যুক্তরাষ্ট্র নয়, ডেনমার্ককেই ‘বেছে নিল’ গ্রিনল্যান্ড
পরিস্থিতি ‘খুবই গুরুতর’, ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক হুমকিধামকি পুরোপুরি ‘সীমা ছাড়িয়ে গেছে’, বলেছেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী ইন্স-ফ্রেদেরিক নিলসেন। দ্বীপটিকে দখলে নেওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ধারাবাহিক হুমকি দিয়ে গেলেও গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা ‘কার্যত উড়িয়ে দিয়ে’ বলেছে, তারা ডেনমার্কের সঙ্গে যুক্ত থাকাকেই প্রাধান্য দিচ্ছে।
আর্কটিকের এ স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রধানমন্ত্রী ইন্স-ফ্রেদেরিক নিলসেন বলেছেন, যুক্তরাষ্ট্র কিংবা ডেনমার্ক যে কোনো একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে তার দ্বীপ ইউরোপের দেশটির অংশ হয়ে থাকতেই পছন্দ করবে। এখনকার পরিস্থিতিতে গ্রিনল্যান্ড ডেনমার্ক থেকে স্বাধীন হওয়ার পরিকল্পনাও ‘তাকে তুলে রাখছে’, নিলসেনের মন্তব্যে তারই ইঙ্গিত মিলেছে বলে জানিয়েছে এনডিটিভি।
“আমরা এখন এক ভূরাজনৈতিক সঙ্কটের মুখে, এখন আমাদেরকে যদি এখনই যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে একটিকে বেছে নিতে হয়, তাহলে আমরা ডেনমার্ককে বেছে নেবো। আমরা বেছে নেবো সেই গ্রিনল্যান্ডকে যাকে আমরা চিনি, যেটি কিংডম অব ডেনমার্কের অংশ,” কোপেনহেগেনে ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নিলসেন এমনটাই বলেছেন।
বুধবার ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ডেনিশ ও গ্রিনল্যান্ডের দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আগে তার এ মন্তব্য এল। এ বৈঠকের লক্ষ্যই হচ্ছে গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক হুমকিতে লাগাম টানা এবং কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ আর্কটিকের এ দ্বীপটিকে নিয়ে সম্পর্কের যে অবনতি হয়েছে তা মেরামত করা।
পরিস্থিতিকে ‘খুবই গুরুতর’ অভিহিত করে নিলসেন আরও বলেছেন, গ্রিনল্যান্ড দখলে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক হুমকিধামকি পুরোপুরি ‘সীমা ছাড়িয়ে গেছে’।
ট্রাম্প বলছেন, তিনি আর্থিক উপায়ে বা সামরিক বল প্রয়োগ, যে কোনো ভাবেই হোক গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেবেন। নিলসেনের মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রিপাবলিকান এ প্রেসিডেন্ট বলেন, এমন অবস্থান গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীর জন্য ‘বড় সমস্যা’ তৈরি করবে।
“এটা তাদের সমস্যা। তাদের সঙ্গে আমি একমত নই। আমি জানি না তিনি কে। তার সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু এটা তার জন্য বড় সমস্যা হতে যাচ্ছে,” বলেছেন তিনি।
৫৭ হাজার জনসংখ্যার আর্কটিকের দ্বীপ গ্রিনল্যান্ড দীর্ঘদিন ধরেই ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা চেয়ে আসছে; তবে বাসিন্দাদের বড় অংশ যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতেও নারাজ, একাধিক জনমত জরিপে সেটাও উঠে এসেছে।
এই উদ্বেগের প্রতিফলন গত বছর মার্চের নির্বাচনেও দেখা গেছে বলে জানিয়েছে ব্লুমবার্গ। ওই নির্বাচনে অংশ নেওয়া গ্রিনল্যান্ডের তিন-চতুর্থাংশ ভোটার সেসব দলের প্রতি সমর্থন জানিয়েছেন, যারা ডেনমার্ক থেকে স্বাধীনতার লক্ষ্যে ধীরে অগ্রসর হতে চায়।
গ্রিনল্যান্ড কি স্বাধীনতার আলোচনা পরিত্যাগ করছে, এমন প্রশ্নের জবাবে নিলসেন বলেছেন, “এটা সময় একসঙ্গে দাঁড়ানোর। গ্রিনল্যান্ড ডেনমার্কের সঙ্গেই রয়েছে এবং সাংবিধানিক নীতির সুরক্ষায় পুরোপুরি ঐক্যবদ্ধ আছে।” এই অবস্থানে তাদের সঙ্গে আছে যুক্তরাজ্য, জার্মানিসহ একাধিক ইউরোপীয় দেশও। তারা গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতির কথাও ভাবছে, যার মাধ্যমে ট্রাম্পকে বোঝানো যাবে—ইউরোপ আর্কটিকের নিরাপত্তার বিষয়টিকে কতটা গুরুত্ব দিচ্ছে।
সোমবার রাতে রুবির সঙ্গে বৈঠকের পর জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইওহান ভাদেফুল বলেছেন, গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপ যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সমঝোতায় পৌঁছাতে’ পারবে বলে তিনি আশাবাদী।
“আটলান্টিকের উত্তরে এবং আর্কটিকে নিরাপত্তা বহুপাক্ষিক ও যৌথভাবেই কেবল নিশ্চিত করা সম্ভব। আন্তর্জাতিক আইন অনুযায়ী এবং উত্তর আটলান্টিকের নিরাপত্তার যৌথ দায়িত্বের সঙ্গে মিলিয়ে বন্ধুত্বপূর্ণভাবেই সব প্রশ্নের নিষ্পত্তি করা সম্ভব,” মঙ্গলবার এমনটাই বলেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস।
