নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভার নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বুধবার দুপুরে পৌর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। জলাবদ্ধতা পরিবেশ দূষণ ও নাগরিক সেবার মানোন্নয়ন ও চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
তারাবো পৌর প্রশাসক এস এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী আজিজুল ইসলাম, প্রকৌশলী জাকির হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, পৌর বিএনপির নেতা মনোয়ার শাওন ভূঁইয়া, তারাবো পৌর যুবদলের আহ্বায়ক আফজাল কবির, যুগ্ম আহ্বায়ক হাজী হাসান ইমাম বাবুল এবং জামায়াতে ইসলামীর নেতা আলামিন ও আবু তৈয়ব, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান, ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর সাউথসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মতবিনিময় সভায় পৌর এলাকার পানি সরবরাহ, রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং নাগরিক সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় নাগরিকদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।
সভায় পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়নে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও সাধারণ নাগরিকদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
ইশায়াত শাহরিয়ার অপ্রতিম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী ২৯ নভেম্বর। এদিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানির কথা রয়েছে। তবে প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই পৃথক আদালতে। শনিবার (২১ নভেম্বর) অপ্রতিম হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মো. কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলার চার্জশিট গ্রহণ করা হয়েছে। আসামিরা জেলে আছে, আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মধ্য দিয়ে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে জুভেনাইল কোর্টে ও প্রাপ্তবয়স্ক ২ জনের বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।
কাইমুল হক রিংকু আরও বলেন, আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার বলেন, কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন করা হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের আলাদা আলাদা কোর্টে বিচার হবে।
প্রসঙ্গত, চলতি বছরের ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের(বিসিক) এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় শিক্ষার্থীরা উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, ঋণ সহায়তা ও শিল্প প্লট বরাদ্দসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। শনিবার (২১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের ১২ তলার সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে ওই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিসিক চেয়ারম্যান বেনজীর আহমেদ টিটো, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুরর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ রবিউল ইসলাম লিটন, বিসিকের পরিচালক (প্রশাসন) মুহম্মদ কামরুজ্জামান, পরিচালক (দক্ষতা ও প্রযুক্তি) মো. সহীদুজ্জামান এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো. ফরহাদ আহম্মেদ।
সমঝোতা স্মারকের আওতায় দুই প্রতিষ্ঠান যৌথ প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা উন্নয়ন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা জোরদারে কাজ করবে।
