দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক–ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ২০২৪ সালের ডিসেম্বরে ব্যর্থ সামরিক আইন জারির পর তাঁকে গ্রেপ্তারে বাধা দেওয়া এবং সরকারি ক্ষমতা অপব্যবহারের অভিযোগে এই সাজা দেওয়া হলো। আজ শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করেন। দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই প্রথম কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টকে গ্রেপ্তারের পর সাজা দেওয়ার ঘটনা ঘটল।
রায়ে আদালত বলেন, ইউন সুক–ইওল তাঁর ব্যক্তিগত নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন এবং বৈধ গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধা দিয়েছেন, যা ক্ষমতার চরম অপব্যবহার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬৫ বছর বয়সী ইউনের বিরুদ্ধে সরকারি নথি জালিয়াতি এবং মন্ত্রিসভার অনুমোদন ছাড়াই অসাংবিধানিক উপায়ে সামরিক আইন জারির অভিযোগ প্রমাণিত হয়েছে। টেলিভিশন ক্যামেরার সামনে যখন বিচারক সাজা ঘোষণা করছিলেন, তখন ইউনকে অনেকটা বিমর্ষ ও রোগা দেখাচ্ছিল। তবে সাজা শুনে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাননি।
রায়ের প্রতিক্রিয়ায় ইউনের আইনজীবী ইউ জং-হওয়া বলেন, ‘আমরা মনে করি এই রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা উচ্চ আদালতে আপিল করব।’ অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ইউনের বিরুদ্ধে আনা রাষ্ট্রদ্রোহের অন্য একটি মামলায় তাঁর মৃত্যুদণ্ড চেয়েছেন। ওই মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি সংসদ স্থগিত করে দেশে সামরিক শাসন জারি করার মাধ্যমে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন।
২০২৫ সালে ১৫ জানুয়ারি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক–ইওলকে গ্রেপ্তার করা হয়। শুরুতে প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীকে দিয়ে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলেও পরে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হন তদন্তকারী কর্মকর্তারা।
এর আগে ওই মাসের শুরুর দিকে একবার ইউনকে গ্রেপ্তারের জন্য তাঁর বাড়িতে কয়েক ঘণ্টার অভিযান চালান তদন্তকারী কর্মকর্তারা। তবে তাঁর নিরাপত্তা বাহিনীর বাধায় সে অভিযান ব্যর্থ হয়।
২০২৪ সালের ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। কিন্তু তীব্র প্রতিবাদ-প্রতিরোধের মুখে মাত্র ছয় ঘণ্টার মাথায় তিনি তা প্রত্যাহারে বাধ্য হন। ওই সামরিক আইন এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ দক্ষিণ কোরিয়ার গণতন্ত্রে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছিল। স্বল্পস্থায়ী এই সামরিক আইন জারির জেরে ১৪ ডিসেম্বর ইউনকে দেশটির পার্লামেন্টে অভিশংসন করা হয়। প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
ইউন দক্ষিণ কোরিয়ার প্রথম কোনো রাষ্ট্রপ্রধান নন, যিনি কারাবরণ করছেন। এর আগে নব্বইয়ের দশকে সাবেক জেনারেল চুন দু-হোয়ানকেও বিক্ষোভ দমনের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যদিও পরে তাঁকে ক্ষমা করা হয়।
বর্তমানে সিউল ডিটেনশন সেন্টারে বন্দী আছেন ইউন। শুরু থেকেই তিনি দাবি করে আসছেন, বিরোধী দলগুলোর হাত থেকে দেশকে রক্ষা করতেই তিনি সামরিক আইন জারির পদক্ষেপ নিয়েছিলেন।
আজ রায় শুনানির আগে আদালত চত্বরের বাইরে ইউনের কয়েক ডজন সমর্থক জড়ো হন। তাঁরা দাবি করেন, ইউন রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল, ‘ইতিহাস এর বিচার করবে’ এবং ‘ইউন এখনো প্রেসিডেন্ট’। আদালত এবং আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন ছিল।
