প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার প্রতিবাদে সম্পাদক পরিষদ ও নোয়াবের মানববন্ধন।

  • প্রকাশ : সোমবার ২২ ডিসেম্বর, ২০২৫, সময় : ৬:১৫ এএম

দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বরেণ্য নাগরিক, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাঁরা বলেছেন, এই হামলা কোনো একটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে নয়; এটি সরাসরি গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকারের ওপর আঘাত।


সোমবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন বক্তারা। সম্পাদক পরিষদ ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) যৌথভাবে এ সভার আয়োজন করে। সভা শেষে হোটেলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


‘এটা গণতন্ত্রের ওপর আঘাত’


প্রতিবাদ সভায় সংহতি প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজ প্রথম আলো নয়, ডেইলি স্টার নয়—গণতন্ত্রের ওপর আঘাত এসেছে। স্বাধীনভাবে চিন্তা ও কথা বলার অধিকারের ওপর আবার আঘাত এসেছে।’


৭৮ বছর বয়সী এই রাজনীতিক বলেন, ‘তিনি সারাজীবন একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, কিন্তু আজ যে বাংলাদেশ তিনি দেখছেন, তা তাঁর কল্পনার সঙ্গে মেলে না।’


মির্জা ফখরুল বলেন, ‘কোনো রাজনৈতিক দল বা সংগঠনের চিন্তা নয়—সব গণতন্ত্রকামী মানুষের এখন এক হওয়ার সময় এসেছে। শুধু একাত্মতা জানালেই চলবে না, রুখে দাঁড়াতে হবে।’


‘মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চেয়েছে’


সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নুরুল কবীর বলেন, হামলাকারীদের উদ্দেশ্য ছিল সংবাদমাধ্যমের ভেতরে থাকা মানুষদের হত্যা করা। তিনি বলেন, ‘যখন অফিসে সবাই কাজ করছিল, তখন চারপাশ থেকে আগুন লাগানো হয়েছে। ফায়ার সার্ভিসকে বাধা দিয়ে মধ্যযুগীয় কায়দায় পুড়িয়ে মারতে চাওয়া হয়েছে।’


নুরুল কবীর আরও বলেন, ‘গণমাধ্যমের নিজস্ব সম্পাদকীয় নীতি থাকতে পারে, সেটি অপছন্দ হলেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া নয়। এই ধরনের সহিংসতা রোধ করা না গেলে শুধু সংবাদপত্র নয়, গোটা সমাজব্যবস্থা ও উন্নতির সম্ভাবনা ধ্বংস হয়ে যাবে।’


জানুয়ারিতে মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির


নিউজ পেপারস ওনার্স  অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) সভাপতি এ কে আজাদ অনুষ্ঠানে তাঁর সমাপনী ভাষণে বলেন, আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সারাদেশের সকল সাংবাদিককে সঙ্গে নিয়ে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে মহাসমাবেশ করা হবে। সেখান থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এই হামলার বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। 


পরিকল্পিত অপরাধের অভিযোগ


এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এই ঘটনাগুলো সম্পূর্ণ পরিকল্পিত অপরাধ। জুলাই গণঅভ্যুত্থানের স্লোগান ও শহীদ শরিফ ওসমান হাদির নাম ব্যবহার করে হামলা চালানো হয়েছে। এতে সরকারের ভেতরের একটি অংশের সংশ্লিষ্টতা, রাজনৈতিক ব্যাকআপ এবং পূর্বপরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়। নাহিদ ইসলাম সুষ্ঠ তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করতে সরকারকে বাধ্য করার আহ্বান জানান।


জাতীয় ঐক্যের আহ্বান


সভায় জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক জুবায়ের বলেন, এই হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে বলেন, দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।


সভায় আরও বক্তব্য দেন আলোকচিত্রী শহিদুল আলম, ব্যারিস্টার সারা হোসেন, মানবাধিকারকর্মী রেহনুমা আহমেদ, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা।


