বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘ইসলামী’ দল বলা যায় না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
তার দাবি, ‘‘জামায়াত তাদের লোগো থেকে ‘আকিমুদদ্বীন’ কথাটি উঠিয়ে ফেলেছে। এতে ওখানে ইসলাম কথাটি আর থাকে না। তাই তাদেরকে ইসলামী দল বলাও যায় না।’’
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া শহরের ফজলুল উলম মাদ্রাসায় কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসলামী আন্দোলনের আমির এসব কথা বলেন।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের উদ্ধৃতি টেনে চরমোনাই পীর বলেন, ‘জামায়াতে ইসলামী দলের লোগো থেকে আকিমুদদ্বীন কথাটি উঠিয়ে ফেলেছে। এতে ওখানে ইসলাম কথাটি আর থাকে না। গত নির্বাচনের ইশতেহারে জামায়াত যে ইসলাম অনুযায়ী দেশ চালাবে, এ কথা কোথাও বলেনি। পাশাপাশি জামায়াতের আমির সে সময় বলেছিলেন, তারা শরিয়া অনুযায়ী দেশ চালাবেন না, প্রচলিত আইনে চালাবেন। সব মিলিয়ে বলা চলে জামায়াত আর ইসলামী দল নয়। তাদেরকে ইসলামী দল বলাও যায় না।’
১১ দলের লংমার্চ নিয়েও প্রশ্ন তুলেছেন চরমোনাই পীর। তিনি বলেন, ‘‘জামায়াতে ইসলামী বিদ্যুৎসহ বিভিন্ন দাবিতে লংমার্চ করেছে। সেখান থেকে ফিরে সংসদে দলের আমির বলেছেন, ‘বিদ্যুতের সমস্যা বর্তমান সরকারের সৃষ্ট নয়’, তাহলে এতো তেল গ্যাস পুড়িয়ে লংমার্চ কেন করলেন? এমন দ্বিমুখি আচরণ কেন।’’
একই সাথে ক্ষমতাসীন দল বিএনপিকে নিয়েও অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের আমির। তার দাবি, বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করছে। ‘নির্বাচনের আগে ওয়াদা করেছিল ক্ষমতায় গেলে শরিয়াবিরোধী কোনো আইন করবেন না। কিন্তু সে ওয়াদা রাখছেন না। সংসদে তারা এরই মধ্যে শরিয়াবিরোধী আইন অনুমোদন দিয়েছে’—যোগ করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, ‘তারা (সরকার) শরিয়াবিরোধী আইন থেকে ফিরে না আসলে আমরা প্রতিবাদে নামতে বাধ্য হব।’
কাজী ছাইয়েদুল আলম বাবুল।
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড-২) পদে নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা কাজী সাহেদুল আলম বাবুল। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করে এ পদে যোগদান করতে হবে।
কাজী সাহেদুল আলম বাবুল বিএনপির কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। তিনি গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে পুনর্বহাল হলেন গ্রেনেট বাবু।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৬ নং কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের অপসারণকৃত চেয়ারম্যান মোঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী (গ্রেনেট বাবু) পুনরায় চেয়ারম্যান পদে দায়িত্ব ফিরে পেয়েছেন। বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের দায়েরকৃত রিট পিটিশন নং-১৪১৭০/২০২৬-এর ১৫ অক্টোবর ২০২৬ তারিখের আদেশের পরিপ্রেক্ষিতে তাঁকে চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আরিফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১৪১৭০/২০২৬-এর ১৫ অক্টোবরের আদেশ এবং স্থানীয় সরকার বিভাগ ও নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার নির্দেশনার আলোকে তাঁকে পুনরায় চেয়ারম্যান পদে বহাল করা হয়।
এছাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মালেকা বেগম এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদেশের অনুলিপি পাঠানো হয়েছে। একই সঙ্গে ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে পুনর্বহাল হওয়া চেয়ারম্যানের কাছে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়।
কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করে সংগঠনটির কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির সভাপতি নতুন জয় চাকমা। মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
তবে, ৭ নভেম্বর গঠিত সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটির অবরোধ চলমান থাকবে বলে জানিয়েছেন কমিটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমা।
বিবৃতিতে নতুন জয় চাকমা বলেন, সাজেকের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইউপিডিএফের উসকানি ও প্ররোচনায় জনস্বার্থবিরোধী সড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হয়েছিল। সাজেকবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে অনির্দিষ্টকালের এই অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়া হলো।
তিনি বলেন, মানুষ হিসেবে নিজের দায়িত্ববোধ এবং সাজেকের একজন সাধারণ জুম্ম হিসেবে স্বজাতির প্রতি কর্তব্যবোধ থেকেই তিনি সত্যগুলো তুলে ধরতে বাধ্য হয়েছেন। দীর্ঘদিন ধরে চলমান এই অবরোধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। সাজেকের সঙ্গে বাইরের এলাকার যোগাযোগ ব্যাহত হওয়ায় খাদ্যদ্রব্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
ইউপিডিএফের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে কার্বারী অ্যাসোসিয়েশনের সদ্য বিদায়ী এই সভাপতি বলেন, ‘আমি দীর্ঘদিন ইউপিডিএফের অপশাসনের মধ্যে ছিলাম। অভিজ্ঞতায় দেখেছি, ইউপিডিএফ নিজেদের দলীয় স্বার্থে সাধারণ মানুষকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে বাধ্য করতে মৃত্যুর হুমকি দিত। অনেকেই প্রাণের ভয়ে ইচ্ছার বিরুদ্ধে এতে অংশ নিতেন।’
তিনি খোলাসা করেন, ‘সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন’ এবং ‘সাজেক গণঅধিকার রক্ষা কমিটি’ নামের সংগঠনগুলো মূলত ইউপিডিএফ নিজেদের স্বার্থ হাসিলে তৈরি করেছে। কার্বারী অ্যাসোসিয়েশনের গঠন ও পরিচালনার দায়িত্ব তাকে দেওয়া হলেও অনেক সময় তার অজান্তেই তার নামে বিভিন্ন বিবৃতি প্রকাশ করা হতো।
নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, একজন কার্বারী হিসেবে এলাকার মানুষের স্বার্থ ও অধিকার রক্ষা করাই তার প্রধান দায়িত্ব। ইউপিডিএফের রক্তচক্ষু ও রাজনৈতিক চক্রান্ত থেকে সরে এসে সাজেকবাসীর বৃহত্তর স্বার্থে তিনি সত্য প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন এবং নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তির শেষ অংশে নতুন জয় চাকমা আনুষ্ঠানিকভাবে জানান, তিনি সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি পদ ছেড়ে দেওয়ার পাশাপাশি পুরো কমিটি বিলুপ্ত ঘোষণা করছেন। একই সঙ্গে তিনি সাজেকবাসীর দুর্ভোগের স্থায়ী অবসান এবং এলাকার মানুষের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।
সিলেটের আলোচিত ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ তালা দিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত
সিলেটের আলোচিত ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টে’ তালা দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের এ রিসোর্টটির বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দের পর ফটকে তালা দেওয়া হয়। বুধবার সকালে রিসোর্টের ফটকে তালা ঝুলতে দেখা গেছে। এই রিসোর্টেই শিক্ষা সফরের আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সভা করেছিলেন বলে তদন্তে নিশ্চিত হয়েছে পুলিশ। সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত সরকার।
এদিকে, সভার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে রিসোর্টের মালিক সোহেল আহমদ আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মঙ্গলবার রাতে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়লের নেতৃত্বে গ্রাম পুলিশের তত্বাবধানে রিসোর্টটিতে অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করে পুলিশ। পরে রিসোর্টটির ফটকে তালা দেওয়া হয়।
গত রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাতারগুল সোয়াম্প ফরেস্ট-সংলগ্ন ওই রিসোর্টে মতবিনিময় সভার আয়োজন করা হয়। শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নিয়েছিলেন সুনামগঞ্জের জামালগঞ্জের বাসিন্দা রোকন মিয়া নামের এক আইনজীবী।
পুলিশ সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বিকেলে একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে সিলেট ও সুনামগঞ্জের নিষিদ্ধ আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষা সফরের ব্যানার টানিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সেখানে খেলাধুলা ও পুরস্কার বিতরণীও অনুষ্ঠিত হয়। রাত ৯টার দিকে সাবেক সংসদ সদস্য রনজিত সরকার সেখানে উপস্থিত হন। এর প্রায় দুই মিনিট পর শিক্ষা সফরের ব্যানার সরিয়ে আওয়ামী লীগের ব্যানার টানানো হয়। এরপর রনজিত সরকার প্রায় পাঁচ মিনিট বক্তব্য দিয়ে গাড়িতে করে সেখান থেকে চলে যান।
সভায় অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও বিশ্লেষণ করে পুলিশ। ভিডিওতে জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুক এবং তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে ব্যানার ধরে রাখতে দেখা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, তা নিয়ে প্রথমে ধোঁয়াশা তৈরি হয়। কেউ কেউ সীমান্ত এলাকা কিংবা ভারতের ভেতরে সভাটি হওয়ার দাবি করেন। পরে তদন্তে নেমে পুলিশ সভার স্থান শনাক্ত করে। মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তারা মিয়াকে আটক করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। জিজ্ঞাসা বাদে তিনি সভাটি রাতারগুলের সোহেল স্কয়ার ইকো রিসোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা জানান। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাকে নিয়ে রিসোর্টে যায় এবং সভার স্থান নিশ্চিত করে।
মঙ্গলবার সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রনজিত সরকারের সভায় উপস্থিত থাকার অভিযোগে তারা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।গত সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুক আইডিতে সভার একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ওই দিন মধ্যরাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিতের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক মোড়ল জানান, একটি পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার লাগিয়ে এসে সভাটি করা হয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। ঘটনার সঠিক তথ্য উদ্ঘাটন এবং আইনগত পদক্ষেপ নিতে কাজ করছে পুলিশ। সভায় উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।রিসোর্টের মালিক সোহেল আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয় সূত্রের দাবি, সভার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন।
মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভ
নীলফামারীতে জেলা আইনজীবী সমিতির ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
নীলফামারী জেলা আইনজীবী সমিতির আয়োজনে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেলে নীলফামারী বড় মাঠের মিনি স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে পারিবারিক আপিল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) আরিফা ইয়াসমিন মুক্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. মার্জিয়া খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. মোহসিন এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার এ কে এম শাহ্ আরেফিন বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। কর্মব্যস্ততার বাইরে খেলাধুলা বিনোদনের পাশাপাশি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরি করে।
জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সজীব।
টুর্নামেন্টে জেলার ছয়টি উপজেলার আইনজীবীদের পৃথক দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় ডোমার ল-ইয়ার্স অ্যাসোসিয়েশনকে ১-০ গোলে পরাজিত করে জয় তুলে নেয় নীলফামারী সদর ল-ইয়ার্স ইউনাইটেড।
এ সময় উপস্থিত ছিলেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক ঈসমাঈল হোসেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আসাদুজ্জামান খান রিনোসহ জেলা আইনজীবী সমিতির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিনি স্টেডিয়ামে প্রবেশ করে ।