• প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ২:৪৩ পিএম

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর মামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী এবং বর্তমানে কারাগারে আটক মাওলানা শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে এবার নিজ এলাকায় কোটি কোটি টাকার ওয়াকফ এস্টেট ও সাধারণ মানুষের জমি জবরদখলের অভিযোগ উঠেছে।


আজ শনিবার (৩ অক্টোবর) সকালে নোয়াখালী সদর উপজেলার সালেহপুর মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সর্বস্তরের জনগণ ও মুসল্লিরা এই ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ঢাকা ও সারাদেশে নানা অপকর্মে বিতর্কিত মাওলানা শাহরিয়ার মাহমুদ নোয়াখালী সদরের দক্ষিণ সালেহপুর গ্রামে অবস্থিত তিনটি প্রধান ধর্মীয় প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখল করে রেখেছেন।


প্রতিষ্ঠানগুলো হলো, দক্ষিণ সালেহপুর জামে মসজিদ ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৫০৩), দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৭৫১) এবং দক্ষিণ সালেহপুর হামিদুলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৪২৯)।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আদালতের স্থগিতাদেশ এবং ওয়াকফ প্রশাসনের কোনো তোয়াক্কা না করে শাহরিয়ার মাহমুদ ওয়াকফ এস্টেট ও সাধারণ মানুষের সম্পত্তি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি, টয়লেট ও স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন। একইভাবে সরকারি নির্দেশ অমান্য করে এবং অকার্যকর কমিটির দোহাই দিয়ে ভুয়া রশিদ বইয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে অর্থ উত্তোলন ও সাধারণ মানুষের সাথে প্রতারণা চালিয়ে আসছেন তিনি। সরকারি তদন্ত দল সরেজমিনে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেলেও অদৃশ্য ক্ষমতার বলে এতদিন তার বিরুদ্ধে কোনো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।


সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, রাজধানী ঢাকায় আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর ও হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সম্প্রতি শাহরিয়ার মাহমুদ গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার পর এলাকার ভুক্তভোগী নিরীহ মানুষ ও মুসল্লিরা প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। তাই তাদের দাবি, শাহরিয়ার মাহমুদ বর্তমানে কারান্তরীণ থাকা অবস্থায়ই যেন তার এই দীর্ঘদিনের দখলদারিত্ব ও ভীতি প্রদর্শনের অবসান ঘটিয়ে ওয়াকফ এস্টেটের বেহাত হওয়া জমি উদ্ধার এবং তাকে ভূমিদস্যুতার অপরাধেও যথাযথ আইনি আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হয়।


উক্ত প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে দক্ষিণ সালেহপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, শাহাদাত হোসেন শিপন, মো.মানিক, মো.রুহুল আমিন, রায়হান খান নান্টুসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:১৯ পিএম

বিশ্বখ্যাত ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পেকে চট্টগ্রাম সফরের আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার এবং চট্টগ্রামের তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ আমন্ত্রণ জানানো হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) চসিকের রেস্ট হাউসে আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রশাসক এ আমন্ত্রণ জানান। তাঁর মাধ্যমে ফরাসি ফুটবল তারকা এমবাপ্পের কাছে আমন্ত্রণটি পৌঁছে দেওয়ার অনুরোধ করেন তিনি।


সাক্ষাৎকালে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তীসহ চসিক ও ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সিটি প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সুযোগ রয়েছে। ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় করতে চায় চট্টগ্রাম সিটি করপোরেশন।


তিনি বলেন, কিলিয়ান এমবাপ্পের মতো বিশ্বখ্যাত ফুটবল তারকা চট্টগ্রামে এলে শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম খেলাধুলায় আরও অনুপ্রাণিত হবে। সুস্থ, মেধাবী ও সৃজনশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার জরুরি। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে মাদকাসক্তিসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকেও তাদের দূরে রাখা সম্ভব।


