টাঙ্গাইলের ১২টি উপজেলার ২ হাজার ৩৩৩টি প্রাথমিক ও এক হাজার ২১৭টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের প্রথম দিনে ৫০ লাখ ২৪ হাজার ৪২টি বই বিতরণ করা হয়েছে।এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে ১২ লাখ ৮০ হাজার ৬৬৩টি বইয়ের সংকট রয়েছে। জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সূত্রে জানাগেছে, জেলায় প্রাথমিক পর্যায়ের এক হাজার ৬২৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫টি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও ৭০৫টি কিন্ডার গার্টেন বিদ্যালয়ে মোট ১৬ লাখ ৯০ হাজার ৬৭৬টি চাহিদার বিপরীতে সবগুলো বই পাওয়া গেছে এবং তা বিতরণ করা হয়েছে।
মাধ্যমিক পর্যায়ে এক হাজার ২১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের বিপরীতে বইয়ের চাহিদা রয়েছে ৪৬ লাখ ১৪ হাজার ৩৩৫টি। এরমধ্যে বরাদ্দ পাওয়া ৩৩ লাখ ৩৩ হাজার ৭৫২টি বই বিতরণ করা হয়েছে। বাকি ১২ লাখ ৮০ হাজার ৬৬৩টি বইয়ের সংকট রয়েছে। উল্লেখিত বইগুলো বরাদ্দ পাওয়া গেলে বিতরণ করা হবে।
সরেজমিনে দেখা যায়, বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী-অভিভাবকদের ভির। শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে বিদ্যালয় থেকে বই নিতে এসেছে। এছাড়া সরকারি ছুটি থাকায় বেশিরভাগ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বরের পরিবর্তে ১ জানুয়ারি ঘোষণা করা হয়। বার্ষিক পরীক্ষার ফল এবং বই এক সাথে নিতে অনেকেই অভিভাবকদের সঙ্গে নিয়ে এসেছেন।
নতুন বছরের প্রথম দিনে বই উৎসব পালন না করা হলেও দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা নতুন বইয়ের ঘ্রাণ পেয়ে তাদের চোখে-মুখে অতুলনীয় খুশির ঝিলিক দেখা যায়। এদিন ভোর থেকে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা দল বেঁধে বিদ্যালয়ে সমবেত হয়। হাতে ঝকঝকে রঙিন মলাটের নতুন বই পেয়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীদের উল্লাসে ফেটে পড়ে। কেউ বইয়ের পাতা উল্টে ছবি দেখে, কেউবা নতুন বইয়ের বিশেষ সুবাস নিতে ব্যস্ত হয়ে পড়ে।
এ আনন্দ কেবল নতুন বই পাওয়ার নয় বরং নতুন শ্রেণিতে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করার যেন এক অনুপ্রেরণা।গ্রাম থেকে শহর- সবখানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই দিনে বিশেষ করে প্রাথমিক পর্যায়ের শিশুদের আনন্দ ছিল সবচেয়ে বেশি। নতুন বই হাতে নিয়ে তাদের দলবদ্ধ ছবি, সেলফি ও হাসি শিক্ষাবর্ষের এক সুন্দর সূচনা তৈরি করে। সব মিলিয়ে, নতুন বইয়ের এই উল্লাস কেবল শিক্ষার্থীদের নয় বরং পুরো জাতির এক নতুন আশার প্রতিফলন বলে প্রতীয়মান হচ্ছে।
টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইম, শাবনাজ, মনি, রাশেদ, ইমরুল, নাজমুল সহ অনেকেই জানান, তারা বার্ষিক পরীক্ষার ফলাফলের পাশাপাশি নতুন বই হাতে পেয়ে খুবই আনন্দিত। বছরের শুরু ভালো ফলাফলের সঙ্গে নতুন বইয়ের মনকাড়া গন্ধ তাদেরকে উৎফুল্ল করেছে। তারা আশাপ্রকাশ করেন সারা বছরটি যেন এমন আনন্দ-উৎফুল্লতায় কাটে।শহরের বিন্দুবাসিনী সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রনি, আজমল, শাওন, নিলয়, আরিয়ান, ফয়সাল সহ অনেকেই জানান, বছরের শুরুতে নতুন বই পেয়ে তারা খুব খুশি। সহপাঠী বন্ধুরা সবাই মিলে তাই আনন্দে মেতে ওঠেছে।
পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কদ্দুছ জানান, তারা চাহিদার তুলনায় সামান্য পরিমান বই কম পেয়েছেন। যেগুলো পেয়েছেন সেগুলো প্রথম দিনে বিতরণ করতে পেরেছেন। বাকিগুলো যথাসময়ে বিতরণ করবেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল জানান, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় এবার বই উৎসব করা হয়নি। তারপরও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারা সরকারের একটা বড় সাফল্য বলে তিনি মনে করেন। তবে ৭ম ও ৮ম শ্রেণির পুরো সেট বই দেওয়া সম্ভব হয়নি। তবে জানুয়ারির শেষ নাগাদ সেগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে।
টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বেরেকা সুলতানা জানান, বছরের শুরুতে নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া এক সময় বেশ চ্যালেঞ্জিং ছিল- এখন আর সেটা নেই। অধিকাংশ বিদ্যালয়ে যথা সময়ে নতুন বই বিতরণ করতে পেরে তারও খুশি। যে বইগুলো বাকি রয়েছে সেগুলো বরাদ্দ পাওয়া সাপেক্ষে দ্রুতই বিতরণ করা হবে।
নড়িয়া থানায় ওসি ও বিএনপি নেতা মতিউর রহমান সাগর
শরীয়তপুরের নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনকে ‘বাহার যে পথে গেছে, আপনিও যাবেন সে পথে’ বলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্বাচনী বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে জুলাই শহীদ মিরাজুল ইসলাম অর্ণবের বাবা আবু তালেবের সঙ্গে হাতাহাতির ঘটনার পর নড়িয়া থানায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
এ ঘটনায় অর্ণবের চাচা আব্দুস সালামকে ‘ফ্যাসিস্ট’ ও ‘যুবলীগ’ আখ্যা দিয়ে থানায় নেওয়ার অভিযোগও উঠেছে সাগর ও তার অনুসারীদের বিরুদ্ধে। পরে পুলিশ অভিযোগের সত্যতা না পাওয়ায় আব্দুস সালামকে ছেড়ে দেয়।
স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে নড়িয়া উপজেলার নোয়াদ্দা বাংলাবাজার এলাকায় নির্বাচনী বিলবোর্ড স্থাপন করতে যান ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর।
এ সময় জমির মালিক আবু তালেব বিলবোর্ড স্থাপনে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে সেখানে যান আবু তালেবের ভাই আব্দুস সালাম।
অভিযোগ উঠেছে, পরে সাগর ও তার অনুসারীরা আব্দুস সালামকে মারধর করেন এবং তাকে ‘ফ্যাসিস্ট’ ও ‘যুবলীগ’ আখ্যা দিয়ে থানায় নিয়ে যান। সাগর তার নির্বাচনী ব্যানার ছেঁড়া ও পুড়িয়ে ফেলার অভিযোগে আব্দুস সালামকে গ্রেপ্তারের দাবি করেন। পাশাপাশি তার দায়ের করা আগের একটি বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আব্দুস সালামকে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেপ্তারের দাবিও জানান।
তবে পুলিশ বিষয়টি তদন্ত করে আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে সাগর ওসি আনোয়ার হোসেনকে উদ্দেশ করে ওই হুমকি দেন বলে অভিযোগ রয়েছে।
আব্দুস সালাম বলেন, তার বড় ভাইয়ের জায়গায় সাইনবোর্ড টাঙানোকে কেন্দ্র করে সাগরের সঙ্গে তার ভাইয়ের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার ভাইকে মারধর করা হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে সেখান থেকে চলে আসেন। কিছুক্ষণ পর তার বাড়ির সামনে ৮ থেকে ১০ জন লোক গিয়ে তাকে মারধর করেন। পরে তাকে ‘যুবলীগ’ ট্যাগ দিয়ে থানায় আটকের চেষ্টা করা হয়।
অভিযোগের বিষয়ে মতিউর রহমান সাগরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, ‘আমাদের কাছে যে অভিযোগটি এসেছিল, সেটি ভেরিফাই করেছি। এটি সাধারণ হাতাহাতির ঘটনা। হাতাহাতির ঘটনা ঘটেছিল আব্দুস সালামের ভাইয়ের সঙ্গে। তাই আব্দুস সালামকে আমরা ছেড়ে দিয়েছি।’
