সংগৃহীত ছবি
যুদ্ধ বন্ধের জন্য স্থায়ী চুক্তিতে যেতে সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফ্রান্সের রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে এ সমঝোতা স্মারকে সই করেন ট্রাম্প। পরে প্রাসাদ ছাড়ার আগে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা সই হয়েছে। আমি ভার্সাইতে মাত্রই এটাতে সই করেছি।’
বিশ্বের উন্নত দেশগুলোর জোট জি–৭–এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে ট্রাম্প ফ্রান্স সফরে রয়েছেন।
ট্রাম্পের সমঝোতা স্মারকে সই করার একটি ছোট্ট ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। তিনি পোস্টে লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ভার্সাইয়ে আজ রাতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তিতে সই করেছেন।’
ইরানের পক্ষ থেকেও আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট সমঝোতা স্মারকে সই করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনাকে বলেন, ‘প্রেসিডেন্টের সই করার মধ্য দিয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারকের খসড়াটি চূড়ান্ত করা হয়েছে—এখন এ চুক্তির বাস্তবায়ন যাচাই করার সময় এসেছে।’
ইসমাইল বাঘাই জানান, সমঝোতা স্মারকটি ইলেকট্রনিকভাবে সই হয়েছে। অর্থাৎ দুই দেশের প্রেসিডেন্ট দূরবর্তী দুটি অবস্থানে থেকে এ সমঝোতায় সই করেছেন। তিনি বলেন, এটা নিয়ে কোনো আনুষ্ঠানিকতার পরিকল্পনা নেই ইরানের।
এর আগে সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, স্থানীয় সময় শুক্রবার দেশটির লুসার্ন হ্রদের পাহাড়ি এলাকায় একটি বিলাসবহুল হোটেলে চুক্তি সইয়ের অনুষ্ঠান হবে। এতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ উপস্থিত থাকবেন। তবে এক দিন আগেই এতে সই করার কথা জানাল দুই দেশ।
ইসমাইল বাঘাই ইরনাকে বলেন, ‘যখন কোনো নথিতে দুই দেশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তারা সই করেন, তখন সেটি লঙ্ঘনের মূল্য স্বাভাবিকভাবে অনেক চড়া হয়। অতীত অভিজ্ঞতার ভিত্তিতে আমরা চেয়েছিলাম, বিষয়টি এভাবেই হোক।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এ সমঝোতা স্মারকের মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এক্সে পোস্ট দিয়ে বলেন, ‘এখন এটি অবিলম্বে কার্যকর হবে।’
এর আগে গতকাল বুধবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে করা সমঝোতা স্মারকের নথি প্রকাশ করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ১৪ দফার এ নথি পড়ে শোনান।
সমঝোতা স্মারকে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়ার কথা বলা রয়েছে। পাশাপাশি ইরানের ওপর থেকে নির্দিষ্ট কিছু আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার কথাও বলা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে আলোচনার সময় ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়টি নিয়ে কাজ করা হবে বলে প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছে এতে।
এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য ৬০ দিনের একটি সময়সীমা শুরু হবে।
যুদ্ধ অবসানের প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাইয়ের সঙ্গে মুখোমুখি বৈঠকের কথা বিবেচনা করছেন। বুধবার (১১ নভেম্বর) মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্যেষ্ঠ সহযোগী এবং বিদেশি সমকক্ষদের জানিয়েছেন, তিনি তেহরানের সঙ্গে ভ্যান্সের ‘আলোচনা পুনরায় শুরু করার’ বিষয়ে উন্মুক্ত রয়েছেন এবং তাকে আলোচনার অনুমোদন দিয়েছেন। ভ্যান্স গত অক্টোবরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাইকে বৈঠকের অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন, তবে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভ্যান্স ও রেজাইয়ের সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে দোহাকে বিবেচনা করা হচ্ছে। তবে আলোচনা পুনরায় শুরু করার আগে ইরানি কর্মকর্তারা ওয়াশিংটনের নৌ অবরোধ প্রত্যাহার, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা এবং তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানানোয় এই কূটনৈতিক প্রচেষ্টা বড় বাধার মুখে পড়েছে।
জার্নালের উদ্ধৃত মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের মতে, মধ্যস্থতাকারীরা বড় ধরনের হামলার ঝুঁকি কমাতে মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে আরও দূরে সরিয়ে নেওয়া এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ শিথিল করার প্রস্তাব দিয়েছেন। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী দিয়ে পঁচিশটি ট্যাংকার চলাচলের অনুমতি দেবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের দাবিগুলোকে ‘অবাস্তব’ বলে অভিহিত করলেও জানিয়েছেন, তেহরান তাদের অবস্থান পরিবর্তন করলে ওয়াশিংটন কূটনীতির জন্য প্রস্তুত রয়েছে। তবে ইরানি কূটনীতিকরা ব্যক্তিগতভাবে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং কিছু আঞ্চলিক মধ্যস্থতাকারীও আগামী কয়েক দিনের মধ্যে কোনো চুক্তি হওয়ার বিষয়ে সন্দিহান।
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পখতুনখোয়া প্রদেশে গোয়েন্দাভিত্তিক পৃথক অভিযানে অন্তত ৭৪ জন জঙ্গিকে খতম করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) দ্য কাবুল ট্রিবিউনে খিয়াল হামিদজাইয়ের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানিয়েছে, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় এবং খাইবার পখতুনখোয়া প্রদেশের মির আলী ও ওরিয়াকজাই জেলায় এই অভিযানগুলো পরিচালিত হয়েছে। আইএসপিআর-এর এই বিবৃতির বরাতে জিও নিউজ খবরটি প্রচার করেছে।