এ লক্ষ্যে চট্টগ্রাম নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক।


আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমিকার প্রশংসা করে ডা. শাহাদাত বলেন, নগরীতে ফরাসি ভাষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতির প্রসারে প্রতিষ্ঠানটির অবদান গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের সঙ্গে ফ্রান্সের সাংস্কৃতিক যোগাযোগ বৃদ্ধি এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচি আয়োজনের বিষয়ে তিনি সহযোগিতা কামনা করেন।


এ সময় আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের নবনিযুক্ত পরিচালক অলিভিয়ের রোঙ আমন্ত্রণকে স্বাগত জানিয়ে বলেন, এটি অত্যন্ত সম্মানজনক একটি উদ্যোগ। ফরাসি দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে কিলিয়ান এমবাপ্পের কাছে আমন্ত্রণটি পৌঁছে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হবে।


প্রতিষ্ঠানটির উপপরিচালক ড. গুরুপদ চক্রবর্তী বলেন, চট্টগ্রামের তরুণদের কাছে ফুটবল অত্যন্ত জনপ্রিয়। কিলিয়ান এমবাপ্পে তরুণ ফুটবলপ্রেমীদের কাছে একজন আদর্শ খেলোয়াড়। তাঁর চট্টগ্রাম সফর এ অঞ্চলের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ ও উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


সৌজন্য সাক্ষাতে ক্রীড়া ও সাংস্কৃতিক সহযোগিতার পাশাপাশি বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। বিশেষ করে ফ্রান্স সরকারের ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)-এর মাধ্যমে চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী এলাকায় পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা খাতে বড় বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।


আলোচনায় আশা প্রকাশ করা হয়, এ বিনিয়োগ বাস্তবায়িত হলে নগরীর দীর্ঘদিনের পয়ঃনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার টেকসই সমাধানে অগ্রগতি হবে। পাশাপাশি বাংলাদেশ ও ফ্রান্সের উন্নয়ন সহযোগিতাও আরও জোরদার হবে।


বৈঠকে দুই দেশের সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণ, তরুণদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং ভবিষ্যতে যৌথ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২২ পিএম

ময়মনসিংহের মুক্তাগাছায় ১৩ বছর বয়সী কিশোরী জাকিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় মো. আকিবুল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জাকিয়াকে হত্যার কথা স্বীকার করেছে আকিবুল। জবানবন্দি অনুযায়ী, তাদের মধ্যে প্রায় দেড় বছর ধরে সম্পর্ক ছিল। বিয়ের চাপ ও সম্পর্কের বিষয়টি প্রকাশ করে দেওয়ার কথা বলা নিয়ে বিরোধের একপর্যায়ে জাকিয়াকে শ্বাসরোধে হত্যা করে সে।


আদালতে দেওয়া জবানবন্দিতে আকিবুল জানায়, জাকিয়ার সঙ্গে তার প্রায় দেড় বছর ধরে সম্পর্ক ছিল। এ সময়ে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। ঘটনার দিন শারীরিক সম্পর্কের উদ্দেশ্যে জাকিয়াকে নির্জন স্থানে নিয়ে যায় সে। সেখানে জাকিয়া তাকে বিয়ে করার জন্য চাপ দেয়। বিয়ে না করলে তাদের সম্পর্কের বিষয়টি সবাইকে জানিয়ে দেওয়ার কথাও বলে। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে জাকিয়া তাকে থাপ্পড় মারলে ক্ষুব্ধ হয়ে আকিবুল তার গলা চেপে ধরে। এতে ঘটনাস্থলেই জাকিয়ার মৃত্যু হয়। পরে মরদেহ গোপন করার উদ্দেশ্যে জাকিয়াকে কোলে তুলে সরিয়ে নেওয়ার চেষ্টা করে বলে জবানবন্দিতে উল্লেখ করেছে আকিবুল।


পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় জাকিয়া। পরদিন ১৮ নভেম্বর সকাল ১১টার দিকে মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের নামাপাড়া এলাকার খালপাড়ে একটি ফিশারির পাশে ধানক্ষেতের আইলে তার মরদেহ পাওয়া যায়। এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল এবং মরদেহটি দুটি কলাগাছ দিয়ে ঢাকা অবস্থায় ছিল।


এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে তদন্ত শুরু করে পুলিশ।


তদন্তের একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে আকিবুলের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ২৩ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি ফার্নিচারের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআই মাসুম বিল্লার নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।


মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আকিবুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১০ পিএম

ঠাকুরগাঁও সদর এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী মোছা. রুমা আক্তার (২৫) পালিয়ে যান।


​সোমবার (২৩ নভেম্বর) রাত  ৮টার সময ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ছিলেন পুলিশ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হয়েছেন।


​খবর পেয়ে এসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৮ টায় মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রাজু ইসলামকে ধরে ফেলে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি পালিয়ে যাওয়া অপর ব্যক্তি তার স্ত্রী রুমা আক্তার বলে নিশ্চিত করেন।

​

​রাত ৮টা ১০ মিনিটের দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজু ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার হয়।তার ফেলে দেওয়া পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা পাওয়া যায়।


​সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৪০ পিস (ওজন ৪ গ্রাম), যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।​মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড ফোন (আনুমানিক মূল্য ১২ হাজার টাকা) ও সিমসহ একটি সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়।


​আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলাকার বাসিন্দা।তার স্থায়ী ঠিকানা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী। অন্যদিকে পলাতক রুমা আক্তার ডিসি বস্তির (শাহাপাড়া নতুন ব্রিজ সংলগ্ন) বাসিন্দা।


​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, এই দম্পতি দীর্ঘদিন ধরে যোগসাজশে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন।ওসি, ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৫ পিএম

গাজীপুরের টঙ্গীতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের টার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় এই ঘটনা ঘটে। শ্রমিকদের অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বেলা ১২ টা ৫৫ মিনিটের দিকে টঙ্গী এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। 


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করলে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা  গাজীপুরা ২৭ এলাকার মহাসড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বললেন,বিক্ষুব্ধ শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে,বিক্ষুব্ধ শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে।এ সময় তিনি জানান উত্তেজনাকর পরিস্থিতি এবং কারখানায় হামলার আশঙ্কায় বেশ কিছু পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 


​৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

এর আগে, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি এবং কারখানায় হামলার আশঙ্কায় টঙ্গীর বিভিন্ন এলাকার ৫৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে কারখানাগুলো ছুটি ঘোষণা শুরু হয়। ​দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে টঙ্গীর গাজীপুরা, সাতাইশ, খরতৈল, বাগানবাড়ী, রাজনগর, তিলারগাতি, দাঁড়াইল, মুদাফা, ভাদাম ও মিলগেট এলাকার কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, আন্দোলনরত শ্রমিকদের চাপ এবং বহিরাগত ও অন্য কারখানার শ্রমিকদের আক্রমণের আশঙ্কায় শ্রমিকদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটি ঘোষণা করা উল্লেখযোগ্য কারখানাগুলোর মধ্যে রয়েছে টি জে সোয়েটারস লিমিটেড, বেইস ফ্যাশন লিমিটেড, এস এম পি সোয়েটারস, এল লইস ফ্যাশন লিমিটেড, জি জে ক্যাপ, দেওটি ফ্যাশন লিমিটেড, মিকফিক অ্যাপারেলস, ই এইচ ফেব্রিক্স, তানাজ ফ্যাশন, ভিয়েলা টেক্স, হান্ডি ক্রাফট বিউটি অ্যান্ড ফ্যাশন, সাউথ ইস্ট টেক্সটাইল, মাসকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠান (মাসকো জি-১ ও জি-২, মাসকো কটন সেম্পল, মাসকো পিকাসো, মাসকো কনসেপ্ট নিটিং, মাসকো শান্তা এক্সপ্রেশন), বরকত ফ্যাশন, ডেনিম ফ্যাশন, সান ছিড়ি বডি ফ্যাশন, লিড টাইম অ্যাপারেলস, এম এইচ সি ওয়্যার, উন্টার উল, জে এফ অ্যান্ড কো, এস এম জেকার্ড, ফ্যাশন স্টেপ, সানি সোয়েটার, টি এম এস অ্যাপারেলস, নিউ আর জি অ্যাপারেলস, টি পি ও গার্মেন্টস, ইস্পিরিট অ্যাপারেলস, সিভিউ ড্রেসেস, তুসুকা স্পিরিট অ্যাপারেলস, তুসুকা ফ্যাশন লিমিটেড, ট্রাউজার, কটন ফিল্ড বিডি, লাইফমোর স্টাইল, এস এম সোয়েটার, এস অ্যান্ড পি বাংলা, কে এ ডিজাইন ওয়্যার, এসি অ্যাপারেলস, এস কে ট্রিমস, লাকি স্টার অ্যাপারেলস, ইনট্রাস্ট ডিজাইন, এইচ বি অ্যাপারেলস, মার্স স্টিচ অ্যাপারেলস, নিপন গার্মেন্টস, ইকো টেক্স, মিম ফ্যাশন, বারাকা ফ্যাশন, এবি মার্ট, মজুমদার গার্মেন্টস, সেগ ফ্যাশন, ক্রস লাইন এবং নিট বাজার।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৬ পিএম

