বক্তব্য দিচ্ছেন রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৪ এএম

ছাত্রজনতার অভ্যুত্থানে পতনের পর থেকে ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সাহসী হলে দেশে না থেকে পালালেন কেন— এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি অভিযোগ করে বলেন, পাশের দেশে পালিয়ে গিয়ে মাঝেমধ্যে অডিও বার্তা পাঠাচ্ছে। দেশে নাশকতা ও সহিংসতা চালাতে অর্থ পাঠানো হচ্ছে।

রোববার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাবের সামনে সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দল আয়োজিত প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, ‘আন্দোলনে তাড়া খেয়ে, ধাওয়া খেয়ে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তার চেহারা কেউ দেখতে পারে না। মাঝে মাঝে তার কিছু লোক অডিও বার্তা পাঠায়।

আপনি যদি এতই সাহসী হন, তাহলে দেশে থাকলেন না কেন, পালালেন কেন? পার্শ্ববর্তী দেশে গেলেন কেন? সেখান থেকে আপনার চেহারা দেখানো যায় না?’ তিনি আরও বলেন, ‘কাউকে ককটেল কেনার টাকা পাঠানোর কথা বলা হচ্ছে। টাকার তো অভাব নেই। বাংলাদেশ ব্যাংকের ৮০৮ কোটি টাকা আছে, লুটপাটের টাকা আছে, সোনালী ব্যাংক, বেসিক ব্যাংকের। এরপর মেগা প্রকল্প, পদ্মা সেতু, মেট্রোরেল—অনেক টাকা তাদের কাছে। সুতরাং টাকা পাঠাতে তো কোনো অসুবিধা হয় না।’

ককটেল বিস্ফোরণের জন্য অর্থ দেওয়ার অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, ‘কেউ কেউ বলে, বিকাশে একটি ককটেল মারার জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়। কেউ বলে ২০ হাজার টাকা দেওয়া হয়। এই টাকা কাদের দেওয়া হয়? কিশোর গ্যাংয়ের ছেলেদের, মাদকসেবীদের এবং ছোট ছোট টোকাইদের দেওয়া হয়।’

গোপালগঞ্জে সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘জিলানী ছাত্রজীবন থেকে রাজনীতি করে এসেছে। তার বাড়ি এবং আত্মীয়স্বজনের বাড়িতেও হামলা ও আগুন দেওয়া হয়েছে। শেখ হাসিনা চিন্তা করতে পারেননি যে টুঙ্গিপাড়ায় তার আসনে জিলানী জিতে যাবে। এটা তিনি ভাবতে পারেননি। এই দুঃখে সে পাগল হয়ে গেছে। সে যখন থেকে রাজনীতিতে নেমেছে তার একটাই নেশা—প্রতিশোধ আর রক্তের নেশা।’

শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা ও নির্যাতনের অভিযোগ তুলে রিজভী বলেন, ‘এই রক্তের নেশা তার যায় না। ক্ষমতায় থাকলেও গুম করে, খুন করে, ক্রসফায়ার দেয়, বিরোধী দলের নেতাকর্মীদের গুপ্তহত্যা চালায়। এখন পালিয়ে যাওয়ার পরও তার রক্তের নেশা যায়নি।’

সাম্প্রতিক সহিংসতার ঘটনা উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আপনারা দেখুন, এই তিন-চার দিনে ফরিদপুরের ভাঙ্গায় রাজু মোল্লার জীবন কেড়ে নিয়েছে। নড়াইলের কালিয়ায় সোহেল রানা ও শাহিনুর রহমানের জীবন কেড়ে নিয়েছে। একের পর এক আগুন দিচ্ছে। ৮০টি গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে, পেট্রোল বোমা মেরেছে। বিভিন্ন নেতার বাড়িতে হামলা চালিয়েছে। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা মেরেছে। এভাবে বিএনপির বিভিন্ন নেতার বাসায় তারা ভয়ংকর সর্বনাশা খেলায় মেতেছে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, ‘আল্লাহতায়ালা তো ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। আর এও সমুদ্রের মধ্যে ডুবে গেছে, ভারতের সমুদ্রে। কিন্তু তাকে আবার দেখা যায় না। তার লোকদের দিয়ে বিভিন্ন বার্তা আসে। সেও নাকি মাঝে মাঝে বার্তা দেয়, আমরা শুনি। তারা যে বার্তা দেয়, সেগুলো হিংস্রতার বার্তা, রক্তপাত ঘটানোর বার্তা।’

