ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ২৯ মার্চ, ২০২৬, সময় : ৪:৫৯ এএম

ইরান যুদ্ধ শুরুর এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে গতকাল শনিবার হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন।


মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করলেও সেনারা সুনির্দিষ্টভাবে কোথায় অবস্থান করবেন তা স্পষ্ট করেনি।সেন্টকম আরও জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপোলি তার ‘দায়িত্বের এলাকায়’ পৌঁছেছে।


অবশ্য যুদ্ধজাহাজের নির্দিষ্ট অবস্থান প্রকাশ করা হয়নি। ইউএসএস ত্রিপোলির দায়িত্বের এলাকা উত্তর-পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় বিস্তৃত।


এর আগে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে জানানো হয়েছিল, ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা জলে ও স্থলে যুদ্ধে পারদর্শী একটি গ্রুপের নেতৃত্ব দেবে।


ইউএসএস ত্রিপোলির নেতৃত্বাধীন ইউনিটটি প্রায় ৫ হাজার নাবিক এবং মেরিন সেনা নিয়ে গঠিত। এ যুদ্ধজাহাজটি আগে জাপানের আশপাশে ছিল।


U.S. Sailors and Marines aboard USS Tripoli (LHA 7) arrived in the U.S. Central Command area of responsibility, March 27. The America-class amphibious assault ship serves as the flagship for the Tripoli Amphibious Ready Group / 31st Marine Expeditionary Unit composed of about… pic.twitter.com/JFWiPBbkd2


— U.S. Central Command (@CENTCOM) March 28, 2026


গত শুক্রবার উন্নত দেশগুলোর জোট জি ৭ এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ফ্রান্সে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইরানে কোনো স্থলবাহিনী ছাড়াই লক্ষ্য অর্জন করতে পারবে যুক্তরাষ্ট্র। কয়েক মাস নয়, বরং কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে।


তথ্যসূত্র: সিএনএন ও বিবিসি




  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৪০ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। কারাগারে তার শারীরিক অবস্থা ও চিকিৎসাসেবা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশটির রাজনৈতিক উত্তেজনা কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।সিএনএনের সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া এক সাক্ষাৎকারে ভলকার তুর্ক বলেন, ইমরান খানকে মুক্তি দেওয়া হলে পাকিস্তানের সরকার ও বিরোধী দলের মধ্যে পারস্পরিক আস্থা তৈরির সুযোগ সৃষ্টি হতে পারে। একই সঙ্গে কারাবন্দি অবস্থায় তার যথাযথ চিকিৎসা ও মানবিক আচরণ নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।


বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন ৭৪ বছর বয়সী ইমরান খান। তার স্বাস্থ্য পরিস্থিতি এবং কারাগারে চিকিৎসার সুযোগ নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। এর আগে ইমরানের ছেলে কাসিম খানও বাবার নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ কামনা করেন। পাকিস্তানের সামরিক নেতৃত্বের বিরুদ্ধে দমন-পীড়ন, অপহরণ ও সহিংসতার অভিযোগও তোলেন তিনি।


ইমরান খানের কারাবাসের পরিবেশ ও শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, পরিবারের সদস্য, আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তার ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে।অ্যামনেস্টির তথ্যমতে, ২০২৫ সালের ডিসেম্বরের পর থেকে ২০২৬ সালের আগস্টে বোনের সঙ্গে দুটি সাক্ষাৎ ছাড়া পরিবারের অন্য সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ পাননি ইমরান। এমনকি ২০২৬ সালের মার্চের পর থেকে ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগও বন্ধ রয়েছে।


দীর্ঘ সময় একাকী কারাবাসে রাখা এবং বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ সীমিত করে দেওয়ায় তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছে সংস্থাটি।


ইমরানের রক্তচাপজনিত জটিলতার বিষয়টিও উল্লেখ করেছে অ্যামনেস্টি। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, গত আগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে বেসরকারি হাসপাতালে নেওয়ার নির্দেশ দিলেও স্বাধীন চিকিৎসকের মাধ্যমে পরীক্ষা করানোর সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।


