প্রতীকী ছবি

  • প্রকাশ : রবিবার ১৭ মে, ২০২৬, সময় : ৬:০৫ এএম

তিউনিসিয়া ও তুরস্ক পবিত্র জিলহজ মাস শুরুর তারিখ ঘোষণা করেছে। সে অনুযায়ী, দেশ দুটিতে আগামীকাল সোমবার (১৮ মে) হবে জিলহজের প্রথম দিন। আগামী ২৭ মে (বুধবার) দেশ দুটিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।


গতকাল শনিবার পবিত্র জিলকদ মাসের ২৯তম দিনে তিউনিসিয়ার কর্তৃপক্ষ সে দেশে জিলহজ মাস শুরু ও ঈদুল আজহা উদ্‌যাপনের আনুষ্ঠানিক তারিখ ঘোষণা করে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছরের ঈদুল আজহার তারিখ ঘোষণাকারী প্রথম দেশ হলো তিউনিসিয়া।


তুরস্কও আগামীকাল থেকে দেশটিতে জিলহজ মাস শুরুর কথা জানিয়েছে। তবে দেশটি সরাসরি চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বিদ্যাভিত্তিক হিসাব–নিকাশের ভিত্তিতে প্রস্তুত করা ইসলামি ক্যালেন্ডার অনুসরণ করে এ তারিখ নির্ধারণ করেছে।


এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এখনো চাঁদ দেখার অপেক্ষায় আছে।


সৌদি আরব, আরব আমিরাত, ওমানসহ বেশির ভাগ মুসলিম দেশের কর্তৃপক্ষ আজ রোববার সন্ধ্যায় চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহার তারিখ ঘোষণা করবে।



সর্বশেষ সব খবর

পাকিস্তানের নভোচারী মুহাম্মদ জিশান আলী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : বুধবার ২৫ নভেম্বর, ২০২৬, সময় : ১:২১ এএম

চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথম বিদেশি নাগরিক হিসেবে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের পাইলট জিশান আলী (৪০)। একই সঙ্গে মহাকাশে যাত্রা করা প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবেও ইতিহাস গড়তে চলেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে করে তার এই যাত্রা শুরু হবে। মহাকাশযানটিকে কক্ষপথে নিয়ে যাবে ‘লং মার্চ-২এফ’ রকেট। তিন সদস্যের এই অভিযানে জিশান আলীর সঙ্গে থাকছেন চীনের কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই।

বর্তমানে পৃথিবীর কক্ষপথে কার্যকর দুটি মহাকাশ স্টেশন রয়েছে। এর একটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। এতে রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডাসহ কয়েকটি দেশ অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। অন্যটি চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ‘তিয়ানগং’, যার অর্থ ‘স্বর্গের প্রাসাদ’। ২০২২ সাল থেকে স্টেশনটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করছে।

এই অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন জিশান আলী। তিয়ানগং স্টেশনে পাঁচ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি। অভিযানের প্রস্তুতি হিসেবে বেইজিংয়ে সাত মাসের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এই পাকিস্তানি পাইলট। মহাকাশযাত্রা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিশান আলী বলেন, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’

অন্যদিকে, শেনঝৌ-২৩ অভিযানের কমান্ডার ঝু ইয়াংঝু তিয়ানগং স্টেশনে টানা এক বছর অবস্থান করবেন। মহাকাশে দীর্ঘ সময় কাটালে মানুষের শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে গবেষণার অংশ হিসেবে তার এই অবস্থান। কোনো চীনা নভোচারীর মহাকাশে থাকার ক্ষেত্রে এটিই হবে দীর্ঘতম সময়।

বিশ্লেষকদের ধারণা, ২০৩০ সালের মধ্যে নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) অবসরে যেতে পারে। সে ক্ষেত্রে মহাকাশ গবেষণায় চীনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাকিস্তানসহ উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের মহাকাশ কর্মসূচিতে যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সম্পর্ক ও প্রভাব বিস্তারের সুযোগও তৈরি করছে বেইজিং। 

সর্বশেষ সব খবর

কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৫ পিএম

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জেনোসাইডের অভিযোগ প্রমাণিত হওয়ার পর দেশটির পাঁচ জ্যেষ্ঠ সামরিক নেতার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। কোনো রাষ্ট্রকে জেনোসাইডের দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা এটিই প্রথম। এ ঘটনার পর দেশটির সামরিক নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ হলো।

২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রাণ বাঁচাতে দেশটির বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ রাখাইন রাজ্য ছেড়ে বাংলাদেশে পালিয়ে আসেন সাত লাখের বেশি রোহিঙ্গা।

