সিআইডি কার্যালয়। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৭ এএম

রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের পর এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম আরিফ।


পল্টন থানার ওসি জানান, মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে ককটেলটি নিক্ষেপ করে দুর্বৃত্তরা। সেটি সিআইডি কার্যালয়ের ভেতরে এসবির একটি গাড়ির ওপর পড়ে বিস্ফোরিত হয়। তবে কেউ আহত হয়নি।


 পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ


তিনি বলেন, সিআইডি কার্যালয়ের ভেতরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে কেউ আহত হয়নি। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।


এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পৃথক স্থানে ১০টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।


 ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চার ককটেল বিস্ফোরণ, আটক ৩


জানা যায়, নীলক্ষেতে একটি, সিনেট ভবনের সামনে একটি, টিএসসিতে এলাকায় দুইটি এবং শাহবাগ মোড়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা যায়। এ ঘটনায় উপস্থিত শিক্ষার্থী ও লোকজন সন্দেহভাজন হিসেবে ৩ জনকে আটক করে।



সর্বশেষ সব খবর

সাবেক সিআইডিপ্রধান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অব.) ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ি। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ৩১ অক্টোবর, ২০২৬, সময় : ১২:০০ এএম

রাজধানীর পল্টনে সাবেক সিআইডি প্রধান অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর গাড়ির ধাক্কায় এক রিকশা চালক গুরুতর আহত হয়েছেন। গাড়িটি তার ছেলে চালাচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।


শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে পল্টনের বক্স কালভার্ট রোডে গাড়িটি একটি রিকশাকে ধাক্কা দিলে সুলতান (৬০) নামের ওই রিকশাচালক গুরুতর আহত হন। পরে তাকে পথচারীরা উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠায়।


এ ঘটনায় ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়িটির সামনের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর গাড়িটি জব্দ করে পল্টন থানায় নেওয়া হয়েছে। তবে চালককে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।


বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান। তিনি জানান, সাবেক অতিরিক্ত আইজিপির ব্যক্তিগত গাড়ির ধাক্কায় এক রিকশা চালক আহত হয়েছেন। বর্তমানে তিনি পঙ্গ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।


তিনি আরো জানান, সাবেক অতিরিক্ত আইজিপির গাড়িটি পল্টন থানা হেফাজতে আছে। গাড়িটি তার ছেলে চালাচ্ছিল বলে আমরাও শুনেছি। তবে এখনো এই ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। 

সর্বশেষ সব খবর

পল্লবী থানা। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ০৯ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২২ এএম

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা ২ দুর্বৃত্ত ফ্লাইওভারের ওপর থেকে থানায় ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।


রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। কাউকে গ্রেপ্তার করা যায়নি।’


আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, অজ্ঞাতপরিচয় দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে পল্লবী থানার পাশের ফ্লাইওভারের উপর থেকে থানার প্রাঙ্গণে একটি ককটেল নিক্ষেপ করে। এতে বিস্ফোরণ ঘটলে থানার গেটের ভেতরে অবস্থানরত এসআরবি-৪-এর এক সদস্যের শরীরে ককটেলের বিস্ফোরিত অংশের ছিটে লাগে। এতে তিনি সামান্য আহত হন।


 মালিবাগে সিআইডি কার্যালয়ের ভেতরে ককটেল বিস্ফারণ


এর আগে, মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিআইডি কার্যালয়ের সামনে বীর উত্তম শামসুল আলম সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে এতে কেউ হতাহত হয়নি বলে জানায় পুলিশ।


এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পৃথক স্থানে ৫টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে আটক করেছেন শিক্ষার্থী ও উপস্থিত লোকজন। রোববার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

সর্বশেষ সব খবর

চোরাচালানে নতুন প্রবণতা ই-সিগারেট–ভেপ

শাহজালাল বিমানবন্দরে ৯০টি ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক!


  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২৯ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দার অভিযানে এবার ধরা পড়েছে ৯০ পিস ই-সিগারেট/ভেপ। গত ৬ ও ৭ নভেম্বর ২০২৬ তারিখের পৃথক অভিযানে এসব পণ্যের পাশাপাশি ১৬৬ কার্টন সিগারেট, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম ও ১০০ গ্রাম স্বর্ণালংকার আটক করা হয়েছে। আটক পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য ৩২ লাখ ২ হাজার ৫০০ টাকা।




গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-387 ফ্লাইটে ঢাকায় আগত যাত্রী সুলতানা রাজিয়া (Sultana Razia)-এর ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে ৯০ পিস ই-সিগারেট/ভেপ, ১২ কেজি নিষিদ্ধ গৌরী ক্রিম এবং ১০০ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়।


সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ওই যাত্রীর পাসপোর্টে গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে ১০০ গ্রাম স্বর্ণালংকার আনার এন্ট্রি রয়েছে। একই বছরে পুনরায় ১০০ গ্রাম স্বর্ণালংকার নিয়ে আসার বিষয়টি শনাক্ত হওয়ায় এবারের স্বর্ণালংকার আটক করা হয়।




পৃথক অভিযানে ৭ নভেম্বর কাতার থেকে ঢাকায় আগত QR-640 ফ্লাইটের ব্যাগেজ বেল্ট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬৬ কার্টন সিগারেট জব্দ করা হয়।




যাত্রী ব্যাগেজে ই-সিগারেট/ভেপ বহনের এ ঘটনা চোরাচালানের নতুন প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। রাজস্ব সুরক্ষার পাশাপাশি নিষিদ্ধ ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পণ্যের অবৈধ প্রবেশ প্রতিরোধে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সব খবর

৩৩ প্লাটুন বিজিবি

  • প্রকাশ : রবিবার ০৮ নভেম্বর, ২০২৬, সময় : ১১:১৪ এএম

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। 


আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।


রোববার (৮ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুর, নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায় দায়িত্ব পালন করছেন।বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের কার্যক্রম ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।


শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, জনসাধারণের জানমালের সুরক্ষা এবং স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে বিজিবির এ মোতায়েন ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ সব খবর

গ্রেপ্তার মো. ফরিদ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ০৭ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৪ পিএম

বাইরে থেকে দেখলে মনে হবে সাধারণ চানাচুরের প্যাকেট। মোড়কে লেখা ‘ঈগল চানাচুর’ ও ‘ঈগল ফুডস’। তবে ভেতরে রয়েছে মাদক হেরোইন। রাজধানীর মোহাম্মদপুরে এমন ১০টি প্যাকেটসহ মো. ফরিদ (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর কাছ থেকে মোট ১ হাজার ৫০০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোহাম্মদপুরের বাবর রোডের এসি ওয়ার্ল্ড নামের একটি দোকানের সামনে থেকে ফরিদকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হেরোইনের ওজন মোট ১৫০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। আজ শনিবার তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা সাংবাদিকদের এ তথ্য জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির একটি দল এলাকায় মাদক উদ্ধার ও ছিনতাই প্রতিরোধে টহলে ছিল। রাত ১০টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থানকালে পুলিশ গোপন খবর পায়, বাবর রোডের একটি দোকানের সামনে দুজন ব্যক্তি হেরোইন বিক্রির জন্য অবস্থান করছেন। এর ১০ মিনিটের মধ্যে পুলিশের দলটি সেখানে পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে ফরিদকে ধরে ফেলে, তবে তাঁর সঙ্গে থাকা অপরজন পালিয়ে যান।

পুলিশ জানায়, তল্লাশির সময় ফরিদের ট্রাউজারের বাঁ পকেট থেকে একটি হলুদ রঙের শপিং ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের ভেতর ছিল ‘ঈগল চানাচুর’ লেখা ১০টি প্লাস্টিকের ছোট্ট প্যাকেট। প্রতিটি প্যাকেটে রুপালি কাগজে মোড়ানো ১০০টি করে মোট ১ হাজার পুরিয়া হেরোইন ছিল। এ ছাড়া আরও ১০টি সাদা রঙের জিপার ব্যাগ থেকে রুপালি কাগজে মোড়ানো ৫০টি করে আরও ৫০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে মেপে দেখা যায়, উদ্ধার হওয়া মোট হেরোইনের ওজন ১৫০ গ্রাম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদ পুলিশকে জানান, তিনি মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের বাসিন্দা। পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যেই তিনি হেরোইনগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সব খবর

রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

  • প্রকাশ : শুক্রবার ০৬ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৫ পিএম

রাজধানীর বারিধারা নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে বারিধারার ৭ নম্বর সড়কের জে ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।


তিনি বলেন, শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণে আনে।


সাভার-নতুন বাজার রুটে চলাচলকারী বাসটি নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর হঠাৎ এতে আগুন দেয় দুবৃত্তরা। তবে কে বা কারা এই আগুন দিয়েছে, সে বিষয়ে এখনো কিছু বলতে পারছেন না পরিবহন কোম্পানির কর্মকর্তারা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে।


এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সর্বশেষ সব খবর