এদিকে ইমরানের স্ত্রী বুশরা বিবির চিকিৎসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাটি। তাদের অভিযোগ, চোখের একটি সমস্যার যথাযথ চিকিৎসা না পাওয়ায় তার দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।


ইমরান খান ও তার স্ত্রীর সঙ্গে কারা কর্তৃপক্ষের আচরণ আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করে অ্যামনেস্টি। ওই অনুচ্ছেদে আটক ব্যক্তিদের মানবিক মর্যাদা ও সম্মান বজায় রাখার কথা বলা হয়েছে।


এ ছাড়া লাহোরের কোট লাখপত কারাগারে আটক ইমরানের বোন আলিমা খানের মুক্তিও দাবি করেছে সংস্থাটি। তাদের তথ্য অনুযায়ী, গত ২০ ও ২১ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পরিকল্পিত পদযাত্রাকে কেন্দ্র করে ইমরানের আরও তিন বোনকে আটক করা হয়েছিল।


এর আগে গত ১৬ নভেম্বর পাকিস্তানের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন ইমরান খান। সেখানে জরুরি চিকিৎসা নিশ্চিত করা এবং আদালতের নির্দেশনা কার্যকরের দাবি জানান তিনি। চিঠিতে তার অভিযোগ, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে প্রতিদিন প্রায় ২২ ঘণ্টা তাকে একাকী কারাবাসে রাখা হচ্ছে।


রণধীর জয়সওয়াল

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৭ পিএম

বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না ভারত। শুক্রবার (২০ নভেম্বর) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেছেন।


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট জেলার এক জনসভায় বক্তব্য দেওয়ার সময় চলমান রাজনৈতিক অস্থিরতার জন্য ‘সীমান্তের ওপারে’ থাকা প্রভুদের ইশারাকে দায়ী করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে এই বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা।


জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে বর্তমানে যা চলছে, তা দেশটির অভ্যন্তরীণ বিষয়। তাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।


জয়সওয়াল আরও বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আমাদের অবস্থান আগের মতোই অটল। ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। এই সম্পর্ক গড়ে উঠেছে উভয় দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনের ওপর ভিত্তি করে।


এর আগে গত সপ্তাহের ব্রিফিংয়েও তিনি বলেছিলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে চায় ভারত।


  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০০ পিএম

ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ শিশু ও সাত নারী রয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন আরও ২৮ জন। দেশটির সানা, তায়েজ, সা’দা, লাহিজ ও হাজ্জা প্রদেশে এসব বিমান হামলা চালানো হয়।


সাম্প্রতিক বিভিন্ন সৌদি হামলায় দেশটিতে এ পর্যন্ত ৪৩৮ জন নিহত এবং ৯২৪ জন আহত হয়েছেন। উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোটের সামরিক অভিযান ও কঠোর অবরোধ শুরুর মধ্য দিয়ে ইয়েমেনে এই দীর্ঘস্থায়ী সংঘাতের সূত্রপাত ঘটেছিল।এদিকে ইয়েমেনের কৌশলগত লোহিত সাগরীয় হুদাইদাহ বন্দরে সৌদি জোটের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে হুথি আন্দোলন। এই হামলাকে ‘কাপুরুষোচিত ও অপরাধমূলক উসকানি’ আখ্যা দিয়ে সৌদি আরবের বিরুদ্ধে কঠোর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।


গতকাল শুক্রবার এক বিবৃতিতে হুথিদের পরিবহন ও গণপূর্ত মন্ত্রণালয় এই ভয়াবহ হামলার জন্য সরাসরি সৌদি সরকারকে দায়ী করে বলেছে, এ ধরনের আগ্রাসনের ফলে ইয়েমেনের চলমান মানবিক ও অর্থনৈতিক সংকট আরও বেশি ভয়াবহ হয়ে উঠবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের দীর্ঘ নীরবতাও এ ধরনের বর্বর হামলা চালাতে আগ্রাসী জোটকে উৎসাহিত করছে বলে জোরালো অভিযোগ করেছে তারা।


