ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী | ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ ফেব্রুয়ারি, ২০২৬, সময় : ৩:৫৬ এএম

নির্বাচন ঘিরে কোন ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।


সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।


তিনি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তিনি জানান, রাজধানীতে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় ভালো রয়েছে।


ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ঢাকা মহানগর এলাকায় মোট ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোটার উপস্থিতি, কেন্দ্রের অবস্থান ও নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এসব কেন্দ্রকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৬১৪টি ভোটকেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে প্রতিটি কেন্দ্রে চারজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।এ ছাড়া ৩৭টি ভোটকেন্দ্রকে উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে শনাক্ত করা হয়েছে। এসব কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন বলে জানান ডিএমপি কমিশনার।


তিনি আরও বলেন, মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক সক্রিয় থাকবে। পাশাপাশি সংবেদনশীল ভোটকেন্দ্রগুলোতে স্বচ্ছতা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হবে।


নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। তবে নির্বাচন শেষে পরাজিত পক্ষ অভিযোগ তুলতে পারে—এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ।’


সাংবাদিকদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ডিএমপির সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনার আওতায় সাংবাদিকসহ নগরবাসীর সবাই অন্তর্ভুক্ত। কারও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা নেই।


ডিএমপি কমিশনার বলেন, নানা কারণে এবাবের নির্বাচন আমাদের কাছে অত্যান্ত গুরুত্বপূর্ণ। অতীতে নির্বাচনে পুলিশকে যেভাবে ব্যবহার করা হয়েছে সেই কালিমামুক্ত হতে জাতিকে একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। যেই ত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ একটি শান্তিপূর্ণ নির্বাচনের ধারপ্রান্তে উপস্থিত হয়েছে তা এগিয়ে নিতে আমরা ইস্পাত কঠিন মনোবল নিয়ে আমরা প্রস্তুত রয়েছি।‎নাগরিকদের কাছে আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই নির্বাচনে আমরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে এমন একটি দৃষ্টান্ত স্থাপন করবো যা ভবিষ্যতের জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে। ‎ ‎‎‎নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক এই মাহেন্দ্রক্ষণে সবাই সম্মিলিত অবদান রাখি। ‎সেনাবাহিনীর তথ্যমতে ঢাকায় দুটি আসন ঝুঁকিপূর্ণ, ডিএমপির মতে কয়টি আসন ঝুঁকিপূর্ণ জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আমরা সেভাবে এনালাইসিস করিনি। আমরা এনালাইসিস করেছি, ঢাকা মেট্রোপলিটনে দুই ধরনের কেন্দ্র থাকবে। একটি হলো গুরুত্বপূর্ণ, আরেকটি হলো সাধারণ। ১ হাজার ১৪টি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং ৫১৭টি সাধারণ ভোটকেন্দ্র। এছাড়া আমরা ৩৭টি ভোটকেন্দ্র চিহ্নিত করেছি, যেখানে ৭ জন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। ‎ ‎নির্বাচন ঘিরে সোয়াত প্রস্তুত রাখাসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ডিএমপি। নির্বাচন ঘিরে কি ধরনের নিরাপত্তার থ্রেট রয়েছে জানতে চাইলে তিনি বলেন, কোনো থ্রেট নেই। পরিবেশ দেখছেন না। স্বাভাবিক সময়ের চেয়ে ভালো পরিবেশ চলছে। অপরাধ নেই, আইনশৃঙ্খলার সমস্যা নেই, রাস্তাঘাট অবরোধ নেই। খুবই ভালো পরিবেশ। তিন কোটি লোকের শহরে আমরা পুলিশিং করি। যেখানে বেকারত্ব আছে, ভাসমান লোক আছে, নানা ধরনের সমস্যা আছে। এমন একটি শহরের আইনশৃঙ্খলা, অপরাধ পরিস্থিতি চমৎকার রয়েছে। ‎ ‎নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে না। চিন্তার কোনো কারণ নেই। আমাদের সব ধরনের ব্যবস্থা নেওয়া আছে। একটি নির্বাচন যখন হয়, তখন একটি দল জয়লাভ করে, একটি দল পরাজয় লাভ করে। তখন পরাজিতরা কারচুপির কথা বলে। আমাদের দেশের কালচারই এমন। এখনো বাজারে নানা গুজব রয়েছে। ‎ ‎


নির্বাচনে সাংবাদিকদের নিরাপত্তায় ডিএমপি কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের সার্বিক যে নিরাপত্তা পরিকল্পনা, সেখানে সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার কলিগ সবাই আছে। তিন কোটি ঢাকাবাসী এই পরিকল্পনার মধ্যে আছে। কারও নিরাপত্তাহানি ঘটবে আমরা মনে করি না। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমি শতভাগ নিশ্চিত করছি। ‎ ‎অতীতে পুলিশকে রাজনৈতিক দল ব্যবহার করেছে। এবার কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে যে, পুলিশকে রাজনৈতিক দল ব্যবহার করতে পারবে না জানতে চাইলে তিনি বলেন, গত ১৫ মাস আমি ডিএমপির কমিশনার। আপনারা কি দেখেছেন, আমরা রাজনৈতিক দলের পক্ষে কাজ করেছি। যদি দেখেন আমরা কোনো দলের পক্ষে কাজ করিনি, তাহলে এটাই প্রমাণ করে আমরা কোনো দলের না। ‎ ‎সাংবাদিকদের ওপর হামলা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ডিএমপি কমিশনারের লাঠি হাতে ছড়িয়ে পড়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ছুটির দিনে বাসায় ইনফরমাল ড্রেসে চুল কাটাচ্ছিলাম। যখন শুনতে পেলাম আন্দোলনকারীরা যমুনায় ঢুকে পড়ছে, আমি অন্য কোনো প্রস্তুতি ছাড়াই চলে এসেছি। গিয়ে দেখি পরিস্থিতি ভয়ানক। নির্বাচনের ৫-৬ দিন আগে সরকারপ্রধানের বাসার সামনে আন্দোলনকারীরা এসে যদি এ ধরনের কর্মকাণ্ড করে, তাহলে ডিএমপি কমিশনার হিসেবে কি বসে থাকার সুযোগ আছে? ডেইলি স্টার-প্রথম আলোতে যে আক্রমণ হলো গভীর রাতে, ট্রাফিক জ্যামের কারণে আমার অফিসারদের আমি সময়মতো সেখানে পাঠাতে পারিনি। এ ধরনের ঘটনা ঘটল। তখন সব দায় পুলিশর ওপর এলো। সরকারপ্রধানের বাসভবনে যখন আন্দোলনকারীরা ঢোকার চেষ্টা করছিল, তখন ডিএমপি কমিশনার হিসেবে আমার বসে থাকার সুযোগ আছে কিনা?


নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে সুশৃঙ্খলভাবে আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করুন। নতুন বাংলাদেশ গড়ার এই ঐতিহাসিক মুহূর্তে সকলে সম্মিলিতভাবে অবদান রাখুন।’




জাতীয় সংসদের সামনে সংরক্ষিত আসনের এমপি, স্পিকার এবং মন্ত্রী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৭ পিএম

জাতীয় সংসদে আজান নিয়ে প্রশ্ন করতে গিয়ে নিজের বক্তব্যের বিষয়বস্তু স্পষ্ট করতে পারেননি ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৪ এর সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন। তার বক্তব্যের পর প্রশ্নটি বুঝতে না পেরে স্পিকার সংশ্লিষ্ট মন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আপনার প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দিন।’ তবে মন্ত্রীও প্রশ্নটি স্পষ্ট নয় বলে জানান।


মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঘটনাটি ঘটে। সংসদে বক্তব্যের শুরুতে বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার আমার আজকের প্রশ্নটা নিয়ে হয়তো একটু ভিন্নতা থাকতে পারে।’


তিনি আরও বলেন, ‘মাননীয় স্পিকার আমরা হচ্ছি মুসলিম অধ্যুষিত একটি দেশ। সেখানে মসজিদের শহর। ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয়। তো আমাদের প্রত্যেকেরই আসা কিংবা অফিসের পাশে থেকে আমরা মসজিদের আজানের শব্দ শুনতে পাই যে আজানের শব্দটার মিনিংটা কিন্তু অনেক সুন্দর, যেখানে বলা হয়ে থাকে যে- এসো কল্যাণের পথে, মুক্তির পথে।’


তিনি আরও বলেন, ‘আমাদের এই আজানের শব্দ শুনে এ রকম একটা ফিল হওয়া উচিত যে আমরা আমাদের কাছ থেকে সে আজানটাই যেন শুনি কিংবা কাছ থেকে সে আমাদের নামাজ পড়ি। কিন্তু আমাদের যে এই নামাজ, আজানগুলোর কোনো প্রাতিষ্ঠানিক শিল্পকরণ হয়নি বলে আমরা যে যেরকম করে ইচ্ছা সেরকম আজান দিয়ে থাকি। তো সেই জায়গায় কিন্তু আজানটা এত সুন্দর একটা শিল্প, সেটা প্রতিষ্ঠিত হচ্ছে না।’


এ সময় আজানকে প্রাতিষ্ঠানিকভাবে প্রশিক্ষণ ও চর্চার আওতায় আনার অনুরোধ জানান তিনি। বীথিকা বিনতে হোসাইন বলেন, ‘আমার অনুরোধ কিংবা রিকোয়েস্ট রইল, আমরা যেন এ ধরনের পরিকল্পনা করি। আজান যারা দেয়, মুয়াজ্জিন কিংবা খতিব যারাই, তারা যেন এই শিল্পটাকে আমাদের নতুন করে কিংবা অন্যান্য কোনো মাধ্যম থেকে একটা প্রাতিষ্ঠানিক শিল্পের উপর সেটাকে প্রতিষ্ঠিত করা হয়।’


তার বক্তব্য শেষ হলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ‘আপনার প্রশ্ন বুঝলাম না। মাননীয় মন্ত্রী, আপনি বুঝে থাকলে উত্তর দেন।’ জবাবে সংশ্লিষ্ট মন্ত্রীও প্রশ্নটি স্পষ্ট বুঝতে পারেননি বলে জানান। তিনি বলেন, ‘আসলে প্রশ্নটা আমার কাছেও স্পষ্ট নয়। তবে উনি নোটিশ দিলে আমি এর উত্তর দিতে চেষ্টা করব।’


বক্তব্য রাখছেন মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১০ পিএম

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণার তারিখ যা-ই হোক, নির্ধারিত মজুরি আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। একই সঙ্গে মজুরি নিয়ে গুজব, ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিতে কান না দিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিতের বিষয়ে কোনো চাপ ছিল না দাবি করে সৈয়দ আজাদ সুবহানী বলেন, পোশাকশিল্পের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করার ক্ষেত্রে কোনো চাপ ছিল না। বোর্ডের একজন প্রতিনিধি অসুস্থ থাকায় সভাটি স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর এ সভা অনুষ্ঠিত হবে। এ সময় মজুরি নিয়ে কোনো ভুয়া তথ্য বা বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি। মজুরি কার্যকরের সময়সীমা প্রসঙ্গে বোর্ড চেয়ারম্যান বলেন, ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

শ্রমিকদের আন্দোলনের মুখে গত রোববার (১ নভেম্বর) সরকার ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে। একই দিন শ্রমিক, মালিক ও সরকারের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় ত্রিপক্ষীয় জরুরি সভা। তবে এসব উদ্যোগের পরও শ্রমিকদের আন্দোলন থামেনি। বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, সড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এ আন্দোলনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত শিল্পমালিক এবং ছাত্রলীগ-যুবলীগের সদস্যদের জড়িয়ে পড়ার তথ্য পেয়েছে গোয়েন্দারা।

এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলগুলোতে বাড়তি নিরাপত্তাব্যবস্থা কার্যকর করেছে সরকার। পুলিশের পাশাপাশি বিজিবি ও এসিআরবি সদস্যদেরও নিয়োগ দেওয়া হয়েছে।


নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪১ পিএম

সদ্য শূন্য ঘোষিত কিশোরগঞ্জ-৩ আসনে সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

ইসি আব্দুর রহমানেল বলেন, ‘কমিশন এখনো আনুষ্ঠানিক কোনো তফসিল তৈরি করেনি। আগামীকাল আমাদের আলোচনা হবে। সংবিধানে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। আমরা সেই আইন মেনেই চলব।’

তিনি বলেন, ‘সময় নির্ধারণে কিছুটা চ্যালেঞ্জ রয়েছে। আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে সংসদীয় আসনটির উপনির্বাচন করা যায় কি না, তা খতিয়ে দেখছে কমিশন।’

তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও বিশ্ব ইজতেমার বিষয়টিও নির্বাচনের সময়সূচি নির্ধারণে বিবেচনায় নেওয়া হচ্ছে। এসব দিক বিবেচনা করে উপযুক্ত সময় নির্ধারণ করা হবে এবং ৯০ দিনের মধ্যেই নির্বাচন আয়োজন করা হবে।’

শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।


গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৭ পিএম

গার্মেন্টস শ্রমিকদের বেতন নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা হঠাৎ স্থগিত করায় উদ্বেগ প্রকাশ করেছে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট। একই সঙ্গে মজুরি নির্ধারণের কাজে দীর্ঘসূত্রতা এড়ানোর আহ্বান এবং গার্মেন্টস শ্রমিক তৌফিক ও সু কারখানার শ্রমিক সুমন হত্যার বিচার এবং তাদের পরিবারকে আজীবন আয়ের মানদণ্ডে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছে শ্রমিক সংগঠনটি। 


আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি আহসান হাবিব বুলবুল এবং সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ বলেন, মজুরি বোর্ড গঠন করতে দেরি হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। নতুন মজুরি বোর্ড গঠন হওয়া এবং চলতি বছরের ডিসেম্বর থেকেই নতুন মজুরি বাস্তবায়নের ঘোষণা দেওয়ায় অধিকাংশ ক্ষেত্রে শ্রমিকরা কাজে ফিরে গেছে এবং ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়নের অপেক্ষায় আছে। 


বিবৃতিতে বলা হয়, এই অবস্থায় মজুরি বোর্ডের নির্ধারিত সভা সুনির্দিষ্ট ব্যাখ্যা ছাড়াই স্থগিত করে দেওয়া শ্রমিকদের মধ্যে আস্থাহীনতা তৈরি করতে পারে যা চলমান শ্রমিক অসন্তোষকে বাড়িয়ে তুলতে পারে।

 

মজুরি আন্দোলনে সাভারে জুতা কারখানার শ্রমিক সুমন নিহত হওয়ার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতিতে তৌফিক ও সুমন হত্যার বিচার দাবি করা হয়। নিহত শ্রমিকদের পরিবারকে আজীবন আয়ের মানদন্ডে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে নেতারা বলেন, সুষ্ঠ শিল্প সম্পর্কের চর্চার সুযোগ না দেওয়ায় এবং আন্দোলনের নিয়মতান্ত্রিক উপায় সম্পর্কে অজ্ঞতার কারণে গার্মেন্টস শ্রমিকরা তাদের বিক্ষুব্ধতা প্রকাশ করতে বারবার রাস্তায় নামে আর শ্রমিকদের বঞ্চনার যন্ত্রণার প্রকাশকে নৈরাজ্য আখ্যা দিয়ে দমন করার কৌশল নেওয়া হয় যাতে প্রাণ হারায় নিরীহ শ্রমিকরা। 


