জামায়াত আমির দিনাজপুর

  • প্রকাশ : শুক্রবার ২৩ জানুয়ারি, ২০২৬, সময় : ১০:৩৭ এএম

“আমরা চাই, উত্তরবঙ্গ হোক আমাদের কৃষি শিল্পের রাজধানী।” সরকার গঠনের সুযোগ পেলে দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তরের আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।


তিনি বলেছেন, “বৃহত্তর জেলা হিসেবে অনেক জায়গায়ই জেলা হেডকোয়ার্টার হয়েছে সিটি করপোরেশন। 


আপনারা কি সিটি করপোরেশন পেয়েছেন? পান নাই। কেন?


“আপনারা তাহলে কি বাংলাদেশের সৎ ভাই? এ সৎ ভাইকে মানুষ সম্পত্তি দিতে চায় না, তার অধিকার দিতে চায় না। আমরা এই বৈষম্যকে খতম করব ইনশাআল্লাহ।”


আজ শুক্রবার বাদ জুমা দিনাজপুর শহরের গোর-এ-শহীদ ময়দানে দশ দলীয় ঐক্য জোট আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন শফিকুর। 


তিনি বলেন, “আপনাদের ভালোবাসায় সমর্থনে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, সরকার গঠনের সুযোগ পায়; আমরা আপনাদেরকে অত্যন্ত আস্থার সাথে আশ্বস্ত করছি- দিনাজপুর শহর ইনশাআল্লাহ সিটি করপোরেশনে রূপান্তরিত করা হবে।


“সিটি করপোরেশন হওয়ার সাথে সাথে অনেকগুলো উন্নয়ন অটোমেটিক্যালি দিনাজপুর শহর পেয়ে যাবে।”


জামায়াত আমির বলেন, “প্রিয় দিনাজপুরবাসী, পাকিস্তান আমলে যে ১৯টি বড় জেলা ছিল, সেই ১৯ জেলার মধ্যে দিনাজপুর ছিল একটি গুরুত্বপূর্ণ জেলা। দিনাজপুরকে গণ্য করা হয় বাংলাদেশের শস্য ভাণ্ডার হিসেবে।


“সারা বাংলাদেশের খাদ্যের তিন ভাগের এক ভাগ যোগান দেয় বৃহত্তর দিনাজপুর। এই জেলা নিজের উর্বর মাটিতে কঠোর পরিশ্রম করে বাংলাদেশকে যুগের পর যুগ দিয়ে চললেন। বাংলাদেশ দিনাজপুরকে কী দিল?”


শফিকুর রহমান বলেন, “প্রিয় দিনাজপুরবাসী, এখানে কৃষক ভাইয়েরা, বোনেরা, কিষাণীরা- বড় কষ্ট করে ফসল ফলান। বৈজ্ঞানিক প্রযুক্তির এখানে ব্যবহার খুবই সীমিত।


আজকে ২০২৬ সাল, বিশ্বের বিভিন্ন দেশ স্বাধীন হওয়ার ২৫ বছরের ভেতরে কৃষিতে আধুনিক যন্ত্রপাতির সমন্বয় ঘটিয়ে স্বাভাবিক অবস্থার চাইতে চার গুণ বেশি ফসল উৎপাদন করছে। আমরা হাড়ভাঙ্গা পরিশ্রম করি, কিন্তু আমাদের জমিতে সেই ফসল ফলে না।”


“আমরা চাই, উত্তরবঙ্গ হোক আমাদের কৃষি শিল্পের রাজধানী। আমরা সেই শিল্পই এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ। 


কৃষিতে আর পুরনো ধাঁচ এখানে চালানো হবে না। এখানে কৃষিকে আধুনিকায়ন করে আধুনিক লজিস্টিক সরবরাহ করে ন্যায্য এবং স্বল্পমূল্যে কৃষকের হাতে তুলে দিয়ে আমরাই জমির উৎপাদন বাড়িয়ে তুলব ইনশাআল্লাহ।”


জামায়াত আমির শফিকুর বলেন, “একদল দুর্বৃত্ত বলে- আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, সরকার গঠন করি, মা-বোনদেরকে আমরা ঘরে বন্দি রাখব। 


যারা বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতি আজকে নারী সমাজের ভালোবাসা এবং সমর্থন দেখে ভীত সন্ত্রস্ত, তারাই এই সমস্ত কথা বলে আমাদের মা-বোনদেরকে তারা ধোঁকা দিতে চায়।


তারা আমাদের মা-বোনদের সাথে কী আচরণ করে আমাদের মা-বোনরাই সাক্ষী, আমাদের বলতে হবে না। মা-বোনরা তাদেরকে ভালো করে চেনে। 


