মো. নাহিদ ইসলাম

  • প্রকাশ : বৃহস্পতিবার ২০ আগস্ট, ২০২৬, সময় : ৫:৪৫ পিএম

সংবিধানের ৭০ অনুচ্ছেদ না থাকলে এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতি পদটি আরও বেশি সম্মানিত হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।


নাহিদ বলেছেন, বিএনপি সরকার প্রশাসনের সব জায়গায় দলীয়করণ করছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনেও একপ্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন, যেখানে স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে দুপুরে সংসদ ভবনে সাংবাদিকদের নাহিদ ইসলাম এ কথা বলেন।


আজ দুপুরে জাতীয় সংসদের সংসদকক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।


রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলের বিরোধীদলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।


সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা আছে। আর সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী, দলীয় সিদ্ধান্তের বাইরে সংসদ সদস্যদের ভোট দেওয়ার সুযোগ নেই। ফলে মির্জা ফখরুলের জয় ভোট গ্রহণের আগেই কার্যত নিশ্চিত হয়ে গেছে।


এ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘৭০ অনুচ্ছেদ না থাকলে এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ থাকলে রাষ্ট্রপতির পদটি আরও বেশি সম্মানিত হতো। পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের দিকেও আমরা এগোতে পারতাম। কিন্তু সেটা হচ্ছে না।’


এনসিপির আহ্বায়ক বলেন, তাঁরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। সরকার কোনো সংস্কার না করলেও তাঁরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছেন। নির্বাচনটি যাতে প্রতিযোগিতামূলক হয় এবং এ প্রক্রিয়া নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়, সে জন্যই তাঁরা নির্বাচনে অংশ নিয়েছেন।


নাহিদ বলেন, বিরোধী দলের জোট থেকে প্রার্থী দিয়ে তাঁরা নির্বাচনে অংশ নিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতা ছাড়া সরকারি দল যেন এককভাবে তাদের দলীয় প্রার্থী নির্বাচিত করতে না পারে, সে জন্যই তাঁরা প্রার্থী দিয়েছেন। জনগণের কাছে রাজনৈতিক বার্তা দিতেই তাঁদের এই নির্বাচনে অংশগ্রহণ।


পুরোনো স্বৈরতান্ত্রিক ব্যবস্থারই ধারাবাহিকতা


এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে পুরোনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতা হিসেবে দেখছেন নাহিদ ইসলাম। বিরোধীদলীয় চিফ হুইপের অভিযোগ, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও কাজের ক্ষেত্রে আগের ব্যবস্থাই অনুসরণ করছে। 


এর মাধ্যমে আবারও ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতাই বজায় থাকছে। রাষ্ট্রপতি নির্বাচন জনগণের কাছে সেই বার্তাই দিচ্ছে।


রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সংসদের অধিবেশনের পরিবর্তে বৈঠক ডাকা এবং সেখানে স্পিকারের পরিবর্তে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্ব করার বিষয়টিও উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিরোধী দল গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল এবং একটি প্রতিযোগিতামূলক গণতন্ত্র চায়-এ বার্তা দেওয়ার জন্যই নির্বাচনে অংশ নিয়েছে।


নাহিদ ইসলামের ভাষ্য, বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল। কিন্তু তা করা হয়নি। ফলে বিএনপি মুখে এক কথা বলছে, কাজে আরেকটি করছে।


রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী


নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায়, জনগণ ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গেও তারা বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেন তিনি।


নাহিদ ইসলাম বলেন, সরকার সারা দেশে, প্রশাসনের সব জায়গায় দলীয়করণ করছে। এখন রাষ্ট্রপতি নির্বাচনেও একপ্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন।


নাহিদ আরও বলেন, এখানে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার কোনো সুযোগ নেই। এ কারণে সরকার আর গণতন্ত্রের পক্ষে আছে-এমনটা মনে করার সুযোগ নেই।




  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩১ এএম

সাত দফা দাবি আদায়সহ বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানাতে রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।


দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, ১১ দলীয় ঐক্যের উত্থাপিত সাত দফা দাবি বাস্তবায়ন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ কর্মসূচি নেওয়া হয়েছে।


কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান তিনি।


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১১:২৬ এএম

মরণব্যাধী ক্যানসারে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান।শুক্রবার (২০ নভেম্বর) রাতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে নিজের শারীরিক এই অবস্থার কথা জানান তিনি। তবে ভিডিওটি কোন সময়ের তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ভিডিওটিতে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” ক্যানসারটি চতুর্থ স্টেজে পৌঁছে গেছে উল্লেখ করে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”