বক্তারা একযোগে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্রের বিকাশে সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী এবং সব পেশাজীবী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ এখন সময়ের দাবি।


প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শীর্ষক এই যৌথ প্রতিবাদ সভার আয়োজন করে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব)। এই প্রতিবাদ সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী সংগঠন, ব্যবসায়ী সংগঠন, সাংবাদিক সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ সংহতি জানাতে আসেন। প্রতিবাদ সভা শেষে প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পাশের রাস্তায় দাঁড়িয়ে মানববন্ধন করেন তাঁরা।



সর্বশেষ সব খবর

আস-সুন্নাহ ফাউন্ডেশন

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪৫ এএম

দক্ষ উদ্যোক্তা তৈরিতে নতুন প্রশিক্ষণ কোর্সের বিজ্ঞপ্তি দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। নতুন এই কোর্সের মাধ্যমে দক্ষভাবে মিষ্টি তৈরির প্রশিক্ষণ দেওয়া হবে।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই বিজ্ঞপ্তি প্রকাশ করে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫০ হাজার টাকার কোর্স করুন মাত্র ২ হাজার টাকায়। কোর্স শেষে পেয়ে যেতে পারেন ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকার উদ্যোক্তা-সহায়তা! এতে আরও বলা হয়, মিষ্টি ও মিষ্টান্ন আমাদের জীবন-সংস্কৃতির সাথে জড়িয়ে থাকা এক প্রাচীন আবেগের নাম। বিয়েসহ যে কোনো আনন্দের উপলক্ষ্য আসলেই আমাদের প্রয়োজন হয় মিষ্টির। এমনকি সন্তান জন্ম, পরীক্ষায় ভালো ফলাফল, চাকরি প্রাপ্তি কিংবা নতুন আত্মীয়বাড়ি যেতে হলেও আমরা সাথে রাখি মিষ্টি।


বিজ্ঞপ্তিতে বলা হয়, সব মিলিয়ে এদেশে মিষ্টির এক বিশাল বাজার পড়ে আছে অথচ চাহিদার তুলনায় এ শিল্পে দক্ষ কারিগর ও উদ্যমী উদ্যোক্তার বড় অভাব। আর এই শূন্যতার কথা মাথায় রেখেই শুরু হয়েছে মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ। ৫০ হাজার টাকা সমমূল্যের এই কোর্স করা যাবে মাত্র ২ হাজার টাকায়।


প্রশিক্ষণে যা থাকছে:


বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা।
উন্নত মানের মিষ্টান্ন তৈরির আধুনিক কলাকৌশল।
ব্যবসায়িক ব্যবস্থাপনা, বিপণন ও হিসাব-নিকাশ।
মৌলিক ইসলামি জ্ঞান ও বিশেষ দাওয়াহ কোর্স।


যোগ্যতা:


আবেদনকারীকে মিষ্টির দোকানে ৩–৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনকারীকে অবশ্যই দরিদ্র, পরিশ্রমী ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা সম্পন্ন হতে হবে।
বয়স: ১৮–৪৫ বছর (পুরুষদের জন্য)।


সুবিধা:


যাদের ওপর পরিবার সম্পূর্ণ নির্ভরশীল তাদেরকে কোর্স চলাকালীন প্রতি মাসে ৫ হাজার টাকা বিশেষ ভাতা প্রদান করা হবে।
কোর্স শেষে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের নিজস্ব ব্যবসা শুরু করতে ৫০,০০০ টাকা থেকে ৩,০০,০০০ টাকা পর্যন্ত মূলধন প্রদান করা হবে।
এই অর্থ আপনার নতুন ব্যবসা শুরু ও প্রসারের মূল ভিত্তি হিসেবে কাজ করবে।


আবেদন প্রক্রিয়া:


এই লিংক থেকে আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করুন। এরপর ফরমটি হাতে লিখে পূরণ করে কুরিয়ারে অথবা সরাসরি আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে জমা দিন।


আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঠিকানা: প্লট ৬২-৬৪, রোড ৩, ব্লক এ, আফতাবনগর, ঢাকা।


গুগল ম্যাপ লোকেশন: https://maps.app.goo.gl/boxRREzCoiqn7d716


আবেদনের শেষ সময় ৫ ডিসেম্বর ২০২৬


বিজ্ঞপ্তিতে বলা হয়, শিগগিরই মিষ্টান্ন শিল্পে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরি প্রশিক্ষণ কার্যক্রমটি আরও বৃহৎ পরিসরে সবার জন্য উন্মুক্ত করা হবে, ইনশাআল্লাহ। বৃহৎ সেই আয়োজনে প্রবাসফেরত, সচ্ছল-অসচ্ছল, নতুন ও সম্ভাবনাময় উদ্যোক্তা হতে আগ্রহী তরুণ এবং মিষ্টান্ন শিল্পে কাজ করতে আগ্রহী একেবারে নতুন শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

সর্বশেষ সব খবর

মেট্রোরেলে ভাইরাল শিশুরা ও তাদের বাবা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১৮ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৫৯ পিএম

রাজধানীর মেট্রোরেলে ‘আমরা করব জয়’ গান গেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই দুই শিশুর বাবার পরিচয় শনাক্ত হয়েছে। ফিরোজ খান রনি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বে সহায়তা হিসেবে পাওয়া অটোরিকশা বিক্রি করে দেওয়া, একাধিক বিয়ে এবং শিশুদের ব্যবহার করে ভিক্ষাবৃত্তির অভিযোগ উঠেছে।


ঝালকাঠির স্থায়ী বাসিন্দা ফিরোজ খান ঢাকায় আসার আগে বরিশাল শহরের ১ নম্বর ওয়ার্ডের সাধুর বটতলা এলাকায় ভাড়া থাকতেন। ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া আনুমানিক পাঁচ বছর বয়সী শিশু দুটির নাম মরিয়ম আক্তার ও নূর।


স্থানীয় সূত্র ও গণমাধ্যমের তথ্যমতে, ২০২৩ সালে বরিশালের স্থানীয় সাংবাদিক সাব্বির খানের মাধ্যমে ফিরোজ খানের অভাবের গল্প প্রথম ফেসবুকে ভাইরাল হয়। সে সময় স্ত্রী মারা যাওয়ার পর শিশুদের বাসায় রেখে ভিক্ষা করার বিষয়টি সামনে এলে তৎকালীন তথ্যমন্ত্রী এবং ফরিদপুরের এক ব্যবসায়ী তাকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে দেন।


তবে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে সাংবাদিক সাব্বির খান গণমাধ্যমকে জানান, সহায়তায় পাওয়া দুটি রিকশার একটি ফিরোজ নিজে চালাতেন এবং অন্যটি ভাড়ায় দিয়েছিলেন। পরবর্তীতে জানা যায়, প্রথম স্ত্রীকে হত্যার অভিযোগে তিনি জেল খেটেছিলেন এবং জামিনে মুক্ত ছিলেন। কিছুদিন পর বরিশাল লঞ্চঘাট এলাকায় দ্বিতীয় বিয়ে করলেও সেই সংসার টেকেনি। দ্বিতীয় স্ত্রীকে মারধর করার পর তিনি উপহার পাওয়া রিকশা দুটি বিক্রি করে বাচ্চাদের নিয়ে ঢাকায় চলে আসেন। সাব্বির খানের অভিযোগ, শিশুদের ব্যবহার করে মানুষের সহানুভূতি নিয়ে ভিক্ষা করাই মূলত ফিরোজের অভ্যাস।


সাব্বির খান আরও জানান, ২০২৩ সালে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে শিশু দুটিকে একটি ডে কেয়ার সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছিল। ফিরোজ নিজেও ভালো গান করেন এবং একবার রিকশাচালকদের একটি গানের রিয়েলিটি শোতে অংশ নিয়েছিলেন। বাচ্চা দুটির গানের গলাও বেশ ভালো।


