• প্রকাশ : সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ২:৫০ পিএম

বর্তমানে মানুষের নিত্যসঙ্গী স্মার্টফোনের মতোই হেডফোন বা ইয়ারফোনগুলোও পরিচিত ডিভাইস। কর্মক্ষেত্রে, বাসে, ঘরে বা শরীরচর্চার সময় সবখানেই এর ব্যবহার দেখা যায়। ‘ওভার-ইয়ার’ বা ‘ইন-ইয়ার’ যে কোনো ধরনেই হোক না কেন হেডফোন এখন কেবল গান শোনার স্পিকারের চেয়েও বেশি কিছু হয়ে উঠেছে।


‘এয়ারপডস প্রো ৩’-এর মতো আধুনিক ও উন্নত মডেলগুলোতে রয়েছে ‘অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন’ বা এএনসি প্রযুক্তি, যা আশপাশের কোলাহল বা বিরক্তিকর শব্দ ঠেকিয়ে কানে আসা শব্দে পুরোপুরি মনোযোগ দিতে দারুণ কার্যকর বলে প্রতিবেদনে লিখেছৈ প্রযুক্তি সংবাদের সাইট এনগ্যাজেট।


অনেক ব্যবহারকারীর কাছেই সেরা হেডফোনের ক্ষেত্রে এএনসি এখন জরুরি ফিচার। কফি শপের গুঞ্জন বা বাইরের যন্ত্রপাতির কোলাহল থামিয়ে দেওয়ার সুবিধাটি স্পষ্ট হলেও এএনসির কিছু নেতিবাচক দিকও রয়েছে, যা হয়ত অনেকের অজানা।


নয়েজ ক্যানসেলেশন যেভাবে কাজ করে


এএনসি প্রযুক্তিটিকে জাদুকরী মনে হলেও এর পেছনে রয়েছে পদার্থবিজ্ঞানের জটিল সমীকরণ। প্রযুক্তিটি কয়েক দশক ধরে থাকলেও ভোক্তা পর্যায়ের হেডফোন ও ইয়ারবাডে এর জনপ্রিয়তা বেশ কিছুদিন ধরে বাড়ছে।


ইয়ারফোনে থাকা একাধিক মাইক্রোফোনের সাহায্যে এটা চালিত হয়। এসব মাইক্রোফোন সবসময় আশপাশের পরিবেশের শব্দ, যেমন গাড়ির আওয়াজ, মানুষের কথা বা শিশুর কান্নার শব্দ পর্যবেক্ষণ করতে থাকে।


বিজ্ঞানের নিয়ম অনুসারে, প্রতিটি শব্দই কম্পনের মাধ্যমে তৈরি তরঙ্গ ও সেই কম্পনের নির্দিষ্ট মান বা ফ্রিকোয়েন্সি রয়েছে। যখন দুটি বিপরীতমুখী তরঙ্গ একে অপরের মুখোমুখি হয় তখন এরা একে অপরকে বাতিল করে, যাকে বলে ‘ডেস্ট্রাকটিভ ইন্টারফিয়ারেন্স’।


এএনসি প্রযুক্তিটি মাইক্রোফোনের মাধ্যমে আশপাশের অডিও ধারণ করে তা বিশ্লেষণ করে ও এরপর বিপরীতমুখী সিগনাল বা তরঙ্গ তৈরি করে। ফলে মূল শব্দ ও বিপরীত তরঙ্গটি মিলে বাইরের বেশিরভাগ শব্দকে আটকে দেয়।


তবে এ পুরো প্রক্রিয়াটি মিলি সেকেন্ডের মধ্যে হিসাব করার জন্য হেডফোনে শক্তিশালী এক চিপের প্রয়োজন। কারণ সামান্য বিলম্ব বা দেরি পুরো অভিজ্ঞতাই নষ্ট করে দিতে পারে।


এ কারণে এএনসিওয়ালা হেডফোন ও ইয়ারবাডের দাম কিছুটা বেশি এবং ‘প্যাসিভ নয়েজ ক্যানসেলেশন’ ডিভাইস থেকে এগুলো আলাদা। প্যাসিভ ক্যানসেলেশন কেবল ইয়ারকাপ বা ইয়ারবাডের মাধ্যমে কানের শারীরিক বিচ্ছিন্নতার ওপর নির্ভর করে।


অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশনের সুফল ও কুফল


অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন বা এএনসি প্রযুক্তিওয়ালা হেডফোন বা ইয়ারফোন ব্যবহারের অভিজ্ঞতা একবার অভ্যস্ত হয়ে গেলে পুরনো অভ্যাসে ফিরে যাওয়া কঠিন হয়ে পড়ে। দৈনন্দিন জীবনে এর যেমন রয়েছে নানাবিধ সুফল তেমনই রয়েছে কিছু কুফলও।


সুফল


●     প্লেনের দীর্ঘ যাত্রায় বা আশপাশের বিরক্তিকর কোলাহল দূর করতে এএনসি প্রযুক্তি কার্যকর।


●     বাইরের শব্দ ভেদ করে শুনতে হয় না বলে কোনো ধরনের বিভ্রান্তি ছাড়াই গানে বা মুভিতে আরও বেশি নিখুঁত সুর ও শব্দ উপভোগ করা যায়।


●     বাইরের শোরগোল এড়াতে কানের ভলিউম বাড়িয়ে দেওয়ার প্রয়োজন হয় না। ফলে উচ্চ শব্দের কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কমে যায়।


●     ফোন কলে অপর প্রান্তের ব্যক্তিকে স্পষ্ট শোনা যায়। গান না শুনেও কেবল নীরবতা ধরে রেখে পড়াশোনা বা কাজে মনোযোগ দেওয়ার ক্ষেত্রে এটা সহায়ক।


