প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন। ছবি : পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান নিরাপত্তা কৌশল যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে পিজিআরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আজ দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান।
তিনি বলেন, 'একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসেবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার ওপর আমার আস্থা ও নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং, নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহবান জানাই।'
প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশ সেনাবাহিনী থেকে বিশেষভাবে নির্বাচিত ও প্রশিক্ষিত সদস্যগণই এই রেজিমেন্টে দায়িত্ব পালনের জন্য যথানিয়মে নির্বাচিত হয়ে থাকেন। অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেনাবাহিনীরই অধীন একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। সুতরাং, পেশাদারিত্ব, আনুগত্য এবং শৃংঙ্খলার সমন্বয়ে পিজিআর সদস্যগণ নিজেদের ওপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবেন এটিই বিধিবদ্ধ নিয়ম। আপনাদের কার্যক্রমের মাধ্যমেই পিজিআরে'র দক্ষতা এবং একনিষ্ঠতা ফুটে উঠবে এটি আমার প্রত্যাশা।'
পিজিআরের কাজটি অবশ্যই চ্যালেঞ্জিং উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'এর কারণ রাষ্ট্র ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার দায়িত্বপালন করাও আপনাদের অন্যতম কর্তব্য। এ দায়িত্ব পালনে আপনাদেরকে নানারকমের পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এসব দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের বিশ্বস্ততা, দায়িত্ববোধ এবং কর্তব্যপরায়ণতা আপনাদেরকে নিঃসন্দেহে একটি সুশৃংঙ্খল বাহিনী হিসেবে পরিচিত করেছে।'
সুশৃঙ্খলতার স্বীকৃতি স্বরূপ 'পিজিআর' চলতি বছর 'ন্যাশনাল স্ট্যান্ডার্ড' পুরস্কারের জন্য মনোনিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'একটি বাহিনী হিসেবে এটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গৌরবের। এই সাফল্যের জন্য আমি আপনাদের আবারো অভিনন্দন জানাই। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আপনাদের ইস্পাত কঠিন দায়িত্ববোধ অবশ্যই প্রশংসনীয়।'
সশস্ত্রবাহিনীকে জনগণের সাহস এবং একটি দেশের গৌরবের প্রতীক উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্রবাহিনীর সাহসী ভূমিকা সেনাবাহিনীকে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে অবিচ্ছিন্ন এবং অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলেছে।'
তিনি বলেন,‘আমি বিশ্বাস করি, সশস্ত্রবাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখে তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনই হুমকির মুখে পড়বে না।'
পিজিআরের প্রতি প্রত্যাশা রেখে প্রধানমন্ত্রী বলেন, 'আমি আশা করব, পিজিআরে'র মত বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি প্রতিটি সদস্যের সাহস, সততা ,বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মানুবর্তিতা এবং সর্বোপরি 'চেইন অব কমান্ড' অনুসরণ- এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য।'
একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, দক্ষতা, কৌশল এবং সর্বাধুনিক প্রযুক্তিতে পিজিআরেরও পিছিয়ে থাকার সুযোগ নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, 'যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থ-সামাজিক ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরী হয়েছে। তাইতো সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্যযুদ্ধ এসব নতুন নতুন ক্ষেত্রগুলো উপেক্ষা করার সুযোগ নেই।'
তিনি বলেন, 'এসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় শুধুমাত্র পিজিআরই নয় প্রতিটি বাহিনীকেই আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা জরুরি। '
তারেক রহমান বলেন, 'সশস্ত্রবাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফে'র মতো সফিস্টিকেটেড বাহিনীগুলোকে সরকার আরো আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এ বিষয়ে যথানিয়মে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।'
বক্তব্যের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, 'রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় ১৯৭৫ সালের এইদিনে প্রথমে 'রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট’ নামে একটি নতুন রেজিমেন্ট আত্মপ্রকাশ করেছিল। পরবর্তীকালে তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৯ সেপ্টেম্বর 'রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট'কে 'প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট' হিসেবে নামকরণ করেন। নতুন এ নামকরণ রেজিমেন্টের কার্যক্রমকে আরো দৃঢ় ও গতিশীল করতে ইতিবাচক প্রভাব রাখে।'
পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নিজের জীবনের সবচেয়ে শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের কথা মনে পড়ছে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআরের কয়েকজন সদস্যও শহীদ হয়েছিলেন। আজকের এই বিশেষ দিনে আমি পিজিআরের সেই শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আল্লাহর দরবারে তাঁদের মাগফিরাত কামনা করছি।'
তিনি বলেন, দায়িত্ব পালনের সময় তাদের নির্মম মৃত্যুর মাধ্যমে রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তার প্রতি অটল আনুগত্য, কর্তব্যপরায়ণতা এবং জীবন উৎসর্গের যে চূড়ান্ত দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে এটি অবশ্যই পিজিআরের সদস্যদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।'
অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। তিনি পিজিআর সদর দপ্তরে একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি চট্টগ্রামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে শহীদ হওয়া পাঁচ পিজিআর সদস্যের পরিবারের খোঁজ নেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য প্রতি বছর ৫ জুলাই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট ( পিজিআর)-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রপতির নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করতে বিশেষায়িত এই বাহিনী গঠিত হয়। ঢাকা সেনানিবাসে পিজিআর সদর দপ্তরে বার্ষিক দরবার ও সুসজ্জিত কুচকাওয়াজের মাধ্যমে দিনটি উদ্যাপন করা হয়।
পিজিআর মূলত বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট। এটি বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির দৈনন্দিন নিরাপত্তা ও অন্যান্য সামরিক দায়িত্ব পালন করে।
ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি। ছবি: সংগৃহীত
ডিসেম্বরকে কেন্দ্র করে এখন পর্যন্ত বড় ধরনের নাশকতার কোনো আশঙ্কা দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
তবে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।
রোববার (১৫ নভেম্বর) বিকালে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই। এসআরবির সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, গত কয়েক দিনে সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এসআরবি-৬-এর বিভিন্ন দল ইউনিফর্মে ও সাদাপোশাকে অভিযান পরিচালনা করছে।
অপরাধী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে বিভিন্ন অভিযান চালানো হচ্ছে। গত কয়েক দিনে খুলনায় এসআরবির একাধিক অভিযান সফল হয়েছে, যদিও সব অভিযানের তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, খুলনায় অপরাধ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ চলছে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্য জানতে চাইলে তিনি বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কোনো অপরাধ সংঘটনের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই গোয়েন্দা দল কাজ শুরু করে। পাশাপাশি অভিযানিক দল মাঠপর্যায়ে গিয়ে চাক্ষুষ প্রমাণ, সাক্ষ্য, তথ্যপ্রযুক্তি ও বিভিন্ন আলামত সংগ্রহ করে। এসব তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হয়।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিরাপত্তা কার্যক্রম জোরদারের বিষয়ে তিনি বলেন, এসআরবির মাঠপর্যায়ের কার্যক্রম অব্যাহত রয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও ফুট পেট্রোলও চলছে।
তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে কোন কোন সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, তা বিশ্লেষণ করে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ওই সময়গুলোতে মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।
অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতেও নজরদারি চালানো হচ্ছে বলে জানান এসআরবির এই কর্মকর্তা। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণে সংস্থাটির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। কোনো তথ্য পাওয়ার পর তা যাচাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এত চেকপোস্ট ও টহল থাকার পরও কীভাবে নাশকতার ঘটনা ঘটছে—এমন প্রশ্নের জবাবে ইন্তেখাব চৌধুরী বলেন, পুরো ঢাকা শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রাখা সম্ভব নয়। ঢাকা অনেক বড় শহর। তবে এসআরবি, বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
