ছবি : সংগৃহীত
মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার সেনাকে পেন্টাগন শিগগিরই মধ্যপ্রাচ্যে পাঠাতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুদ্ধ বন্ধে তেহরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নানান কথাবার্তার ভেতরেই তারা ওই অঞ্চলে সমরশক্তি আরও বাড়ানোর লক্ষ্যে এ পদক্ষেপ নিতে যাচ্ছে।
বিষয়টি সম্বন্ধে অবগত দুই ব্যক্তি মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ আভাস দিয়েছেন।
ইরানি ভূখণ্ডে সেনা ঢোকানোর পাশাপাশি পেন্টাগনের হাতে থাকা বিকল্পের সংখ্যা বাড়াতে ট্রাম্প প্রশাসন যে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা মোতায়েনের কথা ভাবছে, তা গত সপ্তাহেই এক প্রতিবেদনে বলেছিল সংবাদমাধ্যমটি।
এমন কিছু হলে তা সংঘাত দীর্ঘ হওয়ার সম্ভাবনাও কয়েকগুণ বাড়িয়ে দেবে।
চার সপ্তাহ ধরে চলা এ যুদ্ধ এরই মধ্যে তেলের দাম ও বিশ্বের শেয়ার বাজারগুলোকে অস্থির করে রেখেছে।
নতুন করে যে সেনাদের পাঠানোর কথা ভাবা হচ্ছে তাদেরকে মধ্যপ্রাচ্যের কোথায় মোতায়েন করা হবে, এবং তারা কবে ওই অঞ্চলে পৌঁছাবে তা সুনির্দিষ্টভাবে বলতে পারেননি নাম প্রকাশ না করার শর্তে কথা বলা ওই দুই কর্মকর্তা।
মার্কিন সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের ওই সেনারা এখন নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে আছেন।
এ প্রসঙ্গে মার্কিন সামরিক বাহিনীকে প্রশ্ন করা হলে তারা হোয়াইট হাউসকে দেখিয়ে দেয়। হোয়াইট হাউস জানায়, সেনা মোতায়েনের সব ঘোষণা পেন্টাগন থেকে আসবে।
“যেমনটা আমরা বলে আসছি, ট্রাম্পের হাতে সব ধরনের সামরিক বিকল্পই আছে,” বলেছেন হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি।
ইরানের ভেতর সেনা পাঠানোর কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত হয়নি, তবে নতুন করে যুক্ত হওয়ার পথে থাকা সেনারা ওই অঞ্চলে সম্ভাব্য ভবিষ্যৎ অভিযানের সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে, রয়টার্সকে এমনটাই বলেছে একটি সূত্র।
পেন্টাগন ওই অঞ্চলে তিন থেকে চার হাজার সেনা পাঠাতে যাচ্ছে, বলেছে সূত্রগুলোর একটি।
এর আগে ২০ মার্চের এক প্রতিবেদনে রয়টার্স বলেছিল, উভচর আক্রমণকারী জাহাজ ইউএসএস বক্সার, মেরিন এক্সপেডিশনারি ইউনিট ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজের মাধ্যমে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে কয়েক হাজার মেরিন ও নাবিক পাঠাতে যাচ্ছে।
নতুন সেনারা যুক্ত হওয়া ছাড়াই মধ্যপ্রাচ্যে এখন ৫০ হাজারের মতো মার্কিন সেনা অবস্থান করছে।
তার সঙ্গে আরও ‘তিন-চার হাজার সেনা’ যুক্ত করার এ পরিকল্পনার খবর বাইরে আসার আগের দিনই ট্রাম্প তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনার বরাত দিয়ে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার হুমকি দিন কয়েকের জন্য স্থগিত করেছিলেন।
তবে সোমবার ট্রুথ সোশালে ট্রাম্পের ওই মন্তব্যের পর ইরান কোনো ধরনের আলোচনার খবর অস্বীকার করেছিল।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত কেবল মার্কিন বাহিনীই ইরানি ভূখণ্ডে ৯ হাজার নিশানায় হামলা চালিয়েছে। এ যুদ্ধে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনার প্রাণ গেছে এবং ২৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।
আহতদের মধ্যে ১০ জনের জখম গুরুতর, ২৫৫ সেনা ফের দায়িত্বে নিয়োজিত হয়েছেন, বলেছেন তিনি।
চার সপ্তাহ ধরে চলা এ হামলায় ইরানের ভেতর অসংখ্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় দুই হাজার বেসামরিক নিহত হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী এখন হরমুজ প্রণালির দখল নেওয়াসহ ইরান যুদ্ধের নানান বিকল্প খতিয়ে দেখছে বলে সূত্রের বরাত দিয়ে আগেই একাধিক মার্কিন গণমাধ্যম জানিয়েছিল।