ওই অভিযানের সময় গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া এবং নারী ও কিশোরীদের ধর্ষণের ঘটনাও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। আইসিজের রায়কে স্বাগত জানানোর ক্ষেত্রে যুক্তরাজ্যের সঙ্গে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ যুক্ত হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, ‘জেনোসাইডের মতো এমন গভীরভাবে মর্মাহত করার মতো অপরাধের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়ায় আমাদের মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে এবং এর সঙ্গে স্পষ্ট পদক্ষেপের সমন্বয় ঘটাতে হবে।’ নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের পাঁচ সামরিক নেতা হলেন- মায়ো হুত হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।

মিলিব্যান্ড বলেন, ২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ২০১৭ সালের জেনোসাইডের সময় দেশটির সামরিক বাহিনীর প্রধান ছিলেন। ওই সময় সংঘটিত বহু নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী।

তিনি বলেন, মিয়ানমারকে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে হবে। একই সঙ্গে অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তির আওতায় আনতে হবে এবং ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা ঠেকানোর ব্যবস্থা নিতে হবে।

মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ তৈরি করতে অবিলম্বে শত্রুতা বন্ধ, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ, রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সংলাপ শুরুর আহ্বান জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী।

মিয়ানমারে বিমান চলাচলের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের কথাও নিশ্চিত করেছেন মিলিব্যান্ড। গত সপ্তাহে আইসিজের রায়ের পর যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে।

সোমবার ব্রিটিশ সংসদ সদস্যদের মিলিব্যান্ড জানান, এ সপ্তাহেই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার আইসিজে দেওয়া রায়ে বলেছে, আদালতে উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে ‘জেনোসাইডের উদ্দেশ্যই একমাত্র যৌক্তিক সিদ্ধান্ত হিসেবে উপনীত হওয়া যায়’। বিশ্বের বিভিন্ন দেশের বিচারপতিদের নিয়ে গঠিত প্যানেল ৯-৬ ভোটে এ সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে আদালত ১৯৪৮ সালের জেনোসাইড সনদের আরও কয়েকটি ধারা লঙ্ঘনের জন্য মিয়ানমারকে দায়ী করেন।

রায়ে বলা হয়, বাংলাদেশ ও বঙ্গোপসাগরের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে পরিচালিত সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয়েছিল। তবে মিয়ানমার তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে।

মিলিব্যান্ডের ভাষ্য অনুযায়ী, ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। দেশটি তাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

জেনোসাইডের সময় মিয়ানমারের নেত্রী অং সান সুচি ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। এদিকে সংসদ সদস্যদের জানানো হয়েছে, দেশটিতে আরাকান আর্মির পক্ষ থেকেও বিমান হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। 

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩৯ পিএম

ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দেশটির সেনাবাহিনী তা ট্রাম্পকে দিতে অস্বীকৃতি জানায়। সম্প্রতি তার সফরে ঘটে যাওয়া এ বিশেষ পরিস্থিতির বর্ণনা প্রকাশ্যে এসেছে।


সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৮ নভেম্বর) ম্যানিলায় প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত এক রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাম্প। এ সময় ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রশংসা করেন তিনি। এ সময় প্রয়াত মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতো সোনার ব্যাটন তাকে দেওয়ার দাবি জানান। কিন্তু তা নাকচ করেছে ফিলিপাইনের সামরিক বাহিনী। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ম্যাকআর্থারকে দেওয়া সোনার ব্যাটনটি বর্তমানে তাদের সম্মাননা ব্যবস্থার অংশ নয়।


বক্তব্যে ট্রাম্প বলেন, উইলিয়াম হাওয়ার্ড টাফট থেকে ডুইট ডি আইজেনহাওয়ার পর্যন্ত যুক্তরাষ্ট্রের অনেক মেধাবী ও বিশিষ্ট নেতা ফিলিপাইনের বিপুল সম্ভাবনা সম্পর্কে জানতেন।


প্রয়াত মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারকে অতীতে সোনার ব্যাটন দিয়ে সম্মানিত করা হয়েছিল। সেই ঐতিহাসিক সম্মাননার আদলে ট্রাম্পকেও একই ধরনের স্বীকৃতি না দেওয়ায় তিনি প্রতিক্রিয়া জানান।গত বুধবার ম্যানিলার প্রেসিডেন্ট ভবন ‘মালাকানিয়াং প্যালেসে’ ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে ডোনাল্ড ট্রাম্প বলেন, তাকে সোনার ব্যাটন ও ফিল্ড মার্শাল পদমর্যাদা দেওয়া হয়নি।


সমবেত অতিথিদের উদ্দেশে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘অবশ্যই, ঠিক এখানেই, এই প্রাসাদেই প্রেসিডেন্ট (ম্যানুয়েল এল) কেজন ডগলাস ম্যাকআর্থারকে সোনার ব্যাটন এবং ফিলিপাইন সেনাবাহিনীর ফিল্ড মার্শাল পদমর্যাদায় ভূষিত করেছিলেন।’


অন্য অতিথিরা যখন হাসছিলেন তখন ট্রাম্প বলেন, ‘আপনারা কিছু মনে না করলে আমি চাইব, আপনারা আমাকেও সেটি দিন। আমি এটা খুব পছন্দ করব। মানে, আমি কেন এই সম্মাননা পাব না?’


