জাইমা রহমান

  • প্রকাশ : শনিবার ৩১ জানুয়ারি, ২০২৬, সময় : ৯:০৮ এএম

প্রধান রাজনৈতিক নেতা তারেক রহমানের পর তার কন্যা জাইমা রহমানকে ধীরে ধীরে সামনে আনছে বিএনপি- এমন ধারণাই দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ। 


দলীয় কোনো আনুষ্ঠানিক পদে না থাকলেও সাম্প্রতিক সময়ে তার উপস্থিতি ও কার্যক্রম ঘিরে দলীয় অঙ্গনে যেমন আগ্রহ তৈরি হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও সৃষ্টি হয়েছে কৌতূহল।


দীর্ঘ ১৭ বছর পর পরিবারের সঙ্গে দেশে ফেরার পর থেকেই বিএনপির বিভিন্ন কর্মসূচি ও আলোচনায় জাইমা রহমানের নাম উঠে আসছে। যদিও এখন পর্যন্ত তিনি সীমিত কয়েকটি অনুষ্ঠানেই অংশ নিয়েছেন, তবুও রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি বিএনপির একটি পরিকল্পিত ও ধাপে ধাপে কৌশল।


নেতৃত্বের ধারাবাহিকতার বার্তা?


বিশ্লেষকদের একাংশ মনে করছেন, জাইমা রহমানকে সামনে এনে বিএনপি ভবিষ্যৎ নেতৃত্বের ধারাবাহিকতা নিয়ে একটি বার্তা দিতে চাইছে। তাদের ধারণা, তাকে ধীরে ধীরে রাজনৈতিকভাবে প্রস্তুত করা হচ্ছে এবং ভবিষ্যতে তিনি দলীয় নেতৃত্বে আসতে পারেন- এমন সম্ভাবনাকেই সামনে রাখা হচ্ছে।


অন্যদিকে কেউ কেউ বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ ও নারী ভোটারদের আকৃষ্ট করতেই তাকে সামনে আনার কৌশল নেওয়া হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই বিএনপি নতুন বার্তা পৌঁছাতে চাইছে।


রাজনৈতিক সমীকরণ ও নারী নেতৃত্ব


রাজনৈতিক অঙ্গনে আরেকটি আলোচনার বিষয় হলো- জামায়াতে ইসলামীর মতো দলকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনায় রেখে বিএনপি নারীদের কীভাবে উপস্থাপন করতে চায়, তার একটি প্রতীকী বহিঃপ্রকাশ হিসেবেও জাইমা রহমানকে দেখা হচ্ছে।


যদিও নির্বাচনী প্রচারে তারেক রহমানের সঙ্গে মাঝে মাঝে তার স্ত্রী জুবাইদা রহমানকে দেখা গেলেও এখনো পর্যন্ত জাইমা রহমান সরাসরি কোনো নির্বাচনী মঞ্চে ওঠেননি।


কে এই জাইমা রহমান


প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান ১৯৯৫ সালের অক্টোবরে ঢাকায় জন্মগ্রহণ করেন। ঢাকার বারিধারার একটি ইংরেজি মাধ্যম স্কুলে তার শিক্ষাজীবন শুরু হয়। পরে যুক্তরাজ্যে গিয়ে ম্যারি মাউন্ট গার্লস স্কুল এবং কুইন ম্যারি ইউনিভার্সিটিতে আইন বিষয়ে পড়াশোনা করেন। এরপর ইনার টেম্পল থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেন।


গত বছরের ২৩ ডিসেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আইন পেশায় কাজ করার ইঙ্গিত দেন। সেখানে তিনি লেখেন, আইন পেশায় কাজ করতে গিয়ে মানুষের জীবনের গল্প এবং সেগুলোর আইনগত সমাধান খোঁজার দায়িত্ব তাকে অনুপ্রাণিত করে।


তারেক রহমান ২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মুক্তি পেয়ে পরিবারসহ লন্ডনে চলে যান। দীর্ঘ ১৭ বছর পর গত বছরের ২৫ ডিসেম্বর তিনি স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে দেশে ফেরেন।


দলীয় কার্যক্রমে সম্পৃক্ততা


যদিও আনুষ্ঠানিকভাবে বিএনপিতে জাইমা রহমানের কোনো পদ নেই, তবুও গত নভেম্বরে প্রবাসী ভোটারদের নিয়ে ইউরোপভিত্তিক একটি ভার্চুয়াল সভায় তার অংশগ্রহণ আলোচনায় আসে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েও তিনি আলোচনায় আসেন।