নিহত ব্যক্তিদের ‘ভারত-সমর্থিত’ জঙ্গি হিসেবে অভিহিত করেছে সামরিক বাহিনী, তবে তাদের পরিচয়, সংশ্লিষ্ট দল বা অভিযানগুলোর সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
এই অভিযানগুলোতে কোনো নিরাপত্তা কর্মী বা সাধারণ নাগরিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। এ ছাড়া পৃথক অভিযানগুলোর সময়কাল এবং ফলাফল সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য কাবুল ট্রিবিউন
ছবি : সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করেছে।
আইআরজিসির দাবি, সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বন্ধ না হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল পাচার বন্ধ করতে আগ্রাসী পক্ষকে সতর্ক করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আবার ঘটলে কোনো সীমাবদ্ধতা ছাড়াই জবাব দিতে প্রস্তুত রয়েছে তাদের মহাকাশ বাহিনী।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিক শহরের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের একটি গ্রামে প্রতিবছর আয়োজন করা হয় গোবর ছোড়াছুড়ির এক উৎসব। এই উৎসব দেখতে স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে পর্যটকেরা এখানে আসেন। শতাব্দীপ্রাচীন এ উৎসবের নাম ‘গোরিহাব্বা’। হিন্দু ধর্মীয় বিশ্বাস ও স্থানীয় ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এর প্রচলন।ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলির তৃতীয় দিনে দক্ষিণ ভারতের গুমাতাপুরা গ্রামে উৎসবটি অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে পূজিত দেবতা বীরেশ্বরের সম্মানে এ আয়োজন করা হয়।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গোবরের স্তূপ থেকে তার আবির্ভাব হয়েছিল। পরে প্রতিবছর তার সম্মানে গোরিহাব্বা উৎসব পালনের ইচ্ছা প্রকাশ করেন তিনি। উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে। গ্রামের বিভিন্ন স্থান থেকে গোবর সংগ্রহ করে মন্দিরের কাছে জড়ো করেন বাসিন্দারা। এরপর গাধার পিঠে দানবের সাজে এক ব্যক্তিকে নিয়ে শোভাযাত্রা বের করা হয়।
গোবরবোঝাই একটি গরুর গাড়িও ফুল ও কলাপাতা দিয়ে সাজিয়ে মন্দিরে নেওয়া হয়। সেখানে প্রার্থনা শেষে শুরু হয় গোবর ছোড়াছুড়ি। উৎসব দেখতে আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে পর্যটকেরা আসেন। তাদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের কাছ থেকে এ উৎসবের কথা জেনে সেখানে গেছেন বলেও জানিয়েছেন।
অংশগ্রহণকারীদের বিশ্বাস, গোবর শুধু ধর্মীয়ভাবে পবিত্র নয়, এর রয়েছে স্বাস্থ্যগত উপকারিতাও। তাদের ধারণা, গোবর ছোড়াছুড়ির এই রীতি অসুস্থতা দূর করতে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে পারে। তবে এসব বিশ্বাসের বৈজ্ঞানিক ভিত্তি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কপ সম্মেলনের পরিভাষা বুঝতে বাংলা শব্দকোষ প্রকাশ।
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি ও পরিবেশবিষয়ক আলোচনার জটিল পরিভাষাগুলো সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে প্রকাশিত হয়েছে ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ শীর্ষক নতুন একটি বই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতলিয়ায় কপ-৩১ সেন্টারে বাংলাদেশ প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার বইটি রচনা করেছেন। বইটির মুখবন্ধ লিখেছেন দেশের বিশিষ্ট জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এটি যৌথভাবে প্রকাশের দায়িত্ব পালন করেছে সিথ্রিইআর (C3ER), লিডার্স (LEDARS), ওসিএল (OCL) এবং এসআরসিএল (SRCL)।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, সেফ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রহমত উল্লাহ ও সিপিআরডির প্রধান নির্বাহী শামসুদোহাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশনা সূত্রে জানা যায়, বৈশ্বিক জলবায়ু কূটনীতি ও নীতিনির্ধারণী আলোচনায় অভিযোজন, প্রশমন, ক্ষতিপূরণ তহবিল, কার্বন বাজার, এনডিসি (NDC), টিপিং পয়েন্ট কিংবা জলবায়ু শরণার্থীর মতো নতুন নতুন কারিগরি শব্দ যুক্ত হচ্ছে। ইংরেজি এসব শব্দের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপট বাংলায় স্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যেই এই শব্দকোষটি সংকলন করা হয়েছে।
বইটিতে মোট ১ হাজার ২৯৪টি গুরুত্বপূর্ণ পরিবেশগত ও জলবায়ুবিষয়ক পরিভাষার সহজ বাংলা ব্যাখ্যা স্থান পেয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন জলবায়ু চুক্তির সংক্ষিপ্ত রূপ, আলোচনার কারিগরি শব্দের অর্থ এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা উল্লেখযোগ্য সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য-উপাত্তও বইটিতে সন্নিবেশিত করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কপ-৩১ (COP31) সম্মেলনকে সামনে রেখে শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও নীতিনির্ধারকদের জন্য এই শব্দকোষটি একটি অপরিহার্য সহায়িকা হিসেবে কাজ করবে এবং দেশের জলবায়ু কার্যক্রম ও কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতীকী ছবি