ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০২ পিএম

সিলেট টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৬৯ রান। হাতে ছিল ৭৮ ওভার। তবে কঠিন সেই লক্ষ্য তাড়া করে জয়ের চেষ্টা খুব একটা এগিয়ে নিতে পারেনি স্বাগতিকরা। অন্যদিকে বাংলাদেশকে অলআউট করার মতো পর্যাপ্ত সময়ও পাননি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। শেষ পর্যন্ত আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে গেলে ড্র মেনে নিতে হয় দুই দলকে। দ্বিতীয় ইনিংসে ৫৯ ওভারে ৪ উইকেটে ১৮৪ রান করে বাংলাদেশ। ফলে ড্রয়ে শেষ হয় সিলেট টেস্ট। তবে প্রথম টেস্ট জেতার সুবাদে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় ওয়েস্ট ইন্ডিজ।


ম্যাচের শেষ দিনে বাংলাদেশের হয়ে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের ঐতিহাসিক ইনিংস খেলার পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেন তিনি। খেলেন ৮২ রানের ইনিংস। এর মধ্য দিয়ে এক টেস্টে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হওয়ার কীর্তি গড়েন হৃদয়। নিজের তৃতীয় টেস্টেই তুলে নেন প্রথম টেস্ট ফিফটি।


হৃদয়ের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করেছেন মুশফিকুর রহিমও। ১২৩ বলে ৬ চারে ৪৯ রান করেন অভিজ্ঞ এই ব্যাটার। ইনিংসের পথে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে ফিফটির মাত্র এক রান আগে শামার জোসেফের বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাকে।মানচিত্র দেখুন


শেষ পর্যন্ত আলোকস্বল্পতা ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখে। আম্পায়াররা একাধিকবার আলোর পরিস্থিতি যাচাই করেও খেলা চালিয়ে যাওয়ার মতো পরিবেশ পাননি। ফলে ৫৯ ওভারেই শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, ড্র হয় সিলেট টেস্ট।



সর্বশেষ সব খবর

এরিক মাঁরে

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪২ পিএম

ক্যানসারে আক্রান্ত হয়ে প্রধান কোচ পিটার বাটলার চিকিৎসার জন্য ইংল্যান্ডে ফিরে যাওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পেয়েছেন ফরাসি কোচ এরিক মেয়ার। এক মাসের জন্য তাকে এই দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। উয়েফা এ লাইসেন্সধারী এই কোচের অধীনে আসন্ন আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি নেবে ঋতুপর্ণারা। আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এরিকের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। 


আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচ সামনে রেখেই অন্তর্বর্তী কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। একই বিজ্ঞপ্তিতে পিটার বাটলারের দ্রুত সুস্থতা কামনা করেছে বাফুফে। তার পূর্ণ আরোগ্য এবং দ্রুত দলের সঙ্গে ফেরার প্রত্যাশাও জানিয়েছে সংস্থাটি।


গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে যান বাটলার। পরে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই ব্রিটিশ কোচ। এরপর থেকে সরাসরি দলের সঙ্গে না থাকলেও হোয়াটসঅ্যাপে নির্দেশনা দিয়ে প্রস্তুতির খোঁজ রাখছিলেন তিনি।


বর্তমানে চট্টগ্রামে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ নারী দল। গত ৩০ অক্টোবর ৪৪ সদস্যের প্রাথমিক দল নিয়ে সেখানে যায় দলটি। আগামী ১৬ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে তাদের। এরপর ১৯ নভেম্বর থেকে জাতীয় স্টেডিয়ামে আবার অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে।


সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটির জন্য প্রাথমিক দল থেকে চূড়ান্ত ২৩ সদস্য বাছাইয়ের দায়িত্বও পালন করতে পারেন এরিক। ফলে স্বল্প সময়ের এই দায়িত্বে দলের প্রস্তুতি ও চূড়ান্ত স্কোয়াড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে তাকে।


২০২৩ সালে বাফুফে এলিট একাডেমির দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসেন পিটার বাটলার। পরের বছর নারী দলের প্রধান কোচের দায়িত্ব পান তিনি। তার অধীনেই ২০২৪ সালে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে বাংলাদেশ। অসুস্থতার কারণে আপাতত দলের বাইরে থাকায় তার জায়গায় সাময়িকভাবে দায়িত্ব সামলাবেন এরিক।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ২:১২ পিএম

এক ম্যাচ হাতে রেখেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। রোববার জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত হয়েছে টমাস ডুলির দলের। গত বৃহস্পতিবার ভুটানকে ১-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। দুই ম্যাচ শেষে ভুটানের সংগ্রহ ১ পয়েন্ট। এক ম্যাচ খেলে সমান পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কাও। ভুটানের গ্রুপ পর্বের খেলা শেষ হওয়ায় তাদের আর পয়েন্ট বাড়ানোর সুযোগ নেই। ফলে এক ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালে উঠে গেছে বাংলাদেশ।


