সুইডেনের সঙ্গে ড্র
গোলশূন্য প্রথমার্ধের পর জমে উঠল লড়াই। চমৎকার দলীয় প্রচেষ্টার গোলে এগিয়ে গেল জাপান। দ্রুতই সমতা ফেরাল সুইডেন। পরে সুযোগ এলো দুই দলের সামনেই, কিন্তু ব্যবধান গড়ে দেওয়া গোলের দেখা পেল না কোনো দলই।
ডালাসে বাংলাদেশ সময় শুক্রবার ভোরের ম্যাচে ১-১ ড্র হয়েছে জাপান ও সুইডেনের লড়াই। দুই দলই জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।
তিউনিসিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের সেরা হয়েছে নেদারল্যান্ডস। তারা খেলবে মরক্কোর বিপক্ষে। এই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে জাপান। তারা খেলবে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছে সুইডেন। সেরা তৃতীয় দলগুলোর একটি হয়ে সেরা বত্রিশে যাওয়া সুইডেনের প্রতিপক্ষের নাম জানতে অপেক্ষায় থাকতে হবে।
ম্যাচে প্রথম সুযোগ পায় সুইডেন। ডি বক্সের বাইরে থেকে মিডফিল্ডার আলেকসান্দার বের্নহার্দসনের বাঁকানো শট ঝাঁপ দিয়ে ঠেকান জাপানের গোলরক্ষক জিওন সুজুকি। এরপর লম্বা সময় খেলা চলে মূলত মাঝমাঠে। কোনো দলই এই সময়ে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেননি। ৩৭তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন সুইডিশ ডিফেন্ডার ইসাক হিন।
৪০তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে শট নেন জাপানের ডিফেন্ডার ইয়োকিনারি সুগাওয়ারা। তবে পরাস্ত করতে পারেননি সুইডেনের গোলরক্ষক ইয়াকুব ভিদেল জেততেরস্ত্রুমকে।
পাঁচ মিনিট পর গোল প্রায় পেয়েই যাচ্ছিলেন নেইতো নাকামুরা। কিন্তু তার গতিময় বাঁকানো শট বাম দিকে ঝাঁপ দিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান জেততেরস্ত্রুম। ৪৫ মিনিটে জাপানের ১৩ নম্বরের বাঁকানো শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক।
চমৎকার দলীয় গোলে ৫৬তম মিনিটে এগিয়ে যায় জাপান। আয়াসে উয়েদার সঙ্গে ‘ওয়ান-টু’ খেলে এগিয়ে যান রিতসু দোয়ান। ডি বক্সে তিনি খুঁজে নেন দাইজেন মায়েদাকে। ছুটে গিয়ে পেনাল্টি স্পটের কাছ থেকে বাকিটা সারেন সেল্টিকের এই ফরোয়ার্ড।
ছয় মিনিট পর এন্টনি এলাঙ্গার গোলে সমতা ফেরায় সুইডেন। ডি বক্সের বাইরে থেকে মনে হচ্ছিল ক্রস করবেন তিনি। সেটা না করে গতিময় বাঁকানো শটে নিউক্যাসল ইউনাইটেড ফরোয়ার্ড খুঁজে নেন জাল। ঝাঁপিয়ে নাগালে পাননি জাপান গোলরক্ষক।
৬৫তম মিনিটে আলেকসান্দার ইসাকের শট ঠেকিয়ে সমতা ধরে রাখেন জাপানের গোলরক্ষক সুজুকি। যোগ করা তৃতীয় মিনিটে এলাঙ্গার আরেকটি দারুণ শট চমৎকার দক্ষতায় ঝাঁপ দিয়ে ব্যর্থ করে দেন তিনি। সমতায় শেষ হয় লড়াই।
৫৩ বলে ২০৪ রানের ইনিংস। ছবি: সংগৃহীত
ছবি: চ্যাটজিপিটি দিয়ে বানানো
ইতালির সিসিলিতে লাল কার্ড দেখানোর পর ড্রেসিংরুম থেকে ছুরি হাতে মাঠে ফিরে প্রতিপক্ষ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে এক ফুটবলারের বিরুদ্ধে। ভয়াবহ এই ঘটনার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও ডাকতে বাধ্য হন আয়োজকরা। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
ঘটনাটি ঘটে ইতালির তৃতীয় ডিভিশনের একটি অপেশাদার ফুটবল ম্যাচে। মুখোমুখি হয়েছিল গ্যালাকটিক পাওলিনি ও অ্যাথলেটিক পারতান্না।
ম্যাচ চলাকালে গ্যালাকটিক পাওলিনির ১০ নম্বর জার্সিধারী ফুটবলার ডেল পাওলিনি প্রতিপক্ষের বেঞ্চের সামনে অশালীন অঙ্গভঙ্গি করেন। এ ঘটনায় প্রথমে হলুদ কার্ড দেখেন তিনি। পরে প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে লাথি মারলে রেফারি ভিনসেঞ্জো পার্নিস তাকে সরাসরি লাল কার্ড দেখান।
পাওলিনিকে লাল কার্ড দেখানোর প্রতিবাদে রেফারির সঙ্গে তর্কে জড়ান গ্যালাকটিকের কোচ কালান্দ্রা। একপর্যায়ে তাকেও লাল কার্ড দেখান রেফারি। এতে মাঠের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
