চিত্রের সংগীতে কয়েক দশক ধরে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন অলকা ইয়াগনিক। তার কণ্ঠে ‘এক দো তিন’, ‘তাল সে তাল মিলা’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ ও ‘আগার তুম সাথ হো’র মতো গান আজও শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।
দীর্ঘদিন পর প্রিয় শিল্পীর আবারও মঞ্চে ফেরার খবরে উচ্ছ্বসিত তার অনুরাগীরা। তবে আসন্ন অনুষ্ঠানে অলকা শুধু উপস্থিত থাকবেন, নাকি গানও পরিবেশন করবেন, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
শরদ কাপুর ও শাহরুখ খান
একসময় বলিউডের পর্দায় দাপট দেখিয়েছেন অভিনেতা শরদ কাপুর। তবে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে থাকা এই অভিনেতার বর্তমান সময় কাটছে নানা সংকটের মধ্য দিয়ে। শারীরিক অসুস্থতার পাশাপাশি আর্থিক সমস্যায় পড়ে নিজের চারটি প্রিয় পোষা কুকুরকেও বিদায় জানাতে হয়েছে তাকে। এমন পরিস্থিতিতে শরদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা।
এবার তার খোঁজ নিতে ফোন করলেন শাহরুখ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে কথা হওয়ার বিষয়টি জানিয়েছেন শরদ। তার ভাষ্য অনুযায়ী, ফোনে শাহরুখ তাকে নিজের পছন্দ ও ইচ্ছা অনুযায়ী কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন। পাশাপাশি যেকোনো প্রয়োজনে সাহায্যের আশ্বাসও দিয়েছেন বলিউড বাদশা।
শাহরুখের সঙ্গে কথোপকথনের স্মৃতি জানিয়ে শরদ বলেন, ‘তিনি বলেছেন, তুমি যা পছন্দ করো এবং যা করতে চাও, তাই করো; আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত। আমি শিগগিরই আরিয়ান খানের সঙ্গে দেখা করব।’
দুই অভিনেতার পরিচয় অবশ্য নতুন নয়। ২০০০ সালে মুক্তি পাওয়া মনসুর খান পরিচালিত ‘জোশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। ছবিতে শাহরুখের ম্যাক্স চরিত্রের বিপরীতে প্রকাশের ভূমিকায় ছিলেন শরদ। দীর্ঘ ২৬ বছর পরও শাহরুখের আন্তরিকতা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের চারটি পোষা কুকুরকে বিদায় জানানোর বিষয়টি সামনে আসে। আর্থিক সংকটের কারণে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানান শরদ। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তার খোঁজ নিতে এগিয়ে আসেন অভিনেতা সনু সুদ। শরদের সঙ্গে দেখা করার পাশাপাশি তার চিকিৎসার ব্যবস্থাও করেন তিনি।
এ ছাড়া সালমান খানও শরদকে আর্থিক সহায়তা দিয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তার খোঁজখবর নিয়েছেন নির্মাতা রোহিত শেঠি ও আহমেদ খান, অভিনেতা অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, রাজপাল যাদব এবং গীতিকার-লেখক জাভেদ আখতার।
বলিউডের একসময়ের পরিচিত মুখ শরদ কাপুরের কঠিন সময়ে সহকর্মীদের এমন খোঁজখবর ও সহযোগিতা নতুন করে আলোচনায় এনেছে তার পুরোনো বন্ধু ও সহশিল্পীদের সঙ্গে সম্পর্কের বিষয়টি।
শবনম বুবলী
অভিনয়ে ফেরার প্রস্তুতি চলছে শবনম বুবলীর। বেশ কয়েক মাস ধরে শুটিং ও চলচ্চিত্রের প্রচার-প্রচারণায় অনুপস্থিত ছিলেন তিনি। গত ৫ জুন সামাজিক মাধ্যমে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান এই অভিনেত্রী। তাঁর দেওয়া তথ্যমতে, গত ১১ মে কন্যাসন্তানের জন্ম হয়েছে। মেয়ের নাম রেখেছেন শারলিন খান।
মাতৃত্বকালীন বিরতির পর বড়পর্দায় ফেরার সম্ভাব্য সিনেমা জাহিদ হোসেনের ‘ঢাকাইয়া দেবদাস’। পুরান ঢাকার ঐতিহ্য, সমাজব্যবস্থা ও সংস্কৃতিকে কেন্দ্র করে সিনেমাটি নির্মিত হবে। এর আগে সিনেমাটির শুটিংয়ে ফেরার বিষয়ে বিভিন্ন পরিকল্পনার কথা জানা গেলেও সময়সূচিতে পরিবর্তন এসেছে।
পরিচালকের পক্ষ থেকে আগামী জানুয়ারিতে বুবলীর অংশের দৃশ্য ধারণের পরিকল্পনার কথা জানানো হয়েছে। ফলে এই সিনেমার মাধ্যমেই তাঁর নিয়মিত শুটিংয়ে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে।
এদিকে শরিফুল রাজের সঙ্গে ‘দেয়ালের দেশ’ সিনেমার পর আবারও জুটি বাঁধার গুঞ্জন উঠেছে বুবলীর। তানিম রহমান অংশুর নতুন সিনেমা ‘লিম্বো’তে তাদের একসঙ্গে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