পরে বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের (বিটিআই) শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদ এবং বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের প্রথমধাপের উদ্বোধন করা হয়। প্রথম ধাপে এ প্রশিক্ষণের সুযোগ পেয়েছেন ৩০ জন শিক্ষার্থী।
প্রশিক্ষণে কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বিসিকের শিল্পোদ্যোক্তা উন্নয়ন অনুষদের প্রধান অনুষদ সদস্য মোহাম্মদ আজাদ হোসেন। কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন একই অনুষদের সহকারী অনুষদ সদস্য জোনায়েত হোসেন। ওই প্রশিক্ষণ ২১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।
পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে ব্যবসায়িক উদ্যোগ গ্রহণ ও পরিচালনা, ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়ন এবং সম্ভাবনাময় উদ্যোগ বাস্তবায়নের কৌশল শেখানো হবে। শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি, আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করা এবং নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলার দক্ষতা বাড়ানো এ প্রশিক্ষণের লক্ষ্য।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
৩ থেকে ৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পারটেক্স গ্রুপের আম্বার বোর্ড মিলস লিমিটেডের শ্রমিকরা। বিক্ষোভের একপর্যায়ে কারখানার জিএম ও ইঞ্জিনিয়ারের ওপর হামলার ঘটনা ঘটে। প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিলেও কারখানার সামনে অবস্থান করছেন শ্রমিকরা। এদিকে, গত দুই বছরে রূপগঞ্জে ১২টি শিল্পকারখানা বন্ধ হয়ে বেকার হয়েছেন প্রায় ৬০ হাজার শ্রমিক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী জানান, বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল থেকেই উত্তপ্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাটাবো এলাকার আম্বার বোর্ড মিলস লিমিটেড। সকাল ৯টার দিকে কারখানার সামনে রূপসী-কাঞ্চন সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে সড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা। এসময় শ্রমিকরা কারখানায় ইটপাটকেল ছুড়ে মারতে থাকে। বিক্ষোভ চলাকালে কারখানার জিএম ইরফান পাশা ও ইঞ্জিনিয়ার জুলফিকারের ওপর হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছান রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ বিন শফিক। পরে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে বেতন পরিশোধের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেন শ্রমিকরা। তবে কারখানার সামনে অবস্থান অব্যাহত রাখেন তারা।গত ২৩ আগস্ট গ্যাস সংকটের কারণ দেখিয়ে ৩ থেকে ৪ মাসের বেতন বকেয়া রেখেই কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন প্রায় ৫ শতাধিক শ্রমিক। গত ২০ নভেম্বর বেতন পরিশোধের কথা থাকলেও তা দেয়নি কর্তৃপক্ষ। পরে দুপুর ২টার দিকে মালিপক্ষ ২৫+১ লা ডিসেম্বরের মাঝে বেতনের আশ্বাস দিলে শ্রমিক বাড়ি ফিরে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ বিন শফিক বলেন, সময়মতো শ্রমিকদের বেতন পরিশোধ না করা হলে কারখানার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে প্রশাসন।
আম্বার বোর্ড মিলস লিমিটেডের মানব সম্পদ বিভাগ কামরুল ইসলাম সহ-ব্যবস্থাপক, শ্রমিকদের আশ্বাস দিয়েছ ২৫-১ লা ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের বেতন ধাপে ধাপে পরিশোধ করা হবে।
ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি চিঠি। চিঠিতে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রার্থনার পাশাপাশি তাকে ছাড়া দেশ অচল বলেও উল্লেখ করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের দানবাক্স খোলার পর টাকা গণনার সময় চিঠিটি পাওয়া যায়। চিঠির শুরুতে লেখা রয়েছে, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।’
চিঠিতে লেখক দাবি করেন, বাংলার জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়। তার ভাষায়, ‘এ দেশ শেখ হাসিনার কাছে নিরাপদ, আর কারো কাছে নিরাপদ নয়।’
একইসঙ্গে শেখ হাসিনাকে আবারো বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার কথা উল্লেখ করা হয়েছে।
চিঠিতে আরও লেখা হয়েছে, ‘শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল।’ পরিশেষে বাংলার ১৮ কোটি মানুষের দাবি উল্লেখ করে চিঠির শেষে শুভেচ্ছান্তে ‘কেন্দুয়া থানা আওয়ামী লীগ’ লেখা রয়েছে।
পাগলা মসজিদে মানুষ নানা নিয়ত, মানত ও প্রার্থনা নিয়ে দান করেন। সেই দানের সঙ্গে কখনো কখনো পাওয়া যায় মানুষের ব্যক্তিগত আবেগ, আশা-আকাঙ্ক্ষা আর না বলা কথার প্রকাশ। আল্লাহ কাছে শেখ হাসিনাকে দেশে আসার জন্য চিঠিও যেন তেমনই এক নিদর্শন। মনোবাসনা পূরণের জন্য পাগলা মসজিদে প্রতিদিন হাজার হাজার মানুষ নামাজ ও দান করতে আসেন। বিশেষ করে শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ নামাজ ও দান করতে আসেন।
এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রোগ্রামারসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাতে সিআইডির ঢাকা হিনিয়াস ক্রাইম শাখার একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পাঁচলাইশ থানায় সোপর্দ করে।
পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্ক্যানিং বিভাগের কর্মী ফরহাদুল ইসলাম (২৯), শহিদুল আলম জিসান (২৭) এবং কম্পিউটার বিভাগের প্রোগ্রামার মো. আবদুল মালেক (৫৬)। ফরহাদুল ইসলামের বাড়ি আনোয়ারা উপজেলায়, শহিদুল আলম জিসানের বাড়ি নগরের হালিশহরে। আবদুল মালেকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। তিনি বর্তমানে নগরের চকবাজার এলাকায় বসবাস করেন।
সিআইডির তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. রাসেল পিপিএম জানান, তার নেতৃত্বে পরিচালিত অভিযানে ফলাফল প্রস্তুতের দায়িত্বে থাকা কম্পিউটার বিভাগের তিন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে ফলাফল জালিয়াতির সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কেউ কেউ দীর্ঘ ১৩ বছর ধরে একই দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় অন্য কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে সিআইডি।
থানার নথি অনুযায়ী, গ্রেপ্তারের পর তিনজনকে পাঁচলাইশ থানা হাজতে রাখা হয়। এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের একজন মো. আবদুল মালেক আগে থেকেই হৃদ্রোগে আক্রান্ত। তাঁর স্বজনেরা চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র নিয়ে থানায় যান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ১০ বিষয়ে অকৃতকার্য এক শিক্ষার্থীর নম্বর পরিবর্তন করে পাস করিয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারী ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়। বোর্ডের সচিব মামলাটির বাদী।
এজাহারে উল্লেখ করা হয়, ওই শিক্ষার্থীর বাংলার প্রথম পত্রে ২৩ নম্বরকে ৩৩, দ্বিতীয় পত্রে ২৪-কে ৬২, ইংরেজির প্রথম পত্রে ৩৩-কে ৮৩ এবং দ্বিতীয় পত্রে ২০-কে ৮২ করা হয়। গণিতে ৯-এর পরিবর্তে ৬৬, ইসলাম শিক্ষায় ৭-এর পরিবর্তে ৬৪, উচ্চতর গণিতে শূন্যের পরিবর্তে ৪৬, পদার্থবিজ্ঞানে শূন্যের পরিবর্তে ৪৫, রসায়নে ১-এর পরিবর্তে ৪৬, জীববিজ্ঞানে ১-এর পরিবর্তে ৪৬ এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ৪-এর পরিবর্তে ৬৫ নম্বর বসানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগ উঠেছিল। ওই ঘটনায় থানা-পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করলেও নানা অসংগতি থাকায় আদালত তা গ্রহণ করেননি। ফলে আগের মামলাটির তদন্ত নিয়েও প্রশ্ন থেকে যায়।
ওসি মোজাম্মেল হক বলেন, এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগে এক শিক্ষার্থীসহ শিক্ষা বোর্ডের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে। বোর্ডের সচিব মামলাটির বাদী।
চট্টগ্রামের উপকূলীয় জলসীমা, নদীপথ ও ঘাট ঘিরে উদ্বেগজনকভাবে বিস্তার ঘটছে আন্তসীমান্ত চোরাচালানের। দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা ভর্তুকির ইউরিয়া সার ও সিমেন্ট নৌপথে পাচারের চেষ্টা চলছে মিয়ানমারে। অন্যদিকে মিয়ানমার থেকে সমুদ্রপথে বাংলাদেশে ঢুকছে ইয়াবার বড় বড় চালান। গত আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত কোস্ট গার্ড, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ সার, সিমেন্ট ও ইয়াবা উদ্ধারের ঘটনায় উপকূলীয় নিরাপত্তার বড় ধরনের দুর্বলতা সামনে এসেছে।
মিরসরাইয়ের ইছাখালী ও জোরারগঞ্জ থেকে সীতাকুণ্ড, হালিশহর, পতেঙ্গা, কর্ণফুলী চ্যানেল হয়ে বাঁশখালীর খানখানাবাদ পর্যন্ত বিস্তৃত উপকূলীয় এলাকায় একের পর এক চালান আটকের ঘটনা ঘটছে। কোথাও ট্রাক থেকে কার্গো বোটে সার তোলার সময়, কোথাও ঘাটে মজুত করা সিমেন্ট পাচারের প্রস্তুতিকালে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়েছে।
অভিযানভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, উল্লিখিত সময়ের মধ্যে চট্টগ্রামের বিভিন্ন উপকূলীয় এলাকায় প্রায় ১৭৪ টন সিমেন্ট এবং ১৫৪ টন ইউরিয়া সার জব্দের তথ্য পাওয়া গেছে। অন্যদিকে চট্টগ্রাম বহির্নোঙর ও উপকূলসংলগ্ন এলাকায় ইয়াবা উদ্ধারের পাশাপাশি মিরসরাই, সীতাকুণ্ড ও আনোয়ারায়ও বড় চালান ধরা পড়েছে।
সবচেয়ে উদ্বেগের বিষয়, একই বিস্তৃত উপকূলীয় করিডোরে একদিকে মিয়ানমারমুখী পণ্য পাচার এবং অন্যদিকে মিয়ানমার থেকে মাদক প্রবেশের ঘটনা ঘটছে। এই দুই অপরাধের মধ্যে পণ্য বিনিময় বা ‘বার্টার’ পদ্ধতির কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো তদন্তে নিশ্চিত হয়নি। তবে এমন সম্ভাবনা উড়িয়ে না দিয়ে নৌযান, ঘাট, পণ্য সরবরাহকারী ও অর্থায়নকারীদের মধ্যে সম্পর্ক অনুসন্ধানের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
পতেঙ্গা-কর্ণফুলীতে সিমেন্ট পাচারের ধারাবাহিকতা
চট্টগ্রাম বন্দরের আশপাশের জলসীমা ও কর্ণফুলী নদী দেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ। অথচ এই নৌপথের কিছু অংশ ব্যবহার করে মিয়ানমারে সিমেন্ট পাচারের একাধিক চেষ্টা ধরা পড়েছে।
গত ১০ নভেম্বর পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে একটি কার্গো বোট থেকে ৭০ টন বা ১ হাজার ৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য ছিল ৯ লাখ ৮০ হাজার টাকা।
এর আগে ৬ অক্টোবর কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৪০ টন বা ৮০০ বস্তা সিমেন্ট ও একটি কার্গো বোট জব্দ করে কোস্ট গার্ড। সর্বশেষ ১৭ নভেম্বর পতেঙ্গার চরপাড়া ঘাটসংলগ্ন এলাকায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া আরও ৩৭ দশমিক ৫ টন সিমেন্ট জব্দ করা হয়। এ ঘটনায় একজনকে আটক করা হয়।
এ ছাড়া ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর বাঁশখালীর খানখানাবাদ চৌধুরীঘাট ও সংলগ্ন এলাকায় পৃথক অভিযানে ৫৩০ বস্তা বা প্রায় ২৬ দশমিক ৫ টন সিমেন্ট উদ্ধার করা হয়।
এসব ঘটনায় একটি বিষয় স্পষ্ট—বিপুল পরিমাণ নির্মাণসামগ্রী উপকূলীয় ঘাটে পৌঁছে নৌযানে তোলার আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসছে। কিন্তু পণ্যগুলো কোন উৎস থেকে সংগ্রহ করা হচ্ছে, কারা সরবরাহ করছে এবং মিয়ানমারে সম্ভাব্য ক্রেতা কারা, সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।
মিরসরাই-সীতাকুণ্ডে ইউরিয়া সার পাচারের উদ্বেগ
সিমেন্টের পাশাপাশি ভর্তুকির ইউরিয়া সার পাচারের ঘটনাও নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে মিরসরাইয়ের ইছাখালী ও জোরারগঞ্জ এবং সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটসংলগ্ন এলাকায় ধারাবাহিক অভিযান এই চক্রের বিস্তৃতি সম্পর্কে প্রশ্ন তুলেছে।