তবে ঘটনার ভয়াবহতা বাড়ে এরপর। লাল কার্ড দেখে ড্রেসিংরুমে চলে গেলেও কয়েক মিনিট পর ছুরি হাতে আবার মাঠে ফিরে আসেন পাওলিনি। অভিযোগ, প্রতিপক্ষ অ্যাথলেটিক পারতান্নার বেঞ্চের কাছে গিয়ে খেলোয়াড় ও কর্মকর্তাদের ভয় দেখাতে থাকেন তিনি। এমনকি দলের এক কর্মকর্তার গলায় ছুরি ধরেন বলেও অভিযোগ উঠেছে।
এ পরিস্থিতিতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার কথা বিবেচনা করে ম্যাচ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন রেফারি। পরে ঘটনাস্থলে পুলিশ ডাকা হয়।
এদিকে, ঘটনার পর ইতালি ফুটবল সংস্থার কাছে লিখিত অভিযোগ জানিয়েছে অ্যাথলেটিক পারতান্না। ভবিষ্যতে খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ক্লাবটি।
কাভান সুলিভান
যুক্তরাষ্ট্রের ফুটবলে ইতিহাস গড়েই যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেজর লিগ সকারে (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার।
২০০৪ সালে ১ জানুয়ারি বা তারপরে জন্ম নেওয়া সেরা খেলোয়াড়কে পুরস্কারটি দেওয়া হয়। সুলিভান সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ১৭ বছর ৫৬ দিন বয়সে তা জিতলেন। এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যম এবং বর্তমান খেলোয়াড়দের ভোটে বিজয়ী নির্ধারিত হন। মোট ভোটের ৬৫.০৬ শতাংশ পান সুলিভান। খেলোয়াড়, গণমাধ্যম ও ক্লাব প্রতিনিধিদের নিয়ে গঠিত তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতে শীর্ষে ছিলেন সুলিভান। সংবাদমাধ্যমে ৮০ শতাংশ এবং সহকর্মী পেশাদার খেলোয়াড়দের ৬০.৩৪ শতাংশ ভোট পান।
যুক্তরাষ্ট্র ছেলেদের জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থকে পেছনে ফেলে এই স্বীকৃতি পেয়েছেন সুলিভান। নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল ও আদ্রি মেহমেতি যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হন। এমএলএস বর্ষসেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার ২০২০ সাল থেকে দেওয়া হচ্ছে। এর আগে ১৯৯৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এমএলএস বর্ষসেরা নবাগত খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হতো।
নিয়মিত খেলোয়াড় হিসেবে এবার এমএলএসে নিজের প্রথম মৌসুমে ২৯ ম্যাচে ২৩ গোলে অবদান রেখেছেন সুলিভান। ৯ গোল এবং ১৪ অ্যাসিস্ট। এর মধ্য দিয়ে এমএলএসে দুটি রেকর্ড গড়েন। এর আগে কোনো কিশোর খেলোয়াড় এক মৌসুমে এত বেশি গোলে অবদান রাখতে পারেননি।
টানা ১০ ম্যাচে গোলেও অবদান রাখেন সুলিভান—এমএলএসে কোনো কিশোর বয়সী খেলোয়াড় টানা এত ম্যাচে গোলে অবদান রাখতে পারেননি। গত সেপ্টেম্বরে এমএলএস মাসসেরা খেলোয়াড়ও হন সুলিভান। এর মধ্য দিয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে মাসসেরা হওয়ার রেকর্ডও গড়েন এমএলএসে।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পান কাভান সুলিভান। দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র জাতীয় দলের মূল একাদশে অভিষেক ঘটে তাঁর। ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে গোলের রেকর্ডও গড়েন সুলিভান।
কাভান সুলিভান বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের দুই ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের ভাই। তাঁদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বসত গড়েন।
ছন্নছাড়া ব্যাটিংয়ে ৯১ রানে অলআউট বাংলাদেশ। ছবি: সংগৃহীত
ছবি: ভিডিও থেকে নেওয়া
এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে কলম্বাস ক্রুর কাছে ৩-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি। এই হারের দিনে প্রতিপক্ষ ফুটবলারের মুখে বল ছুড়ে বিতর্কেও জড়িয়েছেন দলটির অধিনায়ক লিওনেল মেসি।
পেনাল্টি থেকে গঞ্জালো তাপিয়ার গোলে এগিয়ে যায় কলম্বাস। ৩৬ মিনিটে গঞ্জালো লুহান লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় মায়ামি। প্রথমার্ধের যোগ করা সময়ের শেষ দিকে থ্রো-ইন নেওয়ার সময় তাপিয়ার মুখ লক্ষ্য করে বল ছোড়েন মেসি। এ ঘটনায় রেফারি অ্যালেন চ্যাপম্যান মেসি ও তাপিয়া, দুজনকেই হলুদ কার্ড দেখান। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোলটি করেন তাপিয়া, আরেকটি গোল করেন তাহা হারব্রুন।
রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়েছেন কলম্বাস কোচ লরাঁ কোর্তোয়া। তার মতে, মেসির আরও বড় শাস্তি পাওয়া উচিত ছিল। অন্যদিকে রেফারি চ্যাপম্যানের ব্যাখ্যা, বলের গতি ও শক্তি খুব বেশি ছিল না, তাই ঘটনাটি সহিংস আচরণের পর্যায়ে পড়েনি।
মায়ামি কোচ কিলি গঞ্জালেস জানান, দল প্রত্যাশামতো খেলতে পারেনি, তবে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবেন তারা।
তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে হেরে এখন কঠিন সমীকরণের সামনে মেসিরা। আগামী শুক্রবার কলম্বাসের মাঠে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে তাদের। না হলে প্লে-অফ থেকে বিদায় নিতে হবে মায়ামিকে।
টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ৭০০ রানের বেশি সংগ্রহ গড়ল ভারত
নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ল ভারত। ওয়েলিংটনের বেসিন রিজার্ভে প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা। এটি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ সংগ্রহ। নিউজিল্যান্ডের মাটিতেও এক ইনিংসে সর্বোচ্চ। এর আগে ১৯৯৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ ৬৬০ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেটিও এসেছিল এই মাঠে।
নিউজিল্যান্ডের মাটিতে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল নিউজিল্যান্ডেরই। ২০১৯ সালে হ্যামিল্টনে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে ৭১৫ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকেরা। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখল ভারত।
ওয়েলিংটনে ৭২০ রান করার মধ্য দিয়ে টেস্ট ক্রিকেটে পঞ্চমবারের মতো ৭০০ রানের বেশি সংগ্রহ গড়ল ভারত। এই তালিকায় এখন দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সাতটি ৭০০ এর বেশি রানের ইনিংস নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কা।
ওয়েলিংটনে ভারতের ৭২০ রানের ইনিংসটি এখন তাদের টেস্ট ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ৭ উইকেটে ৭৫৯ রান। ২০১৬ সালে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে এই রান করেছিল ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেটে ৭২৬ রান, সেটি এসেছিল ২০০৯ সালে মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে।
ভারতের ইনিংসে হয়েছে আরও একটি বিরল রেকর্ড। ভারতের ইনিংসের প্রথম ৭ জুটিতেই এসেছে পঞ্চাশোর্ধ রানের জুটি, যা টেস্ট ইতিহাসেই প্রথম।
এ ছাড়া ভারতের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের প্রত্যেকেই অন্তত ৮০ রান করেছেন। টেস্ট ক্রিকেটে এমন ঘটনা এর আগে ঘটেছে মাত্র একবার। ২০১৪ সালে আবুধাবিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৩ উইকেটে ৫৬৬ রানের ইনিংসে দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানই ৮০ বা তার বেশি রান করেছিলেন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ইনিংস লিড ৩৫২ রানের।