চীনে একসঙ্গে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং (ছবি-বিবিসি)
সৌদি আরব সফরে গিয়ে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। গত ১ নভেম্বর তাকে এ বিরল সুযোগ দেওয়া হয়। তার সঙ্গে নাইজেরিয়ার একটি প্রতিনিধিদলের সদস্যরাও কাবার ভেতরে প্রবেশ করেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার দরজা খুলে দেওয়া হয়। সেখানে তিনুবু ও তার সফরসঙ্গীরা নামাজ আদায় করেন। এ সময় তিনি নাইজেরিয়ার শান্তি, নিরাপত্তা, ঐক্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। পরে তিনুবু সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান। কাবার ভেতরে প্রবেশের সুযোগকে তিনি বিশেষ সম্মান ও জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।
কাবার ভেতরে কী চেয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনুবু বলেন, দেশের মানুষের সেবা চালিয়ে যাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও ধৈর্য চেয়েছেন।
কাবার ভেতরে প্রবেশের সুযোগ সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত নয়। বিশেষ অনুমতি নিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও রাষ্ট্রীয় অতিথি এ সুযোগ পান। ২০১৬ সালে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন।
তিনুবু ২০২৬ সালের ৩০ অক্টোবর মক্কায় ওমরাহ পালন করেন। চার দিনের সফর শেষে ৪ নভেম্বর তিনি নাইজেরিয়ার রাজধানী আবুজার উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেন।
সূত্র: ভয়েস অব নাইজেরিয়া
বিধ্বস্ত বিমান
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, মঙ্গলবার কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এএন-১২ মডেলের বিমানটি নিয়মিত ফ্লাইটে ছিল বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এ ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ।
স্থানীয় গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীদল। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গভর্নর সেরেদিউক। তিনি জানান, সেখানে একটি হেলিকপ্টার ও চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে। এখন তদন্তকারীদের কাজে সহায়তা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুর্ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছেন গভর্নর।
এতে ধ্বংসাবশেষের মধ্যে দমকলকর্মীদের তল্লাশি চালাতে দেখা যায়। ঘটনাস্থলের কাছেই কয়েকটি অ্যাম্বুলেন্সও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিরাপত্তা ক্যামেরার একটি ভিডিওতে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্ত দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দূরে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়তে দেখা যায়। এরপর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দূরত্ব বেশি হওয়ায় ভিডিওতে বিমানটি স্পষ্ট দেখা যায়নি।
বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স উপগ্রহচিত্রের সঙ্গে ভিডিওতে দেখা এলাকার দৃশ্য মিলিয়ে দুর্ঘটনাস্থলও নিশ্চিত করেছে। বিমানটিতে কোনো মালামাল ছিল কি না, তা এখনো জানা যায়নি। রাশিয়ার সামরিক বাহিনী অস্ত্র ও সেনা সদস্য পরিবহনে এএন-১২ মডেলের বিমান ব্যবহার করে। এ ছাড়া অনুসন্ধান ও উদ্ধারকাজেও এই মডেলের বিমান ব্যবহার করা হয়।
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।
এর মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে। মঙ্গলবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থায় ইরান হামলা চালায়।
এর কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে পাল্টা বেশ কয়েকটি হামলা চালায় যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি বলেন, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলা চালানো হলেও আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত এলাকার কোনো ক্ষতি হয়নি।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ত্রাণ ও উদ্ধারকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে এ আঘাত হানা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো ‘মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষতি ছাড়াই প্রতিহত করা হয়েছে।’
এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী বলেছে, ‘যেকোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা মূলত শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার কারণেই ঘটছে।’
সূত্র: আল জাজিরা
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত