নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের’ (এনপিএ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনা। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে।
জুলাই গণ–অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নেওয়া বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের উদ্যোগে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের’ (এনপিএ) আত্মপ্রকাশ হয়েছে। নতুন এই প্ল্যাটফর্মের ৩ জন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়েছে।
তিন মুখপাত্র হলেন ফেরদৌস আরা রুমী, মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান) ও নাজিফা জান্নাত। শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এনপিএর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।
সেখানে প্ল্যাটফর্মের মুখপাত্র ও কাউন্সিল সদস্যদের নাম ঘোষণা করেন মীর হুযাইফা আল মামদূহ (কাউন্সিল সদস্য)।
মুখপাত্রের দায়িত্ব পাওয়া ফেরদৌস আরা রুমী ও তুহিন খান লেখক ও অ্যাক্টিভিস্ট। আর নাজিফা জান্নাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের নেত্রী।
এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলে স্থান পাওয়া ১০১ জনের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগকারী চার নেতা রয়েছেন। তাঁরা হলেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায় (ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক), সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান, সাবেক উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক অলিক মৃ, সাবেক কালচারাল সেলের উপপ্রধান সৈয়দা নীলিমা দোলা। এ ছাড়া আছেন জাতীয় নাগরিক কমিটির সাবেক সদস্য সৈয়দ ইমতিয়াজ নদভী।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অলিউর সান, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকী বিল্লাহ, সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি মেঘমল্লার বসু, সাধারণ সম্পাদক মাঈন আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহসমন্বয়ক নূমান আহমাদ চৌধুরী ও অ্যাক্টিভিস্ট রাফসান আহমেদও আছেন এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলে।
মুখপাত্র ও কাউন্সিল সদস্যদের নাম ঘোষণার পর এনপিএর তিন মুখপাত্র প্ল্যাটফর্মের ঘোষণাপত্র পাঠ করেন। এই প্ল্যাটফর্মের পাঁচটি মূলনীতিও ঘোষণা করা হয়।
এগুলো হলো গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা। ঘোষণাপত্রে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক লড়াই-সংগ্রামের প্রেক্ষাপট তুলে ধরা হয়।
বলা হয়, জুলাই আমাদের সামনে বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কের মৌলিক প্রশ্নটি স্পষ্টভাবে হাজির করে। জুলাই কেবল শাসক পরিবর্তনের ঘোষণা ছিল না, এটি ছিল ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো ভেঙে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার প্রকাশ।
অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিসরের দাবি নিয়েই জুলাই আমাদের সামনে এসেছিল। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারের নানা উদ্যোগ নিলেও দেড় বছর পর এসে বাস্তবতা হতাশাজনক। একই সঙ্গে যে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিসরের স্বপ্ন তৈরি হয়েছিল, তা আজ অনেকটাই ভেঙে পড়েছে।
এরপর বলা হয়, বরং আমরা দেখতে পাচ্ছি পুরোনো রাজনৈতিক বন্দোবস্তের ভাষা ও চর্চার পুনরুত্থান। সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সংখ্যাগুরুর পাশাপাশি সংখ্যালঘুর কণ্ঠস্বর নিশ্চিত করার যে গণতান্ত্রিক ধারণা, তার গুরুতর লঙ্ঘন ঘটছে।
ধর্মীয়, জাতিগত ও লৈঙ্গিক পরিচয়ের সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবন আরও বেশি ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। প্রায় সব রাজনৈতিক শক্তিই কোনো না কোনোভাবে নারী, সংখ্যালঘু বা প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি অবিচারমূলক আচরণ করছে।
গণতন্ত্রের নাম ব্যবহার করেও বাস্তবে সংখ্যাগরিষ্ঠতাবাদের উত্থান স্পষ্ট হয়ে উঠছে। নাগরিকের জানমালের নিরাপত্তার প্রশ্নকে রাজনৈতিক, ধর্মীয় বা সামাজিক পরিচয়ের আড়ালে ঠেলে দেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে দাঁড়িয়েই জুলাইয়ের অভ্যুত্থান ঘটেছিল। তবু প্রাণাধিকার ও মানবাধিকার আজও নিশ্চিত করা যায়নি।
অভ্যুত্থানের পরেও রাষ্ট্রীয় বাহিনীর হাতে নাগরিকের রক্ত ঝরছে উল্লেখ করে ঘোষণাপত্রে বলা হয়, এর পাশাপাশি নাগরিকের জীবন, সম্পদ, সাংস্কৃতিক ও ধর্মীয় অভিব্যক্তির ওপর বিভিন্ন উগ্র গোষ্ঠীর আক্রমণ বাড়ছে। এসব ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকারের নীরবতা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।
এই বাস্তবতায় বাংলাদেশে এমন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের প্রয়োজন তীব্রভাবে অনুভূত হচ্ছে, যারা গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মৌলিক প্রশ্নগুলোকে অগ্রাধিকার দেবে। যারা নাগরিকের অধিকারকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক পরিসর নির্মাণে মনোযোগী হবে। এই প্রেক্ষাপটেই জনগণের শক্তি, আগামীর মুক্তি গড়ে তোলার প্রত্যয়ে এনপিএ যাত্রা শুরু করছে।
