সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

  • প্রকাশ : শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬, সময় : ৬:০৯ পিএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করা হলে বিব্রতবোধ করেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন।


আওয়ামী লীগ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এই নির্বাচনে যে কেউ অংশগ্রহণ করতে পারে। গতকালও (শুক্রবার) আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা।’ 


তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিয়ে যারা প্রশ্ন করেন, আওয়ামী লীগ নিয়ে তো এই মুহূর্তে প্রশ্ন করা ঠিক না, উচিতও না। কারণ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনকে নিয়ে আমাদের পর্যায়ে প্রশ্ন করলে আমরা বিব্রতবোধ করি।’


স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না জানিয়ে এ সময় এলজিআরডি প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। তবে স্থানীয়ভাবে বিএনপি-সমর্থিত নির্দিষ্ট প্রার্থী থাকবে। 


তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন-সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে। সংশোধিত আইনে আগের মতো দল থেকে মনোনয়ন দেওয়ার সুযোগ থাকবে না। ধানের শীষের মতো জাতীয় প্রতীক ব্যবহারের সুযোগ থাকবে না। নির্বাচন হবে দলনিরপেক্ষভাবে এবং সাধারণ প্রতীকে।


মীর শাহে আলম বলেন, বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী মহলের সিদ্ধান্ত অনুযায়ী–উপজেলা বিএনপি প্রতিটি ইউনিয়নে একজন করে সমর্থিত প্রার্থী রাখার চেষ্টা করবে। এ জন্য স্থানীয় বিএনপি সংবাদ সম্মেলন বা কর্মী সভার মাধ্যমে নির্দিষ্ট ইউনিয়নে দলের সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করতে পারবে।


তিনি বলেন, এটি দলীয় প্রার্থী বা দলীয় মনোনয়ন নয়, বরং দলীয় সমর্থন। দলকে মাঠপর্যায়ে সুসংগঠিত রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রতিটি ইউনিয়নে সর্বোচ্চ একজন প্রার্থী রাখার চেষ্টা করা হবে।


কোনো ইউনিয়নে একাধিক যোগ্য প্রার্থী থাকলে স্থানীয় বিএনপি আলোচনার মাধ্যমে সমঝোতার চেষ্টা করবে বলেও জানান তিনি। একজনকে চেয়ারম্যান পদে নির্বাচনের সুযোগ দিয়ে অন্যজনকে অন্য কোনোভাবে দলের কর্মকাণ্ডে যুক্ত রাখার চেষ্টা করা হবে।


প্রতিমন্ত্রী আরও বলেন, এরপরও কোনো ইউনিয়নে একাধিক প্রার্থী থেকে গেলে এবং কেউ দলের সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। এ ক্ষেত্রে বগুড়া জেলা বিএনপি ও উপজেলা বিএনপি যৌথভাবে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিতে পারবে।


অনুষ্ঠানে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল ওহাব, ওসি শাহীনুজ্জামানসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 



সর্বশেষ সব খবর

  • প্রকাশ : শনিবার ১৪ নভেম্বর, ২০২৬, সময় : ১২:০৮ এএম

দিনাজপুরে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তার স্ত্রী ও ছেলেকে তুলে নিয়ে আটকে রাখার পর মোবাইল ফোনে টাকা দাবির অভিযোগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবীর সোহাগকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ২০২১ সালে দিনাজপুরের  চিরিরবন্দর এলাকায় ঘটে।


এই ঘটনায় করা বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, রংপুর জেলায় সিআইডির সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকাকালে সারোয়ার কবীর যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলের বাইরে দিনাজপুরে যান। এ সময় ছুটিতে থাকা এএসআই মো. হাসিনুর রহমান ও কনস্টেবল মো. আহসান-উল-ফারুককে সঙ্গে নিয়ে সম্পূর্ণ নিয়ম ও এখতিয়ারবহির্ভূতভাবে একটি অভিযোগ অনুসন্ধানের নামে অভিযান পরিচালনা করেন।


২০২১ সালের ২৩ আগস্ট সংঘটিত ওই ঘটনায় দিনাজপুরের চিরিরবন্দর থানার লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। এরপর ২৩ ও ২৪ আগস্ট তাদের দিনাজপুরের বিভিন্ন এলাকায় ঘোরানোর পর কোতোয়ালি থানা এলাকার মো. ফসিহ উল আলম পলাশের এক পরিচিত ব্যক্তির বাড়িতে আটকে রাখা হয়। সেখানে মোবাইল ফোনের মাধ্যমে তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।


ওই ঘটনায় চিরিরবন্দর থানা-পুলিশ সারোয়ার কবীরসহ অন্যদের আটক করে এবং ২০২১ সালের ২৫ আগস্ট তাদের বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি, চুরি ও অনধিকার প্রবেশের অভিযোগে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।


এ ঘটনায় জনমনে অসন্তোষ সৃষ্টি এবং বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সারোয়ার কবীরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয় পুলিশ সদরদপ্তর। ২০২৪ সালের ১ জুলাই সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।


প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৯ জুলাই তিনি অভিযোগের জবাব দিয়ে ব্যক্তিগত শুনানির আবেদন করেন। একই বছরের ২৬ নভেম্বর তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়। তবে তার বক্তব্য সন্তোষজনক না হওয়ায় অভিযোগ তদন্তে কর্মকর্তা নিয়োগ করা হয়। তদন্তকারী কর্মকর্তা ২০২৬ সালের ৭ জুন প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়।


তদন্ত প্রতিবেদন পাওয়ার পর তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত জানিয়ে গত ২৪ জুন দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি তার কোনো জবাব দেননি। এরপর বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মতামত চাওয়া হলে গত ৮ অক্টোবর সংস্থাটি তাকে চাকরি থেকে বরখাস্তের পক্ষে মত দেয়।


সর্বশেষ গত ৫ নভেম্বর নিয়োগকারী কর্তৃপক্ষ হিসেবে রাষ্ট্রপতি বরখাস্তের প্রস্তাবে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধি অনুযায়ী গুরুদণ্ড হিসেবে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

সর্বশেষ সব খবর

কুষ্টিয়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১১:০৭ পিএম

সংসদে বসে স্বরাষ্ট্রমন্ত্রী ন্যূনতম সহমর্মিতা প্রকাশ না করে ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু। শুক্রবার বিকেলে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের  কুষ্টিয়ার গ্রামের বাড়ির পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 


মাহমুদা মিতু আক্ষেপ করে বলেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে যখন আগুনের ঘটনা ঘটে, তখন কীভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়া যায় এবং ছাত্রলীগকে দায়মুক্ত করা যায়, সেই প্রক্রিয়া শুরু হয়েছে বলে আমাদের মনে হচ্ছে। 


সংসদ সদস্য বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কুষ্টিয়া রক্ষার কথা উল্লেখ করে বাড়িতে আগুন দেওয়ার বিষয়ে বার্তা দেওয়া হয়েছে বলে আমরা দেখেছি। একদিকে ছাত্রলীগ দায় স্বীকার করছে। অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আগুনের ঘটনা শর্টসার্কিট থেকেও হতে পারে। 


এনসিপির যুগ্ম আহ্বায়ক বলেন, গতকাল কুষ্টিয়ায় কী ঘটেছে, তা আপনারা সবাই দেখেছেন। যে বাড়িতে সাতজন মানুষ বসবাস করতেন, সেখানে রান্নাবান্নার সরঞ্জাম, খাবারের আলামত এবং শিশুদের পড়াশোনার বইপত্র আমরা নিজের চোখে দেখেছি। অথচ সেই বাড়িটিকে পরিত্যক্ত বলে দাবি করা হচ্ছে। 




সর্বশেষ সব খবর

গাইবান্ধায় মজলিশের খাবার খেয়ে শতাধিক মানুষ হাসপাতালে

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪৭ পিএম

গাইবান্ধার সাঘাটায় একটি মিলাদ ও মজলিশের অনুষ্ঠানে খাবার খেয়ে নারী ও শিশুসহ পাঁচ শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ছাড়াও বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।


​স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় একটি মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন তাঁর ভাই বাবলু ব্যাপারী। ওই অনুষ্ঠানে দাওয়াত পাওয়া ও না পাওয়া প্রায় সহস্রাধিক মানুষ অংশ নেন।


 আমন্ত্রিত অতিথিদের আটার ডাল ও ভাত খাওয়ানো হয়। খাবার খেয়ে বাড়ি ফেরার পরপরই অনেকের মধ্যে তীব্র পেটব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার বিকেল থেকেই তাঁরা হাসপাতালে ভিড় জমাতে শুরু করেন। এ ঘটনায় একটি পরিবারের ১ বছরের শিশুসহ আট সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন।



​কালপানি গ্রামের বাসিন্দা মনির হোসেন জানান, স্থানীয় ঐতিহ্যবাহী আটার ডাল তিনি বগুড়ায় এক বন্ধুর বাড়িতে পাঠিয়েছিলেন। সেটি খেয়ে তাঁর বন্ধুর পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তাঁরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।


​স্থানীয় বাসিন্দা আ. রহিম বলেন, ‘‘এ এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়নি এমন পরিবার খুব কমই আছে। অনেকে হাসপাতালে চিকিৎসা নিলেও অনেকে বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।’’


​সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিহানুল ইসলাম জানান, গত মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে নারী, শিশু ও পুরুষসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় ৩ জনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ​তিনি আরও জানান, খাদ্যে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আক্রান্তরা সঠিক সময়ে চিকিৎসা নেওয়ায় বড় ধরনের ঝুঁকি কমেছে।

সর্বশেষ সব খবর

পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৪০ পিএম

পর্যটনকেন্দ্র কুয়াকাটাকে প্লাস্টিক দূষণমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে কুয়াকাটা পৌরসভা। এ লক্ষ্যে প্লাস্টিক বর্জ্যের পুনর্ব্যবহার (রিসাইক্লিং) এবং সম্প্রসারিত উৎপাদক দায়বদ্ধতা (ইপিআর) বাস্তবায়নের বিষয়ে অংশীজনদের নিয়ে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা পৌরসভার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্লাস্টিক বর্জ্যের ক্ষতিকর প্রভাব, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।


কুয়াকাটা পৌরসভার প্রশাসক ইয়াসীন সাদেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিবেশ কর্মী ও গণমাধ্যম কর্মী মেজবাহ উদ্দিন মান্নু, কুয়াকাটা পৌর বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন বাবলু, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সভাপতি কে এম বাচ্চু, প্লাস্টিক ব্যবসায়ী সিরাজুল সিকদার, নাজমা বেগম।


এ ছাড়াও বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ, গুড নেইবারস, আভাস ও গ্রামবাংলার প্রতিনিধিরা সভায় অংশ নেন। সভায় বক্তারা বলেন, প্লাস্টিক বর্জ্য এখন উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি। যত্রতত্র প্লাস্টিক ফেলার কারণে সমুদ্র সৈকতের সৌন্দর্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে সামুদ্রিক প্রাণী ও প্রাকৃতিক পরিবেশ। পর্যটন নির্ভর কুয়াকাটার পরিবেশ রক্ষা এবং পর্যটনশিল্পের টেকসই বিকাশের জন্য প্লাস্টিক বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা জরুরি।


তাঁরা বলেন, শুধু পৌরসভার উদ্যোগে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ সম্ভব নয়। এ জন্য স্থানীয় বাসিন্দা, পর্যটক, ব্যবসায়ী, হোটেল-মোটেল মালিক, পরিবেশকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্জ্য উৎপত্তিস্থল থেকে পৃথক করা, নির্দিষ্ট স্থানে প্লাস্টিক ফেলা এবং পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক সংগ্রহের ব্যবস্থা গড়ে তুলতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তাঁরা।


সভায় কুয়াকাটা সমুদ্রসৈকত, উপকূলীয় পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, প্লাস্টিক বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার কার্যক্রম জোরদার এবং জনসম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুয়াকাটাকে পরিচ্ছন্ন, বাসযোগ্য ও পরিবেশবান্ধব পর্যটননগরী হিসেবে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানিয়েছেন তারা।

সর্বশেষ সব খবর

গ্রামীন ব্যাংক সিলেট সদর। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৫২ পিএম

গ্রামীন ব্যাংক সিলেট সদর উপজেলা শাখায় আগুন দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিল ও ভিডিও ছড়িয়ে পড়েছে গত রাত থেকে। এ নিয়ে সিলেটজুড়ে গ্রামীন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা চরম আতঙ্কে আছেন, এমন খবরও চাউর চারদিকে।

তবে আগুন লাগার বিষয়টি মোটেও সত্য নয় বলে জানিয়েছেন গ্রামীন ব্যাংক সিলেট আঞ্চলিক অফিসের ম্যানেজার মো. আবুল হোসেন। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে তিনি  কথা বলেন। এ সময় তিনি জানান, এসব খবরের কোনো ভিত্তি নেই।

আমাদের সিলেট সদর উপজেলা শাখায় আগুন লাগা দূরে থাক, সদর উপজেলা শাখা বলতেইতো কিছু নেই। তিনি আরও জানান, এখন পর্যন্ত আমাদের সিলেট বিভাগজুড়ে যত শাখা আছে, তার কোথাও এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

তিনি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভুয়া ভিডিও ও সংবাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ সব খবর

আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৩৩ পিএম

নির্বাহী আদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের আত্মগোপনের ঘটনায় পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে সভা করায় সিলেটের গোয়াইনঘাট থানায় দুইশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় রনজিত সরকারসহ ২০ জনকে এজাহারনামীয় এবং ১৭৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।


এর আগে বুধবার ভোর রাত ৩টার দিকে রাতারগুলে ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি’ বন্ধ করে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং দুই কর্মীসহ চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—সুনামগঞ্জ সদর উপজেলার মুরারবন গ্রামের সোনাফর আলীর পুত্র রাজু ইসলাম (১৬), একই গ্রামের তাহের উদ্দিনের পুত্র ফরহাদ আহমদ (১৯), গোয়াইনঘাট উপজেলার খাসবারহাল গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র ফারুক আহমদ (৫৯) ও নয়াবস্তি গ্রামের আব্দুল খালিকের পুত্র আলী হোসেন (৩৪)।


গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।জানা যায়, গত ৮ নভেম্বর রোকন মিয়া নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি’ ভাড়া নেন। শুরুতে সেখানে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হলেও পরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত সরকার হঠাৎ সেখানে উপস্থিত হন।



তিনি দলীয় ব্যানার লাগিয়ে কয়েক মিনিট বক্তৃতা দেন এবং দ্রুত চলে যান।সোমবার বিকেল ৪টা ৪৯ মিনিটে রনজিত সরকার নিজের ফেসবুকে ওই সভার ভিডিও প্রকাশ করলে বিষয়টি জাতীয় পর্যায়ে আলোচনায় আসে। ভিডিও ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা বাহিনী তৎপর হয়ে ওঠে। তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠানো হয়। ভিডিও প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে রাত ১২টার দিকে সিলেট মহানগরীর গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর থেকে রনজিত সরকার ও রিসোর্ট মালিক আত্মগোপনে রয়েছেন। 


অন্যদিকে, স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ সভার আয়োজন করা সেই ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্টের’ মালিক সোহেল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলমের চাচাতো ভাই।  বিএনপির শীর্ষস্থানীয় এক নেতার আত্মীয়ের রিসোর্টে জাতীয় পর্যায়ে আলোচিত এ সভার আয়োজন ও ঘটনার পর কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার রাত ১২টার দিকে রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ সব খবর