হরমুজ দখলে ইরানের উপকূলে মার্কিন সেনা মোতায়েনের কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছিল তারা।
ট্রাম্প প্রশাসন এমনকি ইরানের ৯০ শতাংশ তেল যে দ্বীপ দিয়ে রপ্তানি হয়, সেই খার্ক দ্বীপে স্থলসেনা মোতায়েনের কথাও ভাবছে বলে রয়টার্সের আগেকার প্রতিবেদনে বলা হয়েছিল।
আদেশ পাওয়ার ১৮ ঘণ্টার মধ্যে মোতায়েনে সক্ষম ৮২তম এয়ারবোর্ন ডিভিশন প্যারাস্যুটের সাহায্যে নেমে আক্রমণ পরিচালনায় পারদর্শী।
তবে ইরানে সীমিত পরিমাণ স্থল সেনা পাঠানো হলেও তা ট্রাম্পের জন্য বড়সড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন অনেক বিশ্লেষক।
ইরানে মার্কিন হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেই ব্যাপক সমালোচনা চলছে। বেশিরভাগ জরিপেই সিংহভাগ মার্কিন নাগরিকই যে এ যুদ্ধ চান না তা প্রতিফলিত হয়েছে।
দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প নিজেও মধ্যপ্রাচ্যে আর কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়াবেন না, এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন।
মঙ্গলবার প্রকাশিত রয়টার্স/ইপসসের সর্বশেষ জরিপ বলছে, ইরানে হামলায় সম্মতি আছে মাত্র ৩৫% মার্কিন নাগরিকের, গত সপ্তাহেও এ হার ছিল ৩৭ শতাংশ। অন্যদিকে হামলার বিরোধিতা করছেন ৬১ শতাংশ, গত সপ্তাহের তুলনায় যা দুই শতাংশ বেশি।
চীনে একসঙ্গে যুক্তরাষ্ট্র রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং (ছবি-বিবিসি)
সৌদি আরব সফরে গিয়ে পবিত্র কাবার ভেতরে প্রবেশ করে দুই রাকাত নামাজ আদায় করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু। গত ১ নভেম্বর তাকে এ বিরল সুযোগ দেওয়া হয়। তার সঙ্গে নাইজেরিয়ার একটি প্রতিনিধিদলের সদস্যরাও কাবার ভেতরে প্রবেশ করেন।
নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তরের তথ্য অনুযায়ী, সৌদি রাজপরিবারের বিশেষ অনুমতিতে কাবার দরজা খুলে দেওয়া হয়। সেখানে তিনুবু ও তার সফরসঙ্গীরা নামাজ আদায় করেন। এ সময় তিনি নাইজেরিয়ার শান্তি, নিরাপত্তা, ঐক্য ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। পরে তিনুবু সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি কৃতজ্ঞতা জানান। কাবার ভেতরে প্রবেশের সুযোগকে তিনি বিশেষ সম্মান ও জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন।
কাবার ভেতরে কী চেয়েছেন—এমন প্রশ্নের জবাবে তিনুবু বলেন, দেশের মানুষের সেবা চালিয়ে যাওয়ার জন্য তিনি আল্লাহর কাছে প্রজ্ঞা ও ধৈর্য চেয়েছেন।
কাবার ভেতরে প্রবেশের সুযোগ সাধারণ মুসল্লিদের জন্য উন্মুক্ত নয়। বিশেষ অনুমতি নিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি ও রাষ্ট্রীয় অতিথি এ সুযোগ পান। ২০১৬ সালে নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মদু বুহারিও কাবার ভেতরে প্রবেশ করে নামাজ আদায় করেছিলেন।
তিনুবু ২০২৬ সালের ৩০ অক্টোবর মক্কায় ওমরাহ পালন করেন। চার দিনের সফর শেষে ৪ নভেম্বর তিনি নাইজেরিয়ার রাজধানী আবুজার উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেন।
সূত্র: ভয়েস অব নাইজেরিয়া
বিধ্বস্ত বিমান
রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা ১৯ জনের সবাই নিহত হয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
বিবিসি জানায়, মঙ্গলবার কেমেরোভো অঞ্চলের একটি জনবসতিহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এএন-১২ মডেলের বিমানটি নিয়মিত ফ্লাইটে ছিল বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
