পুলিশের অভিযানে গ্রেপ্তার মোবারক হোসেন ইমন

  • প্রকাশ : রবিবার ০২ আগস্ট, ২০২৬, সময় : ৪:০৩ পিএম

চট্টগ্রামে সম্প্রতি গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খুন ও অস্ত্র উদ্ধারের পৃথক দুটি মামলায় পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুতাসিম বিল্লাহ এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়ার বিষয়টি চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ নিশ্চিত করেছেন। 


তিনি বলেন, ফটিকছড়ি থানার জামাল হত্যা এবং সম্প্রতি ফটিকছড়ি থেকে অস্ত্র উদ্ধারের মামলায় ইমনকে রিমান্ডের আবেদন করা হয়। আদালত শুনানি শেষে হত্যা মামলায় পাঁচ দিন এবং অস্ত্র মামলায় পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন। অস্ত্র উদ্ধারের মামলাটিতে মো. ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, শামীমসহ ইমনের আরও চার সহযোগীরও পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


এদিকে ইমনকে হাটহাজারী বড়দিঘির পাড় এলাকায় ব্যবসায়ী জসীম উদ্দীনের নির্মাণাধীন ভবনে ৫০ লাখ টাকা চাঁদার জন্য হামলা-ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম এই আদেশ দেন।


সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয় ইমনকে। আদালত প্রাঙ্গণে সকাল থেকে পুলিশি নিরাপত্তার জোরদার করা হয়। জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নূর বলেন, ‘সন্ত্রাসী ইমনের রিমান্ড শুনানিকে কেন্দ্র করে আদালতপাড়ায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’


ভারতে পালিয়ে যাওয়ার পথে গত বুধবার সকালে যশোর থেকে ইমন ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। ইমন পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে অন্তত ১৫টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পরদিন বৃহস্পতিবার ইমনকে আদালতে হাজির করা হয়। ওই দিন তাঁকে ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করেন তদন্তকারী পুলিশ কর্মকর্তারা।


পুলিশ কর্মকর্তারা জানান, বর্তমানে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর হয়ে চট্টগ্রামে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনায় নেতৃত্ব দেওয়া দুজনের একজন ইমন। অপরজন মোহাম্মদ রায়হান। বড় সাজ্জাদের বাহিনীতে অন্তত ৫০ জন শুটার ও সহযোগী সক্রিয় রয়েছেন। ব্যবসায়ী, প্রবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে নিয়মিত চাঁদা দাবির জন্য বেশি ফোন করতেন ইমন।


চলতি বছরের জানুয়ারিতে নগরের বায়েজিদ বোস্তামী থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজ উদ্দিনকে ফোন করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে ইমনের বিরুদ্ধে। ইমন বলেন, ‘৫০ হাজার পুলিশ নিয়ে থাকলেও ঘরে গিয়ে মেরে ফেলব। তোর ভাইকে যেমন ১০ হাজার মানুষের মাঝখানে গুলি করে মেরেছি।’


এ ছাড়া ‘এমনভাবে গুলি করা হবে যে পরিবারের লোকজন গণনাও করতে পারবে না’ কিংবা ‘গুলি করে পুরো শরীর ভোমরার বাসা করে দেওয়া হবে’—এ ধরনের হুমকি দিয়ে বিদেশি নম্বর থেকে ফোন করে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে ইমনের বিরুদ্ধে।


১৩ জুলাই নগরের বাকলিয়া অ্যাকসেস রোড এলাকায় একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ রয়েছে ইমনের সহযোগীদের বিরুদ্ধে। এর দুই দিন আগে ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে দুই কোটি টাকা চাঁদা দাবি করা হয়। নিজেকে ডেভিড ইমন পরিচয় দিয়ে তিনি বলেন, ‘ব্যবসা করতে হলে এককালীন দুই কোটি টাকা দেবেন। মাসে দেবেন ১০ লাখ। এখন থেকে ব্যবসা আমরা করব।’


গ্রেপ্তারের আগে ২৫ জুলাই মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা হয় ইমনের। সন্ত্রাসের পথ কেন বেছে নিয়েছেন—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল বড় ক্রিকেটার হব, না হয় বড়লোক হব। বড়লোক হওয়ার জন্য এই পথে আছি।’


কে এই ইমন


ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। তাঁর বাবা মো. মুসা ওমানপ্রবাসী ছিলেন। কয়েক বছর আগে মারা গেছেন। স্থানীয় লোকজন জানান, স্কুলে পড়ার সময় থেকেই ক্রিকেটের প্রতি আগ্রহ তৈরি হয় ইমনের। কাঞ্চননগর থেকে সাইকেলে করে ফটিকছড়ি কলেজ মাঠে এসে অনুশীলন করতেন। পরে নগরের অক্সিজেন এলাকায় খালার বাসায় থেকে নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণ নিতে শুরু করেন। খেলতেন চট্টগ্রাম ব্রাদার্স একাডেমিতে। অনুশীলন করতেন কাজীর দেউড়ি স্টেডিয়ামে। ২০২৪ সালের ৫ আগস্টের পর সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের মাধ্যমে তাঁর দলে যুক্ত হন। সাজ্জাদের অন্যতম সহযোগী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ গত বছরের ১৫ মার্চ ঢাকা থেকে গ্রেপ্তারের পর বড় সাজ্জাদের অন্যতম সহযোগী হয়ে ওঠেন ইমন।


২০২৫ সালের ৩০ মার্চ বাকলিয়া এলাকার জোড়া খুন, একই বছরের ২৩ মে রাতে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবর হত্যা বিভিন্ন সন্ত্রাসী ঘটনায় আলোচিত হন মোবারক হোসেন ইমন। পুলিশের ভাষ্য, ইমন ১৫ থেকে ২০টি আগ্নেয়াস্ত্র বহন করেছেন—এমন তথ্য রয়েছে। অস্ত্র ব্যবহারে তিনি দক্ষ। বাকলিয়ার জোড়া খুনের ঘটনায় সন্ত্রাসী ও মোটরসাইকেল ভাড়া করার দায়িত্বও তাঁর ছিল।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৯:৪৫ পিএম