ওসিকে হুমকির বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনাটি দুঃখজনক। তারা রাষ্ট্রের জন্য কাজ করেন। কোনো ভুল হলে রাষ্ট্র বিষয়টি দেখবে। তবে আইনশৃঙ্খলা রক্ষায় গিয়ে কেউ হয়রানির শিকার হলে সেটিও রাষ্ট্র দেখবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সেখান থেকে যে নির্দেশনা দেওয়া হবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, সাগরের বিরুদ্ধে এর আগেও প্রশাসনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানোর অভিযোগ উঠেছিল। ইউএনও, এসিল্যান্ড ও পুলিশ সুপারকে নিয়েও তিনি আপত্তিকর কথা বলেছিলেন। এসব ঘটনায় দলের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং সাগর দলীয় কার্যালয়ে গিয়ে ক্ষমাও চেয়েছিলেন।
শফিকুর রহমান কিরণ বলেন, ‘তিনি যেভাবে উচ্চস্বরে কথা বলেছেন, এটা মোটেও কাম্য নয়। আমরা যারা সমাজে বাস করি এবং রাজনীতি করি, আমাদের এভাবে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার ক্ষমতা নেই। বিষয়টি আগামী দুই দিনের মধ্যে দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করব। তদন্ত করে দলের ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে বিষয়টি পাঠাব।
প্রায় এক যুগ আগে সিলেট নগরীর বন্দবাজার এলাকায় নির্মাণ করা হয়েছিলো ‘টাইম টাওয়ার’ নামে একটি টাওয়ার। সিলেট সিটি করপোরেশনের উদ্যোগেই নির্মিত হয়েছিল এ টাওয়ার। তবে সম্প্রতি সিটি করপোরেশই রাতের আঁধারে ভেঙে ফেলেছে সৌন্দর্য বর্ধণের জন্য নির্মিত টাওয়ার। গত বুধবার রাতে বুলডজার দিয়ে বন্দরবাজার করিমউল্লাহ মার্কেটের সামনে হকার পয়েন্টের এ টাওয়ারটি ভেঙে ফেলে সিলেট সিটি করপোরেশন। হঠাৎ করে কেন এ টাওfয়ারটি ভেঙে ফেলা হলো এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
সিসিক সূত্র জানায়, ২০১৪ সালে সিলেটের ঐতিহ্যবাহী ১৪২ বছরের পুরোনো আলী আমজদের ঘড়ির আদলে নগরের বন্দরবাজার এলাকার হকার পয়েন্টে ‘টাইম টাওয়ার’ নির্মাণ করা হয়। তৎকালীন মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরের সৌন্দর্যবর্ধণের জন্য এ টাওয়ার নির্মিত হয়। এর আগে ওই স্থানে পত্রিকার হকাররা বসতেন ও নানা ধরণের ব্যানার-ফেস্টুন সবসময় ঝুলে থাকতো।
সিসিক সূত্র জানায়,, টাওয়ারটির উচ্চতা মাটির ওপরে ২১ ফুট এবং মাটির নিচে ৮ ফুট। সিলেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় আট লাখ টাকা ব্যয়ে এটির নির্মাণ করা হয়। ৪৪ ফুট লম্বা ভূমিতে ত্রিভুজাকৃতির এই টাওয়ারের সম্মুখ, ডান ও বাঁ দিকের অংশে মোট তিনটি ঘড়ি থাকার কথা ছিল। এসব ঘড়িতে বাংলাদেশ, যুক্তরাজ্য ও সৌদি আরবের সময় সংযুক্ত থাকার কথা ছিল। টাওয়ারটির নকশা করেছিলেন মো. এহতেশাম আলী।
যুক্তরাজ্য তথা লন্ডন ও সৌদি আরবে সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক প্রবাসী থাকায় স্থানীয় মানুষের সুবিধার বিষয়টি নিশ্চিত করতেই বাংলাদেশের সঙ্গে তিন দেশের সময় নির্দেশকের ব্যবস্থা টাওয়ারে রাখা হয়েছিল। হঠাৎ এই টাওয়ার ভেঙে ফেলা প্রসঙ্গে সোমবার রাতে সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
তবে সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহাররঞ্জন পুরকায়স্থ বলেন, এই টাওয়ারের জায়গায় নতুন আরেকটি টাওয়ার নির্মাণ করা হবে। তাই এটি ভেঙে ফেলা হয়েছে।
এসআই হানিফ মাহমুদ
গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) হানিফ মাহমুদ। এ ঘটনায় শাওন ও সাগর নামে দুই চিহ্নিত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গীর সাতাইশ-সখিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে টঙ্গী পশ্চিম থানার একটি দল অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে পুলিশ শাওন ও সাগরকে আটক করার চেষ্টা করলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাদের আটক করতে গেলে ছিনতাইকারীদের একজন ছুরি দিয়ে এসআই হানিফ মাহমুদের বাঁ পায়ে আঘাত করে।