দেশে ফেরার আগে নিজের ‘নিজের গল্প’ শীর্ষক লেখায় তিনি জানান, গণ-অভ্যুত্থানের সময় নেপথ্যে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছেন এবং দেশে ফিরে বাবাকে সর্বাত্মক সহায়তা করতে চান।


ঢাকায় ফেরার পর ১৮ জানুয়ারি ‘উইমেন শেপিং দ্য নেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রথমবারের মতো বক্তব্য দেন তিনি। এরপর বিএনপির বিভিন্ন আয়োজনে তার উপস্থিতি এবং সামাজিক মাধ্যমে সক্রিয়তা নজর কাড়ছে।


বিশ্লেষকদের মত


রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, উপমহাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র নতুন কিছু নয়। বিএনপির সমর্থকেরা দীর্ঘদিন ধরেই এই পরিবারকে কেন্দ্র করে রাজনীতি করে আসছেন। সে কারণেই জাইমা রহমানকে ধীরে ধীরে প্রস্তুত করা হচ্ছে বলে মনে হচ্ছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মজিবুর রহমান মনে করেন, জাইমা রহমানকে সামনে আনার মাধ্যমে বিএনপি তরুণ, নারী এবং জেন-জি ভোটারদের কাছে একটি ভিন্ন বার্তা দিতে চাইছে। একই সঙ্গে ধর্মান্ধতা ও মৌলবাদের বিপরীতে দলটির অবস্থানও তুলে ধরা হচ্ছে।


তিনি বলেন, পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন তরুণ নারী হিসেবে জাইমা রহমানকে উপস্থাপন করা হচ্ছে। তবে তিনি ভবিষ্যতে নেতৃত্বে কতটা সফল হবেন, তা সময়ই বলে দেবে।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩১ এএম

সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।


দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।


কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৬ এএম

মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক এই অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কোন সময়ের তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ভিডিওটিতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”

সর্বশেষ সব খবর

মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৩ এএম

 নড়াইলে সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নির্দেশে দুজন বিএনপি নেতা খুন হয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এ দাবি জানান। তিরি বলেন, একজন খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা আমাদের আবেগ ও ভালোবাসার নাম ছিল।

আমরা ছোটবেলা থেকে বেড়ে উঠেছি তার খেলা দেখে। অথচ নড়াইলে মাশরাফি বিন মর্তুজার নির্দেশনায় দুইজন বিএনপি নেতাকে খুন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলবো, এখনো পর্যন্ত কেন ওই খুনি মাশরাফি বিন মর্তুজাকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই?

রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেককে গ্রেফতার করা না হলেও বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘ডামি শিক্ষামন্ত্রী’ নাহিদ এবং প্রতিমন্ত্রী হিরু একে একে গ্রেফতার হয়েছেন। আওয়ামী লীগের বাকি যেসব নেতাকর্মী ও ‘চেলা-চামুণ্ডা’ পালিয়ে আছে, তাদেরও গ্রেফতার করে উচিত জবাব দেওয়া হবে।

গণঅভ্যুত্থান ও সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানে ১৪শ-এর অধিক মানুষ জীবন দিয়েছে। জাতিসংঘ স্বীকৃত যে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ করেছে, এখন তারা গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে যুদ্ধাপরাধ করছে। এই পরিস্থিতিতে দলমত নির্বিশেষে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ও এনসিপিসহ গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তি এই ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আওয়ামী লীগের প্রেতাত্মাদের উচিত জবাব দেবে।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, বাংলাদেশে এখনো যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে—হোক সে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী কিংবা তথাকথিত ভালো বা সুশীল আওয়ামী লীগ—এগুলো দেখার সময় নেই। সব আওয়ামী লীগকে দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। দিল্লিকে আওয়ামী লীগের একমাত্র ঠিকানা। বাংলাদেশে দলটির আর কোনো ঠিকানা হবে না।

সর্বশেষ সব খবর

জামায়াতে ইসলামীর লোগো

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১:০২ এএম

রাজধানীতে শনিবার (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে জানান এহসানুল মাহবুব জুবায়ের।

সর্বশেষ সব খবর

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার নাম হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৭ এএম

রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোরের এক নেতা বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া খেয়ে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন হাবিবুর রহমান। সেখান থেকে লাফিয়ে একটি দোকানের ছাদে যান।