নানা আয়োজনে ঝালকাঠির নলছিটিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে নলছিটি সরকারি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। 


র‌্যালিতে অংশ নেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিত আলম মান্না ও সদস্য সচিব সাইদুল কবির রানাসহ দলের নেতাকর্মীরা। 


পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদ আলম মান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু। 


বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব অ্যাডভোকেট মুফফিকুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা। 


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, নলছিটি পৌর বিএনপির সহসভাপতি সরোয়ার হোসেন তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল কবির মিঠু ও রেজয়ানুল হক।

সর্বশেষ সব খবর

প্রতীকী ছবি

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৯:৩৯ পিএম

ঝালকাঠির নলছিটিতে অটোরিকশার চার্জিংয়ের বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল চন্দ্র দেবনাথ (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় তাহসিন (৯) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে।


শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটের দিকে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দেওপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, দেওপাশা গ্রামের একটি অটোরিকশায় চার্জ দেওয়ার জন্য বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত দুই কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।


হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দেওপাশা গ্রামের বাবুল চন্দ্র দেবনাথের ছেলে সজল চন্দ্র দেবনাথকে মৃত ঘোষণা করেন।


অপর আহত কিশোর তাহসিনের (৯) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।


নলছিটি থানা ভারপ্রাপ্ত( ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৯:২১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


শুক্রবার (২১ আগস্ট) বিকেলে টঙ্গীর এশিয়া পাম্পের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র‍্যালিটি শেষ হয়।


র‍্যালিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মো. আরিফ হোসেন হাওলাদার ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন শাহিন।


এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র‍্যালিতে জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।


আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবেই এ বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৯:১৫ পিএম

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে অরাজনৈতিক ও সুফিবাদী সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশ-এর উদ্যোগে টঙ্গীতে বর্ণাঢ্য স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা টঙ্গীর মন্নু শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জুলুসটি বের হয়। এতে আশেকে রাসুল ও মাসুকে এলাহীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জুলুসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আউচপাড়ার নেদায়ে ইসলাম বেপারী বাড়ি মসজিদে গিয়ে শেষ হয়।


জুলুসে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর আগমন উপলক্ষে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন নাতে রাসুল, দরুদ ও সালাম পাঠে অংশ নেন।


পরে নেদায়ে ইসলাম বেপারী বাড়ি মসজিদে মিলাদ, কিয়াম, দরুদ ও সালাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং দুনিয়া ও আখেরাতের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


স্বাগত জুলুসে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা বিভাগের সভাপতি মাহমুদুল হক, জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দাওয়াতে ইসলামী বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি হাফেজ ফরিদুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার সভাপতি উজ্জল আত্তারী, সাধারণ সম্পাদক শাহ আলম, মাওলানা শামসুল ইসলাম, মোঃ সোহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।


আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাঃ সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ আগমন করেছেন। তাঁর আদর্শ, মানবতা, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। অরাজনৈতিক ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদে মিলাদুন্নবী সাঃ এর মর্যাদা ও তাৎপর্য তুলে ধরতেই এ স্বাগত জুলুসের আয়োজন করা হয়েছে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৫:১৭ পিএম

নারায়ণগঞ্জের বন্দরে রিকশার গ্যারেজের মালিক ও ইসলামী আন্দোলনের নেতা জাহিদ হাসান বুলবুল হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। শুক্রবার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মদনপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ শুরু করেন।


এ সময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে দিলে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।


পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়।


এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ১০টার দিকে বন্দরের সালেহনগর এলাকায় জাহিদ হাসান বুলবুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। তিনি সালেহনগর শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে এবং ইসলামী আন্দোলনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।


নিহতের পরিবারের দাবি, ২০২৪ সালের আন্দোলনের সময় তার রিকশার গ্যারেজে লুটপাটের ঘটনায় দায়ের করা একটি মামলা তুলে নিতে দীর্ঘদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল। ঘটনার রাতে প্রধান অভিযুক্ত সিফাত ও তার সহযোগীরা মামলা প্রত্যাহারের জন্য চাপ দিলে কথা-কাটাকাটির একপর্যায়ে বুলবুলের ওপর হামলা চালায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।


বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, প্রধান অভিযুক্ত সিফাতকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনকারীদের বোঝানোর পর পৌনে ১১টার দিকে মহাসড়ক থেকে সরানো হয়েছে।


তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ২১ আগস্ট, ২০২৬, সময় : ৪:৫৮ পিএম

রাষ্ট্রপতি পদে নির্বাচনে জয়ী হওয়ার পর বৃহস্পতিবার ( ২১ আগস্ট)  সন্ধ্যায় হেয়ার রোডের ৩৫ নম্বর বাড়িতে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন Social Progress and Development Society (SPDS)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার।


সাক্ষাৎকালে সারমীন আক্তার এসপিডিএসের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি রাষ্ট্রপতির নতুন দায়িত্বের সফলতা কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে তাঁর নেতৃত্বে একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।


এসপিডিএসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সারমীন আক্তার বলেন, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানাতে এবং নতুন দায়িত্বের জন্য শুভকামনা জানাতেই এই সাক্ষাৎ। তিনি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের মাধ্যমে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


সাক্ষাৎ শেষে সারমীন আক্তার মহামান্য রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণে তাঁর নেতৃত্ব আরও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


উল্লেখ্য, Social Progress and Development Society (SPDS) দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সর্বশেষ সব খবর