এরা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করত। এদেশের তরুণ যুবসমাজ কোনোদিন জামায়াতকে সমর্থন করবে না। এদেশের নারী সমাজ কখনো জামায়াতকে মেনে নেবে না।”


তিনি বলেন, “৫ অগাস্টের পর ৩৬ জুলাইয়ের পর বাংলাদেশে সর্ববৃহৎ পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনগুলোতে আমাদের মেয়েরা প্রমাণ করেছে যে- আমরা ছেলেদের চাইতেও ছাত্রশিবিরকে আমাদের আস্থার জন্য বেশি পছন্দ করি।


ওদেরকে জিজ্ঞেস করা হয়েছে- ‘তোমার তো ড্রেস-টেস ঠিক নাই, তুমি ছাত্রশিবিরকে ভোট দিবা কেন?’ 


বলছে যে, ‘ছাত্রশিবিরের কাছে আমরা নিরাপদ, এই জন্য ছাত্রশিবিরকে ভোট দেব’। মায়েরাও আজকে তাই বলছেন- ‘জামায়াতে ইসলামীর কাছে আমরা নিরাপদ, এই জন্যই আমরা জামায়াতে ইসলামীকে বেছে নেব’।”


দিনাজপুরবাসীর উদ্দেশে শফিকুর বলেন, “এখানে প্রচুর পরিমাণ আম উৎপাদন হয়, লিচু উৎপাদন হয়; তাড়াহুড়া করে বিক্রি করতে হয়। 


আমি আগেই বলেছি, এর সংরক্ষণের ব্যবস্থা করা হবে এবং সেখানে আরও উন্নত মানের ইন্ডাস্ট্রি গড়ে তোলা হবে। কী ইন্ডাস্ট্রি?


“আমের রস লিচুর রস উচ্চ মূল্যে বিদেশে বিক্রি হয়। আমাদের দেশে তার ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি না থাকার কারণে কৃষক অস্থির হয়ে যায়- কেমনে তাড়াতাড়ি বিক্রি করে দেবে। এই জন্য সে তার উৎপাদিত ফসলের ফলের সঠিক মূল্য পায় না।


“মাঝখানে মধ্যস্বত্বভোগীদের পেট মোটা হয় খাইতে খাইতে। আমরা এখানে তৃণমূলে ইনশাআল্লাহ সেই ইন্ডাস্ট্রি গুলো গড়ে তুলব। লাভ দুটি হবে- কৃষকরা উৎসাহিত হবে উৎপাদনের ক্ষেত্রে; আর বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের যুবকদের।”



সর্বশেষ সব খবর

মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৩ এএম

 নড়াইলে সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নির্দেশে দুজন বিএনপি নেতা খুন হয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এ দাবি জানান। তিরি বলেন, একজন খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা আমাদের আবেগ ও ভালোবাসার নাম ছিল।

আমরা ছোটবেলা থেকে বেড়ে উঠেছি তার খেলা দেখে। অথচ নড়াইলে মাশরাফি বিন মর্তুজার নির্দেশনায় দুইজন বিএনপি নেতাকে খুন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলবো, এখনো পর্যন্ত কেন ওই খুনি মাশরাফি বিন মর্তুজাকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই?

রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেককে গ্রেফতার করা না হলেও বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘ডামি শিক্ষামন্ত্রী’ নাহিদ এবং প্রতিমন্ত্রী হিরু একে একে গ্রেফতার হয়েছেন। আওয়ামী লীগের বাকি যেসব নেতাকর্মী ও ‘চেলা-চামুণ্ডা’ পালিয়ে আছে, তাদেরও গ্রেফতার করে উচিত জবাব দেওয়া হবে।

গণঅভ্যুত্থান ও সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানে ১৪শ-এর অধিক মানুষ জীবন দিয়েছে। জাতিসংঘ স্বীকৃত যে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ করেছে, এখন তারা গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে যুদ্ধাপরাধ করছে। এই পরিস্থিতিতে দলমত নির্বিশেষে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ও এনসিপিসহ গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তি এই ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আওয়ামী লীগের প্রেতাত্মাদের উচিত জবাব দেবে।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, বাংলাদেশে এখনো যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে—হোক সে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী কিংবা তথাকথিত ভালো বা সুশীল আওয়ামী লীগ—এগুলো দেখার সময় নেই। সব আওয়ামী লীগকে দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। দিল্লিকে আওয়ামী লীগের একমাত্র ঠিকানা। বাংলাদেশে দলটির আর কোনো ঠিকানা হবে না।

সর্বশেষ সব খবর

জামায়াতে ইসলামীর লোগো

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১:০২ এএম

রাজধানীতে শনিবার (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে জানান এহসানুল মাহবুব জুবায়ের।

সর্বশেষ সব খবর

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার নাম হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৭ এএম

রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোরের এক নেতা বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া খেয়ে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন হাবিবুর রহমান। সেখান থেকে লাফিয়ে একটি দোকানের ছাদে যান।


পরে সেখান থেকে তাকে আটক করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার শেরপাড়া মহল্লা থেকে তাকে পুলিশে সোপর্দ করেন বিএনপির নেতা–কর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের গ্রেপ্তার হওয়া এই নেতার নাম হাবিবুর রহমান। তিনি নাটোর সদর থানা লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি।


আবদুর রশিদ রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর। এ ঘটনায় খবর ছড়িয়ে পড়ে, বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার।


আবদুর রশিদ বলেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান এই মহল্লায় এসে ভাড়া বাসায় থাকতেন বিষয়টি আগে থেকে তিনি জানতেন না। কিছুদিন থেকে খেয়াল করেন তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে তিনি চা খেতে আসেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতেও তিনি এসেছিলেন।


আবদুর রশিদ বলেন, বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বিএনপির লোকজন নাটোর বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন। পরে ২০-৩০ জন লোক এসে হাবিবুর রহমানকে মারধর শুরু করেন। তিনি তাদের হাত থেকে ছুটে দৌড় দিয়ে তার (আবদুর রশিদের) বাসায় গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে তিনি পাশের একটি দোকানের ছাদে গিয়ে আশ্রয় নেন। বিএনপির নেতা–কর্মীরা সেখানে তাকে আটক করে আবার মারধরের চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাদের বাধা দেন। পরে খবর দিলে পুঠিয়া থানার পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যান।


ঘটনার প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুন নবী বলেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান ওই এলাকায় এসে দুই মাস ধরে আত্মগোপনে ছিলেন। হামলার শিকার হলে তিনি আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে লাফ দিয়ে আরেকটি দোকানের ছাদে যান।


এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাবিবুর রহমানের নামে নাটোর সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তিনি এজাহারনামীয় আসামি। পুঠিয়া থানা–পুলিশ তাকে গ্রেপ্তার করে নাটোর পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে নাটোর সদর থানার পুলিশের কাছে তারা শুধু হস্তান্তর করেছেন।

সর্বশেষ সব খবর

জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৫ পিএম

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এসব কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‍্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্পের মতো কর্মসূচি রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির লোকজনের সৃষ্ট সহিংসতা এবং গণভোটের গণরায় কার্যকর না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, সংকট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, ‘আজও দেশের ২২টির বেশি জেলায় সংঘাত-হানাহানির ঘটনা ঘটেছে। দুজন নিহত হয়েছেন। গতকাল হাসপাতালে ভাঙচুর, সংসদ সদস্যের বাড়ি ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছে। জামায়াতে ইসলামীর দোকানপাট ও বাসাবাড়িতেও ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একের পর এক এসব ঘটনা ঘটছে। পরিস্থিতি এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, ‘সরকারের ব্যর্থতায় অব্যাহত অবনতিশীল পরিস্থিতির শিকার হচ্ছি আমরা। জনগণ খুবই চিন্তিত, দেশের সামনে কী হতে যাচ্ছে। জাতীয় সংকট মোকাবিলায় জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি সূত্র থাকতে হবে। কিন্তু সরকার সেই জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে সরে যাচ্ছে। গণভোটের গণরায় তারা মানছে না।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বিএনপি মাঠে থাকলেও জামায়াতের অবস্থান কী- এমন এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরাও মাঠেই আছি। আমরা তো আকাশে নেই। তবে প্রতিহত ও প্রতিরোধ শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা জনগণকে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করব।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো নয়, মানুষ খুন করা নয়। নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই হচ্ছে আমাদের প্রতিহত করার বড় শক্তি। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে আমরা দেব না। তবে আমাদের আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে এবং নিয়মতান্ত্রিকভাবে। আমরা কোনো সহিংসতার পথ উন্মুক্ত করে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ দিতে চাই না।’

জামায়াত সেক্রেটারি বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায় জামায়াত। রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে দলগতভাবে ৪০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি হলো:

-  ২১ নভেম্বর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল।
-  ২৫ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।
-  ২৬ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন আয়োজন করবে।
-  ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
-  ৩০ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা/থানা সংগঠন আয়োজন করবে।
-  ২ ডিসেম্বর পোশাকশিল্পে অস্থিরতা ও সংঙ্কট সমাধানে ঢাকায় আলোচনা সভা।
-  ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
-  ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
-  ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।
-  ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।
-  ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।
-  ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে রাজধানীতে আলোচনা সভা।
-  ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র‍্যালি’ আয়োজন করা হবে।
-  ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।
-  ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।
-  ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।
-  ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।
- ২৬-৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