●     অতিরিক্ত বাহ্যিক উদ্দীপনায় বিরক্ত হন এমন ব্যক্তিদের জন্য এএনসি বেশ উপকারী। অনেকে ঘুমানোর সময়ও এএনসি ইয়ারবাড ব্যবহার করেন।


কুফল


●     এএনসি প্রযুক্তি প্লেন বা এয়ারপন্ডিশনারের মতো নিচু ও অবিরাম শব্দের ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে। তবে হর্ন বা মানুষের চিৎকারের মতো হঠাৎ জোরালো শব্দের ক্ষেত্রে এটা ততটা কার্যকর নয়।


●     নির্দিষ্ট কিছু মডেলের ক্ষেত্রে এএনসি চালুর ফলে অডিও কোয়ালিটি কিছুটা কমে যেতে পারে। আবার অনেক ব্যবহারকারী কান ব্যথার অভিযোগও করেন।


●     আশপাশের জগৎ থেকে অতিরিক্ত বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে রাস্তা পার হওয়া বা সাইকেল চালানোর মতো অতিরিক্ত মনোযোগের পরিস্থিতিতে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে।


●     এএনসি চালু রেখে আশপাশের মানুষের সঙ্গে কথা বলা বেশ কঠিন। কিছু গবেষণায় দেখা গেছে, এটা মস্তিষ্কের ব্যাকগ্রাউন্ড নয়েজ ফিল্টার করার সক্ষমতার ওপরও প্রভাব ফেলতে পারে। এ সমস্যার সমাধানে অনেক হেডফোনে ট্রান্সপারেন্সি মোডের মতো হাইব্রিড মোড রাখা হয়।


●     এএনসি ফিচারটি চালু রাখলে ব্যাটারি দ্রুত শেষ হয়। সারাদিন ব্যাকআপ পেতে অনেকে ফিচারটি বন্ধ রাখলেও নীরবতার বিনিময়ে ব্যাটারি খরচ মেনে নেন।




ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ১১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৮ পিএম

বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ব্যক্তিগত সুরক্ষার কথা ভেবে প্রায়ই তারা নতুন ফিচার নিয়ে আসে। সম্প্রতি নতুন একটি ফিচার  আনতে যাচ্ছে তারা। এরই মধ্যে শুরু হয়ে পর্যবেক্ষণ। জানা গেছে  এবার ইউজারনেম ব্যবহারকারীরা ঠিক করতে পারবেন, কারা তাদের ফোন নম্বর দেখতে পারবেন। অর্থাৎ, নিজের ফোন নম্বর অন্যদের কাছে দৃশ্যমান থাকবে কি না, তা নিয়ন্ত্রণের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। 


প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন এই প্রাইভেসি সেটিংস নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। তবে ফিচারটি এখনো কাজ চলছে। এমনকি বিটা পরীক্ষার জন্যও এটি উন্মুক্ত করা হয়নি।


ইউজারনেম ব্যবহারে ফোন নম্বর থাকবে গোপন


সম্প্রতি হোয়াটসঅ্যাপে ইউজারনেম সুবিধা চালুর প্রস্তুতি নিচ্ছে মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম। এর মাধ্যমে ফোন নম্বর না জেনেও শুধু ইউজারনেম ব্যবহার করে কাউকে খুঁজে পাওয়া এবং যোগাযোগ করা যাবে। বর্তমানে কেউ ইউজারনেম সেট করলে যাঁদের ফোনে তার নম্বর সংরক্ষিত নেই, তাঁদের কাছ থেকে নম্বরটি স্বয়ংক্রিয়ভাবে গোপন থাকে। ফলে অপরিচিত কেউ ইউজারনেমের মাধ্যমে যোগাযোগ করলেও সহজে ফোন নম্বর দেখতে পারবেন না। তবে এবার এই ব্যবস্থায় আরও নিয়ন্ত্রণ যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ।


ফোন নম্বর কে দেখতে পারবেন, বেছে নেয়া যাবে


নতুন ফিচার চালু হলে হোয়াটসঅ্যাপের প্রাইভেসি সেটিংসে ফোন নম্বর দৃশ্যমানতার জন্য আলাদা একটি বিভাগ যুক্ত হবে। সেখানে ব্যবহারকারীরা চারটি অপশন পাবেন। এগুলো হলো এভরিওয়ান, মাই কন্টাক্টস, মাই কন্টাক্টস এক্সেপ্ট এবং নোবডি। অর্থাৎ, ব্যবহারকারী চাইলে সবাইকে নিজের নম্বর দেখার অনুমতি দিতে পারবেন। আবার শুধু ফোনে সংরক্ষিত পরিচিত ব্যক্তিদের জন্য নম্বর দৃশ্যমান রাখতে পারবেন। নির্দিষ্ট কয়েকজনকে বাদ দেওয়ার সুযোগও থাকবে। আর কেউ চাইলে সবার কাছ থেকেই নম্বর গোপন রাখতে পারবেন।


ইউজারনেম ব্যবহারকারীদের ক্ষেত্রে ডিফল্ট সেটিংস হিসেবে ‘নোবডি’ রাখা হবে। অর্থাৎ, কেউ আলাদাভাবে পরিবর্তন না করলে তাঁর ফোন নম্বর গোপনই থাকবে। তবে যাঁদের কাছে আগে থেকেই ওই ব্যক্তির ফোন নম্বর সংরক্ষিত রয়েছে, তাঁরা আগের মতোই নম্বরটি দেখতে পারবেন।


সেটিংস পরিবর্তনে থাকবে সতর্কবার্তা


নতুন সেটিংস পরিবর্তন করার সময় ব্যবহারকারীদের একটি সতর্কবার্তা দেখাবে হোয়াটসঅ্যাপ। কারণ, দৃশ্যমানতার অপশন পরিবর্তন করলে আগে তৈরি করা ব্যতিক্রম বা এক্সেপশন তালিকা রিসেট হয়ে যেতে পারে। ফলে আগে যাঁদের নম্বর দেখার অনুমতি দেওয়া হয়নি, তাঁরাও নতুন সেটিংস অনুযায়ী নম্বর দেখতে পারেন। তাই পরিবর্তন কার্যকর করার আগে ব্যবহারকারীদের বিষয়টি নিশ্চিত করতে হবে।


হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড বিটা সংস্করণ ২.২৬.৪৫.১-এ নতুন এই ফিচারের সন্ধান পাওয়া গেছে। তবে এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে পৌঁছায়নি। কবে নাগাদ সব ব্যবহারকারীর জন্য সুবিধাটি চালু হবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি। ফিচারটি চালু হলে ইউজারনেম ব্যবহার করেও ফোন নম্বরের গোপনীয়তা বজায় রাখা আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১০ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১০ পিএম

স্মার্ট ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করার জন্য কমবেশি সবাই বাড়িতে ব্রডব্যান্ড সংযোগ নেন। এর সঙ্গে প্রয়োজন হয় ওয়াই-ফাই রাউটার। কিন্তু অনেকে জানেন না, সারারাত ওয়াই-ফাই রাউটার সক্রিয় থাকলে ঘটতে পারে বেশ কিছু বিপদ। 


ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ থেকে প্রকাশিত গবেষণা রিপোর্টে বলা হয়, রাউটার থেকে যে তরঙ্গ বা ইলেকট্রো ম্যাগনেটিক রে নির্গত হয়, তা মস্তিষ্কের জন্য বিপজ্জনক। যদি ওই তরঙ্গ বারবার শরীরে প্রবেশ করে তাহলে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। 


ওই রিপোর্ট থেকে জানা গেছে, এমন কিছু মানুষের ওপর সমীক্ষা চালানো হয়েছে, যারা ঠিক মাথার কাছে স্মার্টফোন বা রাউটার সংযোগ দিয়ে ঘুমিয়ে পড়েন। 


এ ক্ষেত্রে তাদের সবার কমবেশি অনিদ্রা, মাইগ্রেন ও মাথাব্যথার মতো বেশ কিছু সমস্যা শনাক্ত হয়েছে। এমনকি ওই রিপোর্টে প্রকাশ, ওয়াই-ফাই রাউটার থেকে নির্গত তরঙ্গ ক্যান্সারের কারণ হতে পারে। এ ছাড়া স্নায়বিক ও প্রজননের সমস্যা হতে পারে। 


স্লিপিং ডিজঅর্ডারের সমস্যা তৈরির পেছনে এটি অনেক বড় কারণ। ইলেকট্রনিকস ডিভাইস থেকে দুই ধরনের বিকিরণ হয়– আয়োনাইজিং ও নন-আয়োনাইজিং রেডিয়েশন। এতদিন পর্যন্ত নন-আয়োনাইজিং বিকিরণ থেকে তেমন ক্ষতিকারক প্রভাবের প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এবার সে বিষয়েও সতর্ক করছেন চিকিৎসকরা। ঠিক এ কারণে রাতে অবশ্যই যেন রাউটার সংযোগ বন্ধ রাখা হয়। ঘুমের সময় বিছানার পাশে ফোন না রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।


পৃথিবীতে দেখা মিলল মিনি চাঁদের

  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৮ এএম

পৃথিবীতে একটি নতুন মিনি চাঁদ দেখা গেছে। এই মহাকাশ শিলার নাম দেওয়া হয়েছে ২০২৬ কিউকিউ৮। গত এপ্রিলে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করলেও গত আগস্টে এটি প্রথম নজরে আসে বিজ্ঞানীদের। এই মিনি চাঁদকে বড়দিনের সময় পর্যন্ত পৃথিবীর আকাশে দেখা যাবে। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের মাইনর প্ল্যানেট সেন্টার এই আবিষ্কারের তথ্য প্রকাশ করে। মিনি চাঁদটি ডিসেম্বর পর্যন্ত পৃথিবীর মহাকর্ষের টানে থাকবে। আর ২০২৭ সালে এটি মহাকাশ থেকে ছিটকে দূরে চলে যাবে। বিজ্ঞানীরা কিউকিউ৮-এর কক্ষপথের পথ পুনর্গঠন করেছেন। তারা দেখতে পেয়েছেন, শিলাটি সূর্যকে প্রদক্ষিণ করতে ৩৫০ দিনের বেশি সময় নেয়, যা পৃথিবীর এক বছরের সমান। কিউকিউ৮ প্রতি ১০ বছরে একবার পৃথিবীর খুব কাছাকাছি আসে। তবে এবারের ঘটনায় শিলাটি বেশ কাছে চলে আসে বলে পৃথিবী মহাকর্ষীয় টানে শিলাকে আটকে নেয়।


মাইনর প্ল্যানেট সেন্টার জানায়, এই অবস্থানকালে কিউকিউ৮ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি আসে প্রায় ৩ লাখ ৫৩ হাজার মাইল দূরত্বে। এই দূরত্ব পৃথিবী ও চাঁদের গড় দূরত্বের চেয়ে প্রায় ১ লাখ ১০ হাজার মাইল বেশি দূরে অবস্থিত। কিউকিউ৮ যদি সরাসরি পৃথিবীর সঙ্গে সংঘর্ষের দূরত্বেও চলে আসত তবু এটি ভূপৃষ্ঠে পৌঁছানোর আগেই পৃথিবীর বায়ুমণ্ডলে পুরোপুরি ধ্বংস হয়ে যেত। শিলাটির ব্যাস মাত্র ৬ ফুট বা ২ মিটার। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলে এটি একটি উজ্জ্বল অগ্নিগোলকের মতো জ্বলে উঠত। এটি পৃথিবীর বায়ুমণ্ডলে পুড়ে ছাই হয়ে যাওয়ার উপযুক্ত আকৃতির একটি মহাকাশ পাথর।