প্রাপ্ত অভিযানভিত্তিক তথ্য অনুযায়ী, ৩১ আগস্ট থেকে ৭ নভেম্বর পর্যন্ত মিরসরাই উপকূলীয় এলাকায় চারটি পৃথক অভিযানে প্রায় ১০৮ টন বা ২ হাজার ১৬০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
এর মধ্যে ৩১ আগস্ট দুটি ট্রাক থেকে ১৫ দশমিক ০৫ টন সার উদ্ধার করা হয়। ২৪ ও ২৫ সেপ্টেম্বর ইছাখালী ঘাটে কোস্ট গার্ডের অভিযানে চারটি ট্রাক ও একটি ট্রলারসহ ৪৮ টন বা ৯৬০ বস্তা সার জব্দ করা হয়। ওই চালানের আনুমানিক মূল্য ছিল ৩৩ লাখ ৬০ হাজার টাকা।
৩১ অক্টোবর দুটি ট্রাক থেকে প্রায় ৩০ টন সার জব্দের ঘটনায় আটজনকে আটক করা হয়। ৭ নভেম্বর পুলিশের অভিযানে আরও ১৫ টন বা ৩০০ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক উদ্ধার করা হয়।
অন্যদিকে ১০ সেপ্টেম্বর সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে তিনটি ট্রাক থেকে কার্গো বোটে সার স্থানান্তরের সময় ৩৫ টন বা ৭০০ বস্তা ইউরিয়া জব্দ করা হয়। আটক করা হয় দুজনকে। ৩ সেপ্টেম্বর হালিশহরের দবিরখাল এলাকায় ট্রাক থেকে মাছ ধরার ট্রলারে সার স্থানান্তরের সময় আরও ১১ টন বা ২২০ বস্তা সার উদ্ধার করে কোস্ট গার্ড।
অর্থাৎ মিরসরাই, সীতাকুণ্ড ও হালিশহর মিলিয়ে উল্লিখিত অভিযানগুলোতে প্রায় ১৫৪ টন ইউরিয়া সার জব্দের তথ্য পাওয়া যাচ্ছে।
এই সার কেবল সাধারণ বাণিজ্যিক পণ্য নয়। কৃষকের উৎপাদন ব্যয় সহনীয় রাখতে সরকার ইউরিয়া সারে ভর্তুকি দেয়। ফলে কৃষকের জন্য বরাদ্দ করা সার সীমান্তের বাইরে পাচার হলে ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্রীয় অর্থনীতি ও কৃষি উপকরণের সরবরাহব্যবস্থা। স্থানীয় বাজারে কৃত্রিম সংকট তৈরির পাশাপাশি কৃষকের বাড়তি দামে সার কেনার ঝুঁকিও তৈরি হয়।
সমুদ্রপথে ইয়াবার বড় চালান
পণ্য পাচারের পাশাপাশি চট্টগ্রামের সমুদ্রপথ ও উপকূলীয় জনপদে ইয়াবা উদ্ধারের ঘটনাও উদ্বেগজনক।
গত ৯ ও ১০ আগস্ট চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় কোস্ট গার্ডের ‘অপারেশন সমুদ্র প্রহরা’ অভিযানে একটি সন্দেহভাজন বোট থেকে আড়াই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ছিল ১২ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। কোস্ট গার্ডের ভাষ্য অনুযায়ী, মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে সরবরাহের চেষ্টা করছিল একটি সংঘবদ্ধ চক্র।
এরপর ২৪ সেপ্টেম্বর সীতাকুণ্ডে ১৯ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করে র্যাব-৭। ২২ অক্টোবর আনোয়ারায় ২৮ হাজার ৫৩০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ ১৯ নভেম্বর রাতে মিরসরাইয়ের জোরারগঞ্জে পুলিশের অভিযানে ২৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়। এই তিন ঘটনায় মোট ৭২ হাজার ৩৭৫ পিস ইয়াবা উদ্ধার হয়েছে।
অন্যদিকে টেকনাফের নাফ নদীতে ১৪ নভেম্বর রাতে কোস্ট গার্ডের অভিযানে ভাসমান অবস্থায় চার লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা। এ ঘটনায় পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ ছাড়া নভেম্বর মাসে সেন্টমার্টিনসংলগ্ন সমুদ্রপথে পৃথক অভিযানে আরও ৩২ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্য রয়েছে।
চট্টগ্রাম বহির্নোঙর, মিরসরাই, সীতাকুণ্ড ও আনোয়ারার উল্লেখিত ঘটনাগুলোতে মোট ৩ লাখ ২২ হাজার ৩৭৫ পিস এবং নাফ নদী ও সেন্টমার্টিনসংলগ্ন রুটের ঘটনাগুলোতে ৪ লাখ ৪২ হাজার পিস ইয়াবা উদ্ধারের তথ্য পাওয়া যাচ্ছে। তবে এসব চালান একই চক্রের নিয়ন্ত্রণে ছিল কিংবা সার-সিমেন্ট পাচারের সঙ্গে সরাসরি যুক্ত ছিল—এমন কোনো তদন্তগত সিদ্ধান্ত এখনো প্রতিষ্ঠিত হয়নি।
পণ্য বিনিময়ের আড়ালে কি গড়ে উঠছে অপরাধের অর্থনীতি?
প্রশ্ন উঠেছে, মিয়ানমারে সার ও সিমেন্ট পাচারের পেছনে এত আগ্রহ কেন? রাখাইন রাজ্যে দীর্ঘদিনের সংঘাত, অবরোধ এবং সরবরাহব্যবস্থার সংকটের কারণে সেখানে বিভিন্ন পণ্য ও নির্মাণসামগ্রীর চাহিদা তৈরি হয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে সীমান্তবর্তী এলাকায় অবৈধ বাণিজ্যের সুযোগ নিচ্ছে পাচারকারীরা—এমন ধারণা সংশ্লিষ্ট ঘটনাগুলো থেকে সামনে এসেছে।
চোরাচালানের প্রচলিত পদ্ধতিতে অর্থের বিনিময়ে পণ্য কেনাবেচা হলেও সংঘাতপূর্ণ এলাকায় ব্যাংকিং ও বৈধ বাণিজ্যিক লেনদেনের সীমাবদ্ধতা থাকলে পণ্য বিনিময়ের প্রবণতা তৈরি হতে পারে। বাংলাদেশ থেকে সার, সিমেন্ট কিংবা অন্য পণ্য পাঠিয়ে বিপরীতে মাদক বা অন্য অবৈধ পণ্য গ্রহণের সম্ভাব্য কাঠামোও তদন্তের বিষয় হতে পারে।
এ ধরনের ব্যবস্থা কার্যকর হলে প্রচলিত আর্থিক লেনদেনের নজরদারি এড়িয়ে দুই দিকের পণ্য পরিবহনের মাধ্যমে অপরাধীরা মুনাফা অর্জন করতে পারে। তবে চট্টগ্রামের সাম্প্রতিক চালানগুলোর ক্ষেত্রে এমন বিনিময় বাস্তবে ঘটেছে কি না, তা নিশ্চিত করতে নৌযানের গতিপথ, যোগাযোগের তথ্য, পণ্য সরবরাহের উৎস, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ এবং আর্থিক লেনদেনের অনুসন্ধান জরুরি।
শুধু একই অঞ্চলে সার-সিমেন্ট ও ইয়াবা উদ্ধারের তথ্যকে সরাসরি পণ্য বিনিময়ের প্রমাণ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এই তথ্যগুলো একটি সমন্বিত গোয়েন্দা অনুসন্ধানের প্রয়োজনীয়তাই সামনে আনছে।
সবচেয়ে বেশি ঝুঁকিতে সাধারণ জেলে
চোরাচালানের এই বিস্তারের আরেকটি বিপজ্জনক দিক হলো মাছ ধরার ট্রলার ও সাধারণ জেলেদের পরিচয়কে অপরাধের আড়াল হিসেবে ব্যবহার করার ঝুঁকি। উপকূলীয় অঞ্চলে মাছ ধরার নৌযান ও পণ্যবাহী বোটের অবাধ চলাচলকে কাজে লাগিয়ে পাচারকারীরা নিজেদের কার্যক্রম আড়াল করতে পারে।
কখনো জেলেদের প্রলোভন দেখিয়ে, কখনো ভয়ভীতি কিংবা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নৌযান ব্যবহার করার অভিযোগও বিভিন্ন সময়ে সামনে এসেছে। এতে প্রকৃত জেলেরা নিরাপত্তাহীনতার পাশাপাশি সন্দেহের মুখেও পড়েন।
কুয়াকাটার কাছে গভীর সমুদ্রে কোস্ট গার্ডের এক অভিযানে পাঁচ লাখ ইয়াবা উদ্ধারের ঘটনায় ১৩ জন জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে রাখার তথ্য প্রকাশিত হয়েছিল। এ ধরনের ঘটনা দেখায়, মাদক পাচারকারীদের তৎপরতা শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা বা অর্থনীতির জন্য হুমকি নয়; উপকূলের সাধারণ মানুষের জীবন ও জীবিকার জন্যও বিপজ্জনক।
ঘাট থেকে গুদাম—নজরদারির ফাঁক কোথায়?