যুদ্ধ অবসানের প্রচেষ্টায় অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাইয়ের সঙ্গে মুখোমুখি বৈঠকের কথা বিবেচনা করছেন। বুধবার (১১ নভেম্বর) মার্কিন ও মধ্যপ্রাচ্যের কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের বরাতে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জ্যেষ্ঠ সহযোগী এবং বিদেশি সমকক্ষদের জানিয়েছেন, তিনি তেহরানের সঙ্গে ভ্যান্সের ‘আলোচনা পুনরায় শুরু করার’ বিষয়ে উন্মুক্ত রয়েছেন এবং তাকে আলোচনার অনুমোদন দিয়েছেন। ভ্যান্স গত অক্টোবরে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব রেজাইকে বৈঠকের অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন, তবে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ভ্যান্স ও রেজাইয়ের সম্ভাব্য বৈঠকের স্থান হিসেবে দোহাকে বিবেচনা করা হচ্ছে। তবে আলোচনা পুনরায় শুরু করার আগে ইরানি কর্মকর্তারা ওয়াশিংটনের নৌ অবরোধ প্রত্যাহার, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা এবং তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার দাবি জানানোয় এই কূটনৈতিক প্রচেষ্টা বড় বাধার মুখে পড়েছে।
জার্নালের উদ্ধৃত মধ্যপ্রাচ্যের কর্মকর্তাদের মতে, মধ্যস্থতাকারীরা বড় ধরনের হামলার ঝুঁকি কমাতে মার্কিন বিমানবাহী রণতরীগুলোকে আরও দূরে সরিয়ে নেওয়া এবং ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ শিথিল করার প্রস্তাব দিয়েছেন। এর বিনিময়ে ইরান হরমুজ প্রণালী দিয়ে পঁচিশটি ট্যাংকার চলাচলের অনুমতি দেবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের দাবিগুলোকে ‘অবাস্তব’ বলে অভিহিত করলেও জানিয়েছেন, তেহরান তাদের অবস্থান পরিবর্তন করলে ওয়াশিংটন কূটনীতির জন্য প্রস্তুত রয়েছে। তবে ইরানি কূটনীতিকরা ব্যক্তিগতভাবে কোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং কিছু আঞ্চলিক মধ্যস্থতাকারীও আগামী কয়েক দিনের মধ্যে কোনো চুক্তি হওয়ার বিষয়ে সন্দিহান।
পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পখতুনখোয়া প্রদেশে গোয়েন্দাভিত্তিক পৃথক অভিযানে অন্তত ৭৪ জন জঙ্গিকে খতম করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১৩ নভেম্বর) দ্য কাবুল ট্রিবিউনে খিয়াল হামিদজাইয়ের প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানিয়েছে, বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় এবং খাইবার পখতুনখোয়া প্রদেশের মির আলী ও ওরিয়াকজাই জেলায় এই অভিযানগুলো পরিচালিত হয়েছে। আইএসপিআর-এর এই বিবৃতির বরাতে জিও নিউজ খবরটি প্রচার করেছে।
নিহত ব্যক্তিদের ‘ভারত-সমর্থিত’ জঙ্গি হিসেবে অভিহিত করেছে সামরিক বাহিনী, তবে তাদের পরিচয়, সংশ্লিষ্ট দল বা অভিযানগুলোর সুনির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।
এই অভিযানগুলোতে কোনো নিরাপত্তা কর্মী বা সাধারণ নাগরিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু উল্লেখ করা হয়নি। এ ছাড়া পৃথক অভিযানগুলোর সময়কাল এবং ফলাফল সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য কাবুল ট্রিবিউন
ছবি : সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলীয় সিরিক শহরে হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ হামলার দায় স্বীকার করেছে।
আইআরজিসির দাবি, সিরিকের একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার প্রতিক্রিয়ায় বাহরাইনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড বন্ধ না হলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে আকাশপথে উসকানিমূলক তৎপরতা ও তেল পাচার বন্ধ করতে আগ্রাসী পক্ষকে সতর্ক করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড আবার ঘটলে কোনো সীমাবদ্ধতা ছাড়াই জবাব দিতে প্রস্তুত রয়েছে তাদের মহাকাশ বাহিনী।
এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, দেশটির হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের’ হামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে সেখানে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কারা হামলা চালিয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।
উল্লেখ্য, ইরানের দক্ষিণ উপকূলে হরমুজ প্রণালির পূর্ব দিকে সিরিক শহরের অবস্থান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে।
ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের একটি গ্রামে প্রতিবছর আয়োজন করা হয় গোবর ছোড়াছুড়ির এক উৎসব। এই উৎসব দেখতে স্থানীয় বাসিন্দা ও দূরদূরান্ত থেকে পর্যটকেরা এখানে আসেন। শতাব্দীপ্রাচীন এ উৎসবের নাম ‘গোরিহাব্বা’। হিন্দু ধর্মীয় বিশ্বাস ও স্থানীয় ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এর প্রচলন।ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলির তৃতীয় দিনে দক্ষিণ ভারতের গুমাতাপুরা গ্রামে উৎসবটি অনুষ্ঠিত হয়। স্থানীয়ভাবে পূজিত দেবতা বীরেশ্বরের সম্মানে এ আয়োজন করা হয়।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, গোবরের স্তূপ থেকে তার আবির্ভাব হয়েছিল। পরে প্রতিবছর তার সম্মানে গোরিহাব্বা উৎসব পালনের ইচ্ছা প্রকাশ করেন তিনি। উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয় সকালে। গ্রামের বিভিন্ন স্থান থেকে গোবর সংগ্রহ করে মন্দিরের কাছে জড়ো করেন বাসিন্দারা। এরপর গাধার পিঠে দানবের সাজে এক ব্যক্তিকে নিয়ে শোভাযাত্রা বের করা হয়।
গোবরবোঝাই একটি গরুর গাড়িও ফুল ও কলাপাতা দিয়ে সাজিয়ে মন্দিরে নেওয়া হয়। সেখানে প্রার্থনা শেষে শুরু হয় গোবর ছোড়াছুড়ি। উৎসব দেখতে আশপাশের এলাকা ছাড়াও দূরদূরান্ত থেকে পর্যটকেরা আসেন। তাদের কেউ কেউ বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের কাছ থেকে এ উৎসবের কথা জেনে সেখানে গেছেন বলেও জানিয়েছেন।
অংশগ্রহণকারীদের বিশ্বাস, গোবর শুধু ধর্মীয়ভাবে পবিত্র নয়, এর রয়েছে স্বাস্থ্যগত উপকারিতাও। তাদের ধারণা, গোবর ছোড়াছুড়ির এই রীতি অসুস্থতা দূর করতে এবং বিভিন্ন রোগ থেকে সুরক্ষা দিতে পারে। তবে এসব বিশ্বাসের বৈজ্ঞানিক ভিত্তি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
কপ সম্মেলনের পরিভাষা বুঝতে বাংলা শব্দকোষ প্রকাশ।
আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি ও পরিবেশবিষয়ক আলোচনার জটিল পরিভাষাগুলো সাধারণ মানুষের কাছে সহজবোধ্য করতে প্রকাশিত হয়েছে ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ শীর্ষক নতুন একটি বই।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আনাতলিয়ায় কপ-৩১ সেন্টারে বাংলাদেশ প্যাভিলিয়নে আনুষ্ঠানিকভাবে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বিজ্ঞান অনুষদের ডিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কামরুজ্জমান মজুমদার বইটি রচনা করেছেন। বইটির মুখবন্ধ লিখেছেন দেশের বিশিষ্ট জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ বিশেষজ্ঞ ইমেরিটাস অধ্যাপক ড. আইনুন নিশাত। এটি যৌথভাবে প্রকাশের দায়িত্ব পালন করেছে সিথ্রিইআর (C3ER), লিডার্স (LEDARS), ওসিএল (OCL) এবং এসআরসিএল (SRCL)।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, সেফ দ্য চিলড্রেনের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর রহমত উল্লাহ ও সিপিআরডির প্রধান নির্বাহী শামসুদোহাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশনা সূত্রে জানা যায়, বৈশ্বিক জলবায়ু কূটনীতি ও নীতিনির্ধারণী আলোচনায় অভিযোজন, প্রশমন, ক্ষতিপূরণ তহবিল, কার্বন বাজার, এনডিসি (NDC), টিপিং পয়েন্ট কিংবা জলবায়ু শরণার্থীর মতো নতুন নতুন কারিগরি শব্দ যুক্ত হচ্ছে। ইংরেজি এসব শব্দের প্রকৃত অর্থ ও প্রেক্ষাপট বাংলায় স্পষ্টভাবে তুলে ধরার লক্ষ্যেই এই শব্দকোষটি সংকলন করা হয়েছে।
বইটিতে মোট ১ হাজার ২৯৪টি গুরুত্বপূর্ণ পরিবেশগত ও জলবায়ুবিষয়ক পরিভাষার সহজ বাংলা ব্যাখ্যা স্থান পেয়েছে। এর পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন জলবায়ু চুক্তির সংক্ষিপ্ত রূপ, আলোচনার কারিগরি শব্দের অর্থ এবং জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করা উল্লেখযোগ্য সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সংক্ষিপ্ত বিবরণ যুক্ত করা হয়েছে। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য-উপাত্তও বইটিতে সন্নিবেশিত করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, কপ-৩১ (COP31) সম্মেলনকে সামনে রেখে শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, উন্নয়নকর্মী ও নীতিনির্ধারকদের জন্য এই শব্দকোষটি একটি অপরিহার্য সহায়িকা হিসেবে কাজ করবে এবং দেশের জলবায়ু কার্যক্রম ও কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতীকী ছবি