সর্বশেষ সব খবর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:০৬ পিএম

কয়েকটি গাড়ি ও বাড়িতে আগুন দিয়ে বিএনপি সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। তিনি বলেছেন, বিএনপি দিনের ভোট রাতে করে কিংবা ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে দলটি।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশজুড়ে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘একটি দল আবারও ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। কিন্তু গাড়ি-বাড়িতে আগুন দিয়ে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোট দিয়ে এই সরকারকে নির্বাচিত করেছে এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছে। আপনারা কয়েকটি গাড়ি পুড়িয়েই সরকারকে হটিয়ে ফেলবেন বলে যদি ভেবে থাকেন, তাহলে ভুল করবেন।’

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের মানুষ ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারীরা জেগে উঠেছেন। বিরোধী দলে থাকাকালেও তারা মাথা নত করেননি, এখনো করবেন না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সব ভেদাভেদ ভুলে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য দেন নোয়াখালী-১ আসনের বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। বক্তব্যে বিগত সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় প্যারোলে মুক্তি নিয়ে শেখ হাসিনার বিদেশে চলে যাওয়ার প্রসঙ্গ টানেন তিনি।

খোকন বলেন, ‘আপনি প্যারোলে মুক্তি পেয়ে বিদেশে চলে গিয়েছিলেন। আপনি তো দেশে আসবেন না।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্টের আইনজীবী জামিল আখতার এলাহী, মাহবুবুর রহমান খান, গাজী তৌহিদুল ইসলামসহ আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে কয়েকশ আইনজীবী অংশ নেন।

সর্বশেষ সব খবর

রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে ব্রিফিং করেন জোটের নেতা মামুনুল হক। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২৭ পিএম

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য মাঠে থেকে দেশবিরোধী যেকোনো নৈরাজ্য প্রতিহত করবে বলেছেন জোটের অন্যতম নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি বলেন, সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে নৈরাজ্য চলছে, সরকার তা কঠোর হাতে দমন করবে, সেটাই আশা করছে জামায়াত জোট।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টুরোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানে সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন মামুনুল হক। এর আগে জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে ১১ দলীয় ঐক্যের বৈঠক হয়।

বৈঠক শেষে মামুনুল হক বলেন, “ইনশাআল্লাহ আমরা ১১ দল রাজপথে আছি, অব্যাহতভাবে জনগণকে সাথে নিয়ে রাজপথে দেশবিরোধী যেকোনো অপতপরতা, যেকোন সন্ত্রাসী কার্যকলাপ, যেকোনো নৈরাজ্যকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।”

তিনি বলেন, “নৈরাজ্যবাদী শক্তিকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই নৈরাজ্যের মাধ্যমে, জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে কোনোদিন এইভাবে একটি দেশকে, একটি জাতিকে পরাস্ত করে দিতে পারবে বলে যদি তারা মনে করে থাকে, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছে। “আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবে। জনগণকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে সকলে সম্মিলিত গণপ্রতিরোধের মাধ্যমে এই অপশক্তি কে প্রতিহত করতে হবে।”

বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বৈঠকের বিষয়ে মামুনুল হক বলেন, “ঐক্যের যে প্রশ্ন, সেটা সরকার অনুভব করছে বলে স্বীকার করছে। আমাদের পক্ষ থেকে বরাবরই বার্তা দেওয়া হচ্ছে যে ঐক্যের প্রধান ভিত হবে বিপ্লবের চেতনা বাস্তবায়ন এবং অবশ্যই গণভোটের রায় কার্যকর করা। সেটার ভিত্তিতে আমরা আশা করি যে গণভোটের রায় কার্যকর করা নিয়ে দেশের সাধারণ মানুষের যে কনসার্ন আছে সেটাকে সরকার নতুন করে আমলে নেবে।”

তিনি আশা প্রকাশ করে বলেন, “সরকার যে অব্যাহতভাবে গণরায়কে উপেক্ষা করার, যে মনোভাব তাদের ছিল সেখান থেকে সরকার পিছু হটবে এবং জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই নৈরাজ্যের বিরুদ্ধে তারা কার্যকর প্রতিরোধ গড়ে তুলবে।”

জোটের বৈঠকে অন্য মধ্যে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান, এলডিপির প্রেসিডেন্ট অলি আহমদ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিনিয়র আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

সর্বশেষ সব খবর