পৃথিবী নিজের জন্য নতুন মিনি চাঁদ আটকে নেওয়ার ঘটনা এটি প্রথম নয়। এ ধরনের অস্থায়ী স্যাটেলাইট অতীতেও অনেকবার ধরা পড়েছে। গত বছরের গবেষণায় বলা হয়, পৃথিবীকে যে কোনো সময়ে প্রায় ছয়টি মিনি চাঁদ প্রদক্ষিণ করতে পারে। এর মধ্যে অনেকগুলো আরও স্থায়ী প্রাকৃতিক উপগ্রহ চাঁদের টুকরা হতে পারে। কিউকিউ৮ আকৃতিতে ক্ষুদ্র হলেও এটি গড় মিনি চাঁদের চেয়ে আকারে বড়। চলতি বছরের শুরুতে করা মডেলিং অনুযায়ী অস্থায়ী স্যাটেলাইটের গড় আকার প্রায় ৭৫ সেন্টিমিটার বা ৩০ ইঞ্চি হয়। একই মডেলিং থেকে জানা যায়, এ ধরনের বস্তুর গড় স্থায়িত্বকাল প্রায় ৯ মাস হয়। 

সূত্র: স্পেস ডটকম


  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৬ পিএম

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি দেখলেন। ছবিতে দেখা যাচ্ছে, একটি বাঘ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আশপাশে উৎসুক মানুষের ভিড়। ছবিটি দেখে অনেকেই অবাক হচ্ছেন, কেউ আবার শেয়ারও করছেন। কিন্তু কিছুক্ষণ পর জানা গেল, ঘটনাটি আদৌ ঘটেনি। পুরো ছবিটিই তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে। একসময় এআই দিয়ে তৈরি ছবি চেনা তুলনামূলক সহজ ছিল। মানুষের হাতে ছয়টি আঙুল, অস্বাভাবিক চোখ কিংবা মুখ দেখে সন্দেহ করা যেত। কিন্তু প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এসব ভুল অনেকটাই কমে এসেছে। এখন এমন সব ছবি তৈরি হচ্ছে, যেগুলো দেখে বাস্তব ছবি থেকে আলাদা করা বেশ কঠিন। তাই কোনো ছবি দেখে বিশ্বাস করার আগে একটু যাচাই করে নেওয়া জরুরি। 


বিশেষ করে কোনো দুর্ঘটনা, রাজনৈতিক ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ কিংবা পরিচিত ব্যক্তিকে নিয়ে ছড়িয়ে পড়া ছবির ক্ষেত্রে। কয়েকটি বিষয় খেয়াল রাখলে সন্দেহজনক ছবি শনাক্ত করা এবং তার সত্যতা যাচাই করা কিছুটা সহজ হতে পারে।


ছবিটি কি অস্বাভাবিক রকম নিখুঁত?


এআই দিয়ে তৈরি অনেক ছবিতে মানুষ, ভবন কিংবা আশপাশের পরিবেশ অস্বাভাবিক রকম পরিষ্কার ও নিখুঁত দেখায়। যেমন: ব্যস্ত একটি বাজারের ছবিতে কোথাও ময়লা নেই, রাস্তা চকচকে পরিষ্কার, দোকানের জিনিসপত্রও সুন্দরভাবে সাজানো। কিংবা একজন মানুষের মুখে ত্বকের স্বাভাবিক গঠন, দাগ বা বলিরেখা প্রায় নেই। সবকিছু যেন সাজিয়ে রাখা হয়েছে। কখনো ছবির আলোও অস্বাভাবিক সুন্দর দেখায়। সাধারণ একটি রাস্তা কিংবা অফিসের দৃশ্যেও এমন আলো-ছায়া দেখা যায়, যেন পেশাদার কোনো বিজ্ঞাপনের জন্য ছবিটি তোলা হয়েছে। ছবির রং অতিরিক্ত উজ্জ্বল কিংবা সব বস্তুর গঠন একই রকম মসৃণও মনে হতে পারে।


ছবিতে অপ্রয়োজনীয় বর্ণনা বা লেখা আছে কি?


এআই দিয়ে তৈরি কিছু ছবিতে দৃশ্যের সঙ্গে অস্বাভাবিকভাবে বেশি লেখা বা বর্ণনা দেখা যায়। যেমন, একটি স্কুলের সামনের দৃশ্যে বড় করে স্কুলের নাম লেখা, রাস্তার ছবিতে জায়গার পরিচয় অতিরিক্ত স্পষ্ট করে দেখানো কিংবা কোনো ঘটনার ছবিতে এমন লেখা থাকা, যা দেখে সঙ্গে সঙ্গেই বোঝা যায় কী ঘটছে। অনেক সময় মনে হয়, ছবিটি শুধু কোনো দৃশ্য দেখাচ্ছে না, বরং দর্শককে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে দৃশ্যটি কীসের। ছবির বিভিন্ন অংশে এমনভাবে নামফলক, নির্দেশনা বা পরিচয় তুলে ধরা হয়, যেন কোনো কিছুই দর্শকের অনুমানের ওপর ছেড়ে দেওয়া হয়নি। এ ধরনের অতিরিক্ত ব্যাখ্যামূলক উপস্থাপনা চোখে পড়লে ছবিটি আরও ভালোভাবে পরীক্ষা করে দেখতে পারেন।


হাত ও আঙুল ভালো করে দেখুন


কোনো ছবিতে হাতের গঠন অস্বাভাবিক মনে হলে ভালো করে দেখুন। বিশেষ করে একাধিক মানুষ থাকলে সবার হাত ও আঙুল খেয়াল করতে পারেন। হাতের সঙ্গে কবজির সংযোগ, আঙুলের অবস্থান কিংবা কোনো বস্তু ধরে রাখার ভঙ্গিও পরীক্ষা করুন।