ছুরিকাঘাতে এসআই হানিফ মাহমুদের পায়ে প্রায় পাঁচ ইঞ্চি গভীর ক্ষত সৃষ্টি হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে টঙ্গীর গুটিয়া ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) শফিকুর রহমান বলেন, চিহ্নিত ছিনতাইকারীদের আটক করতে গিয়ে পুলিশের একজন এসআই আহত হয়েছেন। তিনি জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে ছিনতাইকারীদের আটক করতে সক্ষম হয়েছেন। আহত হওয়ার পরও তিনি অভিযান থেকে পিছিয়ে যাননি। এ ঘটনায় দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ছিনতাই, মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংরক্ষিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অর্ধনির্মিত ভাস্কর্যে জুতার মালা পরানোর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে ভাস্কর্যের মাথার অংশে জুতার মালা ঝোলানো অবস্থার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে লোক পাঠিয়ে ভাস্কর্য থেকে জুতার মালাটি অপসারণ করা হয়। তবে কে বা কারা এটি করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাদা রং করা ভাস্কর্যের মাথার অংশে রশি দিয়ে জুতার মালা ঝোলানো হয়েছে। এতে ডান পাশে দুটি এবং বাম পাশে তিনটি জুতা বা স্যান্ডেল দেখা যায়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান কমিটির আহ্বায়ক কামালুজ্জামান কামাল জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এক ব্যক্তি বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে ফোন করে ভাস্কর্যে জুতার মালা ঝোলানোর বিষয়টি জানান। পরে ওই ব্যক্তি আবার ফোন করে নিজেকে পুলিশ সদস্য বলে পরিচয় দেন। খবর পেয়ে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে লোক পাঠিয়ে জুতার মালাটি সরিয়ে ফেলা হয়।
কামালুজ্জামান কামাল বলেন, ‘বিষয়টি অত্যন্ত নিন্দনীয়। এটি জাতির শ্রেষ্ঠ সন্তানদের চরম অবমাননা। কোনোভাবেই এটি গ্রহণযোগ্য নয়। ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।’
ঘটনাটি নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা, ভাস্কর্যস্থলে সিসি ক্যামেরা স্থাপন এবং ভালো স্থপতির মাধ্যমে হামিদুর রহমানের ভাস্কর্যটি সঠিক অবয়বে নির্মাণের সিদ্ধান্ত হয় বলে জানান কামালুজ্জামান।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, ‘সাংবাদিকদের কাছ থেকেই বিষয়টি শুনেছি। এ ছাড়া বিস্তারিত জানি না। এ বিষয়ে কোনো আপডেটও নেই।’
জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক। পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তদন্ত করে দ্রুত জড়িতদের আইনের আওতায় আনা যায়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে আমরা কঠোর অবস্থানে আছি।’
বাস টার্মিনাল এলাকার চা দোকানি জাবেদ মিয়া বলেন, সকালে দোকান খোলার সময় তিনি হামিদুর রহমানের ভাস্কর্যের মাথায় জুতার মালা দেখতে পান। পরে এক ব্যক্তি এসে সেটি সরিয়ে নেন।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান বলেন, ‘হামিদুর রহমান, মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি হয়তো ওখান থেকে মুছে ফেলার জন্য কেউ পরিকল্পনা নিয়েছে। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হোক।’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি শেয়ার করা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সভাপতি শারমিন সুলতানা বলেন, বিষয়টি জানার পর লোক পাঠিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ছবি সংগ্রহের পর তিনি তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। তিনি বলেন, ‘এটি খুবই ন্যক্কারজনক ঘটনা। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে অবমাননার সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।’
