ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া চুক্তির পর ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অবরোধ প্রত্যাহার করা হয়েছে। তবে কিছু মার্কিন যুদ্ধজাহাজ এখনো ওই অঞ্চলে অবস্থান করবে।
এর কিছুক্ষণ পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রথমবারের মতো এ চুক্তি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেন। তিনি জানান, ব্যক্তিগতভাবে ভিন্ন মত থাকলেও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের আশ্বাসে তিনি চুক্তির অনুমোদন দিয়েছেন। পেজেশকিয়ান তাকে আশ্বস্ত করেছিলেন যে ইরানি জনগণের অধিকার সুরক্ষিত থাকবে।
খামেনির দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প হতাশা থেকে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে এই চুক্তি বাস্তবায়নের চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা হলেও তা যুক্তরাষ্ট্রের অবস্থান মেনে নেওয়ার সমান হবে না।
চুক্তির মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া, ইরানকে কখনো পারমাণবিক অস্ত্র না রাখার প্রতিশ্রুতি এবং দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য ৩০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন। পাশাপাশি সর্বোচ্চ ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা উভয় পক্ষের সম্মতিতে বাড়ানো যেতে পারে।
মূলত শুক্রবার সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক আয়োজন হওয়ার কথা ছিল। তবে মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে, চুক্তি এরই মধ্যে দূরবর্তী পদ্ধতিতে স্বাক্ষরিত হওয়ায় সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এরপরও যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সুইজারল্যান্ডে আরও আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নির্ধারিত সুইজারল্যান্ড সফর আপাতত স্থগিত করা হয়েছে। তবে তিনি জানিয়েছেন, প্রযুক্তিগত ও কারিগরি পর্যায়ের আলোচনার জন্য শিগগিরই সেখানে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
চুক্তিটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বিতর্ক সৃষ্টি করেছে। বিশেষ করে ইরানের জন্য পুনর্গঠন তহবিল গঠনের বিষয়টি নিয়ে ট্রাম্পের রিপাবলিকান দলের কিছু নেতার সমালোচনা দেখা গেছে। রিপাবলিকান সিনেটর বিল ক্যাসিডি একে “দশকের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতি ব্যর্থতা” বলে মন্তব্য করেছেন।
অন্যদিকে জেডি ভ্যান্স চুক্তির পক্ষে অবস্থান নিয়ে বলেন, ইরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করতে হবে এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে অর্থায়ন বন্ধ করতে হবে। এসব শর্ত পূরণ না করলে ইরান কোনো অর্থ বা নিষেধাজ্ঞা শিথিলতার সুবিধা পাবে না।
ইসরাইলের কিছু মন্ত্রী চুক্তির সমালোচনা করলেও ভ্যান্স তাদের কঠোর ভাষায় জবাব দিয়েছেন। তিনি বলেন, “বাস্তবতা মেনে নেওয়ার সময় এসেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, লেবাননের রাজধানী বৈরুতে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটানো হামলা গ্রহণযোগ্য নয়।
তবে চুক্তি ঘোষণার পরও ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে, যা শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
সূত্র: বিবিসি
চীনে একসঙ্গে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং (ছবি-বিবিসি)
সৌদি আরব সফরে গিয়ে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। গত ১ নভেম্বর তাকে এ বিরল সুযোগ দেওয়া হয়। তার সঙ্গে নাইজেরিয়ার একটি প্রতিনিধিদলের সদস্যরাও কাবার ভেতরে প্রবেশ করেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার দরজা খুলে দেওয়া হয়। সেখানে তিনুবু ও তার সফরসঙ্গীরা নামাজ আদায় করেন। এ সময় তিনি নাইজেরিয়ার শান্তি, নিরাপত্তা, ঐক্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। পরে তিনুবু সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান। কাবার ভেতরে প্রবেশের সুযোগকে তিনি বিশেষ সম্মান ও জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।
কাবার ভেতরে কী চেয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনুবু বলেন, দেশের মানুষের সেবা চালিয়ে যাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও ধৈর্য চেয়েছেন।
কাবার ভেতরে প্রবেশের সুযোগ সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত নয়। বিশেষ অনুমতি নিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও রাষ্ট্রীয় অতিথি এ সুযোগ পান। ২০১৬ সালে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন।
তিনুবু ২০২৬ সালের ৩০ অক্টোবর মক্কায় ওমরাহ পালন করেন। চার দিনের সফর শেষে ৪ নভেম্বর তিনি নাইজেরিয়ার রাজধানী আবুজার উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেন।
সূত্র: ভয়েস অব নাইজেরিয়া
বিধ্বস্ত বিমান
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, মঙ্গলবার কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এএন-১২ মডেলের বিমানটি নিয়মিত ফ্লাইটে ছিল বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এ ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ।
স্থানীয় গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীদল। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গভর্নর সেরেদিউক। তিনি জানান, সেখানে একটি হেলিকপ্টার ও চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে। এখন তদন্তকারীদের কাজে সহায়তা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুর্ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছেন গভর্নর।
এতে ধ্বংসাবশেষের মধ্যে দমকলকর্মীদের তল্লাশি চালাতে দেখা যায়। ঘটনাস্থলের কাছেই কয়েকটি অ্যাম্বুলেন্সও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিরাপত্তা ক্যামেরার একটি ভিডিওতে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্ত দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দূরে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়তে দেখা যায়। এরপর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দূরত্ব বেশি হওয়ায় ভিডিওতে বিমানটি স্পষ্ট দেখা যায়নি।
বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স উপগ্রহচিত্রের সঙ্গে ভিডিওতে দেখা এলাকার দৃশ্য মিলিয়ে দুর্ঘটনাস্থলও নিশ্চিত করেছে। বিমানটিতে কোনো মালামাল ছিল কি না, তা এখনো জানা যায়নি। রাশিয়ার সামরিক বাহিনী অস্ত্র ও সেনা সদস্য পরিবহনে এএন-১২ মডেলের বিমান ব্যবহার করে। এ ছাড়া অনুসন্ধান ও উদ্ধারকাজেও এই মডেলের বিমান ব্যবহার করা হয়।
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।
এর মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে। মঙ্গলবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থায় ইরান হামলা চালায়।
এর কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে পাল্টা বেশ কয়েকটি হামলা চালায় যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি বলেন, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলা চালানো হলেও আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত এলাকার কোনো ক্ষতি হয়নি।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ত্রাণ ও উদ্ধারকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে এ আঘাত হানা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো ‘মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষতি ছাড়াই প্রতিহত করা হয়েছে।’
এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী বলেছে, ‘যেকোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা মূলত শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার কারণেই ঘটছে।’
সূত্র: আল জাজিরা
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত