টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক

  • প্রকাশ : সোমবার ১১ মে, ২০২৬, সময় : ৬:৪৩ এএম

অবৈধভাবে  মাটিকাটা ও বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন  টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় এবিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। 


এবিষয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানান, অবৈধভাবে মাটিকাটা ও বালু উত্তোলন পরিবেশ ও জনজীবনে বিরূপ প্রভাব তৈরি করে । অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


এ বিষয়ে কোনো তথ্য পেলে বা কোথাও অবৈধভাবে বালু উত্তোলন হতে দেখলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার জন্য অনুরোধ জানান তিনি, অথবা জেলা ম্যাজিস্ট্রেটকে হোয়াটসঅ্যাপে অবহিত করার জন্য অনুরোধ জানান। 


তিনি আরও জানান, ১০ মে দিবাগত রাত হতে ভোর পর্যন্ত কালিহাতী উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।


অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে একজনকে ৩,০০,০০০/- (তিনলক্ষ) টাকা অর্থদন্ড করা হয়। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে ২টি এক্সকাভেটার মেশিন বিনষ্ট ও ২টি অবৈধ বালুবহকারী ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। জনস্বার্থে পুরো জেলায় এ অভিযান অব্যাহত রয়েছে ।


মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায়  আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আদিবুল ইসলাম আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।



সর্বশেষ সব খবর

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত

  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ২:৫৬ পিএম

নোয়াখালীর সোনাইমুড়ীতে গ্রেপ্তার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ছেলেকে থানায় দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন তার বাবা আব্দুল মান্নান (৫৮)। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।


আজ শনিবার (৩ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। এর আগে শুক্রবার দুপুরে বাবা আব্দুল মান্নান ও ছেলে সাব্বির আহমদকে (২১) নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


গ্রেপ্তার সাব্বির উপজেলার চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।


স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সোনাইমুড়ী উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের ঘটনায় ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। ছেলের গ্রেপ্তারের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান বাবা আব্দুল মান্নান। পরে তাকেও গ্রেপ্তার করা হয়। তবে পরিবারের দাবি, বাবা-ছেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।


সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ২:৪৩ পিএম

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর মামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী এবং বর্তমানে কারাগারে আটক মাওলানা শাহরিয়ার মাহমুদের বিরুদ্ধে এবার নিজ এলাকায় কোটি কোটি টাকার ওয়াকফ এস্টেট ও সাধারণ মানুষের জমি জবরদখলের অভিযোগ উঠেছে।


আজ শনিবার (৩ অক্টোবর) সকালে নোয়াখালী সদর উপজেলার সালেহপুর মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় সর্বস্তরের জনগণ ও মুসল্লিরা এই ভূমিদস্যুতার বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করেন।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, ঢাকা ও সারাদেশে নানা অপকর্মে বিতর্কিত মাওলানা শাহরিয়ার মাহমুদ নোয়াখালী সদরের দক্ষিণ সালেহপুর গ্রামে অবস্থিত তিনটি প্রধান ধর্মীয় প্রতিষ্ঠানের কোটি কোটি টাকার ওয়াকফ সম্পত্তি বেআইনিভাবে দখল করে রেখেছেন।


প্রতিষ্ঠানগুলো হলো, দক্ষিণ সালেহপুর জামে মসজিদ ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৫০৩), দারুল উলুম হামিদিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৭৫১) এবং দক্ষিণ সালেহপুর হামিদুলিয়া ফোরকানিয়া মাদ্রাসা ওয়াকফ এস্টেট (ইসি নং-২২৪২৯)।


সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আদালতের স্থগিতাদেশ এবং ওয়াকফ প্রশাসনের কোনো তোয়াক্কা না করে শাহরিয়ার মাহমুদ ওয়াকফ এস্টেট ও সাধারণ মানুষের সম্পত্তি দখল করে অবৈধভাবে ঘরবাড়ি, টয়লেট ও স্থায়ী স্থাপনা নির্মাণ করেছেন। একইভাবে সরকারি নির্দেশ অমান্য করে এবং অকার্যকর কমিটির দোহাই দিয়ে ভুয়া রশিদ বইয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে অর্থ উত্তোলন ও সাধারণ মানুষের সাথে প্রতারণা চালিয়ে আসছেন তিনি। সরকারি তদন্ত দল সরেজমিনে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেলেও অদৃশ্য ক্ষমতার বলে এতদিন তার বিরুদ্ধে কোনো কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি।


সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, রাজধানী ঢাকায় আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিও’ ভাঙচুর ও হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী হিসেবে সম্প্রতি শাহরিয়ার মাহমুদ গ্রেপ্তার হয়ে জেলে যাওয়ার পর এলাকার ভুক্তভোগী নিরীহ মানুষ ও মুসল্লিরা প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন। তাই তাদের দাবি, শাহরিয়ার মাহমুদ বর্তমানে কারান্তরীণ থাকা অবস্থায়ই যেন তার এই দীর্ঘদিনের দখলদারিত্ব ও ভীতি প্রদর্শনের অবসান ঘটিয়ে ওয়াকফ এস্টেটের বেহাত হওয়া জমি উদ্ধার এবং তাকে ভূমিদস্যুতার অপরাধেও যথাযথ আইনি আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করা হয়।


উক্ত প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে দক্ষিণ সালেহপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আবুল খায়ের, শাহাদাত হোসেন শিপন, মো.মানিক, মো.রুহুল আমিন, রায়হান খান নান্টুসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের মুসল্লি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেনু আক্তার

  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ২:২৩ পিএম

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় রেনু আক্তার নামের সাজাপ্রাপ্ত এক বিএনপি নেত্রীর উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। 


গত সোমবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা তৈরি হয়।


সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তাফা, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির মুন্সি, যুব অধিকার পরিষদের সহসভাপতি মহিবুল্লাহ এনমি, ছাত্র অধিকার পরিষদের নেতা আবু নাইম, বিএনপি নেত্রী রেনু আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রেনু আক্তার উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবিশ্বাস গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরবিশ্বাস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক। চেক প্রতারণার মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড পাওয়ায় গত ৬ মে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানার চিঠিতে তাঁর ঠিকানা হিসেবে উপজেলা সদরের হেলিপ্যাড এলাকা এবং ছিয়াম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক হিসেবে উল্লেখ করা হয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ সালে চেক প্রতারণার (ডিজঅনার) অভিযোগে রেনু আক্তারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় একটি মামলা হয়। চলতি বছরের ৪ মে মামলার রায় ঘোষণা করেন ঢাকা মহানগর যুগ্ম দায়রা জজ আদালত। রায়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৬ লাখ ৬৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। 


দুই দিন পর ৬ মে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরোয়ানার আদেশ পটুয়াখালীর পুলিশ সুপারের কার্যালয়ে এলে আইনগত ব্যবস্থা নিতে গত ১৬ আগস্ট তা গলাচিপা থানায় পাঠানো হয়।


চেক প্রতারণার মামলায় সাজা পাওয়া কিংবা নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার বিষয়টি অস্বীকার করেছেন বিএনপি নেত্রী রেনু আক্তার। তাঁর দাবি, তাঁর বিরুদ্ধে কোনো পরোয়ানা নেই। বিগত আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে তাঁর বিরুদ্ধে চট্টগ্রামে একটি রাজনৈতিক মামলা হয়েছিল। গত আগস্ট মাসে চট্টগ্রামের একটি আদালতে তিনি হাজিরাও দিয়েছেন।


তবে রেনু আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকার বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ। আইনশৃঙ্খলা কমিটির সভায় তাঁর উপস্থিতির বিষয়ে ওসি বলেন, গ্রেপ্তারি পরোয়ানায় আসামির বিস্তারিত পরিচয় না থাকায় এবং কোনো মহল থেকে তাঁর পরিচয় শনাক্ত না হওয়ায় তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নজরে আসার পর রেনু আক্তারকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।


রেনু আক্তার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সদস্য নন বলে জানিয়েছেন কমিটির সভাপতি ইউএনও আবুজর মো. ইজাজুল হক। তিনি বলেন, ওই ব্যক্তি দলীয় নেতাদের সঙ্গে সভায় অংশ নেন। তিনি সাজাপ্রাপ্ত কি না, সেটা পুলিশ বিভাগের নজরে থাকার কথা। বিষয়টি উপজেলা প্রশাসনের অধীন নয়।


জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মুঠোফোনে বলেন, রেনু আক্তারের বিরুদ্ধে মামলা বা গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি তিনি জানতেন না। বিষয়টি জানার পর রেনু আক্তারকে দ্রুত বিষয়টি সমাধানের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, বিষয়টি যেহেতু দলীয় কোনো ঘটনা নয়, তাই তাঁর বিরুদ্ধে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কম।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ২:০৭ পিএম

আনন্দে শিখি, শৃঙ্খলায় থাকি, দেশ গড়ার নতুন স্বপ্ন আঁকি- প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পাঁচদিনব্যাপী একাদশ জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়েছে। আজ (শুক্রবার, ২ অক্টোবর) বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কাব ক্যাম্পুরির উদ্বোধন করা হয়।




এসময় প্রধান অতিথি হিসেবে ক্যাম্পুরির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মোহাম্মদ রফিকুল হক।


