টঙ্গী পুলিশের বিশেষ অভিযান ওয়ারেন্টভুক্তসহ ৯ জন গ্রেফতার

  • প্রকাশ : সোমবার ১৬ মার্চ, ২০২৬, সময় : ১২:৫৩ এএম

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, ঈদকে কেন্দ্র করে সড়ক ও জনসাধারণের চলাচলে নিরাপত্তা জোরদার করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে টঙ্গী পশ্চিম থানা পুলিশের একটি টিম বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সন্দেহভাজন আসামিদের আটক করা হয়।


গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মোঃ রাজু (পিতা: সোবহান মিয়া), সাং মিলগেইট কো-অপারেটিভ মার্কেট, থানা টঙ্গী পশ্চিম, গাজীপুর, মোঃ রাসেল (২২) ও মোঃ শাহীন (১৯) (পিতা: নূরুল ইসলাম), সাং ছোটসাপমারা, থানা মেঘনা, জেলা কুমিল্লা, বর্তমানে মানিকনগর, থানা মুগদা, ঢাকা, মোঃ রাকিব হোসেন (২২) (পিতা: নাজির হোসেন), সাং জীবনগাছা, থানা শারষা, জেলা যশোর, বর্তমানে মানিকনগর, থানা মুগদা, ঢাকা, মোঃ রনি হোসেন (২২) (পিতা: ইসমাইল হোসেন), সাং বাসাবাসি, থানা কালীগঞ্জ, জেলা গাজীপুর, বর্তমানে সেক্টর-১৪, থানা উত্তরা পশ্চিম, ঢাকা, মোঃ রনি হামিদ (২২) (পিতা: আব্দুল হামিদ), সাং আজমপুর কাঁচাবাজার, থানা দক্ষিণখান, ঢাকা, নাঈম আব্বাস (২৬) (পিতা: আব্দুল হাই), সাং জয়নগর, থানা দৌলতখান, জেলা ভোলা, বর্তমানে মাঝুখান, উত্তরখান, ঢাকা, মোঃ মোখলেছুর রহমান (২১) (পিতা: লেবু মিয়া), সাং নুরুন্দি, জেলা জামালপুর, বর্তমানে উত্তরা পূর্ব, ঢাকা এবং মোঃ হৃদয় মিয়া (১৯) (পিতা: আনোয়ার হোসেন), সাং জয়নগর, থানা দৌলতপুর, জেলা ভোলা, বর্তমানে দক্ষিণখান, ঢাকা।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে




  • প্রকাশ : বৃহস্পতিবার ০৮ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৩৬ এএম

টাঙ্গাইলে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে পুলিশ লাইনস মাল্টিপারপাস শেডে জেলা পুলিশ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার। 


এ সময় টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার এইচএম মাহবুব রেজুয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আদিব সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। 


সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় জেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানবাহন নিয়ন্ত্রণ এবং পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।


পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে জেলার প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পাশাপাশি আনসার সদস্য ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। প্রকাশ, জেলায় এবার ১৩৫৭টি মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে।


  • প্রকাশ : বৃহস্পতিবার ০৮ অক্টোবর, ২০২৬, সময় : ৯:১৭ এএম

টাঙ্গাইলে নব যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সঙ্গে জেলা পর্যায়ের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


সভায় নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ টাঙ্গাইলের উন্নয়ন কার্যক্রম, জনসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। 


মতবিনিময় সভায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সাবেক সভাপতি ও টাঙ্গাইল ল’ কলেজের অধ্যক্ষ খান মোহাম্মদ খালেদ, অ্যাডভোকেট জাফর আহম্মেদ, প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন সহ প্রশাসনের কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মো. মাহবুব হাসান।   


জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলে। তাই সাংবাদিকদের সত্য, বস্তুনিষ্ঠ ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্ত না করার বিষয়েও সংশ্লিষ্টদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।


  • প্রকাশ : বুধবার ০৭ অক্টোবর, ২০২৬, সময় : ১১:২৯ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি ও খাদ্যপণ্যে কেমিক্যাল রং ব্যবহারের অভিযোগে ‘ইসলামিয়া মিষ্টি ভান্ডার (মোস্তফা)’কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


আজ বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরশহরের ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মিষ্টি তৈরির কারখানায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং খাদ্যপণ্যে কেমিক্যাল রং ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ৫৩ ধারায় প্রতিষ্ঠানের মালিক মোস্তফাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


অভিযানকালে ভোক্তাদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে প্রতিষ্ঠানটির মালিককে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশ দেওয়া হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন বা বাজারজাতের বিষয়টি পুনরায় পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