এদিকে বরিশালের সাধুর বটতলা এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা জানিয়েছেন, ২০২৩ সালে শিশু দুটির করুণ গল্প প্রথমবার ভাইরাল হওয়ার পর চিত্রনায়িকা পরীমনি শিশু দুটির দায়িত্ব নিতে চেয়েছিলেন। তবে সে সময় স্থানীয়রা বিষয়টিতে ভরসা না পাওয়ায় ফিরোজ খানকে নিবৃত করেছিলেন।


তবে এ বিষয়ে শিশুগুলোর বাবার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৬:১২ পিএম

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ঘটে যাওয়া ঘটনায় দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন রাজুকে অপমান ও লাঞ্ছিত করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক উন্নয়ন কেন্দ্র। এক বিবৃতিতে সংগঠনের নেতারা এ নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তাঁরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন এবং সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


বিবৃতিতে সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, সহসভাপতি মনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক শাহজাহান শোভন বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একজন সংবাদকর্মীর সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হওয়ার অভিযোগ অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। কোনো সংবাদকর্মী যেন দায়িত্ব পালন করতে গিয়ে অপমান, হয়রানি কিংবা লাঞ্ছনার শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি।


তাঁরা বলেন, রবিউল হোসাইন রাজু একজন ভদ্র, নম্র ও অমায়িক মানুষ হিসেবে পরিচিত। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে তিনি এক হাত দিয়েই পেশাগত দায়িত্ব পালন করে আসছেন। তাঁর কর্মনিষ্ঠা ও সংগ্রাম নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তবে কোনো ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটনের আগে একতরফাভাবে কাউকে দোষী সাব্যস্ত করা কিংবা জনসমক্ষে হেয় করা কোনোভাবেই সমীচীন নয়। তাঁকে ঘিরে কোনো ভিত্তিহীন অভিযোগ কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপমান-লাঞ্ছিত করার ঘটনা ঘটে থাকলে তার সুষ্ঠু তদন্ত ও যথাযথ প্রতিকার নিশ্চিত করতে হবে।


বিবৃতিতে আরও বলা হয়, আদালতের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থানে সংঘটিত এ ঘটনা নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। রাজুর বক্তব্য অনুযায়ী, ভিডিও ধারণের সময় তাঁর হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে ঘটনার প্রকৃত চিত্র জানতে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য, প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও ভিডিও ফুটেজ নিরপেক্ষভাবে পর্যালোচনা করা প্রয়োজন।


নেতারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং জনগণের তথ্য জানার অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা, নিরাপত্তা ও সম্মান রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। একই সঙ্গে সাংবাদিকদেরও পেশাগত নৈতিকতা, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখা অপরিহার্য।


তাঁরা আরও বলেন, ব্যক্তির পরিচয়, জনপ্রিয়তা কিংবা প্রভাব-প্রতিপত্তি কখনোই ন্যায়বিচারের ঊর্ধ্বে হতে পারে না। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ এবং কোনো ধরনের অন্যায় সংঘটিত হয়ে থাকলে তার যথাযথ প্রতিকার নিশ্চিত করতে হবে।


একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের পেশাগত দায়িত্বশীলতা ও নৈতিকতার বিষয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন, শুধু ভিউ, জনপ্রিয়তা কিংবা বাণিজ্যিক স্বার্থে যাচাই-বাছাই ছাড়া কাউকে গণমাধ্যমে গুরুত্ব দেওয়া বা ব্যক্তিগত বিষয়কে অযথা প্রচারের হাতিয়ার করা থেকে বিরত থাকতে হবে। সাংবাদিকতার মর্যাদা রক্ষায় সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতার চর্চা অপরিহার্য।


সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের নেতারা সংবাদকর্মীদের পেশাগত মর্যাদা, অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্যের পক্ষে অবস্থান নেওয়া প্রত্যেক দায়িত্বশীল মানুষের নৈতিক কর্তব্য।