পেছনের দৃশ্যে নজর দিন


আমরা সাধারণত ছবির মূল বিষয়টির দিকেই বেশি মনোযোগ দিই। কিন্তু অনেক সময় ছবির পেছনের দৃশ্যে অসংগতি থেকে যায়। ধরুন, একটি ছবিতে কয়েকজন মানুষ রাস্তায় হাঁটছেন। তাদের পেছনে থাকা কারও মুখ অস্বাভাবিক দেখাচ্ছে। কিংবা রাস্তার একটি গাড়ির চাকা ঠিকমতো বোঝা যাচ্ছে না। কোথাও একটি বস্তু অন্যটির সঙ্গে অস্বাভাবিকভাবে মিশে গেছে। একই ছবিতে কয়েকজন মানুষের মুখের গঠন বা পোশাকের ধরন অস্বাভাবিকভাবে একই রকমও দেখা যেতে পারে। কখনো সারিবদ্ধ জানালা, দরজা কিংবা সিঁড়ির গঠনেও অসংগতি থাকে। তাই সন্দেহ হলে ছবিটি বড় করে পেছনের মানুষ, যানবাহন, ভবন কিংবা অন্যান্য ছোটখাটো বিষয় দেখুন।


লেখা ও সাইনবোর্ড পরীক্ষা করুন


ছবির মধ্যে থাকা লেখা যাচাই করাও একটি উপায়। বিশেষ করে দোকানের সাইনবোর্ড, গাড়ির নম্বরপ্লেট, পোস্টার কিংবা পোশাকের ওপর লেখা খেয়াল করুন। এআই দিয়ে তৈরি কিছু ছবিতে অক্ষর এলোমেলো হতে পারে। কোথাও শব্দের বানান ভুল, কোথাও একই অক্ষর বারবার এসেছে। আবার এমন লেখাও দেখা যেতে পারে, যার কোনো অর্থ নেই। বাংলা লেখার ক্ষেত্রেও অক্ষরের গঠন, যুক্তবর্ণ কিংবা বানানে অসংগতি চোখে পড়তে পারে। ছবিতে একাধিক জায়গায় একই প্রতিষ্ঠানের নাম লেখা থাকলে সেগুলো মিলিয়ে দেখুন।


আলো ও ছায়া মিলিয়ে দেখুন


ছবির আলো ও ছায়া খেয়াল করেও কিছু অসংগতি শনাক্ত করা সম্ভব। যেমন, সূর্যের আলো একদিক থেকে এলে মানুষ ও বস্তুর ছায়া সাধারণত সেই আলোর বিপরীত দিকে পড়ে। কিন্তু এআই দিয়ে তৈরি কিছু ছবিতে আলোর উৎস ও ছায়ার মধ্যে অসংগতি দেখা যেতে পারে। একই ছবিতে একজনের ছায়া একদিকে, অন্যজনের ছায়া সম্পূর্ণ ভিন্ন দিকে পড়ছে। কিংবা আয়নায় কোনো বস্তুর প্রতিফলন বাস্তব অবস্থানের সঙ্গে মিলছে না। ছবিতে আয়না, জানালার কাচ কিংবা পানিতে প্রতিফলন থাকলে সেগুলোও খেয়াল করুন। কোনো ব্যক্তি বা বস্তুর প্রতিফলনে অস্বাভাবিক পরিবর্তন আছে কি না, দেখুন।


একই জিনিস বারবার দেখা যাচ্ছে কি?


এআই দিয়ে তৈরি কিছু ছবিতে একই ধরনের বস্তু বা অবয়ব অস্বাভাবিকভাবে বারবার দেখা যেতে পারে। যেমন, একটি ভিড়ের ছবিতে কয়েকজন মানুষের মুখ প্রায় একই রকম। কিংবা বাজারের দোকানে একই ধরনের ফল বা পণ্যের বিন্যাস বারবার দেখা যাচ্ছে। কখনো ভবনের জানালা, রাস্তার বাতি কিংবা আসবাবের নকশাও অস্বাভাবিকভাবে পুনরাবৃত্ত হতে পারে। বিশেষ করে অনেক মানুষ বা বস্তু রয়েছে, এমন ছবিতে এসব বিষয় খেয়াল করুন।


গুগল লেন্স দিয়ে খুঁজে দেখুন


কোনো ছবি সন্দেহজনক মনে হলে গুগল লেন্স ব্যবহার করতে পারেন। এটি দিয়ে ছবির সঙ্গে মিল আছে, এমন অন্যান্য ছবি ও ওয়েবসাইট খুঁজে পাওয়া যায়। মুঠোফোনে ছবিটি সংরক্ষণ করে গুগল লেন্সে অনুসন্ধান করুন। একই ছবি আগে কোথাও প্রকাশিত হয়েছে কি না, দেখুন। ছবিটি কোনো পুরোনো ঘটনার কি না কিংবা অন্য দেশের ছবি নতুন ঘটনার নামে ছড়ানো হচ্ছে কি না, সেটিও বোঝা যেতে পারে। ধরুন, একটি ছবি বাংলাদেশের সাম্প্রতিক কোনো ঘটনার বলে প্রচার করা হচ্ছে। কিন্তু অনুসন্ধানে দেখা গেল, একই ছবি কয়েক বছর আগে অন্য একটি দেশের ঘটনার সঙ্গে প্রকাশিত হয়েছিল। সেক্ষেত্রে ছবিটির সঙ্গে দেওয়া দাবি যে বিভ্রান্তিকর, তা বোঝা যায়।