ব্যক্তিগত জীবন নিয়েও গত কয়েক বছর ধরে আলোচনায় রয়েছেন বুবলী। এবার দ্বিতীয়বার মাতৃত্বের খবর প্রকাশের পরও বেশ কিছুদিন জনসমক্ষে অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী। তবে পুরোপুরি আড়ালে থাকেননি।
সম্প্রতি নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের লোগো প্রকাশ করেছেন। কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে একটি ভিডিও বার্তায় আগামী বছরের জানুয়ারিতে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন। এসব উপস্থিতি থেকে বোঝা যাচ্ছে, ধীরে ধীরে জনসমক্ষে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। বুবলীর সামনে একাধিক নতুন চ্যালেঞ্জ।
একদিকে দুই সন্তানের মা হিসেবে পারিবারিক দায়িত্ব, অন্যদিকে অভিনয়ে প্রত্যাবর্তন এবং প্রযোজক হিসেবে নিজের প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা। এত দিন ক্যামেরার সামনে নিজের অভিনয় দিয়ে পরিচিতি তৈরি করেছেন। এবার ক্যামেরার পেছনেও কাজের পরিসর বাড়াতে চান তিনি। নতুন এই অধ্যায় কতটা সফল হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।
অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রেও নিজের আগ্রহের জানান পাওয়া যাচ্ছে। তবে বিগ প্রোডাকশন্সের পরবর্তী পরিকল্পনা কিংবা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানাননি তিনি। আপাতত প্রথম কাজ ‘ঠিকানা’র উৎসবযাত্রা ঘিরেই তাঁর নতুন পরিচয়ের প্রথম অধ্যায়।
ডিসেম্বর মাসে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি নতুন সিরিজ ও জনপ্রিয় সিরিজের নতুন মৌসুম। রাজনৈতিক থ্রিলার, রোমান্টিক ড্রামা, অপরাধ ও রহস্যনির্ভর গল্প থেকে শুরু করে পারিবারিক টানাপোড়েন—বিভিন্ন ঘরানার এসব সিরিজে থাকছে তারকাবহুল অভিনয়। মাসের শুরুতেই আসছে রাজনৈতিক থ্রিলার ‘ট্রিনিটি’। এরপর দর্শকদের জন্য থাকছে জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’সহ আরও কয়েকটি নতুন আয়োজন।
ট্রিনিটি
ডিসেম্বরের ১ তারিখে মুক্তি পাবে রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘ট্রিনিটি’। সাত পর্বের এই সিরিজ নির্মাণ করেছেন ‘লাইন অব ডিউটি’ ও ‘বডিগার্ড’খ্যাত জেড মারকিউরিও। এতে অভিনয় করেছেন গুগু এমবাথা-র ও রিচার্ড ম্যাডেন। গল্পে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের কমান্ডার ক্যাথরিন ডেকার একটি গোপন সামরিক কর্মসূচি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সন্ধান পান। এরপর তাঁকে ঘিরে তৈরি হয় রাজনৈতিক ও সামরিক উত্তেজনা। বিশ্বযুদ্ধের আশঙ্কা, ক্ষমতার দ্বন্দ্ব এবং রাষ্ট্রীয় গোপনীয়তা নিয়ে এগিয়ে যাবে সিরিজটির কাহিনি।
প্রাইড অ্যান্ড প্রেজুডিস
ডিসেম্বরের ৩ তারিখে মুক্তি পাওয়ার কথা জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর নতুন টেলিভিশন সংস্করণ। ছয় পর্বের এই সিরিজে এলিজাবেথ বেনেট চরিত্রে অভিনয় করেছেন এমা করিন এবং মিস্টার ডার্সি চরিত্রে জ্যাক লোডেন। এ ছাড়া অলিভিয়া কোলম্যানকে দেখা যাবে মিসেস বেনেটের ভূমিকায়। চিত্রনাট্য লিখেছেন ডলি অ্যালডারটন এবং পরিচালনা করেছেন ইউরোস লিন। বেনেট পরিবারের পাঁচ মেয়ের বিয়ে, প্রেম, সামাজিক মর্যাদা ও পারিবারিক প্রত্যাশাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্প। এলিজাবেথ ও ডার্সির সম্পর্কের পাশাপাশি তৎকালীন ইংরেজ সমাজের শ্রেণিগত ব্যবধানও তুলে ধরা হবে সিরিজটিতে।
দ্য মার্ডার অব জনবেনেট রামসে
অপরাধ ও রহস্যপ্রেমীদের জন্য ডিসেম্বরের ১০ তারিখে আসছে ‘দ্য মার্ডার অব জনবেনেট রামসে’। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে ছয় বছর বয়সী জনবেনেট রামসের হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। এতে জনবেনেটের মা প্যাটসি রামসে চরিত্রে অভিনয় করেছেন মেলিসা ম্যাকার্থি এবং বাবা জন রামসে চরিত্রে ক্লাইভ ওয়েন। আট পর্বের এই সিরিজে হত্যাকাণ্ডের তদন্ত, পরিবারের ভূমিকা এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা রহস্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