তিনি বলেন, ‘স্কাউটসের কার্যক্রম শিক্ষার্থীদের সুন্দর হতে শেখায়, মানবিক মানুষ হতে শেখায়। ক্যাম্পুরিতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা নিজে সুন্দর হবে, মানবিক মানুষ হয়ে গড়ে উঠবে। শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাবে, সমস্যা সমাধানের সক্ষমতা অর্জন করবে। সর্বোপরি সততা ও সত্যের পথে দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠবে।’


উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের কমিশনার আখতারুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা শাহীন আকতার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি ও জেলার স্কাউটর্স এর সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু উপস্থিত ছিলেন।




উদ্বোধন শেষে কাব স্কাউটদের অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করা হয়। ডিসপ্লেতে স্কাউটদের শৃঙ্খলা, দলগত কার্যক্রম ও বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। ১ থেকে ৫ অক্টোবর পর্যন্ত এ কাব ক্যাম্পুরি অনুষ্ঠিত হবে।


আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পুরিতে জেলার ৭৫ শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯০জন কাব স্কাউটরা অংশগ্রহণ করছে।

সর্বশেষ সব খবর

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশ : শনিবার ০৩ অক্টোবর, ২০২৬, সময় : ১০:৫৭ এএম

ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো আয়োজিত ‘জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনার ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলের খেলায় সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে নান্দাইল উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ধোবাউড়া উপজেলা দল।


গতকাল শুক্রবার (২ অক্টোবর) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।


ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ডা. মো. মাহাবুবুর রহমান, ফখর উদ্দিন আহমেদ, লুৎফুল্লাহেল মাজেদ ও মোহাম্মদ সালমান ওমর। এছাড়া ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।


ফাইনাল ম্যাচ ঘিরে জেলা স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত সময়ে কোনো দলই জয় নিশ্চিত করতে না পারায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। স্নায়ুচাপের মুহূর্তে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নান্দাইল উপজেলা দলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ধোবাউড়া উপজেলা দল।


সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, ক্রীড়াপ্রেমী এবং আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।


প্রথমবারের এই নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজন ময়মনসিংহের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে আয়োজকরা জানান। নারী ফুটবলারদের প্রতিভা বিকাশ ও তৃণমূল পর্যায়ে নারী ফুটবলকে আরও এগিয়ে নিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শুক্রবার ০২ অক্টোবর, ২০২৬, সময় : ৯:৩৪ পিএম

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোলাবাড়ী জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) দুপুরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য মসজিদটির নির্মাণকাজের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জননেতা আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু। এ সময় তিনি মসজিদ নির্মাণের জন্য ব্যক্তিগত তহবিল থেকে ছয় লাখ টাকা অনুদান প্রদান করেন।


শুক্রবার (২ অক্টোবর) দুপুরে গোলাবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে পরিচালনা পরিষদের সভাপতি মো. রুহুল আমিন মোল্লার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব জননেতা আলহাজ্ব খালেকুজ্জামান বাবলু। বিশেষ অতিথি কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য মো. হারুন অর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব হাসানুর রহমান জুয়েল। 


প্রধান অতিথির বক্তব্যে আলহাজ খালেকুজ্জামান বাবলু বলেন, “মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মুসলমানদের ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নৈতিক শিক্ষা চর্চার অন্যতম কেন্দ্র। একটি সুন্দর ও আধুনিক মসজিদ নির্মাণের মাধ্যমে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। এ ধরনের ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে সমাজের বিত্তবানসহ সবাইকে এগিয়ে আসতে হবে।” 


তিনি আরও বলেন, “মসজিদ নির্মাণ একটি মহৎ ও সওয়াবের কাজ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী এ কাজে সহযোগিতা করতে পারি। গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ সুন্দরভাবে সম্পন্ন হোক, এটাই আমার প্রত্যাশা। আমি ব্যক্তিগতভাবে ছয় লাখ টাকা অনুদান দিয়েছি। ভবিষ্যতেও মসজিদটির নির্মাণকাজে আমার সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।”


অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন মোল্লা জানান, আধুনিক নকশায় গোলাবাড়ী জামে মসজিদটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। মসজিদটির দৈর্ঘ্য ৭১ ফুট ও প্রস্থ ৬১ ফুট। নির্মাণকাজ সম্পন্ন করতে আনুমানিক ১ কোটি ২০ লাখ টাকা ব্যয় হবে বলে ধারণা করা হচ্ছে। মসজিদটি নির্মাণে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতা কামনা করেন তিনি।


স্থানীয়রা আশা করছেন, মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার মুসল্লিরা সুন্দর ও উন্নত পরিবেশে নামাজ আদায় করতে পারবেন। পাশাপাশি মসজিদটি এলাকার ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


এ সময় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি মো. হাবিবুর রহমান, কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. তাইজুর রহমান মিলটনসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সব খবর