ছবিটি প্রথম কোথায় প্রকাশিত হয়েছে, জানুন


শুধু ছবির ভেতরে ভুল খোঁজার চেয়ে ছবিটির উৎস যাচাই করা অনেক সময় বেশি কার্যকর। ছবিটি কে প্রকাশ করেছেন? কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে এসেছে কি? যিনি ছবিটি তুলেছেন বলে দাবি করছেন, তার পরিচয় জানা যাচ্ছে কি? একই ঘটনার অন্য কোনো ছবি বা ভিডিও আছে? বিশেষ করে বড় কোনো ঘটনা নিয়ে একটি মাত্র ছবি ছড়িয়ে পড়লে সতর্ক হওয়া প্রয়োজন। ঘটনার স্থান, সময় ও প্রেক্ষাপট সম্পর্কে খোঁজ নিন। কোনো পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে ছবি ছড়ালে তাদের যাচাই করা সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা কিংবা আনুষ্ঠানিক ওয়েবসাইটেও খুঁজতে পারেন।


ছবির সঙ্গে থাকা তথ্য পরীক্ষা করুন


ডিজিটাল ছবির সঙ্গে কখনো কখনো কিছু প্রযুক্তিগত তথ্য সংযুক্ত থাকে। যেমন, কোন যন্ত্রে ছবি তোলা হয়েছে, কখন তৈরি হয়েছে কিংবা কোন সফটওয়্যারে সম্পাদনা করা হয়েছে। কিছু এআই প্রযুক্তি ছবিতে বিশেষ শনাক্তকারী তথ্যও যুক্ত করে। এ ধরনের তথ্য পরীক্ষা করার জন্য অনলাইনে বিভিন্ন যাচাইয়ের ব্যবস্থা রয়েছে। যেমন, কনটেন্ট ক্রেডেনশিয়ালস যাচাইয়ের মাধ্যমে কোনো ছবির উৎস ও সম্পাদনার ইতিহাস সম্পর্কে তথ্য পাওয়া যেতে পারে, যদি সেই তথ্য সংযুক্ত থাকে। এ জন্য কনটেন্ট ক্রেডেনশিয়ালসের যাচাইয়ের ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। সেখানে ছবি আপলোড করে সংশ্লিষ্ট তথ্য পাওয়া যায় কি না, দেখা সম্ভব।


এআই শনাক্তকারী ওয়েবসাইট ব্যবহার করুন


অনলাইনে এমন কিছু ওয়েবসাইট রয়েছে, যেখানে ছবি আপলোড করলে সেটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা জানানো হয়। এসব ওয়েবসাইট ছবির বিভিন্ন বৈশিষ্ট্য বিশ্লেষণ করে একটি ফলাফল দেয়। সন্দেহজনক কোনো ছবি যাচাইয়ের ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তির সাহায্য নিতে পারেন। প্রয়োজনে একাধিক শনাক্তকারী ব্যবস্থার ফলাফল তুলনা করে দেখুন। ব্যক্তিগত বা গোপনীয় ছবি অপরিচিত ওয়েবসাইটে আপলোড করার আগে সতর্ক থাকুন। ওয়েবসাইটটি ছবির তথ্য কীভাবে ব্যবহার বা সংরক্ষণ করে, তা জেনে নেওয়া ভালো।


শুধু এসব লক্ষণ দেখেই নিশ্চিত হবেন না


মনে রাখতে হবে, এসব লক্ষণ এআই দিয়ে তৈরি ছবি শনাক্ত করার সূত্র হতে পারে, কিন্তু নিশ্চিত প্রমাণ নয়। ক্যামেরার কোণ, আলো, ছবির মান কিংবা সম্পাদনার কারণে বাস্তব ছবিতেও অস্বাভাবিক কিছু দেখা যেতে পারে। আবার বাস্তব ছবিতে সাইনবোর্ড বা নামফলকের মাধ্যমে জায়গার পরিচয় স্পষ্টভাবে তুলে ধরা হতে পারে। অন্যদিকে, উন্নত এআই প্রযুক্তি এখন মানুষের হাত, মুখ, আলো-ছায়া এমনকি ছবির লেখাও অনেক নিখুঁতভাবে তৈরি করতে পারে। ফলে কোনো ছবিতে এসব অসংগতি না থাকলেও সেটি এআই দিয়ে তৈরি হতে পারে। একইভাবে এআই শনাক্তকারী ওয়েবসাইটও ভুল ফলাফল দিতে পারে। ছবির সঙ্গে থাকা প্রযুক্তিগত তথ্য অনুপস্থিত থাকতে পারে কিংবা পরিবর্তন করা সম্ভব হতে পারে। তাই শুধু একটি লক্ষণ বা একটি পরীক্ষার ফলাফলের ওপর নির্ভর না করে একাধিক উপায়ে যাচাই করা জরুরি।


ছবি শেয়ার করার আগে একটু থামুন


কোনো ছবি দেখে অবাক হওয়া, ভয় পাওয়া কিংবা রাগ হওয়া স্বাভাবিক। কিন্তু আবেগ তৈরি করে এমন ছবিই অনেক সময় দ্রুত ছড়িয়ে পড়ে। ফলে যাচাই করার আগেই অসংখ্য মানুষ সেটি শেয়ার করে ফেলেন। বিশেষ করে কোনো ব্যক্তিকে অপদস্থ করা, সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা কিংবা দুর্ঘটনা সম্পর্কে আতঙ্ক ছড়ানোর মতো ছবি দেখলে বাড়তি সতর্কতা প্রয়োজন। ছবিটি সম্পর্কে নিশ্চিত না হলে সেটিকে সত্য ঘটনা হিসেবে অন্যদের কাছে পাঠাবেন না। প্রয়োজনে নির্ভরযোগ্য তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রতিবেদন খুঁজে দেখতে পারেন।


আরেকটি বিষয় মনে রাখা জরুরি, সব বিভ্রান্তিকর ছবি এআই দিয়ে তৈরি নয়। বাস্তব ছবিও সম্পাদনা করে, ভুল বর্ণনা দিয়ে কিংবা পুরোনো ঘটনার ছবি নতুন বলে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করা সম্ভব। আবার এআই দিয়ে তৈরি সব ছবির উদ্দেশ্যও মানুষকে প্রতারিত করা নয়। বিনোদন, শিল্পকর্ম, বিজ্ঞাপন কিংবা সৃজনশীল কাজেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়। তাই কোনো ছবি দেখেই সেটিকে আসল বা নকল ঘোষণা করার চেয়ে ছবিটির উৎস, প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট তথ্য যাচাই করাই বেশি গুরুত্বপূর্ণ। সন্দেহ হলে যাচাই করুন, আর নিশ্চিত না হলে শেয়ার করা থেকে বিরত থাকুন।