মাশরাফিকে গ্রেফতারের দাবি রাশেদ খাঁনের। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৩ এএম

 নড়াইলে সাবেক এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার নির্দেশে দুজন বিএনপি নেতা খুন হয়েছে। তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আমজনতার দল’ এর উদ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ তিনি এ দাবি জানান। তিরি বলেন, একজন খেলোয়াড় মাশরাফি বিন মর্তুজা আমাদের আবেগ ও ভালোবাসার নাম ছিল।

আমরা ছোটবেলা থেকে বেড়ে উঠেছি তার খেলা দেখে। অথচ নড়াইলে মাশরাফি বিন মর্তুজার নির্দেশনায় দুইজন বিএনপি নেতাকে খুন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলবো, এখনো পর্যন্ত কেন ওই খুনি মাশরাফি বিন মর্তুজাকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই?

রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেককে গ্রেফতার করা না হলেও বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় ‘ডামি শিক্ষামন্ত্রী’ নাহিদ এবং প্রতিমন্ত্রী হিরু একে একে গ্রেফতার হয়েছেন। আওয়ামী লীগের বাকি যেসব নেতাকর্মী ও ‘চেলা-চামুণ্ডা’ পালিয়ে আছে, তাদেরও গ্রেফতার করে উচিত জবাব দেওয়া হবে।

গণঅভ্যুত্থান ও সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন, গণঅভ্যুত্থানে ১৪শ-এর অধিক মানুষ জীবন দিয়েছে। জাতিসংঘ স্বীকৃত যে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ করেছে, এখন তারা গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে যুদ্ধাপরাধ করছে। এই পরিস্থিতিতে দলমত নির্বিশেষে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ও এনসিপিসহ গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তি এই ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আওয়ামী লীগের প্রেতাত্মাদের উচিত জবাব দেবে।

প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, বাংলাদেশে এখনো যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলছে—হোক সে সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী কিংবা তথাকথিত ভালো বা সুশীল আওয়ামী লীগ—এগুলো দেখার সময় নেই। সব আওয়ামী লীগকে দিল্লিতে পাঠিয়ে দিতে হবে। দিল্লিকে আওয়ামী লীগের একমাত্র ঠিকানা। বাংলাদেশে দলটির আর কোনো ঠিকানা হবে না।


জামায়াতে ইসলামীর লোগো

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১:০২ এএম

রাজধানীতে শনিবার (২১ নভেম্বর) বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াও এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের জানান, শনিবার (২১ নভেম্বর) বেলা ১টা ৩০ মিনিটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে জানান এহসানুল মাহবুব জুবায়ের।


কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতার নাম হাবিবুর রহমান। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৭ এএম

রাজশাহীর পুঠিয়ায় আত্মগোপনে থাকা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোরের এক নেতা বিএনপির নেতা–কর্মীদের ধাওয়া খেয়ে পুঠিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শেরপাড়া মহল্লার বাসিন্দা ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রশিদ মন্ডলের বাড়িতে গিয়ে আশ্রয় নেন হাবিবুর রহমান। সেখান থেকে লাফিয়ে একটি দোকানের ছাদে যান।


পরে সেখান থেকে তাকে আটক করে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে পুঠিয়া পৌরসভার শেরপাড়া মহল্লা থেকে তাকে পুলিশে সোপর্দ করেন বিএনপির নেতা–কর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের গ্রেপ্তার হওয়া এই নেতার নাম হাবিবুর রহমান। তিনি নাটোর সদর থানা লক্ষ্মীপুর কোলাবাড়িয়া ইউনিয়ন কমিটির সভাপতি।


আবদুর রশিদ রাজশাহী-৬ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মন্ডলের ভাতিজা ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খানের শ্বশুর। এ ঘটনায় খবর ছড়িয়ে পড়ে, বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার।


আবদুর রশিদ বলেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান এই মহল্লায় এসে ভাড়া বাসায় থাকতেন বিষয়টি আগে থেকে তিনি জানতেন না। কিছুদিন থেকে খেয়াল করেন তার বাড়ির সামনে একটি চায়ের দোকানে তিনি চা খেতে আসেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতেও তিনি এসেছিলেন।