বিবৃতিতে বলা হয়, ২০২৩ এর মজুরি আন্দোলনে ৪ জন শ্রমিককে জীবন দিতে হয়েছিল। এবারও ইতিমধ্যে জীবন গেল দুইজন শ্রমিকের। এ পরিস্থিতিতে মজুরি বোর্ডের নিয়মিত কাজ বাধাগ্রস্ত হলে এতে দীর্ঘসূত্রতার সম্ভাবনা দেখা দিলে শ্রমিকদের মধ্যে মজুরি বোর্ডের কাজের প্রক্রিয়া সম্পর্কে আস্থাহীনতা তৈরি হবে যা কাঙ্খিত নয়। 


মালিক পক্ষের মজুরি প্রস্তাবনায় নিশ্চয় শ্রমিকদের মর্যাদাকর জীবনযাপনের অধিকার পূরণের প্রতিফলন এবং মজুরি বোর্ড তার প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি নির্ধারণের কাজ সম্পন্ন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে বিবৃতিতে নেতারা বলেন, যথাযথ দায়িত্বশীল আচরণের পরিবর্তে বল প্রয়োগে বা হুমকি-ধামকি দিয়ে শ্রমিক অসন্তোষ দমন করার যেকোনো প্রচেষ্টা ব্যর্থ হবে।


মওলানা আবদুল হামিদ খান ভাসানী (বাঁয়ে) এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৫ পিএম

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন উপমহাদেশের রাজনীতি এবং মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব। তিনি বলেন, দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি শোষণ, বঞ্চনা, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং কৃষক, শ্রমিক ও সাধারণ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন।


মঙ্গলবার মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে দেওয়া এক বাণীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এ কথা বলেন। 


রাষ্ট্রপতি আরও বলেন, মওলানা ভাসানীর আপসহীন সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ তাকে ‘মজলুম জননেতা’ হিসেবে সর্বস্তরের মানুষের অন্তরে চিরস্থায়ী আসন দিয়েছে।


মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঔপনিবেশিক শাসনবিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন, স্বায়ত্তশাসনের দাবি এবং স্বাধিকার ও স্বাধীনতার সংগ্রামের প্রতিটি পর্যায়ে তার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।


তিনি বলেন, ১৯৪৯ সালের ২৩ জুন গঠিত তৎকালীন ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, পরবর্তীতে তিনি ২৫ জুলাই ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) বা ভাসানী ন্যাপ প্রতিষ্ঠা করেন।


রাষ্ট্রপতি বলেন, ১৯৫৭ সালের ঐতিহাসিক কাগমারী সম্মেলনে তিনিই প্রথম বাংলাদেশের স্বাধীনতার কথা বলেছিলেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তিনি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন এবং প্রবাসী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।


তিনি বলেন, স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তিনি সমানভাবে সক্রিয় ছিলেন। ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে তার নেতৃত্বে অনুষ্ঠিত ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ ছিলো দেশের অধিকার আদায়ের লড়াইয়ে কূটনৈতিক ও রাজনৈতিক প্রজ্ঞার এক উজ্জ্বল ও সাহসী দৃষ্টান্ত।


রাষ্ট্রপতি বলেন, সাধারণ মানুষের প্রতি গভীর মমত্ববোধ, ন্যায় ও সাম্যের প্রতি অঙ্গীকার এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণে মওলানা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন।


তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, তার জীবনাদর্শ ও কর্ম আমাদের দেশপ্রেম, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে সর্বদা অনুপ্রেরণা জোগাবে।’


সাগরে ঘূর্ণিঝড়।

  • প্রকাশ : সোমবার ১৬ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫৮ পিএম

বঙ্গোপসাগরে ক্রমেই শক্তি সঞ্চয় করছে নিম্নচাপ। উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি আরও ঘনীভূত হচ্ছে।


সবকিছু অনুকূলে থাকলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে ১১.৬° উত্তর অক্ষাংশ এবং ৮৬.০° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে।


আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।


সংস্থাটি আরও জানায়, নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি ক্রমেই ঘনীভূত হচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর প্রভাবে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বেশ উত্তাল রয়েছে।


পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।