ন্যাশনাল আরবান ফোরাম-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। ছবি: সংগৃহীত
বড় শহর নয়, মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
তিনি বলেন, আমরা এমন এক নগরব্যবস্থা চাই, যা মানুষের জীবনে সত্যিকারের গুণগত ও দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এমন এক শহর চাই, যেখানে সবার জন্য সুযোগ থাকবে, সুবিচার থাকবে এবং সমতা প্রতিষ্ঠিত হবে। উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হবে প্রকৃতির সঙ্গে পূর্ণ সামঞ্জস্য রেখে, পরিবেশ ও জলাশয় অক্ষুণ্ন রেখে। নাগরিকরা সেখানে নিরাপদে বসবাস করবেন, আত্মমর্যাদা নিয়ে চলাফেরা করবেন এবং সব ধরনের মৌলিক সেবা ও নাগরিক অধিকার সমানভাবে উপভোগ করবেন।
সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী ন্যাশনাল আরবান ফোরাম-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শহরগুলো জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, দেশের এক-তৃতীয়াংশ মানুষ নগর এলাকায় বসবাস করলেও এখান থেকেই জাতীয় জিডিপির প্রায় দুই-তৃতীয়াংশ অর্জিত হয়। তবে দ্রুত ও অপরিকল্পিত নগরায়ন আবাসন, গণপরিবহন, পানি সরবরাহ, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা ও সামগ্রিক পরিবেশের ওপর চরম চাপ সৃষ্টি করছে। এর সঙ্গে জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান বৈষম্য এবং জলবায়ু অভিবাসন সংকটকে আরও গভীর করছে।
তিনি বলেন, নগরের টেকসই উন্নয়ন কতগুলো বড় অট্টালিকা বা কত কিলোমিটার চওড়া রাস্তা তৈরি হয়েছে, তা দিয়ে পরিমাপ করা যায় না। বরং নগরায়নের ফলে কত মানুষের জীবনমান সত্যিকার অর্থে উন্নত হয়েছে এবং সেই পরিবর্তন কতটা অর্থবহ ও স্থায়ী হয়েছে, সেটিই হওয়া উচিত সাফল্যের মূল মাপকাঠি।
বাংলাদেশ ইতোমধ্যে নগর নীতিমালার কাঠামো শক্তিশালী করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি, কেবল একটি সুন্দর নীতিমালা তৈরি করাই শেষ কথা নয়; এটি কাজের সূচনা মাত্র। আসল পরীক্ষা হলো সেই নীতিমালার কার্যকর, বাস্তবমুখী ও টেকসই বাস্তবায়ন।’
নগর নীতিমালার সফল বাস্তবায়নে কেন্দ্রীয় ও স্থানীয় সরকার, সিটি করপোরেশন, পৌরসভা, উন্নয়ন কর্তৃপক্ষ, বেসরকারি খাত, গবেষক, উন্নয়ন সহযোগী ও নাগরিক সমাজের মধ্যে শক্তিশালী সমন্বয় প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
মাহ্দী আমিন বলেন, নগরের সমস্যাগুলো কোনো নির্দিষ্ট প্রশাসনিক সীমানা মানে না এবং কেবল একটি মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যেও সীমাবদ্ধ নয়। আবাসন, যোগাযোগ, ড্রেনেজ, পানি ও বর্জ্য ব্যবস্থাপনা, বিদ্যুৎ-জ্বালানি, কর্মসংস্থান, স্বাস্থ্য ও শিক্ষার সমন্বয়ের মাধ্যমেই একটি সামগ্রিক ও টেকসই নাগরিক অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব।
নগরের জটিল সংকট সমাধানে সরকার ‘৩৬০ ডিগ্রি হলিস্টিক অ্যাপ্রোচ’ গ্রহণ করতে চায় জানিয়ে তিনি বলেন, নাগরিকদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা ও নিজস্ব সম্পদের পরিধি বাড়াতে হবে।
তিনি বলেন, এমন একটি অন্তর্ভুক্তিমূলক নগর কাঠামো গড়ে তুলতে হবে, যা কোনো বিশেষ শ্রেণির জন্য নয়; বরং প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানি, পয়ঃনিষ্কাশন, মানসম্মত স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী শিক্ষা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আধুনিক গণপরিবহন ও সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করবে। এসব নাগরিক সুবিধা কোনো বিলাসিতা নয়, বরং প্রতিটি নাগরিকের সাংবিধানিক ও মৌলিক অধিকার।
নগর পরিকল্পনার প্রতিটি ধাপে জলবায়ু সহনশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মাহ্দী আমিন। তিনি বলেন, বাংলাদেশের অবকাঠামো, জনজীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তন ইতোমধ্যে সরাসরি প্রভাব ফেলছে। তাই নদী-নালা, খাল-বিল, উন্মুক্ত স্থান ও সবুজ চত্বরগুলোকে বিচ্ছিন্নভাবে না দেখে সমন্বিত কাঠামোর অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
জলাবদ্ধতা ও তীব্র তাপদাহ মোকাবিলা এবং জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাচার-বেসড সল্যুশন’ বা প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে শহরগুলোকে সুস্থ ও বাসযোগ্য রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
