ছবি : সংগৃহীত
রাজশাহীতে শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম চলাকালে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। গতকাল সোমবার রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে এ-সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সই করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের অনুরোধ করা হচ্ছে।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, স্কুল চলাকালে অনেক শিক্ষার্থী শ্রেণিকক্ষে না থেকে কোচিং সেন্টারে চলে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ কারণে স্কুলের সময়ে কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এই নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার চালু থাকলে অভিযান চালানো হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, কোচিং সেন্টার নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ আছে। বিশেষ করে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কোচিংয়ের জন্য অগ্রিম টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব বিষয়েও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
গণবিজ্ঞপ্তিটি বাস্তবায়নে পুলিশ সুপার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় একটি গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে এবার একটি গোডাউনে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৮ থেকে ৯ ধরনের ভেজাল ও নকল পণ্য জব্দ, গোডাউন সিলগালা এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর গোপন সংবাদের ভিত্তিতে ভাণ্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়ার কারিগরপাড়ায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’ নামের একটি গোডাউনে বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও নিম্নমানের পণ্য প্যাকেটজাত করে বাজারজাত করা হচ্ছিল। অভিযানে ‘চাষী’ ব্র্যান্ডের চালের খালি মোড়কে সাধারণ খোলা চাল ভরে প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া নকল ঘি, মশার কয়েলসহ প্রায় ৮ থেকে ৯ ধরনের ভেজাল ও নকল পণ্য জব্দ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় অপরাধের দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রানাকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।
জানা গেছে, মেসার্স রানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রানা ভাণ্ডারিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. হাদিস হাওলাদারের ছেলে। তাঁর বাড়ি ৭৬ নম্বর দক্ষিণ ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে।
উল্লেখ্য, ভাণ্ডারিয়ায় নকল ও ভেজাল পণ্য তৈরি, প্যাকেটজাতকরণ এবং বাজারজাতকরণের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের প্রতারণার হাত থেকে রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌরসভা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান দাবিকৃত ১০ হাজার চাদা না পেয়ে রুবেল (২৬) নামে এক ট্রাক চালককে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার রাতে উপজেলার তারাব পৌরসভার মৈকুলী এলাকায় এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুরে রুবেল বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন।
ভুক্তভোগী রুবেল জানান, তিনি এশিয়ান ট্রেডার্স নামে একটি কোম্পানির ট্রাক চালক হিসেবে কাজ করছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় রুবেল এশিয়ান ট্রেডার্সের মালামাল নিয়ে মৈকুলী কারখানায় প্রবেশ করতে যায়। এসময় তারাব পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফজলুল হক প্রধান রুবেলের কাছে ১০ হাজার টাকা চাদা দাবি করে। তার দাবিকৃত চাদা না দিলে ট্রাক এশিয়ান ট্রেডার্সের কারখানায় প্রবেশ করতে দিবে না বলে হুমকি ধামকি দিতে থাকে। এসময় রুবেল প্রতিবাদ করলে ফজলুল হক প্রধান রুবেলসহ তার লোকজন এলোপাথাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। রুবেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ফজলুল হক ও তার লোকজন চলে চলে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলে, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের টঙ্গী বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়িক পরিবেশের উন্নতি এবং স্থানীয় সমস্যার সমাধানে সম্মানিত ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। সভা শেষে তিনি টঙ্গী বাজারের একটি সড়ক উদ্বোধন করেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) টঙ্গী বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টঙ্গী ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রাশেদুল ইসলাম কিরণ। সভায় ওলামা-মাশায়েখ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ টঙ্গী বাজারের বিভিন্ন সমস্যা, ব্যবসায়িক পরিবেশ, রাস্তাঘাটের উন্নয়ন এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের বিষয়গুলো তুলে ধরেন। এ সময় বাজারের সার্বিক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং বাজার এলাকার অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি মো. শওকত হোসেন সরকার টঙ্গী বাজারের একটি সড়ক উদ্বোধন করেন। এ উদ্যোগকে বাজার এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বাজারের সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম জোরদার হলে ব্যবসায়ী, ক্রেতা এবং সাধারণ মানুষের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি বাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়নেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তব্য দেন মহাদেবপুর ইউএনও মানজুরা মুশাররফ
এবারের ফ্যামিলি কার্ড শুমারি সর্বোচ্চ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ। তিনি বলেন, শুমারির সময় তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের কোন রকম রাজনৈতিক বা অন্য কোন রকম অবৈধ চাপ সৃষ্টির খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
গতকাল সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষ শাপলায় আয়োজিত এ সংক্রান্ত প্রেস কনফারেন্সে সিনিয়র সাংবাদিক কিউ. এম. সাঈদ টিটোর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে এর আয়োজন করে। ইউএনও সারাদেশে একই সাথে আয়োজিত প্রেস কনফারেন্সে জাতীয় পর্যায় থেকে সরবরাহ করা প্রেস বিজ্ঞপ্তি পাঠ করেন। এর আগে প্রজেক্টরের মাধ্যমে ঢাকায় আয়োজিত প্রেস কনফারেন্স সরাসরি দেখানো হয়।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, মহাদেবপুর উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে ১৩৫ জন তথ্য সংগ্রহকারি ও ১৩ জন সুপারভাইজার নিয়োগ দিয়ে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ মঙ্গলবার থেকে উপজেলার উত্তরগ্রাম ও রাইগাঁ ইউনিয়নের ১ নং ওয়ার্ডে শুমারি শুরু হবে।
তিনি বলেন, শুমারিতে সব ফ্যামিলির নাম তিন ক্যাটাগরিতে অন্তর্ভূক্ত হবে। এ সংক্রান্ত চুড়ান্ত তালিকা প্রকাশ করে গণশুনানীর মাধ্যমে স্বচ্ছ ডাটাবেজ তৈরি করা হবে। ফ্যামিলি কার্ড করে দেয়ার নাম করে কেউ টাকা দাবি করলে সাথে সাথেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রব্বানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, উপজেলা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি হারুন অর রশিদ রাজু, সাংবাদিক ইউসুফ আলী সুমন, জুলহাজ খান, বরুণ মজুমদার, লিয়াকত আলী বাবলু, সাখাওয়াত হোসেন এবং নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) লালপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোঃ মিশকাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস সুলতানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুর রহমান প্রমুখ।
হরিপুর সীমান্তে ৯৬ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযান। দিনাজপুর, ১৩ অক্টোবর ২০২৬ ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯৬ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১২ অক্টোবর রাত ১০টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীন গোবিন্দপুর বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবির অভিযানে হরিপুর উপজেলার সীমান্তবর্তী ঢাকদহ গোপালপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় সিরাপের বোতলগুলো উদ্ধার করা হয়। উদ্ধার করা সিরাপের সর্বমোট জব্দমূল্য ২৮ হাজার ৮০০ টাকা।
উদ্ধার করা সিরাপের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা গেলে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বাহিনীটির তৎপরতা অব্যাহত রয়েছে।