ছবি : সংগৃহীত
খেলার মাঠের ব্যস্ততা ভুলে বৃহস্পতিবার ভোটের লাইনে দাঁড়ালেন ক্রীড়াঙ্গনের একঝাঁক তারকা। ক্রিকেটের আশরাফুল-তাসকিন থেকে শুরু করে ফুটবলের মোরসালিন সবাই শামিল হলেন ‘নতুন বাংলাদেশ’ গড়ার এই উৎসবে। কারও জন্য এটি ছিল নাগরিক দায়িত্ব পালনের স্বস্তি, আবার তরুণ অনেকের জন্যই ছিল জীবনের প্রথম ভোট দেওয়ার রোমাঞ্চ।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ভোট দিয়েছেন ঢাকা-৯ আসনের দক্ষিণ বনশ্রী মডেল হাইস্কুল কেন্দ্রে। সপরিবারে ভোট দিয়ে তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের বাচ্চারা ভোট উপভোগ করছে। ৫ আগস্টের সময় আমরা ইংল্যান্ডে ছিলাম। এরপর আমরা সবাই আশা করেছিলাম একটা নতুন বাংলাদেশ হবে। আজ ঈদের মতো লাগছে। পুরো ঢাকা শহর খালি। খুব সুন্দরমতো ভোট দেওয়া হচ্ছে।’
চট্টগ্রাম-১০ আসনের ভোটার হিসেবে জীবনের প্রথমবারের মতো নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এদিন বেলা ১১টার দিকে কাজীর দেউড়ি এলাকায় অবস্থিত চট্টগ্রাম আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ভোট দিতে যান তামিম। তার সঙ্গী ছিলেন বড় ভাই ও জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।
অন্যদিকে ঢাকা-১৭ আসনের বেঙ্গলি মিডিয়াম হাইস্কুল কেন্দ্রে ভোট দেন পেসার তাসকিন আহমেদ। তিনি বলেন, ‘একজন সচেতন নাগরিক হিসেবে আমার দায়িত্ব ভোট দেওয়া। ইনশাআল্লাহ যেই আসবে সে দেশের জন্য ভালো কিছু করবে। আর যেই আসবেন ক্রিকেটকে আগের থেকে ভালো অবস্থানে নিবেন সেটাই আশা করছি।’
এছাড়া সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতাহার আলী খান এবং রাজশাহীতে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাব্বির রহমান।
তরুণ ক্রিকেটারদের মাঝে ভোট নিয়ে ছিল বাড়তি উদ্দীপনা। হাতের ইনজুরি নিয়েই জীবনের প্রথম ভোট দিয়েছেন ব্যাটার মাহমুদুল হাসান জয়। রংপুরে নিজ এলাকায় ভোট দিয়ে বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী।
উচ্ছ্বসিত জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান ও পেসার মারুফা আক্তারও। নিজ এলাকা দৌলতপুরে ভোট দিয়ে সোহান বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রথমবার ভোট দিলাম।’ মারুফাও জীবনের প্রথম রায় দিতে পেরে শুকরিয়া আদায় করেন।
নারী দলের অভিজ্ঞ ক্রিকেটার রুমানা আহমেদও এবারই প্রথম ভোটার হয়েছেন।
অন্যান্য খেলার তারকারাও পিছিয়ে ছিলেন না। জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নোশিন আঞ্জুম খিলগাঁও মডেল স্কুলে ভোট দিয়ে বলেন, ‘জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিয়েছি, তাই একটু রোমাঞ্চিত।’
জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন ভোট দিতে ছুটে গেছেন নিজ জেলা ফরিদপুরে। ফরিদপুর-৪ আসনের আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি বলেন, ‘বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি।’ হকি তারকা আমিরুল ইসলামও ফরিদপুর-৩ আসনে প্রথমবারের মতো ভোট দিয়েছেন। হকি ফেডারেশন ক্যাম্প ছুটি দেওয়ায় খেলোয়াড় ও কোচরা ভোট দিতে পেরেছেন।
তবে আক্ষেপ রয়ে গেছে নারী ফুটবলারদের একটি অংশের। নারী লিগের অঘোষিত ফাইনালে আগামীকাল লড়বে সেনাবাহিনী ও রাজশাহী। তাই ক্যাম্পে থাকায় ঋতুপর্ণা চাকমারা ভোট দিতে পারেননি। তবে লিগের ব্যস্ততা না থাকায় সাবিনা খাতুন ও মাসুরা পারভীনরা ঠিকই ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন।
ছবি: সংগৃহীত
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত
এক হাজার টাকার টিকিট এক লাফে কমিয়ে ২০০ টাকা করেও সেভাবে সাড়া পাচ্ছে না সাউথ এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। অনলাইনে টিকিট কেনার তোড়জোড় নেই। জাতীয় স্টেডিয়ামের সামনের বুথেও টিকিটের জন্য কোনো লাইন নেই। টিকিটের প্রতি দর্শকের অনাগ্রহী হওয়ার কারণটা সবারই জানা। নিজ আঙিনার সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেই হামজা চৌধুরী-শমিত সোমের বাংলাদেশ। তারপরও দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা লড়াই নিয়ে কিছুটা উন্মাদনা আছে।
সেটি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই বলেই। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত রেকর্ড দশম ট্রফির সামনে। বিপরীতে নিজেদের ফুটবল ইতিহাসে সাফের প্রথম শিরোপার হাতছানি পাকিস্তানের। জাতীয় স্টেডিয়ামে আজকের ফাইনালে দুদল মুখোমুখি হবে রাত ৮টায়।
সাফের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারত। এখন পর্যন্ত ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। এবার টানা তৃতীয়বার শিরোপা জিতে নতুন ইতিহাস গড়তে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অন্যদিকে, পাকিস্তানের সামনে অপেক্ষা করছে ইতিহাস গড়ার সুযোগ। এর আগে কখনও সাফের ফাইনালে খেলেনি দলটি। এবার প্রথমবারের মতো ফাইনালে উঠে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা। তবে ফাইনালের আগে দুই দলের পথচলা ছিল দুই রকম। গ্রুপ পর্বে মুখোমুখি লড়াইয়ে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে একপর্যায়ে ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল ব্লু টাইগার্সরা। যদিও শেষ দিকে দুই গোল করে লড়াইয়ে ফেরার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। এবার তাই সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি শিরোপা জয়ের লক্ষ্য থাকবে তাদের।
সেমিফাইনালে ভারত ২-১ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে, স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে পাকিস্তান, বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর পাকিস্তান শিবিরে আত্মবিশ্বাসের পারদ এখন বেশ উঁচুতে। নকআউট পর্বে বিদেশে খেলা কয়েকজন ফুটবলার দলে যোগ দেওয়ায় পাকিস্তানকে আগের চেয়ে শক্তিশালী মনে করছেন ভারতের কোচ নওশাদ মুসাও। গতকাল ফাইনাল-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেন, ‘দেখুন, প্রতিটি ম্যাচই শেখার একটি মাধ্যম। আর আপনি যদি পাকিস্তান দলকে দেখেন, আমাদের বিপক্ষে যে দলটি খেলেছিল এবং বাংলাদেশের বিপক্ষে যে দলটি খেলেছে– দুটো সম্পূর্ণ আলাদা দল। আমাদের জয়ের পর আমাকে এই প্রশ্ন করা হয়েছিল এবং আমি সংবাদমাধ্যমকে বলেছিলাম, আমরা যে পাকিস্তান দলের বিপক্ষে খেলেছি, সেটি তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড ছিল না। আমি তখনই বলেছিলাম, ওই খেলোয়াড়রা ফিরে এলে তারা ভিন্ন এক দলে পরিণত হবে। আর অবশ্যই আমরা তাদের নিয়ে বিশ্লেষণ করছি; তারা কীভাবে খেলে এবং কী কী করে, তা আমরা পর্যবেক্ষণ করছি। তাই নিশ্চিতভাবেই আগামীকাল আপনা
১৯০০ সালের প্যারিস। এরপর মাঝখানে কেটে গেছে ১২৮টি বছর। অবশেষে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ অলিম্পিকের মঞ্চে ফিরছে বাইশ গজের ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের সেই ঐতিহাসিক প্রত্যাবর্তনের চূড়ান্ত ছাড়পত্র, অর্থাৎ এলএ-২৮ এর কাঙ্ক্ষিত টিকিট মিলবে খোদ বাংলাদেশ থেকেই!