নীতিমালা প্রণয়নে ওপর থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে না দিয়ে সাধারণ নাগরিক ও তৃণমূলের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে বৈশ্বিক অভিজ্ঞতার সমন্বয় ঘটানোর আহ্বান জানান মাহ্দী আমিন। তিনি বলেন, ধারাবাহিক আলোচনার মাধ্যমে নীতিনির্ধারণে প্রতিটি কণ্ঠস্বরকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
নতুন নগর পরিকল্পনাকে অর্থনৈতিক সুযোগ তৈরির কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরে তিনি বলেন, শহরগুলোতে উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি ও নতুন বিনিয়োগের মাধ্যমে তরুণদের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করা হবে। পাশাপাশি মূল শহরের সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলগুলোর যোগাযোগ বাড়াতে দায়িত্বশীল বেসরকারি বিনিয়োগ, স্থানীয় রাজস্ব বৃদ্ধি এবং কার্যকর পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ জোরদার করতে হবে।
নাগরিক সেবার মান বাড়াতে প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও কার্যকরভাবে যুক্ত করার ওপরও গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।
ফোরামের মূল প্রতিপাদ্য ‘ফ্রম পলিসি টু অ্যাকশন’ নতুন নির্বাচিত সরকারের স্বপ্ন ও আকাঙ্ক্ষার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে মাহ্দী আমিন বলেন, ‘মাত্র ছয় মাস আগে জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশ আজ পরিবর্তনের ইতিবাচক পথে ধাবমান এবং এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শহরগুলোও দ্রুত বদলে যাচ্ছে।’
স্থানীয় সরকার বিভাগ, ইউএনডিপি ও যুক্তরাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ফোরামে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি সোনালী দয়ারত্নে।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
সবাই মিলে একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সারা জীবন নিয়ন্ত্রণে রাখতে হয়। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে হার্ট অ্যাটাকসহ বিভিন্ন হৃদরোগ, স্ট্রোক, কিডনি জটিলতা, অন্ধত্ব এবং স্নায়ু ও রক্তনালির ক্ষতির কারণে সংক্রমণ এমনকি অঙ্গচ্ছেদের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। তবে ডায়াবেটিস সুনিয়ন্ত্রণের মাধ্যমে সারা জীবন সুস্থ ও স্বাভাবিক এবং কর্মক্ষম জীবনযাপন করা যায়। তাই সুস্থভাবে জীবনযাপন করতে ডায়াবেটিসের ঝুঁকি সম্পর্কে জানতে হবে এবং নিজেকে রক্ষার জন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ প্রেক্ষাপটে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’-এর এ বছরের প্রতিপাদ্য ‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।
দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি বলেন, নগরায়ণের প্রভাবে আমাদের জীবনযাপন ও খাদ্যাভ্যাসে ব্যাপক পরিবর্তন ঘটেছে। একই সঙ্গে কায়িক পরিশ্রমের অভাবে ডায়াবেটিসের প্রকোপ দিন দিন বাড়ছে। তাই ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে এবং নিয়মিত রক্ত পরীক্ষা করতে হবে।
আসুন আমরা প্রত্যেকে নিজের ঘর, কর্মস্থল ও সমাজে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে কাজ করি। সবাই মিলে গড়ে তুলি একটি সুস্থ ও সুন্দর বাংলাদেশ।
ডায়াবেটিক রোগীদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পাশাপাশি গণমাধ্যম, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সরকারি-বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি।
এ ছাড়া বাণীতে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬’ উপলক্ষে গৃহীত সব কর্মসূচির সাফল্য কামনা করেছেন রাষ্ট্রপতি।
প্রতীকী ছবি
দেশের রেল যোগাযোগ আধুনিকায়নে বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথম ধাপে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রেল করিডোরে পাইলট প্রকল্প বাস্তবায়নের পর এই নেটওয়ার্ক চট্টগ্রাম পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। এর ফলে দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম রেলপথেও বৈদ্যুতিক ট্রেন চালুর সুযোগ তৈরি হবে।
রেলওয়ে কর্তৃপক্ষ মনে করছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে যাত্রীসেবার মান বাড়ার পাশাপাশি পণ্য পরিবহনে গতি আসবে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা ও রেল পরিচালনার ব্যয় কমবে।
বাংলাদেশ রেলওয়ের পরিকল্পনা সেলের প্রধান পরিকল্পনা কর্মকর্তা (সিপিও) প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, আধুনিক এই বৈদ্যুতিক ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলতে পারবে।
প্রথম বৈদ্যুতিক ট্রেন করিডোর হিসেবে জয়দেবপুর-ঢাকা-নারায়ণগঞ্জ রুট নির্বাচন করা হয়েছে। এর পাইলট প্রকল্পটি ইতোমধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদন পেয়েছে।প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। এর সিংহভাগ অর্থায়ন করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। আমদানি করা সরঞ্জামের সঙ্গে সংশ্লিষ্ট অভ্যন্তরীণ ব্যয়, শুল্ক ও ভ্যাট বহন করবে সরকার।
পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ২০২৮ সালের মাঝামাঝি থেকে বড় পরিসরে নির্মাণকাজ শুরু হবে। পাইলট প্রকল্পের আওতায় আমদানি করা হবে ১৬ সেট আধুনিক ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন। এসব ট্রেনের দুই প্রান্তেই চালকের কক্ষ থাকায় দিক পরিবর্তনের জন্য আলাদা সময় লাগবে না। ফলে নিয়মিত বিরতিতে ট্রেন চলাচল সহজ হবে।
রফিকুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথ যাত্রী ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রেলপথ রাজধানীর সঙ্গে দেশের প্রধান সমুদ্রবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোকে যুক্ত করেছে। এ রুটে বৈদ্যুতিক লোকোমোটিভ চালু করা গেলে কনটেইনার ও ভারী পণ্য পরিবহনে উল্লেখযোগ্য উন্নতি হবে। একই সঙ্গে যাতায়াতের সময় ও পরিচালন ব্যয় কমবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম থেকে ঢাকায় রেলপথে বছরে প্রায় ৭০ হাজার টিইইউ (২০ ফুট সমমানের একক) কনটেইনার পরিবহন করা হয়। যা মোট পরিবহনকৃত কনটেইনারের মাত্র ৩ শতাংশ। অন্যদিকে, ধীরাশ্রমে ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) প্রকল্পের মাধ্যমে রেলপথে কনটেইনার পরিবহনের পরিমাণ বছরে সাড়ে ৪ লাখ টিইইউতে উন্নীত করার লক্ষ্য রয়েছে।
বৈদ্যুতিক ট্রেন চালু এবং ভবিষ্যতে নেটওয়ার্ক সম্প্রসারণের উপযোগী অবকাঠামো গড়ে তুলতে রেলওয়ে বেশ কিছু উন্নয়নকাজ হাতে নিয়েছে। এর মধ্যে ঢাকা-টঙ্গী রেলপথে তৃতীয় ও চতুর্থ লাইন নির্মাণের কাজ এগিয়ে চলছে। টঙ্গী-জয়দেবপুর অংশে ডাবল লাইন নির্মাণকাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ ছাড়া জয়দেবপুরে আধুনিক ইএমইউ ডিপো ও ওয়ার্কশপ স্থাপনের জন্য অতিরিক্ত জমি অধিগ্রহণ করা হচ্ছে। এসব অবকাঠামো ট্রেনের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় সহায়তা করবে।
এদিকে, টঙ্গী-আখাউড়া এবং লাকসাম-চট্টগ্রাম রেলপথের বিদ্যমান মিটারগেজ লাইনকে ডুয়ালগেজ ডাবল লাইনে রূপান্তরের কাজ চলছে। ভবিষ্যতে রেলপথ বিদ্যুতায়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ে সূত্র বলছে, ব্যয় বিবেচনায় প্রকল্পকে বাস্তবসম্মত করতে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালুর পরিকল্পনা থেকে সরে এসেছে সরকার। এর পরিবর্তে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতির বৈদ্যুতিক ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
রেলওয়ের দাবি, বুলেট ট্রেন চালু করতে আনুমানিক আড়াই লাখ কোটি টাকা বিনিয়োগ প্রয়োজন হতো। এ ছাড়া জমি অধিগ্রহণ এবং ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান এলাকায় এ ধরনের রেলপথ নির্মাণ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াত।
তবে নতুন প্রকল্পগুলোর মাধ্যমে আন্তর্জাতিক প্রক্রিয়ায় কার্বন ক্রেডিট অর্জনের সুযোগও দেখছে রেলওয়ে।
বাংলাদেশে চব্বিশের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নিয়ে রয়েছেন, তাও সোয়া দু’বছরের ওপর হলো।
ইতোমধ্যে বাংলাদেশের আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছে এবং কয়েকমাস আগে তিনি বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি চলতি বছরের ডিসেম্বরেই দেশে ফিরবেন।আজ পর্যন্ত তিনি সেই ঘোষণাতেই অনড় আছেন, যদিও দেশে ফেরার কোনো নির্দিষ্ট দিনতারিখ এখনো জানাননি।
শেখ হাসিনার এই দেশে ফেরার ঘোষণা নিয়ে এই মুহুর্তে তার ‘হোস্ট কান্ট্রি’ যারা, সেই ভারত সরকারও আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি।পাশাপাশি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশের হাতে তুলে দেওয়ার অনুরোধও প্রায় দু’বছর হতে চললো তারা ঝুলিয়ে রেখেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র বারেবারেই বলেছেন, এটি একটি আইনগত বিষয় এবং আইনগতভাবেই এর মীমাংসা করা হবে।
কিন্তু শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে ভারত আসলে কী ভাবছে? এই ঘোষণার নেপথ্যে দিল্লিরও কি কোনও ভূমিকা আছে? এই ‘প্রত্যাবর্তনের’ পথ প্রশস্ত করতে ভারত কি পর্দার আড়ালে কোনও তৎপরতা দেখাচ্ছে?