সেনাবাহিনী পরে এক বিবৃতিতে জানায়, ফিল্ড মার্শালের পদ এবং এর ব্যাটনটি তাদের পরবর্তী পদমর্যাদার কাঠামোতে রাখা হয়নি। এটি এখন আর তাদের সম্মাননা ব্যবস্থার অংশ নয়।


সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

সর্বশেষ সব খবর

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৩০ পিএম

ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তবে শুধু নিষেধাজ্ঞা যথেষ্ট নয় উল্লেখ করে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।


মঙ্গলবার (২৪ নভেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস ফিলিস্তিনিদের ওপর হামলা ও সহিংসতায় জড়িত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে একটি বিল উত্থাপনের পরিকল্পনা করেছেন। মামদানি এ উদ্যোগকে স্বাগত জানালেও ডেমোক্র্যাটদের আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


মামদানি বলেন, বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ একটি ইতিবাচক পদক্ষেপ। কারণ, এসব বসতি স্থাপনকারীর কর্মকাণ্ডে বহু ফিলিস্তিনির জীবন ও জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।তবে তিনি আরও বলেন, কয়েকটি মার্কিন প্রশাসনের আমলেই ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যায় যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলারের অর্থায়ন করেছে বলে তিনি মনে করেন। এখন যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের সময় এসেছে।জেফরিস জানিয়েছেন, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরুর পর প্রথম ১০০ দিনের মধ্যে বিলটি উত্থাপনের পরিকল্পনা রয়েছে তার। জানুয়ারিতে তিনি প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হওয়ারও সম্ভাবনা রয়েছে।


এদিকে ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ভেতরে ওয়াশিংটনের নীতি পুনর্বিবেচনার দাবি ক্রমেই জোরালো হচ্ছে। বিশেষ করে ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলায় জড়িত বসতি স্থাপনকারীদের জবাবদিহির আওতায় আনার দাবি উঠছে।


সূত্র: মিডল ইস্ট মনিটর

সর্বশেষ সব খবর

ইরানের পতাকা

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ১:২৬ পিএম

ইরানের এক গায়িকা ও তার প্রযোজনা দলের চার সদস্যকে ৭৪ বার করে বেত্রাঘাতের সাজা দিয়েছেন দেশটির আদালত। অনলাইনে অশ্লীল ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে ‘জনসাধারণের শালীনতা ক্ষুণ্ণ’ করার অভিযোগে তাদের এ সাজা দেওয়া হয়। আইনজীবী মোস্তফা নিলির বরাত দিয়ে ইমতেদাদ ওয়েবসাইটের খবরে এ তথ্য জানানো হয়েছে। 


এতে বলা হয়, গায়িকা পারাস্তু আহমাদি ও তার দলের চার সদস্যের ওপর দুই বছরের জন্য সব ধরনের শৈল্পিক ও সংগীতবিষয়ক কর্মকাণ্ডে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। একই সময়ে তাদের বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে ইউটিউবে একটি ভিডিও প্রকাশের পর তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। ভিডিওতে দেখা যায়, রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরে পারাস্তু আহমাদি বাধ্যতামূলক হিজাব ছাড়াই পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে সংগীত পরিবেশন করছেন।


বেত্রাঘাতের মতো শাস্তিকে নির্যাতন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করে এর সমালোচনা করেছে পশ্চিমা সরকার ও বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে ইরান মানবাধিকার পরিস্থিতি নিয়ে ওঠা অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির দাবি, পশ্চিমা দেশগুলোর উচিত নিজেদের মানবাধিকার পরিস্থিতির দিকে নজর দেওয়া।


এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও ইরানি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।


ইরানে নারীদের হিজাব পরার বাধ্যবাধকতা নিয়ে ২০২২ সালে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। কুর্দি-ইরানি নারী মাহসা আমিনিকে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।


তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় এখনো হিজাবসংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব নিয়ম প্রয়োগের ক্ষেত্রেও বাছাইমূলক প্রবণতা দেখা যাচ্ছে। ইমতেদাদ ওয়েবসাইটে অবশ্য স্পষ্ট করা হয়নি, আইনজীবী মোস্তফা নিলি ওই পাঁচজনের পক্ষে আইনি প্রতিনিধিত্ব করেছিলেন কি না।


সর্বশেষ সব খবর

ছবি: সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের মধ্যে ওয়াশিংটনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইরান। একদিকে মার্কিন কর্মকাণ্ডের কারণে ক্ষয়ক্ষতির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। অন্যদিকে দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের হুঁশিয়ারিও দিয়েছে ইরান।

তেহরানের দাবি, অবরোধ প্রত্যাহার না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে। এমনকি ইরানের আশপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টিও আলোচনায় রয়েছে।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবির বিষয়ে ইরানের বিচার বিভাগের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বিচার বিভাগের আইনজীবী বিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা মামলায় দেশের আদালতগুলো থেকে আমরা ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ নেয়ার পক্ষে রায় পেয়েছি।’

তিনি আরও জানান, ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেয়ার অভিযোগে উপসাগরীয় আরব দেশগুলোর বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা করা হয়েছে।

রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য এই ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

এদিকে পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ মোকাবিলায় হাতে থাকা ‘সব ধরনের উপায়’ ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে তেহরান। গত ১৩ এপ্রিল ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

পরে তেহরানের সঙ্গে একটি খসড়া সমঝোতায় পৌঁছানোর পর জুনে তা তুলে নেয়া হয়। তবে ওই সমঝোতা ভেঙে পড়লে ১৪ জুলাই আবারও অবরোধ আরোপ করা হয়। সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমরা অবশ্যই এসব কর্মকাণ্ড মেনে নেব না। যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় আমাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করব।’

তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্র যেসব পদক্ষেপকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও নৌ অবরোধ হিসেবে বর্ণনা করছে, সেগুলো নিঃসন্দেহে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন।’

বাঘাই বলেন, ‘এ পরিস্থিতিতে জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার জন্য ইরান তার হাতে থাকা যেকোনো উপায় ব্যবহারের অধিকার রাখে।’ প্রসঙ্গত, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং দেশটির আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন।

এরপর পুরো অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়লে যুদ্ধের পরিধি আরও বিস্তৃত হয়। আর এই সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালি। তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ করে দেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে ইরান।

মূলত হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা থেকে ইরানকে বিরত রাখতে দেশটির বন্দরগুলোতে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। পরে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করে ওয়াশিংটন। পাশাপাশি ইরানে স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে একটি বিশেষ টাস্কফোর্সও গঠন করা হয়। গত কয়েক সপ্তাহে ইরানের সামরিক বাহিনী একাধিকবার জানিয়েছে, তেহরানের নিষিদ্ধ ঘোষিত নৌপথ ব্যবহার করতে গিয়ে কয়েকটি জাহাজে আগুন লেগেছে।

তেহরান থেকে আল জাজিরার সংবাদদাতা রেসুল সেরদার আতাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরান। তিনি বলেন, ‘ইরানিরা বিষয়টি জানেন এবং প্রকাশ্যেই তা স্বীকার করছেন। কারণ, দেশটির মোট আমদানি ও রপ্তানির ৮০ শতাংশের বেশি পণ্য হরমুজ প্রণালি অথবা দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো দিয়ে পরিবহন করা হয়।’

আল জাজিরার এই সংবাদদাতা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অবসান ঘটাতে এখন ক্রমেই বিকল্প পথ খুঁজছে ইরানিরা।’ তিনি জানান, ইরানের আশপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোর ওপর হামলার বিষয়টিও আলোচনায় রয়েছে।

রেসুল সেরদার আতাস বলেন, ‘এ মুহূর্তে উত্তেজনা আরও বাড়ানোই আলোচনার টেবিলে থাকা প্রধান বিকল্প।’

অন্যদিকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এখনো স্থবির হয়ে আছে। বিশেষ করে জুনের সেই সমঝোতা ভেঙে পড়ার পর পরিস্থিতির আর অগ্রগতি হয়নি। ওই সমঝোতায় স্থায়ীভাবে সংঘাতের অবসানের রোডম্যাপ তুলে ধরা হয়েছিল।

ইরান জানিয়েছে, ওয়াশিংটন তাদের শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেয়া সম্ভব। এসব শর্তের মধ্যে রয়েছে—যুদ্ধ বন্ধ করা, নৌ অবরোধ প্রত্যাহার এবং নিষেধাজ্ঞা তুলে নেয়া।

বাঘাই বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি পূরণ করে, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

সর্বশেষ সব খবর