বালিতে আইসিসির বোর্ড সভার পর যে রোববার রাতে সাদা-কালো বিজ্ঞপ্তিটি এলো, তার পরতে পরতে জড়িয়ে থাকল বাংলার আবেগ আর বৈশ্বিক ক্রিকেটের আগামী এক দশকের ব্লু-প্রিন্ট। ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি মিরপুর কিংবা সিলেটের ঘূর্ণি পিচে আটটি দল লড়বে মাত্র একটি টিকিটের জন্য; যে টিকিট হাতে পেলে সোজা উড়ান ধরা যাবে সুদূর ক্যালিফোর্নিয়ায়। পুরুষদের বাছাইপর্বের মঞ্চ যখন বাংলাদেশে, নারীদের বাছাই তখন হবে যুক্তরাষ্ট্রে। একই সঙ্গে ২০৩৫ সাল পর্যন্ত আইসিসি যে ক্যালেন্ডারের পাতা উল্টে দিল, তাতে নতুন কোনো টুর্নামেন্টের চমক না থাকলেও লর্ডসের সবুজগালিচায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চিরায়ত আভিজাত্য কিন্তু অটুটই থাকল।
এলএ অলিম্পিকের টি২০ ফরম্যাটে ছয়টি জায়গার মধ্যে স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র (র্যাঙ্কিংয়ের শীর্ষ ১৫তে থাকা সাপেক্ষে, তা না হলে ক্যারিবীয় অঞ্চলের কোনো দেশ সুযোগ পাবে স্বাগতিক হিসেবে) একটি কোটা পাবে এবং এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়া– এই চার মহাদেশের শীর্ষ র্যাঙ্কিংধারী (৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত র্যাঙ্কিংয়ের ভিত্তিতে) চারটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে। সরাসরি সুযোগ না পাওয়া পরবর্তী শীর্ষ আটটি দলকে নিয়ে বাংলাদেশে আয়োজিত হবে বাছাইপর্ব। আটটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে ১৩টি ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অন্যের বিপক্ষে একবার করে খেলবে এবং দুই গ্রুপের সেরা দুই দল ফাইনালে মুখোমুখি হবে। ফাইনালে জয়ী দল এলএ২৮ অলিম্পিকে খেলার টিকিট পাবে। নারী ক্রিকেটের বাছাই পর্ব হবে ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত।
২০২১ সালেই আইসিসি ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বৈশ্বিক ইভেন্টগুলোর ভেন্যু চূড়ান্ত করে রেখেছিল। রোববার ২০২৮ থেকে ২০৩১ সাল পর্যন্ত টুর্নামেন্টগুলোর সময়সূচি নিশ্চিত করা হলো। পাশাপাশি ২০৩২ থেকে ২০৩৫ সালের ইভেন্ট ও সময়সূচিও অনুমোদন করেছে আইসিসি; তবে ভেন্যু এখনও ঘোষণা করা হয়নি।
ছবি: সংগৃহীত
আইসিসির চেয়ারম্যান জয় শাহ
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন জয় শাহ। আইসিসি বোর্ডের পরিচালকদের প্রস্তাবের পর বালিতে অনুষ্ঠিত সংস্থাটির বোর্ড সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন তিনি। জয় শাহর নেতৃত্বের প্রতি আস্থা এবং ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় ধারাবাহিকতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড। বিশ্বজুড়ে ক্রিকেটের সম্প্রসারণ, দর্শক-সমর্থক বৃদ্ধি এবং বাণিজ্যিক উন্নয়নকে সামনে রেখে কাজ করছে সংস্থাটি।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জয় শাহ। আইসিসি বোর্ডের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘আইসিসি বোর্ড আমার ওপর যে আস্থা রেখেছে, তাতে আমি গভীরভাবে সম্মানিত। প্রত্যেক পরিচালকের প্রতি তাঁদের অব্যাহত বিশ্বাস ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মান ও দায়িত্বের বিষয়। বিশ্বের ক্রিকেটের উন্নয়নে সদস্য দেশগুলোর সঙ্গে কাজ করে যেতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্রিকেটের সামনে গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে উল্লেখ করে জয় শাহ বলেন, ‘আমরা আমাদের খেলাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ের দিকে এগিয়ে যাচ্ছি। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকের কাছে খেলাটিকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ।’
তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্ব শুধু সফল আয়োজন নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ নয়। সমর্থক, খেলোয়াড়, বাণিজ্যিক অংশীদার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের গুরুত্ব দিয়ে খেলাটির জন্য আরও শক্তিশালী ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।’
ক্রিকেটের ঐক্যবদ্ধ করার শক্তির কথা তুলে ধরে আইসিসি চেয়ারম্যান বলেন, ‘আমি সব সময় বিশ্বাস করি, মানুষকে একত্রিত করার সক্ষমতাই ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি। বোর্ড ও সদস্য দেশগুলোর সহযোগিতায় আমাদের লক্ষ্য হবে পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়া এবং এমন অগ্রগতি নিশ্চিত করা, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী উত্তরাধিকার তৈরি করবে।’
এদিকে বোর্ড সভায় নারী ক্রিকেটের উন্নয়ন, সহযোগী সদস্য দেশগুলোর জন্য সুযোগ সম্প্রসারণ, আন্তর্জাতিক ক্রিকেটের সততা ও স্বচ্ছতা রক্ষা এবং খেলাটির দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্ভাবনা বৃদ্ধির বিষয়েও অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে আইসিসি।
২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তনকে সামনে রেখে বৈশ্বিক সম্প্রসারণ, নতুন দর্শক তৈরি এবং ক্রিকেটের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নই হবে জয় শাহর দ্বিতীয় মেয়াদের অন্যতম প্রধান লক্ষ্য।