মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জব্দ করা সিসার চালান। ছবি: সংগৃহীত
দেশের ইতিহাসে সবচেয়ে বড় সিসার চালানসহ মাদক কারবারি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
ডিএনসি বলছে, গ্রেপ্তারদের মধ্যে দুই সহোদর ইরান থেকে সিসা বিক্রির কার্যক্রম শিখে এসে বাংলাদেশে অনলাইনে এই অবৈধ ব্যবসা পরিচালনা করত।
গ্রেপ্তাররা হলেন আহমেদ শরীফি (৩৪) ও মেহদাদ শরীফি (৩৪) ইরানি বংশোদ্ভূত নাগরিক। এছাড়া অপর ব্যক্তি হলেন মো. মাকসুদ আলম (৪০)।
শুক্রবার (৩ জুলাই) সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ বদরুদ্দীন।
মোহাম্মদ বদরুদ্দীন বলেন, রাজধানীর গুলশান ও ভাটারা এলাকায় সমন্বিত বিশেষ অভিযান চালিয়ে দেশের ইতিহাসে সর্বাধিক পরিমাণ সিসা উদ্ধারসহ একটি আন্তঃজেলা অনলাইন মাদক সরবরাহকারী চক্রের মূলহোতা দুই সহোদরসহ মোট ৩ জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকালে তাদের কাছ থেকে ৬৫ কেজি ৯০০ গ্রাম সিসা , ৪১টি হুক্কা, ৪০ কেজি সিসা সেবনের কয়লা, ৫টি মোবাইল ফোন ও বিপুল পরিমাণ সিসা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আহমেদ শরীফি ও মেহদাদ শরীফি নামের এই দুই সহোদরের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবৎ একটি ফেসবুক পেজ পরিচালনার মাধ্যমে ঢাকাসহ সারাদেশে অনলাইনে অবৈধ সিসা ও সিসা সেবনের উপকরণ বিক্রি ও সরবরাহ করে আসছে। ওই পেইজের মাধ্যমে অর্ডার করা দুইটি সিসা র চালান দেশীয় কুরিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে গ্রাহকদের কাছে পাঠানো হবে। এসব তথ্যের ভিত্তিতে ডিএনসির একটি বিশেষ রেইডিং টিম গত ২ জুলাই রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা এলাকায় প্রথম অভিযান চালায়। সেখান থেকে ওই ফেসবুক পেজের নামে পাঠানো ১ কেজি সিসা সহ একটি পার্সেল জব্দ করা হয়। তারপর একই দিন রমনা থানাধীন মালিবাগ থেকে একই পেজের নামে পাঠানো আরও ১ কেজি সিসা সহ দ্বিতীয় পার্সেলটি জব্দ করা হয়।
তিনি আরও বলেন, জব্দ করা পার্সেল দু'টির প্রেরক-ঠিকানা যাচাই করে অভিযানিক দল একই দিনে গুলশান থানাধীন কালাচাঁদপুরে একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে অভিযুক্ত ওই দুই সহোদরকে ভাড়া বাসা থেকে হাতেনাতে আটক করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদ ও তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে আরও ৪৫ কেজি ৯০০ গ্রাম সিসা এবং ২০টি হুক্কা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই সহোদর জানায়, তাদের সরবরাহ করা সিসা র একটি বড় অংশ আসত মো. মাকসুদ আলম নামে আরেক ব্যক্তির কাছ থেকে, যিনি ভাটারা থানাধীন নূরেরচালা এলাকায় বসবাস করেন। এই তথ্যের ভিত্তিতে ওইদিন রাতে অভিযানিক দলটি নূরেরচালাস্থ একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মাকসুদ আলমকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে সেখান থেকে আরও ১৮ কেজি সিসা ও ২১টি হুক্কা উদ্ধার করা হয়।
মোহাম্মদ বদরুদ্দীন বলেন, গ্রেপ্তার দুই সহোদর বাংলাদেশি নাগরিক হলেও তাদের পূর্বপুরুষ ইরানি। তারা দুইজনও দীর্ঘ সময় ইরানে অবস্থান করেছেন। সেখানে থাকার সময় তারা সিসা ব্যবসার কার্যক্রম, বাজারব্যবস্থা এবং সরবরাহ পদ্ধতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশে ফিরে তারা একই ব্যবসায়িক মডেল অনুসরণ করে অনলাইনে সিসা বিক্রির নেটওয়ার্ক গড়ে তোলেন এবং ধীরে ধীরে দেশের বিভিন্ন জেলায় তাদের কার্যক্রম সম্প্রসারণ করেন। তারা একটি ফেসবুক পেজ চালু করেন, যা বাংলাদেশে অনলাইনে সিসা বিক্রয়কারী প্রথম দিকের পেজগুলোর অন্যতম। তারা ফেসবুকের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, পণ্যের ছবি প্রকাশ, অর্ডার গ্রহণ, মূল্য নির্ধারণ এবং ডেলিভারির সমন্বয় করতো। অর্ডার নিশ্চিত হওয়ার পর দেশীয় কুরিয়ার সার্ভিস ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে পার্সেল পাঠাতো।
ডিএনসি জানায়, চক্রটি মূলত বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ব্যবহার করে পণ্যের মূল্য গ্রহণ করত। বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত একাধিক মোবাইল ফিন্যান্সিয়াল অ্যাকাউন্ট ব্যবহার করে তারা অর্থ সংগ্রহ করত, যাতে প্রকৃত লেনদেনের উৎস ও সুবিধাভোগীদের পরিচয় গোপন রাখা যায়। ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে এসব আর্থিক লেনদেন, সংশ্লিষ্ট অ্যাকাউন্ট এবং অর্থের প্রবাহ যাচাই করা হচ্ছে।
ডিএনসি আরও জানায়, অভিযানে জব্দ করা মোবাইল ফোন, ডিজিটাল ডিভাইস এবং অনলাইন অ্যাকাউন্ট থেকে একটি বিস্তৃত গ্রাহক ডাটাবেস উদ্ধার করেছে ডিএনসি। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলার অসংখ্য ক্রেতার তথ্য, যোগাযোগের ইতিহাস, অর্ডারের বিবরণ এবং লেনদেনসংক্রান্ত তথ্য পাওয়া গেছে।
এসব তথ্য বিশ্লেষণের মাধ্যমে নিয়মিত ক্রেতা, পরিবেশক, সহযোগী এবং এই নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্ত করার কাজ চলমান রয়েছে বলে জানান ডিএনসির অতিরিক্ত এই পরিচালক।