আনঅ্যাকাস্টমড আর্থ
ডিসেম্বরের ১৭ তারিখে মুক্তি পাবে ‘আনঅ্যাকাস্টমড আর্থ’। লেখক ঝুম্পা লাহিড়ীর একই নামের ছোটগল্প সংকলন অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এতে অভিনয় করেছেন ফ্রিদা পিন্টো, সিদ্ধার্থ, ইন্দ্রনীল সেনগুপ্ত ও সারায়ু ব্লু। গল্পের কেন্দ্রে রয়েছেন পারুল চৌধুরী। অসুস্থতার কারণে স্বামী ও সন্তানকে নিয়ে মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজে ফিরে আসেন তিনি। সেখানে পুরোনো প্রেমিকের সঙ্গে আবার দেখা হওয়ার পর তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তৈরি হয় নানা জটিলতা। অভিবাসী পরিবারের জীবন, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং সাংস্কৃতিক পরিচয়ের বিষয়গুলো উঠে আসবে সিরিজটিতে।
এমিলি ইন প্যারিস
ডিসেম্বরের ২৪ তারিখে মুক্তি পাওয়ার কথা জনপ্রিয় রোমান্টিক কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর নতুন মৌসুম। এতে এমিলি কুপার চরিত্রে ফিরছেন লিলি কলিন্স। নতুন পর্বগুলোতে এমিলির কর্মজীবন, প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের নানা দিক তুলে ধরা হবে। প্যারিসের পাশাপাশি গ্রিস ও মোনাকোকেও গল্পের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে দেখা যাবে। গ্যাব্রিয়েলের সঙ্গে এমিলির সম্পর্ক কোন দিকে এগোয়, তা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।
ডিসেম্বরের এই আয়োজনগুলোতে একদিকে যেমন থাকছে সাহিত্যনির্ভর রোমান্টিক গল্প, অন্যদিকে থাকছে রাজনৈতিক ষড়যন্ত্র, বাস্তব হত্যাকাণ্ড ও পারিবারিক সম্পর্কের জটিলতা। ভিন্ন স্বাদের এসব সিরিজ নিয়ে মাসজুড়েই ব্যস্ত থাকতে পারেন নেটফ্লিক্সের দর্শকরা।
মেহজাবীন চৌধুরী। ছবিঃ ফেসবুক
বিয়ের এক বছরের বেশি সময় পার হলেও নিজের নাম বদলাননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর নামের সঙ্গে স্বামীর পদবি যুক্ত করার প্রচলন থাকলেও সে পথে হাঁটেননি তিনি। সম্প্রতি নাম অপরিবর্তিত রাখার কারণ, বিয়ের খরচ এবং বর্তমান সংসারজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
মেহজাবীন জানান, বিয়ের পর তার নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কৌতূহল থাকলেও নিজেদের মধ্যে এ বিষয়ে কোনো কথাই হয়নি। বর্তমান নামটিই তার পছন্দের এবং দর্শকরাও এই নামেই অভ্যস্ত। তা ছাড়া নাম বদলালে পাসপোর্টসহ সব দাপ্তরিক কাগজপত্র সংশোধনের যে বাড়তি ঝামেলা তৈরি হয়, সেটিও এড়াতে চেয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘নাম বদলানো নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো আলোচনাই হয়নি।’
বিয়ের এক বছর পেরিয়ে গেলেও তার বিয়ের খরচ নিয়ে এখনো আলোচনা চলে নেটদুনিয়ায়। এ প্রসঙ্গে মেহজাবীন জানান, আয়োজনটি বাইরে থেকে যতটা ব্যয়বহুল মনে হয়েছে, বাস্তবে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম। তিনি বলেন, ‘বিয়েতে ঠিক কত খরচ হয়েছে, সেই অঙ্ক আমি নিজেও জানি না। আয়োজন যতটা জমকালো দেখা গেছে, আসলে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম।’
অভিনেত্রীর মতে, পরিচিত শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন প্রতিষ্ঠান নিজ উদ্যোগে এগিয়ে আসায় বিয়ের খরচ কমেছে। অনুষ্ঠানে তারকা বন্ধুরা অংশ নিয়েছেন এবং সংগীতশিল্পীরা গান গেয়েছেন। সহকর্মীদের এই আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্ধুদের এ ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না।’
বর্তমান সংসারজীবন নিয়েও নিজের ভালো লাগার কথা জানিয়েছেন মেহজাবীন। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ২০১২ সাল থেকেই তার পরিচয় রয়েছে। নতুন বাসায় ওঠার পরিবর্তনটুকু ছাড়া শ্বশুরবাড়ির কাউকে কখনো পর মনে হয়নি বলে জানান তিনি। বরং বিয়ের পর আগের চেয়ে বেশি ভালোবাসা পাচ্ছেন। স্বামী আদনানের বোনদেরও নিজের কাছের বন্ধু এবং পরিবারের অংশ হিসেবে দেখেন এই অভিনেত্রী।