রিজভী বলেন, ‘আওয়ামী লীগের এক মন্ত্রী ছিল, মোজাম্মেল হক। তিনি বলেছিলেন, বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে তিনটি করে বাড়ি পুড়িয়ে দাও। এদের মধ্যে মানবতা নেই, ভালোবাসা নেই। এরা রাজনীতি মানেই মনে করে মানুষ খুন, যারা তাদের বিরুদ্ধে আছে তাদের ধ্বংস করে দেওয়া।’

আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘পার্লামেন্টে আইন করা উচিত আওয়ামী লীগ জাতীয় শয়তান। জাতীয় শয়তান হিসেবে তাদেরকে বিবেচনা করা। আর শয়তানের কোথাও কোনো জায়গা নাই।’

বর্তমান সরকারের ভূমিকার প্রশংসা করে রিজভী বলেন, ‘আজকে দেখুন, তারেক রহমানের সরকার এত গাড়ি পোড়ানো, বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হত্যা, এতগুলো ব্যাংকে আগুন এবং বিএনপি নেতাদের বাড়িতে আগুন দেওয়ার পরও কোনো হিংস্র আচরণ করেনি। আমরা বলেছি, যারা অপরাধ করছে, যারা আগুন লাগাচ্ছে, যারা সন্ত্রাসী কাজ করছে, যারা ককটেল ও বোমা বিস্ফোরণ করছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করুন। দেশের প্রধানমন্ত্রীও তাই বলেছেন।’

তিনি বলেন, ‘গোপালগঞ্জ তো আর বেলুচিস্তান না, গোপালগঞ্জ তো রাজস্থান না, থাইল্যান্ডও না; গোপালগঞ্জ বাংলাদেশের মধ্যে। সরকারপ্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। যারা অপরাধ করছে, যারা মানুষের রক্ত চুষে নিচ্ছে, সেই রক্তচোষাদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।’

নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘রাস্তায় রাস্তায় পাহারা দেবেন, যাতে ওই জাতীয় শয়তানদের চলাচলের বিষয়ে খেয়াল রাখতে ও নজর রাখতে পারেন। কারণ তারা সর্বনাশা ধ্বংসের খেলায় মেতেছে।’

আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপুল অর্থসম্পদের মালিক হওয়ার অভিযোগ তুলে রিজভী বলেন, ‘তারা ১৭ বছর অনেক টাকা আয় করেছে। টাকার অভাব নেই। ওয়ার্ড পর্যায়ের একজন নেতারও টাকার শেষ নেই। আমি গত পরশুদিন যশোরে বিমানে করে আসছিলাম। বিমানে যাত্রী কম, ফ্লাইটও কমে গেছে। সেখানকার একজন স্টাফ বললেন, এই বিমানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশি যাতায়াত করতেন। ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও ঢাকা থেকে যশোরে বিমানে যাতায়াত করতেন। এখন তারা পালিয়ে গেছেন।’

তিনি আরও বলেন, ‘ওই ওয়ার্ড পর্যায়ের নেতার এত টাকা কোথা থেকে? ওই টাকাই বাংলাদেশের ব্যাংকের টাকা, সোনালী ব্যাংকের টাকা, বেসিক ব্যাংকের টাকা। ওটাই পদ্মা সেতু ও বড় বড় মেগা প্রকল্পের টাকা।’

পূর্বাচলে জমি বরাদ্দ ও সম্পদ অর্জন নিয়েও সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে রিজভী বলেন, ‘আপনার বাড়ি আছে ধানমন্ডিতে। আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, আপনার লন্ডনে থাকে ভাগ্নির জন্য, আপনার ভাগ্নার জন্য ৬০ কাঠা জায়গা পূর্বাচলে লাগে। দেশের প্রচলিত আইন অনুযায়ী তো আপনি এই সম্পদ পান না। কিন্তু আপনি প্রধানমন্ত্রী। আপনার এতই ক্ষমতা, সেই ক্ষমতার জোরে বেআইনিভাবে সম্পদ করেছেন, টাকা আত্মসাৎ করেছেন। আপনার লোকেরাও টাকা আত্মসাৎ করেছে।’

সবশেষে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিরোধিতা করে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে। তাই যারা জনগণের সঙ্গে শত্রুতা করেছে, যারা জাতীয় শয়তান হিসেবে জনগণের কাছে বিবেচিত, তাদের এই দেশে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই।’




যুবলীগ নেত্রী পাপিয়া সুলতানা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৭ এএম

রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের নড়াইল জেলা শাখার দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।


রোববার (২২ নভেম্বর) মিরপুর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান।


তিনি বলেন, নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।


বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১০ এএম

জাতীয় স্বার্থে যেখানে প্রয়োজন সেখানে সরকারকে সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এছাড়া বৈষম্যহীন, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় প্রবাসীসহ দেশ-বিদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

রোববার (২২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের ক্যাম্পবেলটাউনে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়: ভয়েসেস ফ্রম অস্ট্রেলিয়া’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে জামায়াত আমিরকে ফুল দিয়ে বরণ ও সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় স্বার্থে যেখানে সরকারের ভালো কাজের সমর্থন দেওয়া প্রয়োজন, সেখানে আমরা সমর্থন দেবো। আর যেখানে ভুল হবে, সেখানে প্রতিবাদ করবো। বিরোধী দলের দায়িত্ব হলো জনগণের অধিকার ও স্বার্থের পক্ষে কথা বলা।

তবে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান করতে হবে, যোগ্য ও সৎ ব্যক্তিদের নিয়ে দেশ পরিচালনা করতে হবে এবং দুর্নীতির ঊর্ধ্বে থাকতে হবে। দেশের বর্তমান সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশে বিরোধীদলীয় নেতা বলেন, আমরা শুধু আর্থিক রেমিট্যান্স নয়, প্রবাসীদের মেধা, জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ অর্জনকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই।

আমরা ইন্টেলেকচুয়াল রেমিট্যান্সের (মেধাভিত্তিক অবদান) পক্ষে কথা বলতে এসেছি। বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশিরা যেন তাদের জন্মভূমিতে ফিরে এসে দেশের উন্নয়নে অবদান রাখতে পারেন, সেই পরিবেশ তৈরি করতে চাই। আল্লাহ আমাদের সুযোগ দিলে তাদের সঙ্গে অতিথির মতো নয়, ভাই, সন্তান ও পিতার মতো আচরণ করবো।

জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণ করে জামায়াত আমির বলেন, জুলাইয়ের যোদ্ধারা এখনো জীবিত আছেন। তাদের অনেকের হাত-পা নেই, কেউ চোখ হারিয়েছেন, কিন্তু তাদের মনোবল হারাননি। আমি আহত যোদ্ধাদের কাছে জানতে চেয়েছি, জাতির প্রয়োজনে আবারও কি লড়াই করতে পারবেন? তারা বলেছেন, একটি পা হারিয়েছি, অন্য পা তো আছে; ক্রাচে ভর করেও দেশের জন্য লড়াই করবো। জাতির প্রয়োজনে তারা আবারও জেগে উঠবেন।

জুলাই-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গণভোটে জনগণ যে রায় দিয়েছেন, তা বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরা সংসদেও কথা বলেছি। জনগণের রায়কে উপেক্ষা করে বাংলাদেশে রাজনীতি চলতে পারে না। জনগণের আকাঙ্ক্ষার প্রতি সম্মান দেখিয়ে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। এ বিষয়ে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। কোনো চাপ বা প্রলোভনে আমরা আমাদের আদর্শ ও অঙ্গীকার থেকে সরে আসবো না।

জামায়াত আমির বলেন, কোনো দল বা ব্যক্তি আমাদের শত্রু নয়। কোনো দল বা ব্যক্তি দেশের বিরুদ্ধে অপকর্ম করলে সেই অপকর্মই আমাদের প্রতিপক্ষ। আমরা একটি ঐক্যবদ্ধ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। বাংলাদেশ একদিন বদলাবে এবং সেই পরিবর্তনের সারথি হবে এ দেশের জনগণ।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন পশ্চিম সিডনির ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর মাসুদ খলিল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক ও গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ ও গ্লোবাল ভয়েস ফর হিউম্যানিটি-এর নির্বাহী পরিচালক শিবলী সোহাইল। এ ছাড়াও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবু ইউসুফ ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসিফ ইকবাল।

এতে অস্ট্রেলিয়ায় বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত প্রতিনিধিদের অনেকে তাদের বক্তব্যের মাধ্যমে প্রবাসীদের প্রত্যাশার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।


  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৯:১০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে একটা সংকটকাল চলছে।


দেশের সরকারপ্রধান যখন সংলাপের আহ্বান জানায়, তখন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অবশ্যই আমরা সেখানে সাড়া দেব। আমরা আসলে শুনতে চাচ্ছি, প্রধানমন্ত্রী কী চাচ্ছেন। কীভাবে দেশকে এগিয়ে নিতে চাচ্ছেন, কীভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে চাচ্ছেন।


