বিএনপি-এনসিপির সংঘর্ষ

  • প্রকাশ : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ১১:৫৩ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের বক্তব্যকে ঘিরে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হাতিয়া উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন। এ সময় হান্নান মাসউদ হাতিয়া সরকারি দ্বীপ কলেজে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে যাচ্ছিলেন।



প্রত্যক্ষদর্শীরা বলেন, সম্প্রতি জাতীয় সংসদ অধিবেশন, জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক ও কর্মী সমাবেশে আবদুল হান্নান মাসউদ বিএনপির নেতাকর্মীদের নিয়ে কথা বলেন। বিএনপি নেতাদের দাবি, তার এসব বক্তব্যে বিএনপি সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। 




এর জেরে বৃহস্পতিবার হান্নান মাসউদের সভায় যোগদানকে ঘিরে আগে থেকেই তৎপর ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আবদুল হান্নান মাসউদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ ভবনের ফটকে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন।




 এ সময় তার সঙ্গে থাকা এনসিপির নেতাকর্মী এবং ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হান্নান মাসউদ নিজেও তর্কে জড়িয়ে পড়েন। পরে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় তাকে সভাস্থলে নিয়ে যাওয়া হয়। তবে সভা চলাকালে বাইরে এনসিপি কর্মীদের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের আবার বাগ-বিতণ্ডা হয়। খবর পেয়ে হান্নান মাসউদ সভাকক্ষ থেকে বের হয়ে এসে আবার তর্কে জড়ান। 




একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এতে উপজেলা যুবশক্তির সদস্যসচিব সাইফুল ইসলাম এবং ছাত্রদল নেতা আকরাম, সাকিব, সাখাওয়াত হোসেন, আজাদসহ অন্তত আটজন আহত হন। পরবর্তী সময়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সংসদ সদস্যকে তার বাসভবনে পৌঁছে দেওয়া হয়।


হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন বলেন, “সংসদ সদস্য সভার দিকে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও কথা-কাটাকাটি হয়। আমরা দ্রুত পরিবেশ শান্ত করি।”


হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, “দুই পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে ফটকে উচ্চবাচ্য ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরে প্রশাসনের সহযোগিতায় সংসদ সদস্যকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।”


এনসিপির উপজেলা কমিটির আহ্বায়ক শামসুদ্দিন তিবরিজ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিনা কারণে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।


হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী বলেন, “এমপি প্রতিনিয়ত বিভিন্ন স্থানে বিএনপিকে জড়িয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। তার এ আচরণ ও উগ্রতার কারণেই ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। এখানে দলের কোনো নির্দেশনা ছিল না।”


এ বিষয়ে সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, তিনি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে যাওয়ার পথে বিএনপির লোকজন হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তারা হাতাহাতিতে লিপ্ত হয়। এ সময় তাদের একটি ঘুষি তার ঘাড়ে লাগে বলে অভিযোগ করেন হান্নান মাসউদ।



সর্বশেষ সব খবর

পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:২২ এএম

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা বলে জানা গেছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম সুধীর কুমার ধর (৪১), তিনি বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপাল ধরের ছেলে।


বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ওসি নাজের হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় সুধীর কুমার ধরকে গ্রেপ্তার করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা।


এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং সেই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’ 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৮ এএম

দিনাজপুরে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তার স্ত্রী ও ছেলেকে তুলে নিয়ে আটকে রাখার পর মোবাইল ফোনে টাকা দাবির অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবীর সোহাগকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ২০২১ সালে দিনাজপুরের  চিরিরবন্দর এলাকায় ঘটে।


এই ঘটনায় করা বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর জেলায় সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে সারোয়ার কবীর যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলের বাইরে দিনাজপুরে যান। এ সময় ছুটিতে থাকা এএসআই মো. হাসিনুর রহমান ও কনস্টেবল মো. আহসান-উল-ফারুককে সঙ্গে নিয়ে সম্পূর্ণ নিয়ম ও এখতিয়ারবহির্ভূতভাবে একটি অভিযোগ অনুসন্ধানের নামে অভিযান পরিচালনা করেন।


২০২১ সালের ২৩ আগস্ট সংঘটিত ওই ঘটনায় দিনাজপুরের চিরিরবন্দর থানার লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর ২৩ ও ২৪ আগস্ট তাদের দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘোরানোর পর কোতোয়ালি থানা এলাকার মো. ফসিহ উল আলম পলাশের এক পরিচিত ব্যক্তির বাড়িতে আটকে রাখা হয়। সেখানে মোবাইল ফোনের মাধ্যমে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।