সর্বশেষ সব খবর

শনিবার সাধারণ সভায় ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ২০২৬-২০২৮ সেশনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

  • প্রকাশ : সোমবার ০২ নভেম্বর, ২০২৬, সময় : ৯:০৮ পিএম

রংপুরে সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পুনরায় সভাপতি পদে আগামীর সময়ের স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক পদে করতোয়ার হুমায়ুন কবীর মানিক ও কোষাধ্যক্ষ পদে ঢাকা মেইলের রেজাউল করিম জীবন নির্বাচিত হয়েছেন।


শনিবার (১ নভেম্বর) রাত ১০টায় অনুষ্ঠিত সাধারণ সভায় ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ২০২৬-২০২৮ সেশনের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়। 


কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি দৈনিক বার্তার এস এম খলিল বাবু, সহসভাপতি মতপ্রকাশের হামীম আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম খবরের তারিকুল ইসলাম তারেক, দফতর সম্পাদক সংবাদ সারাবেলার কামরুল হাসান টিটু, প্রচার সম্পাদক মাছরাঙা টেলিভিশনের ফুয়াদ হাসান, সাহিত্য-সংস্কৃতি সম্পাদক বায়ান্নর আলোর এস এম শহীদুল আলম, ক্রীড়া সম্পাদক প্রতিদিনের বার্তার হাসান রাসেল, কার্যকরী সদস্য দৈনিক সাইফের শাকিল আহমেদ, বাংলাদেশ সমাচারের শাহ আলম ও আখিরা’র মৌসুমী শঙ্কর ঋতা। 


কার্যকরি এই কমিটি গঠনের পূর্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বে কমিটির মেয়াদকালে আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা সাপেক্ষে অনুমোদন করা হয়। সংগঠনের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্বের (২০২৪-২০২৬) বর্ষের কার্যকরি কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


পরে নির্বাচনের জন্য ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করা হয়। সেই আহবায়ক কমিটির উদ্যোগে পরে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। 


সাধারণ সভায় উপস্থিত ছিলেন স্বপন চৌধুরী, এস এম খলিল বাবু, হুমায়ুন কবীর মানিক, তারিকুল ইসলাম তারেক, রেজাউল করিম জীবন, কামরুল হাসান টিটু, ফুয়াদ হাসান, এস এম শহিদুল আলম, শাহ আলম, আরমানুল হক, আলী হায়দার রনি, মৌসুমী শঙ্কর ঋতা, আলমগীর হোসেন অপু, সাঈদ মফিদুল হক বাবু ও আমানত আলীসহ সদস্যগণ।


এদিকে, সিটি প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত নেতৃবৃন্দকে সাহিত্য একাডেমী, অভিযাত্রিক, ছড়া সংসদ রংপুর, মৌচাক পরিবার, গীতিকবি সংসদ রংপুরসহ বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২১ অক্টোবর, ২০২৬, সময় : ২:৪৯ এএম

মুম্বাইয়ের জুহুতে রোববার রাতে বলিউড অভিনেতা টাইগার শ্রফের ওপর ঘটে যাওয়া হামলার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বলিপাড়ায়। একর পর এক তারকাদের ওপর হুমকি-হামলায় ছড়িয়ে পড়েছে উদ্বেগ। খুব কাছে থাকলেও হামলাকারীর বন্দুক জ্যাম হয়ে যাওয়ায় স্রেফ ভাগ্যগুণেই বেঁচে যান বলিউড তারকা। হামলার পর লরেন্স বিষ্ণোই গ্যাং ঘটনার দায় স্বীকার করেছে।