আবদুর রশিদ বলেন, বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বিএনপির লোকজন নাটোর বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন। পরে ২০-৩০ জন লোক এসে হাবিবুর রহমানকে মারধর শুরু করেন। তিনি তাদের হাত থেকে ছুটে দৌড় দিয়ে তার (আবদুর রশিদের) বাসায় গিয়ে আশ্রয় নেন। সেখান থেকে তিনি পাশের একটি দোকানের ছাদে গিয়ে আশ্রয় নেন। বিএনপির নেতা–কর্মীরা সেখানে তাকে আটক করে আবার মারধরের চেষ্টা করেন। তবে স্থানীয় লোকজন তাদের বাধা দেন। পরে খবর দিলে পুঠিয়া থানার পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যান।


ঘটনার প্রত্যক্ষদর্শী রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সদস্য মাহমুদুন নবী বলেন, যুবলীগ নেতা হাবিবুর রহমান ওই এলাকায় এসে দুই মাস ধরে আত্মগোপনে ছিলেন। হামলার শিকার হলে তিনি আবদুর রশিদের বাড়িতে আশ্রয় নেন। পরে সেখান থেকে লাফ দিয়ে আরেকটি দোকানের ছাদে যান।


এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হাবিবুর রহমানের নামে নাটোর সদর থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তিনি এজাহারনামীয় আসামি। পুঠিয়া থানা–পুলিশ তাকে গ্রেপ্তার করে নাটোর পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে নাটোর সদর থানার পুলিশের কাছে তারা শুধু হস্তান্তর করেছেন।


জামায়াতের লোগো। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ১৯ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৫ পিএম

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এসব কর্মসূচি পালন করবে দলটি। এর মধ্যে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‍্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্পের মতো কর্মসূচি রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ভারতে অবস্থানরত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ইঙ্গিত করে সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার ঘোষণা ঘিরে দলটির লোকজনের সৃষ্ট সহিংসতা এবং গণভোটের গণরায় কার্যকর না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, সংকট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, ‘আজও দেশের ২২টির বেশি জেলায় সংঘাত-হানাহানির ঘটনা ঘটেছে। দুজন নিহত হয়েছেন। গতকাল হাসপাতালে ভাঙচুর, সংসদ সদস্যের বাড়ি ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা হয়েছে। জামায়াতে ইসলামীর দোকানপাট ও বাসাবাড়িতেও ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একের পর এক এসব ঘটনা ঘটছে। পরিস্থিতি এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে।’ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, ‘সরকারের ব্যর্থতায় অব্যাহত অবনতিশীল পরিস্থিতির শিকার হচ্ছি আমরা। জনগণ খুবই চিন্তিত, দেশের সামনে কী হতে যাচ্ছে। জাতীয় সংকট মোকাবিলায় জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলার একটি সূত্র থাকতে হবে। কিন্তু সরকার সেই জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে সরে যাচ্ছে। গণভোটের গণরায় তারা মানছে না।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বিএনপি মাঠে থাকলেও জামায়াতের অবস্থান কী- এমন এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘আমরাও মাঠেই আছি। আমরা তো আকাশে নেই। তবে প্রতিহত ও প্রতিরোধ শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা জনগণকে নিয়েই ফ্যাসিবাদ প্রতিহত করব।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো নয়, মানুষ খুন করা নয়। নিয়মতান্ত্রিক ও অহিংস আন্দোলনে জনগণই হচ্ছে আমাদের প্রতিহত করার বড় শক্তি। ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে আমরা দেব না। তবে আমাদের আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে এবং নিয়মতান্ত্রিকভাবে। আমরা কোনো সহিংসতার পথ উন্মুক্ত করে ফ্যাসিবাদের ফিরে আসার সুযোগ দিতে চাই না।’

জামায়াত সেক্রেটারি বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায় জামায়াত। রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে দলগতভাবে ৪০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি হলো:

-  ২১ নভেম্বর বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল।
-  ২৫ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।
-  ২৬ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন আয়োজন করবে।
-  ২৯ নভেম্বর ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
-  ৩০ নভেম্বর সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা/থানা সংগঠন আয়োজন করবে।
-  ২ ডিসেম্বর পোশাকশিল্পে অস্থিরতা ও সংঙ্কট সমাধানে ঢাকায় আলোচনা সভা।
-  ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
-  ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
-  ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।
-  ১৩ ডিসেম্বর ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।
-  ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।
-  ১৫ ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে রাজধানীতে আলোচনা সভা।
-  ১৬ ডিসেম্বর রাজধানীসহ দেশব্যাপী ‘বিজয় র‍্যালি’ আয়োজন করা হবে।
-  ১৯ ডিসেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।
-  ২০ ডিসেম্বর চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।
-  ২১ ডিসেম্বর প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।
-  ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।
- ২৬-৩১ ডিসেম্বর দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।