জাতীয় সংসদের সামনে সংরক্ষিত আসনের এমপি, স্পিকার এবং মন্ত্রী। ছবি: সংগৃহীত
বক্তব্য রাখছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট
গার্মেন্টস শ্রমিকদের বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা হঠাৎ স্থগিত করায় উদ্বেগ প্রকাশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে মজুরি নির্ধারণের কাজে দীর্ঘসূত্রতা এড়ানোর আহ্বান এবং গার্মেন্টস শ্রমিক তৌফিক ও সু কারখানার শ্রমিক সুমন হত্যার বিচার এবং তাদের পরিবারকে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনটি।
আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন, মজুরি বোর্ড গঠন করতে দেরি হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। নতুন মজুরি বোর্ড গঠন হওয়া এবং চলতি বছরের ডিসেম্বর থেকেই নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দেওয়ায় অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকরা কাজে ফিরে গেছে এবং ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছে।
বিবৃতিতে বলা হয়, এই অবস্থায় মজুরি বোর্ডের নির্ধারিত সভা সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই স্থগিত করে দেওয়া শ্রমিকদের মধ্যে আস্থাহীনতা তৈরি করতে পারে যা চলমান শ্রমিক অসন্তোষকে বাড়িয়ে তুলতে পারে।
মজুরি আন্দোলনে সাভারে জুতা কারখানার শ্রমিক সুমন নিহত হওয়ার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে তৌফিক ও সুমন হত্যার বিচার দাবি করা হয়। নিহত শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে নেতারা বলেন, সুষ্ঠ শিল্প সম্পর্কের চর্চার সুযোগ না দেওয়ায় এবং আন্দোলনের নিয়মতান্ত্রিক উপায় সম্পর্কে অজ্ঞতার কারণে গার্মেন্টস শ্রমিকরা তাদের বিক্ষুব্ধতা প্রকাশ করতে বারবার রাস্তায় নামে আর শ্রমিকদের বঞ্চনার যন্ত্রণার প্রকাশকে নৈরাজ্য আখ্যা দিয়ে দমন করার কৌশল নেওয়া হয় যাতে প্রাণ হারায় নিরীহ শ্রমিকরা।
বিবৃতিতে বলা হয়, ২০২৩ এর মজুরি আন্দোলনে ৪ জন শ্রমিককে জীবন দিতে হয়েছিল। এবারও ইতিমধ্যে জীবন গেল দুইজন শ্রমিকের। এ পরিস্থিতিতে মজুরি বোর্ডের নিয়মিত কাজ বাধাগ্রস্ত হলে এতে দীর্ঘসূত্রতার সম্ভাবনা দেখা দিলে শ্রমিকদের মধ্যে মজুরি বোর্ডের কাজের প্রক্রিয়া সম্পর্কে আস্থাহীনতা তৈরি হবে যা কাঙ্খিত নয়।
মালিক পক্ষের মজুরি প্রস্তাবনায় নিশ্চয় শ্রমিকদের মর্যাদাকর জীবনযাপনের অধিকার পূরণের প্রতিফলন এবং মজুরি বোর্ড তার প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি নির্ধারণের কাজ সম্পন্ন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে বিবৃতিতে নেতারা বলেন, যথাযথ দায়িত্বশীল আচরণের পরিবর্তে বল প্রয়োগে বা হুমকি-ধামকি দিয়ে শ্রমিক অসন্তোষ দমন করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।
মওলানা আবদুল হামিদ খান ভাসানী (বাঁয়ে) এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি বলেন, দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।
মঙ্গলবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এ কথা বলেন।
রাষ্ট্রপতি আরও বলেন, মওলানা ভাসানীর আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের প্রতিটি পর্যায়ে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
তিনি বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, পরবর্তীতে তিনি ২৫ জুলাই ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বা ভাসানী ন্যাপ প্রতিষ্ঠা করেন।
রাষ্ট্রপতি বলেন, ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তিনিই প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বলেন, স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তিনি সমানভাবে সক্রিয় ছিলেন। ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তার নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ছিলো দেশের অধিকার আদায়ের লড়াইয়ে কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞার এক উজ্জ্বল ও সাহসী দৃষ্টান্ত।
রাষ্ট্রপতি বলেন, সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ, ন্যায় ও সাম্যের প্রতি অঙ্গীকার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।
তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তার জীবনাদর্শ ও কর্ম আমাদের দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগাবে।’
সাগরে ঘূর্ণিঝড়।
বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ। উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি আরও ঘনীভূত হচ্ছে।
সবকিছু অনুকূলে থাকলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে ১১.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৬.০° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।
আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
সংস্থাটি আরও জানায়, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।