পরে সেখান থেকে তাকে আটক করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার শেরপাড়া মহল্লা থেকে তাকে পুলিশে সোপর্দ করেন বিএনপির নেতা–কর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের গ্রেপ্তার হওয়া এই নেতার নাম হাবিবুর রহমান। তিনি নাটোর সদর থানা লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি।


আবদুর রশিদ রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর। এ ঘটনায় খবর ছড়িয়ে পড়ে, বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার।


আবদুর রশিদ বলেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান এই মহল্লায় এসে ভাড়া বাসায় থাকতেন বিষয়টি আগে থেকে তিনি জানতেন না। কিছুদিন থেকে খেয়াল করেন তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে তিনি চা খেতে আসেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতেও তিনি এসেছিলেন।


আবদুর রশিদ বলেন, বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বিএনপির লোকজন নাটোর বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন। পরে ২০-৩০ জন লোক এসে হাবিবুর রহমানকে মারধর শুরু করেন। তিনি তাদের হাত থেকে ছুটে দৌড় দিয়ে তার (আবদুর রশিদের) বাসায় গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে তিনি পাশের একটি দোকানের ছাদে গিয়ে আশ্রয় নেন। বিএনপির নেতা–কর্মীরা সেখানে তাকে আটক করে আবার মারধরের চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাদের বাধা দেন। পরে খবর দিলে পুঠিয়া থানার পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যান।


ঘটনার প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুন নবী বলেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান ওই এলাকায় এসে দুই মাস ধরে আত্মগোপনে ছিলেন। হামলার শিকার হলে তিনি আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে লাফ দিয়ে আরেকটি দোকানের ছাদে যান।


এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাবিবুর রহমানের নামে নাটোর সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তিনি এজাহারনামীয় আসামি। পুঠিয়া থানা–পুলিশ তাকে গ্রেপ্তার করে নাটোর পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে নাটোর সদর থানার পুলিশের কাছে তারা শুধু হস্তান্তর করেছেন।

সর্বশেষ সব খবর

জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৫ পিএম

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এসব কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‍্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্পের মতো কর্মসূচি রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির লোকজনের সৃষ্ট সহিংসতা এবং গণভোটের গণরায় কার্যকর না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, সংকট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, ‘আজও দেশের ২২টির বেশি জেলায় সংঘাত-হানাহানির ঘটনা ঘটেছে। দুজন নিহত হয়েছেন। গতকাল হাসপাতালে ভাঙচুর, সংসদ সদস্যের বাড়ি ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছে। জামায়াতে ইসলামীর দোকানপাট ও বাসাবাড়িতেও ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একের পর এক এসব ঘটনা ঘটছে। পরিস্থিতি এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, ‘সরকারের ব্যর্থতায় অব্যাহত অবনতিশীল পরিস্থিতির শিকার হচ্ছি আমরা। জনগণ খুবই চিন্তিত, দেশের সামনে কী হতে যাচ্ছে। জাতীয় সংকট মোকাবিলায় জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি সূত্র থাকতে হবে। কিন্তু সরকার সেই জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে সরে যাচ্ছে। গণভোটের গণরায় তারা মানছে না।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বিএনপি মাঠে থাকলেও জামায়াতের অবস্থান কী- এমন এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরাও মাঠেই আছি। আমরা তো আকাশে নেই। তবে প্রতিহত ও প্রতিরোধ শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা জনগণকে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করব।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো নয়, মানুষ খুন করা নয়। নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই হচ্ছে আমাদের প্রতিহত করার বড় শক্তি। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে আমরা দেব না। তবে আমাদের আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে এবং নিয়মতান্ত্রিকভাবে। আমরা কোনো সহিংসতার পথ উন্মুক্ত করে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ দিতে চাই না।’

জামায়াত সেক্রেটারি বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায় জামায়াত। রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে দলগতভাবে ৪০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি হলো:

-  ২১ নভেম্বর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল।
-  ২৫ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।
-  ২৬ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন আয়োজন করবে।
-  ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
-  ৩০ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা/থানা সংগঠন আয়োজন করবে।
-  ২ ডিসেম্বর পোশাকশিল্পে অস্থিরতা ও সংঙ্কট সমাধানে ঢাকায় আলোচনা সভা।
-  ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
-  ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
-  ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।
-  ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।
-  ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।
-  ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে রাজধানীতে আলোচনা সভা।
-  ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র‍্যালি’ আয়োজন করা হবে।
-  ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।
-  ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।
-  ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।
-  ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।
- ২৬-৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

সর্বশেষ সব খবর