সূত্র: প্রেস টিভি


বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কক্সবাজারের একটি ক্যাম্পে মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কি না- এ বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণা দেখছেন রোহিঙ্গা শরণার্থীরা। ছবি: এএফপি

  • প্রকাশ : শনিবার ২১ নভেম্বর, ২০২৬, সময় : ১২:১৪ এএম

রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে ‘অন্যায্য’ বলে দাবি করেছে দেশটির সরকার।


শুক্রবার (২০ নভেম্বর) মিয়ানমারের এক সরকারি কর্মকর্তা বলেছেন, আদালতের এ সিদ্ধান্ত সর্বসম্মত নয় ও তার দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে।


মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, আমাদের দেশকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, আমি বলতে চাই, এই সিদ্ধান্ত সবার সর্বসম্মত সিদ্ধান্ত নয়। এটি ন্যায়সংগত নয়।


শুক্রবার (২০ নভেম্বর) রাজধানী নেপিদোতে এক সংবাদ সম্মেলনে আইসিজের রায় নিয়ে এ প্রতিক্রিয়া জানান তিনি।


মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার দায়ের করা মামলায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঐতিহাসিক রায় দেন আইসিজে। মামলাটি দায়েরের সাত বছর পর আদালত রায় দেন। এতে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত করেছে আদালত।


নাজি হলোকাস্টের পর আন্তর্জাতিক আদালতে গণহত্যার আইনি মানদণ্ড পূরণ হয়েছে বলে রায় দেওয়া এটি চতুর্থ ঘটনা।


গণহত্যায় গণহত্যায় গণহত্যা, ব্যাপক ধর্ষণ ও গ্রাম ধ্বংসের প্রমাণ


আইসিজের বিচারকেরা রায়ে বলেছেন, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গা পুরুষ ও ছেলেদের গণহারে হত্যা করেছে। রোহিঙ্গা নারীদের ওপর ব্যাপক ধর্ষণ ও যৌন সহিংসতা চালিয়েছে। তথাকথিত ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা নির্মূল অভিযান চালানোর সময় শত শত গ্রাম পুড়িয়ে দেওয়া কিংবা পুরোপুরি ধ্বংস করা হয়েছে।


বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার। বর্তমানে যুদ্ধবিধ্বস্ত রাখাইন রাজ্যে তাদের ওপর সহিংসতা আরও বাড়ছে। পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশে ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোতেও তাদের জীবনযাপনের পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা বসবাস করছেন।


আদালতের রায়ে বলা হয়েছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের পরিমাণ পরে নির্ধারণ করা হবে। একই সঙ্গে মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের সুযোগ দিতে হবে।


রায় উদযাপন শরণার্থী শিবিরে, তবে প্রত্যাবর্তন অনিশ্চিত


বাংলাদেশের বিস্তীর্ণ রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে হাজার হাজার মানুষ আইসিজের রায় উদযাপন করেছেন। তবে কবে তারা নিজ দেশে ফিরতে পারবেন, তা এখনো অনিশ্চিত।


আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে রায় দেয়। আদালতের রায় চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে আদালতের ক্ষমতা সীমিত। ফলে মিয়ানমারের বিরুদ্ধে দেওয়া এই ঐতিহাসিক রায় বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।


রায়ে রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনও উল্লেখ


আইসিজের ১৯১ পৃষ্ঠার রায়ে ২০১৭ সালের ৭ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের ইন দিন গ্রামে ১০ রোহিঙ্গা মুসলিমকে হত্যার ঘটনা নিয়ে রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনও উল্লেখ করা হয়েছে।


ওই হত্যাকাণ্ডের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে রয়টার্সের দুই সাংবাদিক গ্রেফতার হন ও ৫০০ দিনের বেশি কারাবন্দি ছিলেন।


রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মিয়ানমার সরকারের মুখপাত্র খাইং খাইং সো বলেন, বিশ্বের প্রধান নেতারা এর আগে আইসিজের মতো ‘রাজনৈতিক সংস্থা’গুলোর বিচারিক ক্ষমতার অপব্যবহার করা উচিত নয় বলে মন্তব্য করেছেন।