প্রতীকী ছবি

  • প্রকাশ : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬, সময় : ৩:০৬ পিএম

ঠিক প্রতি ২৬ সেকেন্ড পরপর কেঁপে উঠছে পৃথিবী সৃষ্টি হচ্ছে এক ধরনের ছন্দময় কম্পন। এতটাই সূক্ষ্ম এই কম্পন যে মানুষ তা অনুভব করতে পারে না। অথচ বিশ্বের বিভিন্ন প্রান্তে স্থাপিত সংবেদনশীল ভূকম্পন পরিমাপক যন্ত্রে ধরা পড়েছে এই অদ্ভুত সংকেত। 


কয়েক দশক ধরে বিজ্ঞানীদের কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকা এই রহস্যময় স্পন্দনের প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। খবর এনডিটিভির। 


এই অদ্ভুত ভূকম্পন প্রথম পর্যবেক্ষণ করেন ষাটের দশকের গোড়ার দিকে ভূ-পদার্থবিজ্ঞানী জ্যাক অলিভার। তিনি লক্ষ করেন, পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সিসমোমিটারে নিয়মিত বিরতিতে একটি বিশেষ কম্পন ধরা পড়ছে। পরবর্তী পর্যবেক্ষণে এর উৎস নিরক্ষীয় আটলান্টিক মহাসাগরের কোনো একটি অঞ্চলে বলে ধারণা করা হয়। বছরের নির্দিষ্ট কিছু মৌসুমে এই কম্পনের তীব্রতাও বেড়ে যায়।


তবে সে সময়ের প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অলিভারের গবেষণা খুব বেশি দূর এগোয়নি। ফলে রহস্যটি অনেকটা আড়ালেই থেকে যায়।


২০০৫ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো বোল্ডারের গবেষকেরা ডিজিটাল ভূকম্পনসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে আবারও এই অস্বাভাবিক সংকেত শনাক্ত করেন।


গবেষক মাইক রিটজওলারের ভাষায়, তারা এমন একটি সংকেত দেখতে পান, যা ছিল অস্বাভাবিক, ধারাবাহিক এবং দীর্ঘস্থায়ী। পরবর্তী গবেষণায় তারা এর সম্ভাব্য উৎস হিসেবে পশ্চিম আফ্রিকার উপকূলবর্তী গিনি উপসাগরকে চিহ্নিত করেন।


এরপর থেকেই পৃথিবীর এই রহস্যময় ‘হার্টবিট’ নিয়ে নতুন করে গবেষণা শুরু হয়। বিজ্ঞানীরা এখন পর্যন্ত এই কম্পনের উৎস সম্পর্কে কয়েকটি সম্ভাব্য ব্যাখ্যা দিয়েছেন। তবে কোনোটিই এখনো চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।


প্রথম তত্ত্ব: সমুদ্রের ঢেউয়ের আঘাত


একটি ধারণা অনুযায়ী, সমুদ্রের শক্তিশালী ঢেউ মহাসাগরের তলদেশে অবস্থিত মহীসোপানে আঘাত করার ফলে এই কম্পনের সৃষ্টি হতে পারে। বিষয়টি অনেকটা এমন; একটি টেবিলের এক প্রান্তে কেউ আঘাত করলে অন্য প্রান্তেও কম্পন অনুভূত হয়। একইভাবে সমুদ্রের ঢেউয়ের শক্তি সমুদ্রতলদেশে ছড়িয়ে পড়ে ভূকম্পনের মতো সংকেত তৈরি করতে পারে।


দ্বিতীয় তত্ত্ব: আগ্নেয়গিরির কার্যকলাপ


২০১৩ সালে চীনা বিজ্ঞানীদের একটি গবেষণায় আরেকটি সম্ভাবনার কথা উঠে আসে। তাদের ধারণা, গিনি উপসাগরের বাইট অব বনি অঞ্চলে সাও তোমে দ্বীপের কাছাকাছি আগ্নেয়গিরির কার্যকলাপ এই কম্পনের কারণ হতে পারে। অবস্থানগত দিক থেকেও এই অঞ্চলটি সম্ভাব্য উৎসস্থলের কাছাকাছি হওয়ায় তত্ত্বটি বিজ্ঞানীদের আগ্রহ তৈরি করে।


দশকের পর দশক ধরে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা এই ঘটনা নিয়ে গবেষণা করলেও এখনো কোনো সর্বসম্মত ব্যাখ্যা পাওয়া যায়নি। গবেষক মাইক রিটজওলারের মতে, এই কম্পনের মৌলিক কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর অপেক্ষা এখনো শেষ হয়নি। 


  • প্রকাশ : বৃহস্পতিবার ২৯ অক্টোবর, ২০২৬, সময় : ৭:৪০ পিএম

কম্পিউটার চালু হতে দেরি হচ্ছে, কাজের মাঝখানে বারবার হ্যাং করছে কিংবা একসঙ্গে একাধিক সফটওয়্যার চালাতে গিয়ে ধীর হয়ে যাচ্ছে? দীর্ঘদিন ব্যবহারের ফলে এমন সমস্যায় পড়তে পারেন অনেকেই। তবে কম্পিউটার ধীরগতির হলেই নতুন যন্ত্রাংশ কেনা বা বাড়তি সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন নেই। উইন্ডোজের বিল্ট-ইন ‘টাস্ক ম্যানেজার’ ব্যবহার করেই সহজে শনাক্ত করা যায়, কোন অ্যাপ কম্পিউটারের র‍্যাম, প্রসেসর ও ডিস্কের বেশি সম্পদ ব্যবহার করছে। অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে কিছুটা স্বস্তি পাওয়া যেতে পারে কম্পিউটারের কাজে। চলুন, জেনে নেওয়া যাক টাস্ক ম্যানেজার ব্যবহার করে কীভাবে কম্পিউটারের ধীরগতির সমস্যা সামলাবেন।