এনপিএর কাউন্সিল সদস্য মীর হুযাইফা আল মামদূহ ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। শেষ পর্যায়ে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যে সংবাদ সম্মেলন করে এনপিএর পরবর্তী কার্যক্রম ঘোষণা করা হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিএর কাউন্সিল সদস্য অনিক রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও চিন্তক ফরহাদ মজহার, শ্রমিক নেত্রী মোশরেফা মিশু, কথাসাহিত্যিক মশিউল আলম, লেখক আলতাফ পারভেজ, বাসদের (মার্ক্সবাদী) নেত্রী সীমা দত্ত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বখতিয়ার আহমেদ, শিল্পী অমল আকাশ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা দিদারুল ভূঁইয়া, কবি জাহিদ জগৎ প্রমুখ।
‘মুক্তির মন্দির সোপান তলে’ গানটি সমবেত কণ্ঠে গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসিত।
জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও সাবেক জবি শিক্ষার্থী কাজী জিয়াউদ্দিন বাসিত।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী অডিটোরিয়ামে 'কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা বিনিময় ও জিজ্ঞাসা' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিনিধি ও কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের প্রত্যাশা, প্রাপ্তি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন তিনি।
কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, সম্মেলনে বিভিন্ন দেশের প্রায় ৪০ জন প্রতিনিধির সঙ্গে মতবিনিময়ের সুযোগ হয়েছে। সেখানে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় অভিযোজন খাতে অর্থায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্যেও এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন খাতে বরাদ্দ দেওয়া অর্থ ঋণ হিসেবে নয়, অনুদান হিসেবে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অর্থ ব্যয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ছাত্রদলের পরিবেশবান্ধব কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, ছাত্রদল সর্বদাই বৃক্ষরোপণ, ক্যাম্পাস পরিচ্ছন্নতা, প্রাণীদের খাবার বিতরণ এবং বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কাজ করে আসছে। এসব কার্যক্রম জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার সঙ্গে সম্পর্কিত। কপ-৩১ থেকে ফিরে এসব কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণের উদ্ভাবনী উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গ্রিন ক্যাম্পাস এবং নগর এলাকায় গ্রিন সিটি গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৈশ্বিক উষ্ণতা কমানো, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলা এবং জনসচেতনতা তৈরিতে ছাত্রদলের নেতাকর্মীরা কাজ করবেন।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিএনপির ৩১ দফার প্রসঙ্গ তুলে ধরে কাজী জিয়াউদ্দিন বাসিত বলেন, ৩১ দফার ২৯ নম্বর দফায় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণের বিষয়টি উল্লেখ রয়েছে। বৃক্ষরোপণ, নদীশাসন, খাল খনন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং প্লাস্টিক বর্জ্য অপসারণের মতো উদ্যোগ জলবায়ুর ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকারের খাল খনন কর্মসূচিকেও তিনি এ পরিকল্পনার অংশ হিসেবে উল্লেখ করেন।
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে অংশগ্রহণের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, প্রধানমন্ত্রী যে ফ্লাইটে সম্মেলনে গেছেন, তারাও একই ফ্লাইটে গেছেন। একই হোটেলে অবস্থান করেছেন এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও প্লেনারি সেশনে উপস্থিত ছিলেন। সম্মেলনের একটি প্লেনারি সেশনে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার সময় ছাত্রদলের দুই প্রতিনিধিকে তার পাশে বসার সুযোগ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।
তিনি বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার স্বীকৃতি হিসেবে ভবিষ্যতে আরও নেতাকর্মী আন্তর্জাতিক সম্মেলন ও রাষ্ট্রীয় সফরে অংশগ্রহণের সুযোগ পাবেন বলে তিনি প্রত্যাশা করেন।
ছাত্রদলের নেতাকর্মীদের দক্ষতা ও সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, সংগঠনটিতে বিজ্ঞান, চিকিৎসা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী রয়েছেন। তাদের যথাযথভাবে গড়ে তোলা গেলে ভবিষ্যতে বিজ্ঞানী, উদ্ভাবক, চিকিৎসক, অর্থনীতিবিদ ও দক্ষ কূটনীতিক তৈরি করা সম্ভব। রাষ্ট্র পরিচালনা ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মতো মানবসম্পদ ছাত্রদলের মধ্যে রয়েছে বলেও দাবি করেন তিনি।
অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর গাড়ির সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীদের চলার বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যার নির্দেশনায় নেতাকর্মীরা রাজপথে ছিলেন, তার সঙ্গে চলা তাদের কাছে আবেগ ও ভালোবাসার বিষয়। এটি শুধু গাড়ির পেছনে ছুটে চলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনেও ছাত্রদলের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়েছে।
হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
বাংলাদেশকে ‘পরিত্যক্ত দেশ’ আখ্যা দিয়ে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ আর লেখেন, ‘বাংলাদেশ পরিত্যক্ত একটা দেশ। এজন্যই কোথাও কোনো আইনশৃঙ্খলা নেই, নিরাপত্তা নেই। চারদিকে শুধু সংবিধান আর সংবিধান।’
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দোষীদের খুঁজে বের করে শাস্তি দেয়ার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হলে উচ্চমূল্যে খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন জামায়াত আমির।
হামলাটিকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে তিনি লেখেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চমূল্যে দিতে হবে। এ ঘটনায় নীরব বসে থাকার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে, বুধবার রাতেই এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেন। পোস্টে তিনি দাবি করেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না। এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
ছবি : সংগৃহীত
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) এক নেতাকে ধরতে একটি বারে ঢুকতে গিয়ে মারধরের শিকার হয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় ছাত্রদলের তিন নেতা–কর্মী আহত হয়েছেন। পরে পুলিশ বারের ভেতর থেকে ওই ছাত্রলীগ নেতা ও তাঁর এক সহযোগীকে আটক করেছে। এ ঘটনায় বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করা হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে কনকর্ড টাওয়ারের পঞ্চম তলায় অবস্থিত কয়লা বারের সামনে ও ভেতরে এ ঘটনা ঘটে।পুলিশ ও ছাত্রদল সূত্রে জানা যায়, ধানমন্ডি ২৭ নম্বর এলাকার একটি রেস্তোরাঁর কর্মী সুমনকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার রাতে আটক করেন ছাত্রদলের একদল নেতা-কর্মী। এ সময় তাঁরা সুমনের মুঠোফোন পরীক্ষা করার চেষ্টা করেন এবং পুলিশকে খবর দেন। একপর্যায়ে সুমন তাঁদের কাছ থেকে দৌড়ে পালিয়ে কনকর্ড টাওয়ারের নিচে চলে যান।
এরপর কয়লা বারের কয়েকজন নিরাপত্তাকর্মী সুমনকে ছেড়ে দিতে ছাত্রদলের নেতা-কর্মীদের অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে সুমনকে ছাড়াতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজা সেখানে উপস্থিত হন। ছাত্রদলের নেতা-কর্মীরা তাঁকেও আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে বারের ভেতরে আশ্রয় নেন।
এ সময় ছাত্রদলের নেতা-কর্মীরা বারের ভেতরে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস কে সজীব ও ছাত্রদল নেতা আকাশ আহত হন। তাঁদের মাথা কেটে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রদলের ১০০ থেকে ১৫০ নেতা–কর্মী বারে প্রবেশ করতে চাইলে নিরাপত্তাকর্মীরা কনকর্ড টাওয়ারের নিচের গেট বন্ধ করে দেন। পরে ছাত্রদলের নেতা–কর্মীদের বেধড়ক মারধর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বারের ভেতরে অভিযান চালিয়ে রাজা ও সুমনকে আটক করা হয়। এ ছাড়া বারের কয়েকজন নিরাপত্তাকর্মীকেও আটক করে মোহাম্মদপুর থানা-পুলিশ।ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন বলেন, ছাত্রলীগ নেতা সুমন ও রাজাকে ধরতে গেলে বারের নিরাপত্তাকর্মীরা বাধা দেন। সুমনের বিরুদ্ধে ছাত্রলীগের বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপ পরিচালনার প্রমাণ তাঁদের কাছে রয়েছে। এ কারণে তাঁরা সেখানে গিয়েছিলেন। নিরাপত্তাকর্মীদের মারধরে তিনি নিজেসহ তিনজন আহত হয়েছেন। তাঁরা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।ঘটনার বিষয়ে রাত পৌনে একটার দিকে ডিএমপির মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, এ ঘটনায় দুই ছাত্রলীগ নেতা, কয়লা বারের ম্যানেজারসহ ৮-৯ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। ছাত্রদলের নেতা–কর্মীরা থানা ঘেরাও করে আছেন। ছাত্রদলের কেউ মামলা বা অভিযোগ দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’
গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথাগুলো বলেন বিরোধীদলীয় চিফ হুইপ।
সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে—এ আশা আর করেন না বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’
নাহিদ ইসলাম লিখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি নয়। দিল্লির আশ্রয়–প্রশ্রয়–ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে। দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।
বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা করবেন জানিয়ে নাহিদ ইসলাম লিখেছেন, ‘ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।’
এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা। গতকাল দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নুসরাত এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য তিনি। তাঁর বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা পেট্রলবোমা নিক্ষেপ করেছে বলে এনসিপির মিডিয়া সেলের এক ফেসবুক পোস্টে অভিযোগ করা হয়। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও এক ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানোর কথা বলেছেন।