সূত্র: রয়টার্স


দুবাইয়ে স্বর্ণের দামে বড় পতন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩০ পিএম

দুবাইয়ে গত ২৪ ঘণ্টায় স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। দাম কমার এ সুযোগ কাজে লাগাতে আগ্রহী হয়ে উঠেছেন ক্রেতারা। এ কারণে স্বর্ণের দোকানগুলোতে অগ্রিম বুকিং ও নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার সুযোগসংবলিত বিশেষ প্রকল্পে ক্রেতাদের আগ্রহ বাড়ছে।

শুক্রবার (২০ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম গ্রামপ্রতি ১৯ দিরহাম কমে ৪৩২ দিরহাম ৫০ ফিলসে দাঁড়িয়েছে। ১৯ নভেম্বর এ দাম ছিল ৪৪৪ দিরহাম ২৫ ফিলস। অর্থাৎ দাম কমেছে প্রায় ৪ শতাংশ। ২২ ক্যারেট স্বর্ণের দামও ৪১১ দিরহাম ২৫ ফিলস থেকে কমে প্রায় ৪০০ দিরহামে নেমেছে। এ ছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমে হয়েছে ৩২৯ দিরহাম ২৫ ফিলস এবং ১৪ ক্যারেটের দাম ২৫৬ দিরহাম ৭৫ ফিলস।

বিশ্ববাজারে দরপতনের প্রভাবেই দুবাইয়ের বাজারে এ পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার টানা পঞ্চম দিনের মতো কমেছে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে প্রায় ৩ হাজার ৫৪৩ ডলারে। চলতি সপ্তাহে দাম কমেছে প্রায় ৯ শতাংশ, যা মার্চের পর সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে। একই সঙ্গে স্বর্ণের দাম ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।

দাম কমার এমন পরিস্থিতিতে বিভিন্ন স্বর্ণ বিক্রেতা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের জন্য বর্তমান দর ধরে রাখার সুযোগ দিচ্ছে। তবে প্রতিষ্ঠানভেদে এসব প্রকল্পের শর্ত আলাদা। তাই অগ্রিম অর্থ জমা দেওয়ার আগে শর্তগুলো ভালোভাবে বুঝে নেওয়া জরুরি। প্রশ্ন হচ্ছে, এসব প্রকল্পে যুক্ত হওয়া কতটা লাভজনক?

যেভাবে কাজ করে দর ধরে রাখার প্রকল্প

মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গ্রাহকদের জন্য দুটি সুযোগ রেখেছে। প্রথমটির আওতায় গ্রাহককে মোট দামের ৫০ শতাংশ অগ্রিম দিতে হয়। এতে তিন মাসের জন্য স্বর্ণের দর ধরে রাখা যায়। দ্বিতীয় ক্ষেত্রে পুরো ১০০ শতাংশ অর্থ অগ্রিম পরিশোধ করলে ছয় মাস পর্যন্ত নির্ধারিত দর বজায় থাকে।

প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক কার্যক্রমের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ বলেন, যারা আগে থেকেই নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার বুকিং দিয়েছেন, দাম বাড়লে তারা সুরক্ষিত থাকবেন। তবে বুকিংয়ের পর দাম আরও কমে গেলে কেনার সময়কার প্রচলিত কম দামেও স্বর্ণ কেনার সুযোগ পাবেন তারা।

অন্যদিকে বাফলে জুয়েলার্সের প্রকল্পে তুলনামূলক নমনীয় ব্যবস্থা রয়েছে। গ্রাহককে নির্ধারিত পরিমাণ অর্থ অগ্রিম জমা দিতে হয় এবং প্রকল্পের মেয়াদের মধ্যে বাকি অর্থ পরিশোধ করতে হয়। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা চিরাগ ভোরা জানান, প্রকল্পভেদে অগ্রিম জমার পরিমাণ এবং দামের সুরক্ষার শর্ত আলাদা হতে পারে।

তিনি বলেন, বুকিংয়ের সময় নির্ধারিত দাম স্থির থাকবে কিনা, দাম কমলে তখনকার প্রচলিত কম দাম বিবেচনা করা হবে কি না এবং বুকিং বাতিল করতে চাইলে কী হবে—এসব বিষয় গ্রাহকদের আগে থেকেই জেনে নেওয়া উচিত।

স্বর্ণের দাম কমতে শুরু করার পর মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে এ ধরনের প্রকল্পে গ্রাহকদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। প্রতিষ্ঠানটির শোরুমগুলোতেও ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। অন্য বিক্রেতাদের কাছেও ক্রেতাদের আগ্রহ দেখা যাচ্ছে, যদিও অনেকেই কেনার আগে আরও দরপতনের অপেক্ষায় রয়েছেন।

বিশেষ করে বিয়ের কেনাকাটা করতে যাদের নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তারা এসব প্রকল্পের সুবিধা বেশি নিচ্ছেন। কারণ বিয়ের কেনাকাটা অনির্দিষ্টকাল পিছিয়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়।

অন্যদিকে স্বর্ণের কয়েন ও বার কিনে বিনিয়োগ করতে আগ্রহীরা বাজারের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। আরও দরপতনের সম্ভাবনা বিবেচনায় তাদের কেউ কেউ এখনই কেনার সিদ্ধান্ত না নিয়ে অপেক্ষা করছেন।


ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ২০ নভেম্বর, ২০২৬, সময় : ৯:৪৪ পিএম

এশিয়া সফর শেষ করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তবে তার আগ্রহ সত্ত্বেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে কোনো বৈঠক হয়নি। এএফপির প্রতিবেদনে বিশ্লেষকদের বরাতে জানানো হয়েছে, দুই দেশের আস্থার সংকট, পারমাণবিক ইস্যু এবং মস্কো-বেইজিংয়ের সঙ্গে পিয়ংইয়ংয়ের ঘনিষ্ঠতার কারণেই এ সাক্ষাৎ সম্ভব হয়নি।

এর আগে প্রথম মেয়াদে ট্রাম্প ও কিম তিনবার বৈঠক করলেও ২০১৯ সালের হ্যানয় আলোচনা কোনো সমঝোতা ছাড়াই ভেস্তে যায়। এরপর প্রায় ৬০ ঘণ্টার ট্রেনযাত্রায় খালি হাতে দেশে ফেরেন কিম। দ্বিতীয় মেয়াদেও ট্রাম্প একাধিকবার বৈঠকের ইঙ্গিত দিলেও পিয়ংইয়ং সাড়া দেয়নি। এবারের সফরে ট্রাম্প ব্যস্ততার কথা বললেও কিম নীরব থেকে স্কি রিসোর্ট, পেকতু পাহাড় ও নৌবাহিনী বিশ্ববিদ্যালয় পরিদর্শনে ব্যস্ত ছিলেন।

কিয়ংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম উল-চুলের মতে, পর্দার আড়ালে কার্যকর কূটনৈতিক যোগাযোগ হয়নি। হ্যানয়ের অভিজ্ঞতার পর যুক্তরাষ্ট্র সরকারের ওপর আস্থা রাখতে পারছেন না কিম। ডংগুক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কো ইউ-হোয়ান বলেন, বিশেষ দূত ও প্রস্তুতি ছাড়া কেবল ট্রাম্পের রাজনৈতিক সাফল্যের ছবিতে যুক্ত হওয়ার কোনো কারণ কিমের ছিল না।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বাস্তব পদক্ষেপ না নিলে পিয়ংইয়ং আলোচনায় আগ্রহী হবে না। অথচ ওয়াশিংটন এখনো পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবিতে অনড়। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের বিনিময়ে রাশিয়ার সহায়তা, চীনের সঙ্গে অর্থনৈতিক ঘনিষ্ঠতা এবং হ্যাকিং ও ক্রিপ্টো চুরির মাধ্যমে অর্থ সংগ্রহের সুযোগ থাকায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার তাগিদ কমেছে উত্তর কোরিয়ার।

তবে উত্তর কোরিয়া অধ্যয়ন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট ইয়াং মু-জিনের মতে, দুই নেতার ভবিষ্যৎ সাক্ষাতের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।