দিল্লি পুরো বিষয়টি এবং এই সংক্রান্ত নানা দিক কীভাবে দেখছে, সেই প্রশ্নগুলোরই উত্তর খোঁজা হয়েছে এই প্রতিবেদনে।
শেখ হাসিনার ঘোষণার সঙ্গে ভারতের যোগ কতটা?
সহজ উত্তর হলো, ভারতের প্রচ্ছন্ন সম্মতি বা অনুমোদন ছাড়া শেখ হাসিনা নিজে থেকে এই ঘোষণা করেননি।
অন্যভাবে বললে, শেখ হাসিনা ও দিল্লি– দু'পক্ষই এই ব্যাপারে একমত হয়েছে বলেই এই ঘোষণা এসেছে।
দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি যে ভারত সরকারের জন্য ক্রমশ বিব্রতকর একটা ইস্যু হয়ে উঠেছে, এটা কোনও গোপন বিষয় নয়। শুধু ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতকে শুনতে হচ্ছে যে গণহত্যায় অভিযুক্ত একজন দণ্ডিত অপরাধীকে তারা দিনের পর দিন আশ্রয় দিয়ে রেখেছে।
ভারতের জন্য সম্ভবত সবচেয়ে ভাল সমাধান হতো যদি তিনি তৃতীয় কোনও দেশে চলে যেতে পারতেন। কিন্তু অতীতে বারবার নানা দেশের সঙ্গে দিল্লির এ নিয়ে কথাবার্তা হলেও নানা কারণে সেই চেষ্টা সফল হয়নি।
ফলে ভারত এখন মনে করছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করা এবং সে দেশে বিচারের মুখোমুখি হওয়াটাই একমাত্র বাস্তবসম্মত অপশন।
বাংলাদেশে ভারতের দীর্ঘদিনের মিত্র আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনরুজ্জীবিত করতেও শেখ হাসিনার নিজের সে দেশে ফেরা ছাড়া আর কোনও বিকল্প নেই– সেটা নিয়েও দিল্লিতে নীতি-নির্ধারকরা একমত।
ভারতে আশ্রয় পাওয়া বিদেশি অতিথিদের জন্য সরকার নিয়িমিত ডিব্রিফিং-এর আয়োজন করে থাকে। শেখ হাসিনাও তার ব্যতিক্রম নন এবং এই সেসনগুলোতে তাকে ভারতের এই মনোভাবের কথা তুলেও ধরা হয়েছিল।
দু’পক্ষ বিষয়টি নিয়ে সহমত হওয়ার পরেই শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন।
প্রত্যর্পণের অনুরোধ তাহলে ঝুলিয়ে রাখা কেন?
শেখ হাসিনাকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তার মাধ্যমে ভারতকে অনুরোধ জানিয়েছিল ২০২৪-এর ডিসেম্বরেই। এরপর একাধিকবার সেই মর্মে তাগাদাও দেওয়া হয়েছে।
ভারত আজ পর্যন্ত সেই অনুরোধে কোনও সাড়া দেয়নি– হ্যাঁ বা না কিছুই বলেনি। কিন্তু ভারত যদি সত্যিই চায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরুন, তাহলে সে অনুরোধ মেনে নিতে অসুবিধা কোথায়?