  • প্রকাশ : বুধবার ০৭ অক্টোবর, ২০২৬, সময় : ১১:২৫ পিএম

পৌরসভার কর্মচারীর সঙ্গেই আর্থিক লেনদেন না করতে শহরজুড়ে মাইকিং করেছে পৌরসভা। ঘটনাটি নিয়ে ভাণ্ডারিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ভাণ্ডারিয়া পৌরসভার সহকারী কর নির্ধারক মো. তাইয়্যেবুর রহমান রনির বিরুদ্ধে হোল্ডিং নম্বর দেওয়ার কথা বলে পৌরসভার নির্ধারিত রসিদ ছাড়াই কয়েকজনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পর আজ বুধবার (৭ অক্টোবর) দিনভর পৌরসভার পক্ষ থেকে শহরে সতর্কতামূলক মাইকিং করা হয়। পৌরসভার প্রশাসক মোহাম্মদ হাসিবুল হাসানের নির্দেশনা ও অনুরোধক্রমে প্রচারিত মাইকিংয়ে বলা হয়, পৌরসভার কোনো সেবা নিতে নির্ধারিত রসিদ ছাড়া কাউকে টাকা দেওয়া যাবে না। একই সঙ্গে রনির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করতেও সতর্ক করা হয়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পৌরসভার একজন কর্মচারীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর পৌরসভাকেই যখন জনসাধারণকে সতর্ক করতে হচ্ছে, তখন বিষয়টি নিয়ে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।


তাদের প্রশ্ন- হোল্ডিং নম্বর নিতে গেলে আগে রসিদ, নাকি আগে সাবধানতা?


  • প্রকাশ : বুধবার ০৭ অক্টোবর, ২০২৬, সময় : ১১:১৯ পিএম

শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল বুধবার সকাল ১০টায় পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ হাফিজুল ইসলাম খানের সভাপতিত্বে ও স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলতাফ হোসেন উজ্জলের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। 


এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুর রহমান, শ্রীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শ্রীনগর সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল হক রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।


লেখক রিয়াদ আনোয়ার শুভ

  • প্রকাশ : বুধবার ০৭ অক্টোবর, ২০২৬, সময় : ১১:০৭ পিএম

রংপুরের ইতিহাস লেখক, গবেষক, সংগ্রাহক ও সাবেক ছাত্রনেতা শাহ্ রিয়াদ আনোয়ার শুভ’র দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) বাদ যোহর রংপুর কেরামতিয়া জামে মসজিদ প্রাঙ্গণ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।


এতে শুভ’র সহপাঠী, রাজপথের সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্খীরা অংশ নেন।


জানাজা শেষে পুস্পার্ঘ্য অর্পণ করে রিয়াদ আনোয়ার শুভ’র প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় সমাজতা‌ন্ত্রিক দল(জাসদ), বাংলাদেশ জাসদসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। এরপর নগরীর মুন্সিপাড়ায় কেন্দ্রীয় সিটি করপোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয়।




এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে চারটার দিকে নগরীর সার্কিট হাউস সংলগ্ন নিজ বাসভবনে শাহ্ রিয়াদ আনোয়ার শুভ’র মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর সময় তিনি দুই ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।


শাহ্ রিয়াদ আনোয়ার শুভ ১৯৭৩ সালের ২৫ নভেম্বর রংপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা অ্যাডভোকেট শাহ্ আনোয়ারুল হক আনু ছিলেন ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক এবং মা উম্মে হাবিবা জাকিয়া হক সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা।


তিনি ১৯৮৮ সালে রংপুর জিলা স্কুল থেকে এসএসসি, ১৯৯০ সালে কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পাস করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেন। ছাত্রজীবনে প্রগতিশীল ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর সাথে রাজনীতি করতেন। রাজপথের বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তার ভূমিকা ছিল।


শাহ্ রিয়াদ আনোয়ার শুভ রংপুরের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ নিয়ে লেখা-লেখিতে একজন নিবেদিত প্রাণ ছিলেন। তার লেখার মাধ্যমে নতুন প্রজন্ম রংপুরের পুরাতন বাড়ি, সড়ক, ভবনসহ নানা ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানতে পেরেছে। তিনি ২০২৩ সালের ডিসেম্বর মাসে ফকির-সন্ন্যাসী বিদ্রোহ থেকে মুক্তিযুদ্ধ নিয়ে ‘রণভূমির রংপুর’ শিরোনামে একটি বই লিখে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন। তিনি রংপুরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে লেখালেখির পাশাপাশি এসবের সংগ্রাহক, সংরক্ষক ও গবেষকও ছিলেন।


তার মৃত্যুতে রংপুরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।