২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, ব্রাহ্মণবাড়িয়া। ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মরাপুকুরপাড় গ্রামের শামসুজ্জামান সবুজ ও স্ত্রী কুলসুম আক্তার দম্পতি। ২০২০ সালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কুলসুম একটি পুত্রসন্তানের জন্ম দেন। মাত্র চার মাস বয়সে পুত্রসন্তানের মৃত্যু হয়। এরপর ওই দম্পতি সন্তানের জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিলেন। চিকিৎসক দেখিয়েও সুফল মেলেনি। তবে চলতি বছর তারা সন্তান না হওয়ার কারণ হিসেবে জানতে পারেন কুলসুম আক্তারের অনুমতি ছাড়াই তার লাইগেশন করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের সময় গাইনি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ জিনান রেজা অনুমতি ছাড়াই কুলসুমের দুই ফেলোপিয়ান টিউব কেটে বন্ধ দিয়েছিল (লাইগেশন)। চিকিৎসকের এই ভুলে বন্ধ্যত্বকরণের কবলে পড়ে সন্তান নিতে পারছেন না গৃহবধূ কুলসুম।
তবে হাসপাতালের ভাষ্য, গাইনি ওয়ার্ডে লাইগেশনের রেজিস্ট্রারে এই রোগীর বিষয়ে কোনো তথ্য নেই। রোগীসহ পরিবারের সম্মতি ছাড়া লাইগেশন সম্পন্ন হয় না। ওই রোগী কোথায় কী করেছেন, তিনিই ভালো বলতে পারবেন। এ অবস্থায় প্রশ্ন উঠেছে কোথায়, কীভাবে এই লাইগেশন হয়েছে। এদিকে এ ঘটনায় গত ২১ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে লিখিত আবেদন দিয়ে তৎকালীন চিকিৎসার মূল নথিপত্র চেয়েছেন ভুক্তভোগী স্বামী।
অভিযোগ ও সংশ্লিষ্ট নথিপত্র সূত্রে জানা যায়, ২০২০ সালের ২ জানুয়ারি দ্বিতীয় সন্তান প্রসবের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি হন কুলসুম আক্তার। ওই দিন দুপুরে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। সে সময় অস্ত্রোপচার করান চিকিৎসক জিনান রেজা। এর চার দিন পর ছাড়পত্র নিয়ে বাড়ি ফেরেন তারা। কিন্তু ২০২০ সালের ১০ এপ্রিল শিশুটি মারা যায়। সন্তান হারিয়ে দম্পতি পুনরায় সন্তান নেওয়ার চেষ্টা করেন। দীর্ঘ ছয় বছর ধরে স্থানীয় চিকিৎসক, বিশেষজ্ঞ ও কবিরাজি চিকিৎসার পেছনে ঘুরেও কোনো ফল না পেয়ে তারা হতাশ হয়ে পড়েন।
সন্তান ধারণ না হওয়ার কারণ খুঁজতে গিয়ে এক চিকিৎসকের পরামর্শে কুলসুম আক্তারের পরীক্ষা করানো হলে তার জরায়ুর দুটি ফ্যালোপিয়ান টিউব বন্ধ ধরা পড়ে। বিষয়টি নিশ্চিত হতে গত ২ এপ্রিল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কুলসুম আক্তারের ল্যাপারোস্কোপিক অস্ত্রোপচার করা হলে সেখানেও বিষয়টি স্পষ্ট হয়।
সন্তান পাওয়ার শেষ চেষ্টায় দম্পতি ছোটেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৩ আগস্ট সেখানে ভর্তি হন। গত ৮ সেপ্টেম্বর চিকিৎসকরা কুলসুম আক্তারের ‘মাইক্রোসার্জিক্যাল রিক্যানালাইজেশন’ (টিউব পুনর্সংযোগ) অস্ত্রোপচার সম্পন্ন করেন। ওসমানী মেডিকেল কলেজের অপারেশন নোটে উল্লেখ করা হয়, কুলসুমের ডান ও বাম উভয় পাশের ফ্যালোপিয়ান টিউব ‘ইস্থমাস’ অংশে শক্ত করে লাইগেশন (বাঁধা) ও কাটা ছিল। চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে টিউব দুটির ব্লকেজ অপসারণ করে পুনরায় সংযোগ স্থাপন করেন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের ২০২০ সালের ২ জানুয়ারির অস্ত্রোপচার কক্ষের রেজিস্টার পর্যালোচনা করে দেখা যায়, রেজিস্টারের ২০ নম্বর ক্রমিকে কুলসুমের অপারেশনের বিবরণে শুধু লোয়ার ইউটেরিন সিজারিয়ান সেকশন উল্লেখ রয়েছে। অর্থাৎ সরকারি নথিতে লাইগেশন করার কোনো তথ্যের উল্লেখ নেই।