টাস্ক ম্যানেজার দিয়ে কম্পিউটারের গতি বাড়ানোর উপায়


১. কিবোর্ড শর্টকাটে চালু করুন টাস্ক ম্যানেজার


কম্পিউটার ধীরগতিতে কাজ করলে প্রথমেই কিবোর্ডের Ctrl + Shift + Esc বাটন তিনটি একসঙ্গে চাপুন। এতে সরাসরি টাস্ক ম্যানেজার চালু হবে। ফলে আলাদা করে কোনো অ্যাপ খোঁজা বা ইনস্টল করার প্রয়োজন হবে না।


২. বেশি র‍্যাম ও প্রসেসর ব্যবহার করা অ্যাপ শনাক্ত করুন


টাস্ক ম্যানেজার চালু হলে ‘Processes’ বিভাগে যান। সেখানে কম্পিউটারে চলমান বিভিন্ন অ্যাপ ও প্রক্রিয়া কতটুকু র‍্যাম (Memory), প্রসেসর (CPU) এবং ডিস্ক (Disk) ব্যবহার করছে, তা দেখা যাবে।


তালিকায় CPU, Memory বা Disk শিরোনামে ক্লিক করলে সংশ্লিষ্ট সম্পদের ব্যবহার অনুযায়ী অ্যাপগুলো সাজানো যায়। এতে কোন সফটওয়্যার কম্পিউটারের ওপর বেশি চাপ সৃষ্টি করছে, তা সহজেই শনাক্ত করতে পারবেন।


৩. অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করুন


যে অ্যাপটি বর্তমানে প্রয়োজন নেই এবং অতিরিক্ত র‍্যাম বা প্রসেসর ব্যবহার করছে, সেটি নির্বাচন করে ‘End task’ অপশনে ক্লিক করুন। এতে অ্যাপটি বন্ধ হয়ে যাবে এবং ব্যবহৃত কিছু মেমোরি বা প্রসেসরের সক্ষমতা অন্য কাজের জন্য খালি হতে পারে।


তবে অ্যাপ বন্ধ করার আগে সতর্ক থাকুন। কোনো কাজ সংরক্ষণ না করে থাকলে তথ্য হারিয়ে যেতে পারে। পাশাপাশি উইন্ডোজের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া বা অপরিচিত সিস্টেম অ্যাপ বন্ধ করা থেকে বিরত থাকুন। কারণ, ভুল প্রক্রিয়া বন্ধ করলে কম্পিউটারের স্বাভাবিক কাজে সমস্যা দেখা দিতে পারে।


এতেও কম্পিউটার দ্রুত না হলে কী করবেন?


টাস্ক ম্যানেজার দিয়ে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করার পরও কম্পিউটার ধীরগতিতে চললে আরও কয়েকটি বিষয় পরীক্ষা করতে পারেন।


স্টার্টআপ অ্যাপ কমান: কম্পিউটার চালু হওয়ার সঙ্গে সঙ্গে যেসব অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে চালু হয়, সেগুলোর মধ্যে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন।

স্টোরেজে পর্যাপ্ত জায়গা রাখুন: হার্ডডিস্ক বা এসএসডিতে জায়গা খুব কমে গেলে কম্পিউটারের কর্মক্ষমতায় প্রভাব পড়তে পারে।

অপ্রয়োজনীয় ফাইল পরিষ্কার করুন: সাময়িক ফাইল ও অপ্রয়োজনীয় ডেটা মুছে স্টোরেজের জায়গা খালি করুন।

ভাইরাস ও ক্ষতিকর সফটওয়্যার পরীক্ষা করুন: ম্যালওয়্যার কম্পিউটারের র‍্যাম ও প্রসেসর ব্যবহার বাড়িয়ে দিতে পারে। তাই বিশ্বস্ত নিরাপত্তা সফটওয়্যার দিয়ে পরীক্ষা করা যেতে পারে।

এ ছাড়া কম্পিউটারে র‍্যাম কম থাকলে কিংবা পুরোনো হার্ডডিস্ক ব্যবহার করা হলে সেটিও ধীরগতির কারণ হতে পারে। সে ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার ও সমস্যার ধরন অনুযায়ী র‍্যাম বাড়ানো অথবা প্রচলিত হার্ডডিস্কের পরিবর্তে এসএসডি ব্যবহারের বিষয়টি বিবেচনা করা যায়।


টাস্ক ম্যানেজার কম্পিউটারের গতি বাড়ানোর কোনো জাদুকরি টুল নয়। এটি মূলত কোন অ্যাপ কতটুকু র‍্যাম, প্রসেসর ও ডিস্ক ব্যবহার করছে, তা দেখায় এবং অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করতে সাহায্য করে। তাই কম্পিউটার ধীরগতির হলে প্রথমে টাস্ক ম্যানেজার থেকে সম্পদের ব্যবহার পরীক্ষা করুন। এরপর প্রয়োজন অনুযায়ী অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করা, স্টার্টআপ অ্যাপ নিয়ন্ত্রণ, স্টোরেজ পরিষ্কার এবং ম্যালওয়্যার পরীক্ষা করার মতো পদক্ষেপ নিন। এতেও সমস্যার সমাধান না হলে র‍্যাম, স্টোরেজ বা কম্পিউটারের অন্যান্য হার্ডওয়্যারের অবস্থা পরীক্ষা করা প্রয়োজন হতে পারে।