এর উত্তরে ভারতের পর্যবেক্ষকরা বলছেন, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের আস্থাভাজন ও পরীক্ষিত বিদেশি বন্ধু – তাকে এভাবে বন্দি হিসেবে বাংলাদেশের বিমানে তুলে দেওয়ার প্রশ্নই ওঠে না।
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, অতীতে ‘হাতকড়া পরিয়েও’ বিদেশ থেকে বন্দিদের ফেরত পাঠানোর নজির আছে।
কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে ভারত সেরকম কিছু করবে– তা কল্পনারও অতীত।
যদি সেটা করা হয় – তাহলে বিদেশে ভারতের মিত্র রাজনীতিকদের কাছে ভুল বার্তা যাবে। যেমন নেপালে, শ্রীলংকায় বা মালদ্বীপে কোনও নেতাই ভারতকে আর কখনো ভরসা করতে পারবেন না।
তা ছাড়া শেখ হাসিনা যখন ২০২৪-র ৫ই অগাস্ট ভারতের মাটিতে পদার্পণ করেন, তিনি আদালতে দণ্ডিত অপরাধী ছিলেন না– ছিলেন প্রতিবেশী দেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী। ভারতের চোখে তার সেই ‘স্ট্যাটাসে’ কোনো পরিবর্তন হয়নি।
ভারত ও বাংলাদেশের মধ্যেকার বন্দি প্রত্যর্পণ চুক্তিতে এমন অনেক আইনি ফাঁকফোকর আছে, যা কাজে লাগিয়ে কোনও অনুরোধ দিনের পর দিন ফেলে রাখা সম্ভব। বাংলাদেশের অনুরোধ নিয়েও ভারতও ঠিক সেরকম কিছুই করছে।
তাহলে ভারত কী চায়, কোন শর্তে শেখ হাসিনা ফিরবেন?
দিল্লিতে সরকারি কর্মকর্তারা আভাস দিয়েছেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার জন্য ভারতের প্রধান শর্ত মূলত দুটো।
প্রথমত, শেখ হাসিনা ভারতে এসে নেমেছিলেন বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে – তাকে ফিরিয়ে নিতে হলে সেই কাজটাও বাংলাদেশ সেনাবাহিনীকেই করতে হবে।
সেই প্রক্রিয়াটা আকাশপথেও হতে পারে, কিংবা স্থলপথে। মানে বাংলাদেশ একটি সামরিক বিমান পাঠিয়ে তাকে দিল্লি থেকে নিয়ে যেতে পারে, আবার স্থল সীমান্তের কোনও পয়েন্টে এসেও সে দেশের সেনাবাহিনী তাকে গ্রহণ করতে পারে।
এর জন্য দিল্লির তরফে যে ধরনের ‘লজিস্টিকাল’ প্রস্তুতি বা আয়োজন দরকার, ভারত সেটা করার জন্যও তৈরি আছে।
দ্বিতীয় শর্তটা হল, শেখ হাসিনা যাতে তার মৃত্যুদন্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু করা হয়– বাংলাদেশকে সেই নিশ্চয়তা দিতে হবে।
তবে এই দাবিটা যাতে বাংলাদেশের নিজস্ব বিচার ব্যবস্থায় বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ হিসেবে দেখা না হয়, সে ব্যাপারেও ভারত অতি মাত্রায় সতর্ক থাকতে চাইছে এবং প্রকাশ্যে এ নিয়ে কোনও মন্তব্যও করছে না।
দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার কথায়, ‘আমরা কখনোই জেনেবুঝে তাকে ফাঁসিতে ঝোলানোর জন্য এগিয়ে দিতে পারি না। বরং তিনি যাতে নতুন করে সুষ্ঠু বিচারের সুযোগ পান, সেটাই নিশ্চিত করতে চাইব।’
সেই বিচার যাতে আন্তর্জাতিক বিশ্বের ও গ্লোবাল মিডিয়ার নজরদারিতে হয়, সেটাও ভারত নিশ্চিত করতে চাইবে বলে তিনি জানাচ্ছেন।
এই দুটো শর্ত পূরণ করে শেখ হাসিনার দেশে ফেরার পথ যাতে প্রশস্ত করা যায়, সেই লক্ষ্যে দিল্লি বেশ কয়েক মাস ধরেই ঢাকার সঙ্গে পর্দার আড়ালে আলোচনাও চালাচ্ছে।
দুই দেশের সেনাবাহিনীর ভূমিকা এখানে কতটা গুরুত্বপূর্ণ?
অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী যখন কিছুটা আকস্মিকভাবে এক অনির্ধারিত সফরে দিল্লিতে আসেন, তখন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও তিনি দেখা করেছিলেন সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গেও।
ভারতের একটি শীর্ষ সামরিক সূত্র তখন বিবিসিকে বলেন, ‘বাংলাদেশে আমাদের হাই কমিশনারের দিল্লিতে এসে আর্মি চিফের সঙ্গে দেখা করার এমনিতে কোনও কারণই নেই, যদি না বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষ কোনো কারণ থাকে।’
তিনি আভাস দিয়েছিলেন, সেই কারণটা আর কিছুই নয়– শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সেনাবাহিনীরও একটা সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
বস্তুত গত দু-আড়াই বছরে ঢাকা ও দিল্লির দ্বিপাক্ষিক সম্পর্কে যতই ওঠাপড়া থাক, দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বের মধ্যে নিয়মিত যোগাযোগ থেকেছে এবং তাতে কখনোই কোনও ছেদ পড়েনি।
ভারতে ঠিক এর আগের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে ও তার পূর্বসূরীরাও একাধিকবার প্রকাশ্যে জানিয়েছেন, ‘চব্বিশের জুলাইয়ের আগে থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সঙ্গে তাদের প্রতি সপ্তাহে কথা হয় এবং হয়ে এসেছে।’
দুই সেনাবাহিনীর মধ্যে এই সহজ, স্বাভাবিক সম্পর্কটা শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রেও কাজে লাগানো হোক, এটাই আসলে ভারত চাইছে বলে ওই সূত্রটি ইঙ্গিত দিয়েছিলেন।
তিনি তখন বলেছিলেন, ‘দেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে না, এটাও তো ভারত নিশ্চিত করতে চাইবে। কারণ চাই বা না চাই, এই দায়িত্ব এই মুহুর্তে ভারতের কাঁধেই এসে পড়েছে।’
ফলে বাংলাদেশে ফিরে গেলে শেখ হাসিনার সুরক্ষা ও নিরাপত্তার ভার সে দেশের সেনাবাহিনীই নিক, এটাও ভারত চাইছে।
ডিসেম্বরে শেখ হাসিনা কী আদৌ ফিরতে পারবেন, ভারত কী ভাবছে?
এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া এই মুহুর্তে খুব কঠিন– তবে ভারত মনে করছে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে প্রধান বাধা অন্য জায়গায়।
দিল্লিতে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা এই প্রতিবেদককে বলেছেন, তাদের ধারণা মুখে যতই বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাক– আসলে ঢাকা মোটেই চায় না সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরুন।
‘জ্বালানি খাতের সংকট থেকে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ– বাংলাদেশ সরকার এমনিতেই নানা সমস্যায় জর্জরিত। এই পরিস্থিতিতে শেখ হাসিনা ফিরলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে বলে তাদের আশঙ্কা, এমনটাই আমাদের মনে হচ্ছে,’ বলছেন কর্মকর্তারা।
তার ওপর শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে অনেকগুলো ‘যদি’ বা ‘কিন্তু’ আছে – যেমনটা এই প্রতিবেদনে আগেই ব্যাখ্যা করা হয়েছে।
এই জিগস' পাজলের সব টুকরো খাপে খাপে মিলে যাবে– তাও আগামী দু'তিন সপ্তাহের ভেতর– সেই সম্ভাবনা বেশ সুদূরপরাহত বলেই এই মুহুর্তে ধারণা করা হচ্ছে।
ফলে অচিরেই ঘটনাপ্রবাহ যদি খুব নাটকীয় মোড় না নেয়, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ বলেই দিল্লিতে বেশির ভাগ পর্যবেক্ষকের অভিমত।
গোটা বিষয়টায় ভারতের কূটনৈতিক লাভ-ক্ষতির অঙ্কটা কী?
বাস্তবতা হল, ভারত যেভাবে চাইছে সেভাবে শেখ হাসিনাকে দেশে ফেরানো কঠিন – এটা প্রথম দিন থেকেই দিল্লির জানা ছিল। তারপরেও শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা করেছেন, আর সেটা দিল্লির সায় নিয়েই করেছেন।
এর কারণ হলো, দিল্লি মনে করছে যদি তিনি শেষ পর্যন্ত এখন নাও ফিরতে পারেন– তাতেও ভারতের সেই অর্থে হারানোর কিছু নেই।
‘আমরা এটুকু তো তখন বলতেই পারব, শেখ হাসিনা নিজে থেকে ফিরতেই চেয়েছিলেন– কিন্তু বাংলাদেশ নানা অজুহাত দিয়েছে বলেই সেটা সম্ভব হয়নি’, বলছেন দিল্লিতে সাউথ ব্লকের এক কর্মকর্তা।
পাশাপাশি শেখ হাসিনার ফেরার ঘোষণায় বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরাও অনেক উজ্জীবিত বোধ করছেন, সেটাও বলাই বাহুল্য।
ভারত যেহেতু চায় বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটুক, ফলে শেখ হাসিনার ফেরার ঘোষণার সেটাও একটা ইতিবাচক দিক বলে দিল্লি মনে করছে।
এই বছরের ৩১শে ডিসেম্বর শেখ হাসিনা কোথায় থাকবেন তা বলা কঠিন– কিন্তু শেষ পর্যন্ত যদি তিনি ভারতের মাটিতেই থেকে যান, তার উপস্থিতিকে ‘জাস্টিফাই’ করার জন্য তাদের হাতে তখন বাড়তি যুক্তি থাকবে বলে দিল্লি মনে করছে।