নান্দাইলে প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ছবি: সংগৃহীত
বক্তব্য দিচ্ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত
শ্রম অসন্তোষ ও সার্বিক নিরাপত্তার অভাবে আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানা আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা। বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হতে পারে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
এর আগে বেলা ১২টার পর বিজিএমইএর কার্যালয়ে জরুরি মতবিনিময় সভা শুরু হয়। এতে প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নেন।সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, ‘বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যদের জরুরি মতবিনিময় সভায় অংশগ্রহণকারী সদস্যদের প্রায় সবাই মতামত দিয়েছেন, এই মুহূর্তে কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ। সার্বিক পরিস্থিতি ও শিল্পের নিরাপত্তা গভীরভাবে পর্যালোচনা করে সংশ্লিষ্ট অঞ্চলের বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত কারখানাগুলোর মালিকেরা কঠিন অথচ অনিবার্য সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সামগ্রিক নিরাপত্তা এবং উৎপাদনের অনুকূল পরিবেশ বজায় না থাকায় এসব কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না।’তিনি আরও বলেন, ‘চলমান শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম সচল রাখতে ব্যর্থ হওয়া সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী আগামীকাল ১৫ নভেম্বর থেকে বন্ধ রাখতে বাধ্য হবেন বলে মালিকেরা আমাদের জানিয়েছেন।’
মাহমুদ হাসান খান বাবু বলেন, ‘আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার এসব কারখানা আমাদের জাতীয় অর্থনীতি এবং রপ্তানিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এই শিল্পগুলোকে রক্ষা করা এবং এর সঙ্গে জড়িত লাখো মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব।’
তিনি বলেন, ‘পোশাক খাতের উদ্যোক্তারা আন্তরিকভাবে আশা করেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এবং আইনের সার্বিক প্রয়োগে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করবে। একই সঙ্গে এই সংকট উত্তরণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’
কারখানা বন্ধের সিদ্ধান্তের বিষয়ে বিজিএমইএ সভাপতি বলেন, ‘শ্রম আইনের ১৩(১) ধারায় কোনো বাণিজ্য সংগঠন চাইলেই কোনো কারখানা বন্ধ করতে পারে না। সংশ্লিষ্ট কারখানাগুলো এই বিশৃঙ্খল পরিস্থিতিতে উৎপাদন কার্যক্রম চালাতে না পারার কারণে নিজেরাই বন্ধ করতে বাধ্য হচ্ছে।’
তিনি জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন ধরে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কারখানাগুলো সর্বোচ্চ চেষ্টা করে চালু রাখা হয়েছিল। তবে পরিস্থিতির কারণে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।
কারখানা বন্ধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘আজ পর্যন্ত ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। তবে আজ ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এদের মধ্যে কোনো কারখানা চাইলে আগামীকাল ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আজ সব মিলিয়ে ১৪৭টি কারখানা উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। বিজিএমইএর একটি কারখানায় গড়ে ২ হাজার শ্রমিক কাজ করেন। সেই হিসাবে এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কাজ করেন।’
নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
শনিবার (১৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তাজনিত কারণে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের নিয়মিত ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে।
যাত্রীদের টিকিট ও ভ্রমণসংক্রান্ত হালনাগাদ তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস
বিগত সময়ে দেশের চিকিৎসকরা রাজনীতির শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি বলেন, এমন ঘটনা পৃথিবীর অন্য কোনো দেশে নজিরবিহীন।শনিবার (১৪ নভেম্বর) সকালে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, রাজনৈতিক কারণে অনেক মেধাবী ও যোগ্য চিকিৎসক তাদের অভিজ্ঞতা ও জ্ঞান কাজে লাগানোর সুযোগ পাননি। অথচ দেশের চিকিৎসকদের দক্ষতা নিয়ে গর্ব করার মতো যথেষ্ট কারণ রয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের চিকিৎসকরা বিশ্বের অন্য কোনো দেশের চিকিৎসকদের চেয়ে পিছিয়ে নেই। তবে দেশের বিপুল জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা এখনও পর্যাপ্ত নয়।