আগামী বুধবার গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে ড্র করলেই শেষ চার নিশ্চিত হবে শ্রীলঙ্কার। তবে এখনো সেমিফাইনালে ওঠার ক্ষীণ আশা টিকে আছে ভুটানের। সেক্ষেত্রে বাংলাদেশের কাছে অন্তত দুই গোলের ব্যবধানে হারতে হবে শ্রীলঙ্কাকে।


এদিন দিনের দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই জমে ওঠে শ্রীলঙ্কা ও ভুটানের লড়াই। ৩৩ মিনিটে দাওয়া শেরিংয়ের গোলে এগিয়ে যায় ভুটান। তবে এক মিনিট পরই বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে সমতা ফেরান শ্রীলঙ্কার অলিভার জেমস কেলার্ট। বিরতির আগে কেলার্টের ক্রস থেকে হেডে গোল করে শ্রীলঙ্কাকে এগিয়ে দেন আহমেদ ওয়াসিম রাজিক।


দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ভুটান। কিন্তু ৬৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন অধিনায়ক চেনচো গিল্টশেন। তার শট ঠেকিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা। তবে ৭৬ মিনিটে গোল করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন চেনচো। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ২-২ সমতায় শেষ হয় ম্যাচ।


সর্বশেষ সব খবর

ব্যালন ডি’অর। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:৪১ এএম

২০২৬ সালের ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। তবে ফ্রান্সের কোচ জিনেদিন জিদানের মতে, এই পুরস্কার পাওয়ার যোগ্য ছিলেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা এবার ব্যালন ডি’অরের ভোটে দ্বিতীয় হয়েছেন।

ফরাসি টেলিভিশন অনুষ্ঠান ‘টেলিফুট’-এ কথা বলতে গিয়ে এমবাপ্পের প্রতি নিজের সমর্থন জানিয়েছেন জিদান। তার মতে, ব্যক্তিগত পছন্দের বিষয় থাকলেও পুরস্কারের ফল মেনে নিতে হবে।

জিদান বলেন, ‘ব্যালন ডি’অরের ক্ষেত্রে প্রত্যেকেরই নিজস্ব পছন্দ থাকে। এমবাপ্পে দ্বিতীয় হয়েছে, ফলাফল মেনে নিতে হবে। সে হতাশ হয়েছিল, কারণ নিশ্চিতভাবেই তার ব্যালন ডি’অর জেতার যোগ্যতা ছিল।’

ফ্রান্সের কোচ হিসেবে এমবাপ্পেকে আবার জাতীয় দলের জার্সিতে দেখার অপেক্ষায় আছেন জিদান। তার প্রথম ম্যাচে গোল করলেও চোটের কারণে পরে দল ছাড়তে হয়েছিল এমবাপ্পেকে। জিদান বলেন, ‘আমি নিশ্চিত, কিলিয়ান আবার ফ্রান্সের জার্সি পরতে পেরে খুশি হবে। প্রথম ম্যাচে সে গোল করেছিল, কিন্তু চোটের কারণে ফিরে যেতে হয়। সে দলের সঙ্গে থাকতে চেয়েছিল, তবে সেটা সম্ভব হয়নি। আমি তাকে নিয়মিত অনুসরণ করি। তার দিকে অনেক মনোযোগ দিতে হবে।’

এ সময় ফ্রান্সের তরুণ প্রতিভা দেজিরে দুয়েকেও প্রশংসায় ভাসিয়েছেন জিদান। দুয়ের খেলার ধরন তার পছন্দ বলে জানান। জিদানের ভাষায়, ‘দুয়ের মধ্যে যে সাহসী মনোভাব আছে, সেটা আমার দারুণ লাগে। সে এমনভাবে খেলে, যেন নিজের পাড়ায় খেলছে। মাঠে খেলোয়াড়দের কাছ থেকে এমন মানসিকতাই প্রত্যাশা করা উচিত।’

সর্বশেষ সব খবর

তাওহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৫ পিএম

সিলেটে ২৪২ রানের ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে আসার কথা ছিল তাওহিদ হৃদয়ের। কিন্তু এত বড় ইনিংস খেলার ধকল সামলাতে না পেরে গতকাল আর আসেননি। আজ এলেন। তাঁকে নিয়ে কৌতূহলও ছিল অনেক। তবে সংবাদ সম্মেলনে প্রথম প্রশ্নটা গেল অন্যদিকে। মিরপুর টেস্টের পর তাঁকে নিয়ে হওয়া সমালোচনা প্রসঙ্গে।