পঞ্চগড় শহরের যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে বানিয়া পট্টি থেকে সিনেমা হল রোড পর্যন্ত ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৪০০ মিটার পাকা সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রমজান আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।


উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ এ সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে আসবে। পাশাপাশি শহরের যান চলাচল আরও সহজ, স্বাভাবিক ও গতিশীল হবে।


তিনি আরও বলেন, সড়কটি নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। শহরের যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও নাগরিক সুবিধা বৃদ্ধিতেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন হলে পঞ্চগড় শহরের যান চলাচলে নতুন গতি আসবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

সর্বশেষ সব খবর

ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৪ পিএম

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার জেরে জামায়াতে ইসলামীর চারজন নেতা–কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 


গতকাল সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এর আগে গতকাল বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির নেতা–কর্মীদের মিছিলের প্রস্তুতির সময় হামলা ও গুলি চালায় একদল মুখোশধারী। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। এরপর সন্ধ্যা থেকে জামায়াতের চারজন নেতা–কর্মীর বাড়িঘরে হামলা–অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন জামায়াতের নেতারা।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালুমহাল নিয়ে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জেরে গতকাল বিকেলে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন একদল মুখোশধারী তাঁদের ওপর গুলি চালায়। ঘটনার পর গুলিবিদ্ধ পাঁচজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


গুলির ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর রাতে একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, জামায়াতের কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে এসব বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।


সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অত্যন্ত চতুরতার সঙ্গে বর্বরোচিত ও ন্যক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’


বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াতের নেতা–কর্মীদের বাড়িঘরে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।


তবে জাকারিয়া পিন্টুর সমর্থকেরা দাবি করেছেন, তাঁরা এলাকায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধী বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন আওয়ামী লীগ–সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। মূলত পদ্মার বালু ব্যবসা নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। এখানে জামায়াতের সঙ্গে কারও কোনো বিরোধ নেই।


জানতে চাইলে বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি ঢাকায় আছি। ঘটনার কিছুই জানি না। অকারণে আমার লোকজনকে দোষারোপ করা হচ্ছে। ঘটনা যত দূর জেনেছি, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলছিল। এর জেরেই গুলি ও রাতে কয়েকটি বাড়িতে হামলা হয়েছে। এখানে জামায়াতের কোনো বিষয় নেই। জামায়াতের কারও বাড়িতে হামলা হয়েছে বলেও আমার জানা নেই।’


এদিকে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, যুবদল ও বিএনপির লোকজন জামায়াতের নেতা–কর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছেন। উল্টো পুলিশ বিএনপির লোকজনকে সুরক্ষা দিয়েছে। হামলা–অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে।‎


তবে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং ঈশ্বরদীর বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই সব হয়েছে। একটি পক্ষ বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন এলাকার পরিস্থিতি শান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলি ও অগ্নিসংযোগের দুটি ঘটনাই তদন্ত করছে পুলিশ।

সর্বশেষ সব খবর