প্রধানমন্ত্রীকে সব বলে দেব: আমির হামজা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪০ পিএম

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বলেছেন, ‘আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় আসছেন। ওই দিন প্রধানমন্ত্রীকে সব বলে দেব। হঠাৎ করে এই ঘটনাটা কারা ঘটিয়েছে, অবশ্যই তাদের খোঁজখবর নেব। এবং উনি (প্রধানমন্ত্রী) আসলে আমি যাব, ওনার সামনে ওনাদের (বিএনপি নেতাদের) নাম ধরে বলব, এই কাজগুলো এরা ঘটিয়েছে।’

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় কুষ্টিয়া শহরে জেলা জামায়াতের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংসদ সদস্য এ কথা বলেন। গতকাল বুধবার রাতে কুষ্টিয়া শহরের ১৫ নম্বর ওয়ার্ডে জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা ভাঙচুর ও গুলিবর্ষণের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি এনামুল হক ও শাজাহান আলী উপস্থিত ছিলেন।

শাজাহান আলী অভিযোগ করেন, বালুবোঝাই ডাম্পট্রাক সড়ক দিয়ে চলাচল করায় সড়ক নষ্ট হয়ে যাচ্ছে। এর প্রতিবাদ করলে তাঁর বাড়িতে হামলা ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণ করেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। থানায় হত্যাচেষ্টা মামলা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আমির হামজা বলেন, ‘একটা ভিডিওতে শুনলাম, শাজাহান আলী আগে ৩০ হাজার বলত, এরপরে ৫০ হাজার, এখন প্রতিদিন ১ লাখ করে নেয় (বালুঘাটে চাঁদাবাজি)। জামায়াতে ইসলামী বাংলাদেশে আদর্শ নিয়ে রাজনীতি করে। আমি ওপেন বলছি, এই কুষ্টিয়া না, সারা বাংলাদেশে জামায়াতে ইসলামীর মতো রাজনীতি আপনারা করেন, দেখেন জনগণ আপনাদের কাছেই যাবে।

জামায়াত মিথ্যা মামলা বাণিজ্য করে না, এরা চাঁদাবাজি করে না, এরা মানুষকে ঠকায় না। আন্দাজে এত দিন এই ন্যারেটিভ তৈরি করে এদেরকে কালার করার চেষ্টা করেছে, এখনো করার চেষ্টায় আছে, কিন্তু পারছে না।’

আমির হামজা অভিযোগ করেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি শুধু কুষ্টিয়ায় নয়, দেশের কোনো জায়গায় ঠিক নেই। গত ৫৫ বছরের ভেতরে তলানিতে চলে গেছে। প্রশাসনের হাতে যেন কিছুই নেই, তারা পুতুল হয়ে বসে আছে। কুষ্টিয়ার ডিসি ও এসপি সব ব্যর্থ। এককথায়, বাংলা কথায়, এরা সব ব্যর্থ। এদের কোনো কাজ নেই। জনগণের করের টাকায় তাঁদের বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার দরকার নেই। এদেরকে জেলা থেকে নিয়ে যাক। দুই তারিখে প্রধানমন্ত্রী আসছেন, তাকে সব বলব।’

কারাগারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ জানিয়ে আমির হামজা বলেন, ‘কুষ্টিয়ার কোনো জায়গা নিরাপদ না। দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। মানুষের জন্য আমি কাজ করতে গেছি, আমার কোনো লাভ আছে? আমি তো আর চার আনা ওই জায়গা থেকে খাই না। আন্দাজে একটা দোষ চাপিয়ে দিচ্ছে। এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড যদি চলতেই থাকে, মানুষের বাড়িঘর, জানমাল, ইজ্জত কোনো কিছুর হেফাজত নেই।’

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দুই তারিখে আসবেন কুষ্টিয়াতে, দল-মতনির্বিশেষে উনি সবার প্রধানমন্ত্রী। আমরা দেখছি, কুষ্টিয়ার ভেতরে একটা উৎসাহ কাজ করছে, উদ্দীপনা চলছে। সারা কুষ্টিয়ায় এই রং-চং করা, পরিষ্কার-পরিচ্ছন্ন করা, বিভিন্ন জায়গায় যেইগুলো উনি উদ্বোধন করার কথা জানিয়েছেন, আমরা অন্তত ওয়েলকাম (স্বাগত) জানাই। করুক, আমাদের কুষ্টিয়ায় আসতেছেন, আলহামদুলিল্লাহ।’

আমির হামজা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের সাথে মিল করে যদি আপনাকে আবার চলা লাগে, আর সংসদে আপনি প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলবেন, “আসেন, আমরা সবাই আওয়ামী লীগের বিরুদ্ধে এক হই।” আর এদিকে আপনি ঘাট চালাচ্ছেন আওয়ামী লীগকে সাথে নিয়ে। একটা কথা হলো? আপনার কথার সাথে তো বাস্তবের কোনো মিল নেই।’