প্রতীকী ছবি
সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান যুক্ত করে প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার।
বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন।
প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী ও কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের।
সংশোধনী আইনের প্রস্তাবে বলা হয়েছে, বার কাউন্সিলের মতো প্রেস কাউন্সিলও সাংবাদিকদের নিবন্ধন এবং প্রকৃত সাংবাদিকদের একটি অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতা পাবে। পেশাগত মান ও স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দায়িত্বও থাকবে এই প্রতিষ্ঠানের।মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে আচরণবিধি লঙ্ঘনকারী সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের জন্য জরিমানাসহ সুনির্দিষ্ট শাস্তির বিধান আইনে অন্তর্ভুক্ত করা উচিত। এর মধ্যে মিথ্যা বা হয়রানিমূলক প্রতিবেদন কিংবা সাংবাদিকতার নীতিমালা ও জনস্বার্থবিরোধী সংবাদ প্রকাশের বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে, জানান তিনি।
এছাড়া সাংবাদিকতার আচরণবিধি লঙ্ঘন করে বা জনস্বার্থ ক্ষুণ্ন করে এমন সংবাদ প্রতিবেদন প্রকাশ কিংবা মুদ্রণকারী সংবাদপত্র, সংবাদমাধ্যম প্রতিষ্ঠান, সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের বিরুদ্ধে নিজ উদ্যোগে তদন্ত শুরু এবং আদেশ জারিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা থাকবে কাউন্সিলের। গুজব, ভুয়া খবর বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের ক্ষেত্রেও এ ক্ষমতা প্রয়োগ করা যাবে।
এদিকে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, ডিআরইউ, বিএফইউজে ও ডিইউজেসহ সাংবাদিক সংগঠনগুলোর সঙ্গে সরকার নিয়মিত আলোচনা করছে ও পরামর্শ নিচ্ছে।
তিনি বলেন, এসব সংগঠনের পরামর্শের ভিত্তিতে প্রকৃত সাংবাদিকদের একটি ডেটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে। সরকার মনে করে, কাকে সাংবাদিক হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে মানদণ্ড প্রস্তাব করা সাংবাদিক সংগঠনগুলোরই উপযুক্ত কাজ।
তিনি আরও বলেন, কে কোন পেশায় প্রবেশ করতে পারবেন বা মানুষ কীভাবে নিজেদের মতপ্রকাশ করবেন, তা নির্ধারণ করা সরকারের জন্য সমীচীন নয়। আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করি। একইসঙ্গে সর্বত্র বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য প্রচার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সেচ প্রকল্প বাস্তবায়ন হলে এ অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষ সেচ সুবিধা পাবেন বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, বিদ্যুতের পাশাপাশি ভবিষ্যতে সৌরবিদ্যুতের মাধ্যমেও এ সেচ প্রকল্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে কৃষকদের সেচ ব্যয় কমার পাশাপাশি ফসল উৎপাদন বাড়বে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের তেলীপাড়া হালকা সেচ পাম্পসংলগ্ন মাঠে সেচ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আশা করব, এই সেচ প্রকল্প বাস্তবায়ন হলে এখানকার প্রায় ৫০ হাজার মানুষ সেচ সুবিধা পাবেন। এর মাধ্যমে তাঁদের জীবন-জীবিকার মান উন্নত হবে। প্রকল্পটি শুধু বিদ্যুতের মাধ্যমে নয়, আগামীতে সৌরবিদ্যুতের মাধ্যমেও চালু রাখার পরিকল্পনা রয়েছে।’
তিনি আরও বলেন, বর্তমানে কৃষকদের এক বিঘা জমিতে সেচ দিতে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা খরচ হয়। বিদ্যুতের মাধ্যমে সেচ সুবিধা পেলে এ খরচ কমে প্রায় ১ হাজার ৫০০ টাকায় নেমে আসবে। আর সৌরবিদ্যুতের মাধ্যমে সেচ দেওয়া হলে খরচ ১ হাজার টাকারও কম হবে। এতে কৃষকরা কম খরচে বেশি ফসল উৎপাদন করতে পারবেন।
‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’-এর আওতায় তেলীপাড়া হালকা সেচ (ইলেকট্রিক ব্লক-৩) উপপ্রকল্পের ৮ দশমিক ৯৩০ কিলোমিটার বাঁধ পুনরাকৃতিকরণ, ৮৪টি আউটলেট ও পাম্প হাউস পুনর্বাসন কাজের উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা ব্যয়ে গত ৫ জুলাই প্রকল্পটির কাজ শুরু হয়। প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলার সুন্দরদীঘি, দণ্ডপাল ও দেবীডুবা ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ ক্যানেলের বাঁধ পুনরাকৃতিকরণ, সিসি ক্যানেল লাইনিং, পাম্প হাউস ও আউটলেট পুনর্বাসন, কালভার্ট ও অ্যাকুইডাক্ট নির্মাণ এবং মোটর ও পাম্প স্থাপন করা হবে। পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড প্রকল্পটি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রকল্পের প্রকল্প পরিচালক পীযূষ কৃষ্ণ কুণ্ড, পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মন, উপপ্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী, উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা।