রোববার (২২ নভেম্বর) যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।


তিনি বলেন, জাতীয় ঐক্যর অবশ্যই সুস্পষ্ট ভিত্তি থাকতে হবে, অঙ্গীকার থাকতে হবে। বিগত সময়ে যে অঙ্গীকার সরকার ভঙ্গ করেছে, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমে জাতীয় ঐক্যর শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হই। আমাদের জায়গা থেকে আমরা সাজেশন দিয়ে আসব।


এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, গণহত্যার সঠিক বিচার তরান্বিত করা এবং সামনে আসন্ন গঙ্গা চুক্তির নবায়নসহ মৌলিক ইস্যুগুলোয় বর্তমান সরকার যদি অঙ্গীকারাবদ্ধ হয়, তবেই জাতীয় ঐক্য হতে পারে।


নাহিদ ইসলাম বলেন, প্রথমেই যে একদলীয় সংবিধান সংশোধন কমিটি রয়েছে, সেটা অবিলম্বে ভেঙে দিতে হবে। কমিটি ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করা উচিত। এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে আর রাজনৈতিক দলগুলোর কাছেও মেসেজ যাবে যে সরকার আসলেই জাতীয় ঐকমত্য চাচ্ছে।তিনি আরও বলেন, শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে ঐক্যমত্য চাইবে, আবার জানুয়ারিতে একদলীয় কমিটির রায় অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে, এ ধরনের কোনো জাতীয় ঐক্য প্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।


জাতীয় নাগরিক পার্টির লোগো

  • প্রকাশ : রবিবার ২২ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৯ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে নাশকতার মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান যে জাতীয় ঐক্যের আহ্বান জনিয়েছেন, সেটিকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে সংলাপের বিষয়ে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আগামীকাল সোমবার দুপুরে তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধিদল। অনুষ্ঠিত হতে যাওয়া এই সাক্ষাতে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে।


জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল এনসিপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপ শুরু হতে যাচ্ছে। এরপর জামায়াতে ইসলামীর অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে।


যুক্তরাজ্য সফরে থাকা নাহিদ ইসলাম আজ রোববার বিকেলে দেশে ফিরবেন। নাহিদ ইসলাম দেশে ফেরার পর প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম তাঁর সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। এনসিপি সূত্রে এ তথ্য জানা গেছে।


এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের অন্যতম সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার গতকাল শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করবে।


প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে এনসিপি ইতিবাচক হিসেবে নিয়েছে বলে বার্তায় উল্লেখ করা হয়। বার্তায় আরও বলা হয়, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।


সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ইতিমধ্যে ক্ষমতাসীন দল বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সংলাপ আয়োজনের কার্যক্রম শুরু করেছে।


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৭:৩১ পিএম

স্বাধীনতার পর দেশে একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার পরিবর্তে রক্ষীবাহিনী প্রতিষ্ঠা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, সেনাবাহিনীর সমান্তরাল শক্তি হিসেবে গড়ে তোলা এই বাহিনীকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা হয়েছিল।


আজ শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপি আয়োজিত এক র‍্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।রিজভী দাবি করেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রক্ষীবাহিনীর মাধ্যমে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর ব্যাপক নির্যাতন চালানো হয়। ওই সময়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।


দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর গুরুত্ব তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীকে আধুনিক ও সুসংগঠিত বাহিনী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।


জিয়াউর রহমানকে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্রের প্রতীক হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, তার উদ্যোগে আধুনিকায়ন হওয়া সেনাবাহিনী দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাচ্ছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীটির প্রযুক্তিগত সক্ষমতাও বাড়ানো হচ্ছে।


সশস্ত্র বাহিনী দিবসের র‍্যালিটি বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর ও পল্টন মোড় অতিক্রম করে জাতীয় প্রেসক্লাবের সামনে শেষ হয়।


এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সিলেটের বাসভবনে পেট্রলবোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রিজভী। শনিবার পৃথক বিবৃতিতে তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আত্মগোপনে থাকা সদস্যরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।


তার দাবি, সহিংসতা ও নাশকতার মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে দুর্বল করার অপচেষ্টা চলছে। তবে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে বলে তিনি মন্তব্য করেন।


হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। একই সঙ্গে দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩১ এএম

সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।


দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।


কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।