এত বিপুল পরিমাণ সার ও সিমেন্ট কীভাবে উপকূলীয় ঘাটে পৌঁছাচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন। কোন গুদাম থেকে পণ্য সংগ্রহ করা হচ্ছে, কারা ট্রাক ভাড়া করছে, নৌযানের মালিক কারা এবং কোন পথে এসব পণ্য সীমান্তের দিকে যাচ্ছে—এসব তথ্য একত্র করে বিশ্লেষণ করা জরুরি।
বিশেষ করে সার ডিলারদের বরাদ্দ, গুদামের মজুত, বিক্রির হিসাব এবং পরিবহনসংক্রান্ত নথি যাচাই করা প্রয়োজন। কোনো ডিলার বা পরিবহনকারী অস্বাভাবিক পরিমাণ সার সরবরাহ করলে তার পেছনের ক্রেতা ও অর্থের উৎস অনুসন্ধান করতে হবে।
একইভাবে উপকূলীয় ঘাটগুলোতে ট্রলার ও কার্গো বোটের নিবন্ধন, যাতায়াতের সময়, গন্তব্য এবং মালামালের বিবরণ সংরক্ষণ করতে হবে। নৌযানে জিপিএস ও অবস্থান শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে সন্দেহজনক গতিবিধি শনাক্ত করা সহজ হবে।
কোস্ট গার্ড, নৌবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সমন্বিত তথ্য বিনিময়ও জরুরি। কারণ নদী, উপকূল ও গভীর সমুদ্রের অপরাধকে আলাদা আলাদা অভিযান দিয়ে কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা কঠিন।
বাহক নয়, ধরতে হবে মূল হোতাদের
সাম্প্রতিক অভিযানে ট্রাকচালক, শ্রমিক, মাঝি ও নৌযানে থাকা ব্যক্তিরা আটক হলেও চোরাচালানের অর্থায়নকারী ও পরিকল্পনাকারীদের পরিচয় সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ্যে আসেনি। অথচ বড় চালান সংগ্রহ, পরিবহন, মজুত এবং সীমান্তের ওপারে সরবরাহের জন্য একাধিক পর্যায়ে সংগঠিত যোগাযোগ ও অর্থায়ন প্রয়োজন।
তদন্তে তাই আটক ব্যক্তিদের পাশাপাশি পণ্য সরবরাহকারী, গুদামমালিক, নৌযানের প্রকৃত মালিক, ঘাটসংশ্লিষ্ট ব্যক্তি, মধ্যস্বত্বভোগী এবং সম্ভাব্য ক্রেতাদের শনাক্ত করতে হবে। প্রয়োজনে নৌযানের মালিকানা, মোবাইল যোগাযোগ, ব্যাংক ও অন্যান্য আর্থিক লেনদেনের তথ্য বিশ্লেষণ করতে হবে।
অভিযান পরিচালনা করে চালান জব্দ করা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু কয়েকজন বাহক গ্রেপ্তার হওয়ার পর যদি একই ঘাট দিয়ে নতুন চালান পাঠানোর চেষ্টা অব্যাহত থাকে, তাহলে বোঝা যায় অপরাধের মূল কাঠামো অক্ষত রয়েছে।
চট্টগ্রামের উপকূলীয় জলসীমা দেশের অর্থনীতি, বন্দর কার্যক্রম, মৎস্যসম্পদ ও জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জলসীমাকে কোনোভাবেই আন্তর্জাতিক চোরাচালান চক্রের নিরাপদ করিডোরে পরিণত হতে দেওয়া যায় না।
আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত পাওয়া অভিযানভিত্তিক তথ্য বলছে, প্রায় ১৭৪ টন সিমেন্ট, ১৫৪ টন ইউরিয়া সার এবং বিভিন্ন রুটে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। কিন্তু জব্দের পরিমাণ অপরাধের প্রকৃত বিস্তার নয়; বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে দৃশ্যমান হওয়া অংশমাত্র।
এখন প্রয়োজন ঘাট থেকে গুদাম, গুদাম থেকে নৌযান এবং নৌযান থেকে সীমান্তের ওপার পর্যন্ত পুরো সরবরাহ ও অর্থায়নব্যবস্থার অনুসন্ধান। একই সঙ্গে প্রকৃত জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং কৃষকের জন্য বরাদ্দ করা ভর্তুকির সার পাচার বন্ধ করতে হবে।
কারণ প্রশ্নটি এখন আর শুধু কত টন সার বা সিমেন্ট পাচারের চেষ্টা হয়েছে, কিংবা কত পিস ইয়াবা উদ্ধার হয়েছে—সেটুকুতে সীমাবদ্ধ নেই। বড় প্রশ্ন হলো, চট্টগ্রামের উপকূলীয় নৌপথকে ব্যবহার করে কারা এই অপরাধের অর্থনীতি গড়ে তুলছে, কারা এর অর্থ জোগাচ্ছে এবং কারা আড়াল থেকে পুরো নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করছে?
এই প্রশ্নগুলোর উত্তর বের করতে না পারলে অভিযান চলবে, চালান জব্দ হবে, বাহক গ্রেপ্তার হবে; কিন্তু চোরাচালানের মূল শিকড় থেকে যাবে অক্ষত।