সামাজিকমাধ্যমে এরই মধ্যে এই হামলার ঘটনার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ ও মোবাইল ভিডিও ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গিয়েছে, জুহুর একটি পার্ক থেকে ফুটবল খেলে নিজের বিএমডব্লিউ গাড়িতে উঠছিলেন টাইগার। সে মুহূর্তেই তিন আততায়ী অভিনেতার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এ সময় আততায়ীদের ছোড়া ১০ রাউন্ড গুলিতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, দুই হামলাকারী টাইগারের গাড়ির উইন্ডস্ক্রিন ও জানালার কাচ ভেদ করে সরাসরি তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা করছেন। সেই মুহূর্তে ঠিক ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’-এ ছিলেন অভিনেতা। এ সময় আততায়ীর বন্দুকটি জ্যাম হয়ে যায়। যার কারণে মৃত্যুর এত কাছে থেকেও বেঁচে যান ‘বাগি’ তারকা। ফলে বড় বিপদের হাত থেকে অলৌকিকভাবে রক্ষা পান টাইগার।


ভিডিওতে আরও দেখা যায়, বন্দুক জ্যাম হয়ে যাওয়ার পরই টাইগারের গাড়ির চালক ফিরদৌস সাহসিকতার সঙ্গে গাড়ি থেকে নেমে পড়েন। পাশেই একটি বাইকে অন্য এক সঙ্গী অপেক্ষা করছিল। ফিরদৌসকে নামতে দেখেই ওই বাইকে চড়ে চম্পট দেয় আততায়ীরা।


ভাইরাল হওয়া একাধিক ভিডিওতে টাইগারের গাড়ি এবং রাস্তায় রক্তের ছাপ স্পষ্ট দেখা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই হামলায় টাইগারের গাড়ির চালক ফিরদৌস গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি, এ ঘটনায় স্থানীয় এক অটোরিকশাচালকও সামান্য আহত হয়েছেন।


গাড়িচালক আহত হওয়ার পর নিজেই স্টিয়ারিং হাতে নেন টাইগার। ভাইরাল ভিডিওতে তাকে নিজেই চালকের আসনে বসে দ্রুত গতিতে ঘটনাস্থল থেকে গাড়ি চালিয়ে চলে যেতে দেখা যায়।


পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এরই মধ্যে এক হামলাকারীকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। চাঞ্চল্যকরভাবে, এই হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাং। এক বিবৃতিতে অভিনেতা সালমান খানের সঙ্গে যুক্ত থাকা প্রত্যেককেই কড়া পরিণতির হুমকি দেওয়া হয়েছে।

সর্বশেষ সব খবর

সাংবাদিক সম্প্রীতি সমিতির আবাসনে ৬০ কাঠা জমির চুক্তি সই

  • প্রকাশ : শনিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১:৩৮ এএম

সাংবাদিকদের আবাসন সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সাংবাদিক সম্প্রীতি সমিতির সদস্যদের মধ্যে ৬০ কাঠা জমি সংক্রান্ত চুক্তিপত্র হস্তান্তর করা হয়েছে। নর্থ সাউথ গ্রিন সিটির উদ্যোগে এ চুক্তিপত্র হস্তান্তর করা হয়।


বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিক সম্প্রীতি সমিতির কো-অর্ডিনেটর মো. সালাহ উদ্দিন বাবুর হাতে চুক্তিপত্র তুলে দেন নর্থ সাউথ গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহফুজুর রহমান।


অনুষ্ঠানে বক্তব্য দেন নর্থ সাউথ গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুবুল হোসাইন খান, চিফ এক্সিকিউটিভ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহফুজুর রহমান, ডিরেক্টর অ্যাডমিন কর্নেল (অব.) মো. শফিউল আলম খান এবং সাংবাদিক সম্প্রীতি সমিতির কো-অর্ডিনেটর মো. সালাহ উদ্দিন বাবু।


এ সময় সাংবাদিক সম্প্রীতি সমিতির পরিচালনা কমিটির সদস্য কাওছার আহমেদ, তৌফিক মাহমুদ ও রিয়াদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


বক্তারা বলেন, সাংবাদিকদের আবাসন সুবিধা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাংবাদিকদের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সর্বশেষ সব খবর