সেই টেস্টের দুই ইনিংসেই অসময়ে শট খেলতে গিয়ে আউট হয়েছিলেন হৃদয়। তাঁর টেস্ট খেলার ধৈর্য আছে কি না, এমন প্রশ্নও উঠেছিল। সেখান থেকে পরের ম্যাচেই যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন, সেটি অবিশ্বাস্য। প্রথম বাংলাদেশি হিসেবে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়েছেন। ছাড়িয়ে গেছেন মুশফিকুর রহিমকে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখন সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিকও তিনি।  তবে ২৪২ রানের সেই ইনিংসের কৃতিত্ব নিয়ে কথা বলার চেয়ে হৃদয় আজ যেন বেশি গুরুত্ব দিলেন সমালোচনা নিয়ে নিজের একটা অনুরোধে, ‘আমি আগেও বলেছি, সব সময় বলব আপনি নিয়মিত পারফর্ম করতে পারবেন না, সেটা যেকোনো পেশাতেই হোক।


বিশ্বের সব দলের ক্ষেত্রেই এটা হয়। তাই এক-দুই দিনের পারফরম্যান্স দেখে কাউকে বিচার করাটা ঠিক নয়।’ সমালোচনা নিয়ে আপত্তি নেই হৃদয়ের। বরং ভুল হলে সমালোচনা হওয়াটাই স্বাভাবিক মনে করেন তিনি। তবে সেটিরও একটা সীমা থাকা উচিত বলে মনে করেন এই ব্যাটসম্যান। পরে বলেছেন, ‘আপনারা অবশ্যই সমালোচনা করবেন। আমরা ভুল করলে সমালোচনা করার অধিকার আপনাদের আছে। তবে সেটা এক-দুটি ইনিংসের ভিত্তিতে নয়। একই ভুল যদি ধারাবাহিকভাবে হতে থাকে, তখন সমালোচনা করা যৌক্তিক। তারপরও বুঝতে হবে, খেলার পরিস্থিতি কী দাবি করছে।’    


মিরপুরের ব্যর্থতার পর সিলেটে হৃদয়ের এই প্রত্যাবর্তন তাই শুধু ব্যাট হাতে জবাব দেওয়ার গল্প নয়। সমালোচনার ধরন নিয়েও তাঁর একটা বার্তা আছে। ২৪২ রানের ইনিংসে আরও একটি বিশেষ মুহূর্ত ছিল। বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিমের নামের পাশে এত দিন যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ড ছিল, সেটি এখন হৃদয়ের। আর রেকর্ডটি ভাঙার পর ড্রেসিংরুমে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানিয়েছেন মুশফিক নিজেই।


তবে ব্যাটিংয়ের সময় এসব কিছু মাথায় ছিল না হৃদয়ের। নিজের দিনে দলের জন্য যতটা সম্ভব অবদান রাখাই ছিল তাঁর লক্ষ্য। বলেছেন, ‘এটা আমার রিজিকে ছিল। আমি আসলে চিন্তা করিনি যে আমি কাকে ছাড়িয়ে যাচ্ছি বা কী হবে; আমার ওই পরিস্থিতিতে যেটা মনে হয়েছে, দলকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে যতটুকু লড়াই করা যায়, চেষ্টা করেছি। আমি সেট ছিলাম, আমার দিনটা ভালো যাচ্ছিল, ব্যাটে বল লাগছিল। চেষ্টা করেছি যে দলের জন্য যতটুকু অবদান রাখা যায়।’


সাদা বলের দুই সংস্করণ মিলিয়ে হৃদয়ের সেঞ্চুরি মাত্র একটি। টেস্টে নিজের তৃতীয় ম্যাচেই পেয়েছেন সেঞ্চুরি। সেটি আবার ডাবল সেঞ্চুরি। এমন ইনিংসকে অনেকেই তাঁর ক্যারিয়ারের সেরা বলে বিবেচনা করবেন। কিন্তু হৃদয়ের ভাবনাটা একটু আলাদা। ক্যারিয়ারের বিশেষ ইনিংসের কথা বলতে গিয়ে ফিরে গেলেন অনূর্ধ্ব-১৯ দলে। সেখানে টানা তিনটি সেঞ্চুরি করেছিলেন তিনি।


হৃদয়ের কাছে এখনো সেটিই বিশেষ। বলেছেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, অনূর্ধ্ব-১৯ দলে আমি টানা তিনটি সেঞ্চুরি করেছিলাম। আমার কাছে এখনো মনে হয়, ওটাই বিশেষ কিছু। যদিও সেটা অনূর্ধ্ব-১৯ পর্যায়ে, তবে টানা তিনটি সেঞ্চুরি করা আমার কাছে এখনো অনেক বিশেষ কিছু মনে হয়।’