ওই ঘটনায় চিরিরবন্দর থানা-পুলিশ সারোয়ার কবীরসহ অন্যদের আটক করে এবং ২০২১ সালের ২৫ আগস্ট তাদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, চুরি ও অনধিকার প্রবেশের অভিযোগে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।


এ ঘটনায় জনমনে অসন্তোষ সৃষ্টি এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সারোয়ার কবীরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় পুলিশ সদরদপ্তর। ২০২৪ সালের ১ জুলাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।


প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ জুলাই তিনি অভিযোগের জবাব দিয়ে ব্যক্তিগত শুনানির আবেদন করেন। একই বছরের ২৬ নভেম্বর তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। তবে তার বক্তব্য সন্তোষজনক না হওয়ায় অভিযোগ তদন্তে কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তা ২০২৬ সালের ৭ জুন প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়।


তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে গত ২৪ জুন দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি তার কোনো জবাব দেননি। এরপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে গত ৮ অক্টোবর সংস্থাটি তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মত দেয়।


সর্বশেষ গত ৫ নভেম্বর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি বরখাস্তের প্রস্তাবে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

সর্বশেষ সব খবর

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৭ পিএম

সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের  কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 


মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। 


সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে। 


এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে। 




সর্বশেষ সব খবর

গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৭ পিএম

গাইবান্ধার সাঘাটায় একটি মিলাদ ও মজলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ছাড়াও বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।


​স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন তাঁর ভাই বাবলু ব্যাপারী। ওই অনুষ্ঠানে দাওয়াত পাওয়া ও না পাওয়া প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।


 আমন্ত্রিত অতিথিদের আটার ডাল ও ভাত খাওয়ানো হয়। খাবার খেয়ে বাড়ি ফেরার পরপরই অনেকের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল থেকেই তাঁরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। এ ঘটনায় একটি পরিবারের ১ বছরের শিশুসহ আট সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।



​কালপানি গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, স্থানীয় ঐতিহ্যবাহী আটার ডাল তিনি বগুড়ায় এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেটি খেয়ে তাঁর বন্ধুর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।


​স্থানীয় বাসিন্দা আ. রহিম বলেন, ‘‘এ এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়নি এমন পরিবার খুব কমই আছে। অনেকে হাসপাতালে চিকিৎসা নিলেও অনেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।’’


​সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে নারী, শিশু ও পুরুষসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ​তিনি আরও জানান, খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আক্রান্তরা সঠিক সময়ে চিকিৎসা নেওয়ায় বড় ধরনের ঝুঁকি কমেছে।

সর্বশেষ সব খবর

পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪০ পিএম

পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বাস্তবায়নের বিষয়ে অংশীজনদের নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।


কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী ও গণমাধ্যম কর্মী মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার, নাজমা বেগম।


এ ছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, গুড নেইবারস, আভাস ও গ্রামবাংলার প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য এখন উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। যত্রতত্র প্লাস্টিক ফেলার কারণে সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ। পর্যটন নির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশের জন্য প্লাস্টিক বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা জরুরি।


তাঁরা বলেন, শুধু পৌরসভার উদ্যোগে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্জ্য উৎপত্তিস্থল থেকে পৃথক করা, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক ফেলা এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।


সভায় কুয়াকাটা সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুয়াকাটাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব পর্যটননগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানিয়েছেন তারা।

সর্বশেষ সব খবর

গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫২ পিএম

গ্রামীন ব্যাংক সিলেট সদর উপজেলা শাখায় আগুন দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল ও ভিডিও ছড়িয়ে পড়েছে গত রাত থেকে। এ নিয়ে সিলেটজুড়ে গ্রামীন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা চরম আতঙ্কে আছেন, এমন খবরও চাউর চারদিকে।

তবে আগুন লাগার বিষয়টি মোটেও সত্য নয় বলে জানিয়েছেন গ্রামীন ব্যাংক সিলেট আঞ্চলিক অফিসের ম্যানেজার মো. আবুল হোসেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তিনি  কথা বলেন। এ সময় তিনি জানান, এসব খবরের কোনো ভিত্তি নেই।

আমাদের সিলেট সদর উপজেলা শাখায় আগুন লাগা দূরে থাক, সদর উপজেলা শাখা বলতেইতো কিছু নেই। তিনি আরও জানান, এখন পর্যন্ত আমাদের সিলেট বিভাগজুড়ে যত শাখা আছে, তার কোথাও এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভুয়া ভিডিও ও সংবাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ সব খবর