ভুক্তভোগীর স্বামী মো. শামসুজ্জামান সবুজ বলেন, ছয়টি বছর আমার চোখের জলে কেটেছে। এখনো আমার স্ত্রী অসুস্থ। বেঁধে রাখা টিউব জোড়া লাগানো হয়েছে। কিন্তু দীর্ঘদিন বাধা থাকায় টিউব ক্ষতিগ্রস্ত হওয়ায় এখন সন্তান ধারণের সম্ভাবনা খুব কম। আমি চিকিৎসকের বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করে চিকিৎসক জিনান রেজা বলেন, এটি ২০২০ সালের ঘটনা। একজন রোগীর সব চিকিৎসা কার্যক্রম রেজিস্টার খাতায় লেখা থাকে। ওই রোগীর স্থায়ী লাইগেশন হয়েছে এমন কোনো তথ্য-প্রমাণ হাসপাতালের ওটির রেজিস্ট্রারে নেই। ওই রোগীর কোনো লাইগেশন করা হয়নি। আমি অনুমতি ছাড়া রোগীর লাইগেশন করিনি। রোগী ও তার স্বজনের অনুমতি ছাড়া স্থায়ী বন্ধ্যত্বকরণ করা হয় না। আমরা কুমিল্লা মেডিকেলের প্রতিবেদনের বিষয়ে তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে তারা ওই রোগীর টিউব ব্লকের কথা উল্লেখ করেছে। আর টিউব ব্লক ইনফেকশন বা নানা কারণে হয়ে থাকতে পারে। আমরা সাধারণত দলগতভাবে কাজ করি। তখনও আমি দলগত কাজের অংশ ছিলাম।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক রতন কুমার ঢালী বলেন, ওই রোগীর স্বজন হাসপাতালে একটি অভিযোগ করেছিল। ছয় বছর আগের ঘটনা এটি। নথিপত্র ঘেঁটে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের তথ্য রেজিস্ট্রারে আছে। কিন্তু ওই রোগীর লাইগেশন করা হয়েছে এমন কোনো তথ্য হাসপাতালের নথিতে নেই। গৃহবধূর স্বামীর সামনেই সব নথি উপস্থাপন করা হয়েছে। ওই রোগীর অন্যান্য প্রতিবেদন দেখে আমাদের ধারণা, অন্য কোথাও তার অস্ত্রোপচার হয়ে থাকতে পারে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোগীর অনুমতি ছাড়া সার্জনরা লাইগেশন করার কোনো সুযোগ নেই। সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের ওটি নোট কিংবা কোথাও ওই রোগীর লাইগেশনের কথা উল্লেখ নেই। ঘটনাটি আসলে কী ঘটেছে, তা তদন্ত করে দেখতে হবে।
ভোলার বোরহানউদ্দিনে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তথ্য সংগ্রহ ও ছবি তোলার একপর্যায়ে এক নারীর কান থেকে স্বর্ণের দুল টেনে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সাচড়া ইউনিয়নের চরগঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোশনা বেগম (৪০) ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী।
ভুক্তভোগী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুই যুবক রোশনা বেগমের বাড়ির সামনে যায়। তারা নিজেদের সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা জানিয়ে তার পরিবারের বিভিন্ন তথ্য সংগ্রহ করে।
একপর্যায়ে ‘লাইভ ভেরিফিকেশনের’ জন্য ছবি তুলতে হবে বলে রোশনা বেগমকে জানানো হয়। তিনি মোবাইল ফোনের ক্যামেরার দিকে তাকালে সুযোগ বুঝে তার কান থেকে স্বর্ণের দুল টেনে নেয় ওই দুই যুবক। বিষয়টি বুঝে ওঠার আগেই তারা মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা ইলিয়াসসহ কয়েকজন জানান, বিভিন্ন কৌশলে প্রতারণার ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারি বিভিন্ন সুবিধার কথা বলে অপরিচিত ব্যক্তিদের কাছে ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম সিকদার বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। বর্তমানে এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। তারা বিভিন্নভাবে গ্রামের সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’
এ বিষয়ে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের বক্তব্য জানতে একাধিক ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।