সর্বশেষ সব খবর

তাওহিদ হৃদয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৩ পিএম

আগের দিনের ৩ উইকেটে ৮৮ রান নিয়ে নেমে তৃতীয় দিনের প্রথম সেশনেই জেঁকে বসে হতাশা। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের তোপে ১৮৪ রানে নেই ৭ উইকেট। চোট পাওয়া ওপেনার সাদমান ইসলাম আর নামতে না পারায় আসলে ৮ উইকেট ছিল না বাংলাদেশের। সেই বিপর্যয়ের মাঝে ব্যাট হাতে জেগে ওঠেন একজন— স্বাচ্ছন্দ্যে খেলে বুক চিতিয়ে একাই লড়াই করেন তাওহিদ হৃদয়। মিরপুরে অনুষ্ঠিত আগের টেস্টের দুই ইনিংসেই উইকেট ছুড়ে দেওয়ার বিভীষিকা পেছনে ফেলে এই তরুণ ব্যাটার খেলেন মহাকাব্যিক এক ইনিংস।


তার অনবদ্য ডাবল সেঞ্চুরির সুবাদে উল্টো লিড নিয়ে সিলেট টেস্টে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ দল। শনিবারের খেলা শেষে ২৩ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। হৃদয়ের রেকর্ডময় ডাবল সেঞ্চুরিতে ভর প্রথম ইনিংসে ১১১.৫ ওভারে ৩৮৬ রান তোলে তারা। এরপর ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ৪ ওভারে বিনা উইকেটে করেছে ৭ রান। তাদের প্রথম ইনিংস শেষ হয়েছিল ৩৫৬ রানে। চাপের মধ্যে থাকা হৃদয় সমালোচনার উপযুক্ত জবাব দিয়ে অপরাজিত থাকেন ২৪২ রানে। তার ৩৫৯ বলের অবিস্মরণীয় ইনিংসে চার ২২টি ও ছক্কা ১১টি। টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করা এই ডানহাতি এখন এই সংস্করণে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক।


দলের বাকি স্বীকৃত ব্যাটাররা ভুগলেও হৃদয় দেখান তাড়না ও নিবেদন। ব্যাটিংয়ের সহায়ক পরিবেশ পেয়ে রান আনতে থাকেন অনায়াসে। সঙ্গে বিনোদনদায়ী শটের ফুলঝুরি তো ছিলই। অষ্টম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে ১৬৭ বলে ১১৭ এবং নবম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে ১২১ বলে ৮৫ রানের ভীষণ গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়েন তিনি।


অথচ একসময় মনে হচ্ছিল, বড় লিড পেতে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু হৃদয় সেই চিন্তাকে নস্যাৎ করে নিজের সেরাটা মেলে ধরায় বদলে যায় পরিস্থিতি। টেলএন্ডারদের সঙ্গে নিয়ে তিনি জ্বলে ওঠায় ক্যারিবিয়ান বোলারদের পরিকল্পনা হয়ে পড়ে এলোমেলো। এদিন বাংলাদেশ যোগ করে আরও ২৯৮ রান, যার ২১৩ রানই আসে তার ব্যাট থেকে। শুধু তাই নয়, বাংলাদেশের প্রথম ইনিংসের মোট রানের ৬২.৬৯ শতাংশই হৃদয়ের অবদান। ৭৬ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান আসে চোট কাটিয়ে ফেরা অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাট থেকে। বিশের ঘরে যেতে পারেন আর কেবল তাইজুল (৫৬ বলে ২২ রান)। বাকি সাতজনই আটকে যান ১৮ রানের নিচে।


ওয়েস্ট ইন্ডিজ ফের ব্যাটিংয়ে নামার পর পেসার তাসকিনের করা প্রথম ওভারেই দুটি রিভিউ হারায় বাংলাদেশ। আর মাত্র একটি রিভিউ বাকি আছে তাদের। ১৩ বলে একটি চারে ৫ রানে অপরাজিত আছেন ব্র‍্যান্ডন কিং। ১১ বলে ২ রানে খেলছেন জশুয়া ডা সিলভা।

সর্বশেষ সব খবর

কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ১:২১ এএম

লালমনিরহাটে "ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা", "স্বপ্নের পথে বিজয়ের সাথে" স্লোগান নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ২০২৬-২০২৭  এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসনের  আয়োজনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট সদর উপজেলার এসিল্যান্ড মোঃ নওশাদ আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ আব্দুল হাকিমসহ শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সাংবাদিকবৃন্দ ও ক্রীড়া সংগঠকগণ উপস্থিত ছিলেন।

খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর লামনিরহাট সদর উপজেলার কয়েকশ খেলোয়াড়।

পরবর্তীতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে লালমনিরহাট সদর উপজেলার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন করা হয়।

সর্বশেষ সব খবর