সর্বশেষ সব খবর

হেফাজত ইসলাম বাংলাদেশ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩২ পিএম

পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের মন্ত্রী অর্জুন সিংয়ের ‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের’ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না। বাংলাদেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন ও অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করা হবে।

আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এ কথা বলেন।

বিবৃতিতে হেফাজতের নেতারা বলেন, ভারতের পাপেট পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সময় রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ছাত্র-জনতার আন্দোলন দমন করা যায়নি। সেখানে বাইরে থেকে বাংলাদেশ দখলের হুমকি ফাঁকা বুলি ছাড়া কিছু নয়। জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা ভারতের সবচেয়ে বড় পরীক্ষিত অ্যাসেট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করায় দিল্লির সাউথ ব্লক ভয়ে আছে।

বিবৃতিতে বলা হয়, পশ্চিমবঙ্গের চুনোপুঁটিদের লেলিয়ে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশের জনগণ এসব হুমকি পরোয়া করে না। বরং এ দেশে ভারতের আরও যত চিহ্নিত অ্যাসেট আছে, সেগুলোও একে একে নির্মূল করা হবে। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতাও ভারতকে বুঝতে হবে।

হেফাজতের নেতারা বলেন, বাংলাদেশ মানেই আওয়ামী লীগ বা শেখ পরিবার নয়। এ বাস্তবতা বদলে গেছে। ভারত ১৭ বছর ধরে শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশের সার্বভৌমত্ব হরণের চেষ্টা করেছে বলে তাঁরা অভিযোগ করেন।

বিবৃতিতে ভারতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে হেফাজতের নেতারা বলেন, মোদিবিরোধী আন্দোলনের শহীদেরা ছাড়াও ভারতের আগ্রাসী আচরণের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি নেতা ইলিয়াস আলী ও বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার শিকার হয়েছেন। এ ছাড়া পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তার মৃত্যু এবং শহীদ ওসমান হাদির রক্তের দায়ও ভারতের বলে বিবৃতিতে অভিযোগ করা হয়। এতে বলা হয়, এসব ঘটনার জন্য ভারতকে একদিন জবাবদিহি করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারত নিজেদের সংখ্যালঘু মুসলমানদের সুরক্ষা দিতে ব্যর্থ হলেও বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রচার-প্রচারণা ঐক্যবদ্ধভাবে মোকাবিলার ঘোষণা দেন হেফাজতের নেতারা।

বিবৃতিতে হেফাজত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো অজুহাতে বাংলাদেশকে আঘাত করলে পাল্টা আঘাত সেভেন সিস্টার্স হয়ে দিল্লির মসনদও তছনছ করে দিতে পারে। জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতা জীবন বাজি রেখে স্বাধীনতা রক্ষার যে দৃষ্টান্ত দেখিয়েছে, তা বাংলাদেশের জনগণের দৃঢ়তার প্রমাণ। এ লড়াইয়ে সামরিকভাবে শক্তিশালী মুসলিম দেশগুলো ভ্রাতৃত্বের সঙ্গে পাশে থাকবে বলেও তাঁরা বিশ্বাস করেন।

গত মঙ্গলবার ভারতের উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী অর্জুন সিং বলেছিলেন, তাঁরা ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করে নেবেন। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তাঁরা অবশ্যই এর প্রতিশোধ নেবেন, এতে কোনো সন্দেহ নেই।

সর্বশেষ সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জবি ছাত্রদলনেতা রুমির নেতৃত্বে মিছিল

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৬ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৮ পিএম

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের ২ নং যুগ্ম-আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমির নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে মিছিলটি সমাপ্ত হয়।

মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। এ সময় ক্যাম্পাসে সন্ত্রাস, বিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিহত করতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সচেতন থাকার আহ্বান জানানো হয়।

মিছিলের নেতৃত্ব দেওয়া মো. মোস্তাফিজুর রহমান রুমি বলেন,সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা ও অপতৎপরতার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ ও সচেতন ভূমিকা প্রয়োজন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাসে কোনো ধরনের সন্ত্রাস, বিশৃঙ্খলা কিংবা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড বরদাশত করা হবে না। 

তিনি আরও বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় সোচ্চার রয়েছে। যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখব। ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৪৮ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে অসন্তোষের কথা জানিয়ে বিএনপির আরও ছয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদ থেকে তাঁরা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।


আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির ওই ছয় নেতা। তাঁরা হলেন পাটগাতী ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ–কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ এবং ইউনিয়ন বিএনপির সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পদত্যাগকারী নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তাঁরা পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তাঁরা সন্তুষ্ট নন। এ অবস্থায় দলের প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির সব পদ–পদবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।


ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত থাকবেন না বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করেন ওই ছয় নেতা।


ছয় নেতার পদত্যাগের বিষয়ে জানতে পাটগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি নান্টু শেখের সঙ্গে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। মুঠোফোনে সাড়া দেননি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলুও।