এ ছাড়া উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক আলী হ্যাপী, সাংগঠনিক সম্পাদক ডা. নজরুল ইসলাম, দেবীডুবা ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু রহমান, সাধারণ সম্পাদক রাসেদুজ্জামান, দণ্ডপাল ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম আজম গোলাপ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ ডব্লিউএমএ-ডব্লিউএমজি পানি ব্যবস্থাপনা দলের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা।
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছেও শেষ মুহূর্তে তা উদ্ধার করতে পারেনি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
রাজধানীর মিরপুরে ফোনটির সর্বশেষ অবস্থান শনাক্ত করে মাত্র ২২০ মিটার দূরে পৌঁছে গিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দলটি।
তবে ঠিক ওই মুহূর্তে আসিফ নজরুল আগের সিম উত্তোলন করলে ছিনতাই হওয়া ফোনে থাকা পুরোনো সিমটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং তাৎক্ষণিক ট্র্যাকিং সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
শুক্রবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
অভিযানের বর্ণনা দিয়ে অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, ‘বুধবার গাড়ির খোলা জানালা দিয়ে ছিনতাই হওয়া আসিফ নজরুল স্যারের মোবাইল ফোনটি বৃহস্পতিবার সকালেও সচল ছিল। প্রযুক্তির সহায়তায় আমরা মিরপুরে ফোনটির অবস্থানের খুব কাছাকাছি, মাত্র ২২০ মিটার দূরে পৌঁছে গিয়েছিলাম এবং সেটি উদ্ধারে চূড়ান্ত চেষ্টা চলছিল। কিন্তু দুর্ভাগ্য ও যোগাযোগের সমন্বয়হীনতার কারণে ঠিক সে সময় স্যার আগের সিম উত্তোলন করে ফেলেন। এতে আগের সিমটি বন্ধ হয়ে যাওয়ায় হারিয়ে যাওয়া মোবাইলের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।’
তবে বিকল্প উপায়ে ফোনটি উদ্ধারের প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যার দিকে ধানমন্ডি থেকে নিউমার্কেট এলাকায় যাওয়ার পথে সোবহানবাগ সংলগ্ন সড়কে যানজটের মধ্যে চলন্ত গাড়ির খোলা জানালা দিয়ে ছোঁ মেরে আসিফ নজরুলের আইফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী।
এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার সূত্র ধরে থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং এসআরবি যৌথভাবে ছায়া তদন্ত ও অভিযান পরিচালনা করছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং পুলিশের পাশাপাশি অন্যান্য বিশেষায়িত সংস্থাও ফোনটি উদ্ধারে কাজ করছে।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ছিনতাই হওয়া ডিভাইসটি ‘আইফোন’ হওয়ায় এর নিরাপত্তা ব্যবস্থা ও কারিগরি জটিলতার কারণে তা উদ্ধারে কিছুটা বাড়তি সময় লাগতে পারে। কর্মকর্তাদের মতে, বর্তমানে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রগুলো আইফোনসহ দামি স্মার্টফোন ছিনতাইয়ের পরপরই সেগুলোর যন্ত্রাংশ (পার্টস) খুলে আলাদা করে ফেলে, যার ফলে চোরাই ফোন অক্ষত অবস্থায় উদ্ধার করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়ায়।
ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের বিরক্তি প্রকাশ করে আসিফ নজরুল লিখেছিলেন, গাড়ির জানালা খোলা থাকায় এক সেকেন্ডের মধ্যে এক তরুণ ফোনটি ছোঁ মেরে নিয়ে পালিয়ে যায়। পাশাপাশি ওই নম্বর থেকে কেউ টাকা চাইলে বা সন্দেহজনক কোনো বার্তা পাঠালে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছিলেন তিনি।
প্রসঙ্গত, রাজধানীর ব্যস্ত সড়কে চলন্ত গাড়ির জানালা দিয়ে ভিআইপি ব্যক্তিদের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। এর আগে ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণি সড়কে ঠিক একই কায়দায় তৎকালীন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে তাঁর ব্যবহৃত আইফোনটি ছোঁ মেরে নিয়ে যায় ছিনতাইকারীরা। সে সময় ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিক কূলকিনারা করতে পারেনি পুলিশ।
তবে ঘটনার প্রায় দেড় মাস পর, ওই বছরের ১৯ জুলাই অন্য একটি ছিনতাই মামলার তদন্তে নেমে উদ্ধারকৃত বেশ কিছু চোরাই ফোনের মধ্য থেকে তৎকালীন মন্ত্রীর সেই আইফোনটি উদ্ধার করতে সক্ষম হয়েছিল পুলিশ।