মারিয়া কোরিনা মাচাদো।
নিকোলাস মাদুরো পরবর্তী ভেনেজুয়েলা কেমন হবে সেটির একটি ইঙ্গিত দিয়েছেন দেশটির নোবেলজয়ী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।
তিনি বলেছেন, ভেনেজুয়েলা হবে আমেরিকাস অঞ্চলের (উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ) জ্বালানির কেন্দ্র। বাজার হবে উন্মুক্ত, বিদেশি বিনিয়োগের জন্য নিশ্চিত করা হবে নিরাপত্তা।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাচাদো এসব কথা বলেন। ভেনেজুয়েলার সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বীতা করার কথা ছিল। কিন্তু তাঁর প্রার্থীতা বাতিল হলে আরেক নেতা এডমুন্ডো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন দেন।
মাচাদোর ভাষ্য অনুযায়ী, একটি মুক্ত ভেনেজুয়েলার অর্থ হলো- প্রথমত, নিরাপত্তা মিত্র গড়ে তোলা। যারা আমেরিকাস অঞ্চলে অপরাধীদের কেন্দ্র ভেঙে দেবে। এই মিত্র ভেনেজুয়েলা ও আমেরিকার জনগণের জন্য ক্ষতিকর বিষয়গুলো ধ্বংসে ভূমিকা রাখবে।
দ্বিতীয় বিষয় হিসেবে মাচাদো জ্বালানি কেন্দ্র গড়ে তোলার কথা বলেন। তাঁর মতে, তৃতীয় বিষয়টি হলো- ভেনেজুয়েলার যেসব নাগরিকদের দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে তাদের আবার ফিরিয়ে আনা। তাদের নিয়ে একটি শক্তিশালী, সমৃদ্ধ রাষ্ট্র ও উন্মুক্ত সমাজ গড়ে তোলা হবে।
গত মাসে নোবেল শান্তি পুরস্কার নিতে নরওয়ে যান মাচাদো। এরপর আর দেশে ফেরেননি। নিকোলাস মাদুরোকে ‘অপহরণের’ পর গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি মাচাদোকে নিয়ে বলেন, ‘তিনি দেশের ভেতরে সমর্থনও পান না, সম্মানও পান না। তিনি একজন খুব ভালো মানুষ, কিন্তু তাঁর প্রতি প্রয়োজনীয় সম্মান নেই।’
নিজের পাওয়া নোবেল পুরস্কার ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন মাচাদো। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি তিনি (ট্রাম্প) এর যোগ্য।’
মাচাদো আরও বলেন, গত শনিবার ডোনাল্ড ট্রাম্প যা করেছেন, তা অর্জন করা অসম্ভব। আমার মনে হয়, তিনি বিশ্বকে প্রমাণ করে দিয়েছেন তিনি আসলে কী বোঝাতে চান।
মাচাদো কবে ভেনেজুয়েলায় ফিরবেন তা এখনো স্পষ্ট নয়। সোমবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। কারাকাসে জাতীয় পরিষদের অধিবেশনে শপথগ্রহণ শেষে তিনি মাদুরোকে তুলে নেওয়ার ঘটনাকে ‘অপহরণ’ হিসেবে অ্যাখ্যা দেন। বলেন, এ ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত।
বিবিসি জানিয়েছে, শপথগ্রহণ অনুষ্ঠানটি শুরু হয় মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানিয়ে।
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।
এর মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে। মঙ্গলবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থায় ইরান হামলা চালায়।
এর কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে পাল্টা বেশ কয়েকটি হামলা চালায় যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি বলেন, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলা চালানো হলেও আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত এলাকার কোনো ক্ষতি হয়নি।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ত্রাণ ও উদ্ধারকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে এ আঘাত হানা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো ‘মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষতি ছাড়াই প্রতিহত করা হয়েছে।’
এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী বলেছে, ‘যেকোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা মূলত শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার কারণেই ঘটছে।’
সূত্র: আল জাজিরা
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত
বেতন বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে নতুন করে ধর্মঘট ও বিক্ষোভে নেমেছেন সরকারি ও রেলওয়ে খাতের কর্মীরা। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভের পাশাপাশি আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বন্ধ রাখা হয়েছে প্যারিসের কয়েকটি মেট্রো স্টেশন।
ফরাসি সংবাদমাধ্যম ‘লে প্যারিসিয়েন’-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে কয়েক ডজন বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। আন্দোলনে শিক্ষার্থী সংগঠন ও ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও সমর্থন জানিয়েছেন।
পুলিশের একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে বিক্ষোভে ২ লাখ ২০ হাজার থেকে ৩ লাখ মানুষ অংশ নিতে পারেন। এর মধ্যে রাজধানী প্যারিসে বিক্ষোভকারীর সংখ্যা ৪০ হাজার থেকে ৮০ হাজার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সরকারের সাম্প্রতিক বেতনসংক্রান্ত পদক্ষেপকে অপর্যাপ্ত উল্লেখ করে দেশটির ৫৮ লাখ সরকারি কর্মচারীকে আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে বিভিন্ন শ্রমিক ইউনিয়ন।ইউনিয়নগুলোর প্রধান দাবি, সরকারি কর্মীদের মূল বেতন নির্ধারণের হিসাবের ভিত্তি হিসেবে ব্যবহৃত সূচকের হার বাড়াতে হবে। তাদের অভিযোগ, ২০১৭ সাল থেকে সরকারি কর্মীদের ক্রয়ক্ষমতা ১৬ শতাংশ কমেছে।
শ্রমিক ইউনিয়নগুলোর মতে, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় না করায় কর্মীদের আর্থিক চাপ বেড়েছে। এ পরিস্থিতিতে সরকারের কাছে বেতন বৃদ্ধির কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
ধর্মঘটের কারণে দেশটির রেল ও নগর পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়েছে। আন্দোলন কতদিন চলবে এবং সরকার দাবিগুলো নিয়ে কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর শ্রমিক ও সাধারণ মানুষের।
সূত্র: আনাদোলু এজেন্সি
ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।
ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।
বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।এদিকে, বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ইরানের ড্রোন হামলা প্রতিহত করার দাবি করেছে। ইরানের আইআরজিসি ড্রোনের ঝাঁক নিয়ে হামলা চালানোর পর এ দাবি করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য হুমকির বিষয়ে মোবাইল ফোনে সতর্কবার্তা পাওয়ার পর মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।
এর আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে একটি নিরাপত্তা সতর্কতা জারি করে। এতে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে, নিরাপদ আশ্রয়ে যেতে এবং সরকারি নির্দেশনা ও সর্বশেষ তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়।
সূত্র : আলজাজিরা
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঝড়টি আরও শক্তি সঞ্চয় করে আগামী ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলে পৌঁছানোর সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা রয়েছে।ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। পরে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলের নেল্লোর ও তুনি এলাকার মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রভাবে ভারতের অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওডিশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের আবহাওয়াতেও পরিবর্তন আসতে পারে। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।