লগি–বইঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে ১৫ নভেম্বর গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলো। ওই দিন পুলিশের একটি সাঁজোয়া যানে (এপিসি) আগুন এবং পুলিশ বক্সে ভাঙচুর করা হয়। এসব নাশকতার পর ১৭ নভেম্বর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা এবং ১৯ নভেম্বর মুকসুদপুর থানা পুড়িয়ে দেওয়া হয়। তার পর থেকে ওই দুই থানার কার্যক্রম বন্ধ রয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বিএনপির স্থানীয় তিন সংসদ সদস্যের বাড়ি।


এসব ঘটনায় বিএনপি ও প্রশাসনকে অনেকটা নীরব থাকতে দেখা গেছে। ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে টুঙ্গিপাড়ায় বিভিন্ন সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ নেতা–কর্মী সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। নতুন করে ছয় নেতার পদত্যাগের ঘোষণায় উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের পদত্যাগের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জনে।


এ বিষয়ে গোপালগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কাজী আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘আজ টুঙ্গিপাড়া উপজেলা পাটগাতী ইউনিয়ন বিএনপির ছয় নেতার পদত্যাগের বিষয়ে আমার জানা নেই। তবে এর আগে কয়েকজন পদত্যাগ করেছেন বলে লোকমুখে শুনেছি।’

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৮ পিএম

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। গোপালগঞ্জে ৭৪-এর ন্যায় দুর্ভিক্ষ নেমে এসেছে জানিয়ে চলমান অচলাবস্থা কাটাতে স্থানীয় সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।


পাঠকদের জন্য রাশেদ খাঁনের ফেসবুক পোস্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-


গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় এক ভয়াবহ অচলাবস্থা তৈরি হয়েছে। রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে, সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন। পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রমও স্থবির হয়ে পড়ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক যে বিশাল সাপ্লাই চেইন, সেটাও নিয়মিত চালু রাখা কঠিন হয়ে পড়েছে।


সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও নিজেদেরকে এখন গোপালগঞ্জে নিরাপদ মনে করছে না এবং স্বাভাবিক দায়িত্ব পালন করা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এছাড়া থানা পুড়িয়ে দেওয়ার ফলে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারছে না। এমনকি পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় পুড়িয়ে দেওয়া থানাগুলোর সংস্কার কার্যক্রমও শুরু করা সম্ভবপর হচ্ছে না। এতে করে পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ এখন নানা অপরাধ- অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এক্ষেত্রে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বলা যায় যে, আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও পোড়াও এবং ভাঙচুরের ফলে গোপালগঞ্জে এখন ৭৪ এর ন্যায় দুর্ভিক্ষ নেমে এসেছে।এমতাবস্থায় গোপালগঞ্জের এহেন অচলাবস্থা দূর করে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গোপালগঞ্জের জনগণ যতদ্রুত এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে ততদ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, ইনশাআল্লাহ।

সর্বশেষ সব খবর

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৪ পিএম

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ২৯ ও ৩০ নভেম্বর সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।


সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আজ বুধবার (২৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর (রোববার) ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে সমাবেশ ও মিছিল করবে।


একই দিন দেশব্যাপী জেলা ও মহানগর যুবদলও নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে। পরদিন ৩০ নভেম্বর (সোমবার) উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিলের কর্মসূচি পালন করবে।


ঘোষিত এই কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দিয়েছেন।


যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ২:৫১ পিএম

নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। সোপর্দের আগে ওই নেতাকে ডিম, পানি ও কফি খাওয়ানো হয়। পুলিশে দেওয়া জাভেদ দিদার রাজধানীর লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তাকে পল্টন এলাকা থেকে আটক করা হয়।


মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে পোস্ট করেন রবিউল ইসলাম নয়ন। এতে বলা হয়, ‘নাশকতার পরিকল্পনাকালে পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে হাতেনাতে ধরে ডিম, পানি এবং কফি খাইয়ে পুলিশে সোপর্দ।’


পাঁচ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, জাভেদ দিদারকে রাস্তার পাশে সেদ্ধ ডিম খাওয়াচ্ছেন রবিউল ইসলাম নয়ন। এসময় বেশকিছু মানুষ ভিড় করেছিলেন। পরে দিদারকে একটি রেস্তোরাঁয় নিয়ে কফি পান করিয়ে মিছিল সহকারে এগিয়ে গিয়ে পুলিশের গাড়িতে তাকে তুলে দেওয়া হয়।


এসময় রবিউল ইসলাম নয়ন অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে জাভেদ দিদার গুলিস্তান এলাকায় নাশকতার পরিকল্পনা করছিলেন। তার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পেতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।


ঢাকা মহানগর দক্ষিণে স্বৈরাচারের দোসর হিসেবে যারাই নাশকতার পরিকল্পনা করবে তাদের ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন যুবদলের এ নেতা।

সর্বশেষ সব খবর