এ ঘটনার তদন্ত শুরু করেছে রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ।
স্থানীয় গভর্নর ইলিয়া সেরেদিউক জানান, ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারীদল। তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন গভর্নর সেরেদিউক। তিনি জানান, সেখানে একটি হেলিকপ্টার ও চিকিৎসাসেবা প্রস্তুত রাখা হয়েছে। এখন তদন্তকারীদের কাজে সহায়তা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দুর্ঘটনাস্থলের একটি ভিডিও প্রকাশ করেছেন গভর্নর।
এতে ধ্বংসাবশেষের মধ্যে দমকলকর্মীদের তল্লাশি চালাতে দেখা যায়। ঘটনাস্থলের কাছেই কয়েকটি অ্যাম্বুলেন্সও দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নিরাপত্তা ক্যামেরার একটি ভিডিওতে বিমানটি বিধ্বস্ত হওয়ার মুহূর্ত দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে দূরে আকাশ থেকে একটি আলোকিত বস্তু নিচে পড়তে দেখা যায়। এরপর বিস্ফোরণে আকাশ আলোকিত হয়ে ওঠে। তবে দূরত্ব বেশি হওয়ায় ভিডিওতে বিমানটি স্পষ্ট দেখা যায়নি।
বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্স ভিডিওটির সময় ও তারিখ যাচাই করেছে। রয়টার্স উপগ্রহচিত্রের সঙ্গে ভিডিওতে দেখা এলাকার দৃশ্য মিলিয়ে দুর্ঘটনাস্থলও নিশ্চিত করেছে। বিমানটিতে কোনো মালামাল ছিল কি না, তা এখনো জানা যায়নি। রাশিয়ার সামরিক বাহিনী অস্ত্র ও সেনা সদস্য পরিবহনে এএন-১২ মডেলের বিমান ব্যবহার করে। এ ছাড়া অনুসন্ধান ও উদ্ধারকাজেও এই মডেলের বিমান ব্যবহার করা হয়।
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা বাড়ছে। ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা চালিয়েছে।
এর মধ্যে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটি ড্রোন হামলার শিকার হচ্ছে। মঙ্গলবার বাহরাইনে অবস্থিত একটি মার্কিন রাডার ব্যবস্থায় ইরান হামলা চালায়।
এর কয়েক ঘণ্টা পর হরমুজ প্রণালীতে অবস্থিত ইরানের দক্ষিণাঞ্চলীয় কেশম দ্বীপে পাল্টা বেশ কয়েকটি হামলা চালায় যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের ডেপুটি গভর্নর আহমদ নাফিসি বলেন, কেশম দ্বীপের বিভিন্ন স্থানে মার্কিন হামলা চালানো হলেও আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত এলাকার কোনো ক্ষতি হয়নি।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ত্রাণ ও উদ্ধারকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে।
ইরনা জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এক মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানান, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের আগের হামলার জবাবে কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে এ আঘাত হানা হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বাহরাইনের একটি বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন রাডার ব্যবস্থা লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোনগুলো ‘মার্কিন সরঞ্জাম বা কর্মীদের কোনো ক্ষতি ছাড়াই প্রতিহত করা হয়েছে।’
এদিকে, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী বলেছে, ‘যেকোনো বিস্ফোরণের শব্দ শোনা গেলে তা মূলত শত্রুপক্ষের হামলা প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয় হওয়ার কারণেই ঘটছে।’
সূত্র: আল জাজিরা
শত শত বাঁধ নির্মাণ করে রেখেছে ইরান। ছবি: সংগৃহীত
অক্টোবরে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থলে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো। ছবি: সংগৃহীত