পৃথিবীর বুকে ধেয়ে আসে উল্কাপিণ্ড
মহাবিশ্বের অসীম শূন্যতা থেকে মাঝেমধ্যেই পৃথিবীর বুকে ধেয়ে আসে উল্কাপিণ্ড। তীব্র গতি আর আলোর ঝলকানিতে রাতের বা দিনের আকাশকে মুহূর্তের জন্য বদলে দেয় এই উল্কাগুলো।
গত শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডের আকাশে তেমনই এক রহস্যময় উল্কাপিণ্ডের শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে, যার বিকট শব্দে বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে।
উল্কাপিণ্ড বিস্ফোরণের খবর নিশ্চিত করে মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বেলা ২টা ৬ মিনিটে উল্কাপিণ্ডটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এরপর এটি উত্তর-পূর্ব ম্যাসাচুসেটস এবং দক্ষিণ-পূর্ব নিউ হ্যাম্পশায়ারের আকাশে টুকরা টুকরা হয়ে ভেঙে যায়।
মহাকাশ থেকে ধেয়ে আসার সময় বস্তুটির গতি ছিল ঘণ্টায় প্রায় ৭৫ হাজার মাইল। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ মাইল ওপরে থাকা অবস্থায় উল্কাপিণ্ডটি ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে।
উল্কাপিণ্ড বিস্ফোরণের তীব্র ও বিকট শব্দে ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলো কেঁপে উঠেছিল। হঠাৎ এই বিকট শব্দ শোনার পর অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরে জানান, শব্দটি এতই শক্তিশালী ছিল যে তা বাড়িঘর ও বড় বড় ভবনগুলোকে কাঁপিয়ে দিয়েছিল। শুধু তা–ই নয়, আকাশে বিকট শব্দ শোনার ঠিক আগে খুব উজ্জ্বল একটি আগুনের গোলক বা ফায়ারবলও দেখা গেছে।
নাসা তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ঘটনার বিশদ বিবরণ তুলে ধরে জানায়, নিউ ইংল্যান্ডের প্রত্যক্ষদর্শীরা এবং নোয়ার গোয়েস-১৯ স্যাটেলাইট গত শনিবার বেলা ২ টা ৬ মিনিটে বিকট শব্দসহ উজ্জ্বল আগুনের গোলক দেখার কথা জানিয়েছে। উল্কাপিণ্ডটি উত্তর-পূর্ব ম্যাসাচুসেটস এবং দক্ষিণ-পূর্ব নিউ হ্যাম্পশায়ারের ৪০ মাইল উচ্চতায় ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
নাসার তথ্যমতে, উল্কাপিণ্ডটি ভেঙে যাওয়ার সময় বিপুল পরিমাণ শক্তি নির্গত হয়েছিল। এই শক্তির পরিমাণ সাধারণ কোনো ঘটনার মতো ছিল না। উল্কাপিণ্ডটি ভেঙে যাওয়ার সময় যে পরিমাণ শক্তি নির্গত হয়েছে, তা প্রায় ৩০০ টন টিএনটি বারুদের বিস্ফোরণের সমান। আর এ কারণেই এত বিকট শব্দ হয়েছিল।
নাসার ডেপুটি নিউজ চিফ জেনিফার ডুরেন এক বিবৃতিতে জানিয়েছেন, আগুনের গোলকটি বর্তমানে সক্রিয় থাকা কোনো উল্কাবৃষ্টির অংশ ছিল না।
তবে এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক বস্তু ছিল। এটি কোনো মহাকাশ বর্জ্য বা স্যাটেলাইটের আবার বায়ুমণ্ডলে প্রবেশের ঘটনা ছিল না। এ ঘটনার সময় মহাকাশে কোনো নিয়মিত উল্কাবৃষ্টিও ছিল না।
এখন পর্যন্ত এই উল্কাপিণ্ডের কোনো অংশ মাটিতে এসে আঘাত করেছে কি না, তার সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমেরিকান মেটিওর সোসাইটির হিসাব অনুযায়ী, বিস্ফোরণের ঠিক আগমুহূর্তে এই মহাজাগতিক বস্তুর আকার চওড়ায় বা ব্যাসে প্রায় তিন ফুট ছিল। মেটিওর সোসাইটির প্রোগ্রাম মনিটর রবার্ট লুনসফোর্ড বলেন, বস্তুটি আকারে একটি সাধারণ আগুনের গোলক বা ফায়ারবলের চেয়ে অনেক বড় ছিল।
তবে বায়ুমণ্ডলের এই তীব্র অগ্নিগর্ভ পথ পাড়ি দিয়ে এর কোনো অবশিষ্টাংশ বা টুকরা শেষ পর্যন্ত টিকে আছে কি না, তা নির্ধারণ করার জন্য আমাদের আরও তথ্যের প্রয়োজন হবে।
বিজ্ঞান ও মহাকাশবিশেষজ্ঞরা মনে করছেন, বায়ুমণ্ডলের তীব্র ঘর্ষণের কারণে উল্কাপিণ্ডটির বেশির ভাগ অংশই পুড়ে ছাই হয়ে গেছে। যদি কোনো কারণে এর কোনো ছোট টুকরা বা অংশ টিকে থেকেও থাকে, তবে সেগুলো কোনো জনবহুল এলাকায় পড়ার আশঙ্কা খুব কম।
সূত্র: টেকলুসিভ
যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্কোরেজে নির্বাচনী রাতের ফলাফল দেখার অনুষ্ঠানে ডেমোক্র্যাটিক গভর্নর প্রার্থী জোনাথন ক্রেইস-টমকিনসের সঙ্গে ছবি তুলছেন তার সমর্থকেরা। ছবি: সংগৃহীত
হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের এক সাবেক মন্ত্রীর বিরুদ্ধে ঘুষের তদন্ত করতে গিয়ে প্রায় ২ কোটি ডলার সমমূল্যের নগদ অর্থ উদ্ধার । ছবি: সংগৃহীত
স্থায়ীভাবে অস্ট্রেলিয়া যেতে পারবেন ২০ হাজার অভিবাসী। ছবি: সংগৃহীত
ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এসব পরমাণু উপাদান শান্তিপূর্ণ কাজে ব্যবহারের বাইরে অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হয়েছে কি না, তা নিশ্চিত হতে পারছে না সংস্থাটি।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের অসহযোগিতার কারণে দেশটির পরমাণু উপাদানের মজুত, অবস্থান ও ব্যবহার যাচাই করতে পারছে না আইএইএ। এ বিষয়ে একটি গোপন প্রতিবেদনে সংস্থাটি তাদের উদ্বেগের কথা জানিয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইরানের ঘোষিত পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মসূচির বাইরে অন্য কোনো কাজে স্থানান্তর করা হয়নি এমন নিশ্চয়তা দেওয়ার মতো পর্যাপ্ত তথ্য আইএইএর হাতে নেই।
ইরানের ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি স্থাপনা নিয়েও বিশেষ উদ্বেগ রয়েছে সংস্থাটির। গত বছর স্থাপনাটির অস্তিত্ব সম্পর্কে আইএইএকে জানিয়েছিল তেহরান। তবে এখন পর্যন্ত সেখানে পরিদর্শনের অনুমতি দেওয়া হয়নি। ফলে স্থাপনাটির সঠিক অবস্থান, বর্তমান পরিস্থিতি এবং সেখানে কোনো পরমাণু উপাদান মজুত রয়েছে কি না, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি সংস্থাটি।২০২৫ সালের জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একাধিক কেন্দ্র ধ্বংস হয় অথবা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পর থেকে এসব স্থাপনায় আইএইএর পরিদর্শকদের প্রবেশের অনুমতি দেয়নি ইরান। এ ছাড়া গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সর্বশেষ যুদ্ধেও দেশটির পরমাণু স্থাপনাগুলো হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
আইএইএর হিসাবের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা সাধারণত প্রায় ৯০ শতাংশ হয়ে থাকে। তবে হামলার পর থেকে ওই বিপুল পরিমাণ ইউরেনিয়াম কোথায় রয়েছে, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পায়নি সংস্থাটি।
আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি প্রতিবেদনে বলেছেন, ইরানের পরমাণু উপাদানের মজুত ও অবস্থান যাচাইয়ের কাজ আর বিলম্ব না করে শুরু করা জরুরি। সংস্থাটির পরিদর্শকদের পুনরায় ইরানে প্রবেশের সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ ধাপে ধাপে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার হুমকি অব্যাহত থাকায় এ মুহূর্তে পরিদর্শন কার্যক্রম শুরুর বিষয়ে আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে তেহরান। তবে পরিস্থিতি অনুকূলে এলে পরমাণু নিরাপত্তাসংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা পুরোপুরি পালনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
এদিকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য সরবরাহের বিনিময়ে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার দেওয়ার মার্কিন ঘোষণারও প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ বিষয়ে ইরানের উদ্বেগের পরিপ্রেক্ষিতে আইএইএ জানিয়েছে, তাদের কাছে সংরক্ষিত সব গোপন তথ্যের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।
মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব কি না, তা নিয়ে আগ্রহী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষাকে ঘিরে রাশিয়ায় চলছে বার্ধক্য প্রতিরোধ ও মানুষের আয়ু বাড়ানোর গবেষণা।
এ গবেষণার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর নিয়ে কাজ করছেন দেশটির বিজ্ঞানীরা। দীর্ঘজীবী বানরগুলোর রক্তের নমুনা সংরক্ষণ করে তৈরি করা হচ্ছে বিশেষ নমুনা ব্যাংক। এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া এবং মানুষের আয়ু বাড়ানোর সম্ভাব্য উপায় খুঁজতে চান গবেষকেরা।
রাশিয়ার কুরচাতভ ইনস্টিটিউটের নেতৃত্বে এ গবেষণা পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির প্রধান মিখাইল কোভালচুক পুতিনের ঘনিষ্ঠজন এবং বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত। তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান পেত্রোভস্কি রাশিয়ান রিসার্চ সেন্টার অব সার্জারির সঙ্গে যৌথভাবে দীর্ঘজীবী বানরের রক্তের নমুনা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি মস্কোয় আয়োজিত কুরচাতভ জিনোম ফোরামে গবেষণার বিষয়টি তুলে ধরেন কোভালচুক। তিনি জানান, তাদের প্রজননকেন্দ্রে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এর মধ্যে ১৮ বছর থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের ওপর বিশেষভাবে পর্যবেক্ষণ চালানো হচ্ছে। তাদের রক্তনালি, মস্তিষ্ক এবং শরীরের অন্যান্য অঙ্গের অবস্থা পরীক্ষা করা হচ্ছে।
কোভালচুকের ভাষ্য, বানরদের বার্ধক্যের বিভিন্ন পর্যায় নিয়ে গবেষণা মানুষের আয়ু বাড়ানোর জন্য প্রয়োজনীয় জৈবিক প্রক্রিয়া বোঝার ভিত্তি তৈরি করতে পারে। অন্যদিকে পেত্রোভস্কি সার্জারি গবেষণাকেন্দ্রের পরিচালক কনস্তানতিন কাতেনকো জানিয়েছেন, দীর্ঘজীবী প্রাইমেটদের রক্তের নমুনা বিশ্লেষণ করে বার্ধক্য কীভাবে কাজ করে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
রুশ প্রেসিডেন্টের দীর্ঘায়ু হওয়ার আগ্রহের সঙ্গে এ গবেষণার সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনা চলছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরের সময় পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের একটি কথোপকথন সরাসরি সম্প্রচারে ধরা পড়ে। সেখানে তারা মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। পুতিন বলেন, জীবপ্রযুক্তির উন্নতির ফলে মানুষের অঙ্গ প্রতিস্থাপন অব্যাহত রাখা সম্ভব হতে পারে, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনাও তৈরি হতে পারে। সি চিন পিংও চলতি শতাব্দীতে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনার কথা বলেন।
এরপর ২০২৫ সালের নভেম্বরে মস্কোয় কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক অনুষ্ঠানে পুতিন বলেন, মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব হতে পারে। তাঁর এসব বক্তব্যের পর রাশিয়ার দীর্ঘায়ু গবেষণা নতুন করে আলোচনায় আসে।
তবে বানর নিয়ে গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। মানুষের বার্ধক্য ধীর করার জন্য জিন থেরাপি, কৃত্রিমভাবে অঙ্গ ও টিস্যু তৈরি এবং জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্রাকৃতির শূকরের শরীরে মানুষের উপযোগী অঙ্গ উৎপাদনের মতো বিষয় নিয়েও কাজ চলছে। এসব উদ্যোগকে ঘিরে রাশিয়ার রাষ্ট্রীয় পর্যায়ে দীর্ঘায়ু গবেষণার পরিধি বাড়ানো হয়েছে।
২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও আয়ু বাড়ানোর প্রযুক্তি উন্নয়নে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনার কথাও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। এ কর্মসূচির সঙ্গে পুতিনের মেয়ে ও এন্ডোক্রাইনোলজিস্ট মারিয়া ভরোন্তসোভা এবং কোভালচুকের সম্পৃক্ততার কথা বলা হয়েছে।
রাশিয়ার এ গবেষণা উদ্যোগের পেছনে রাজনৈতিক নেতৃত্বের আগ্রহও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের দীর্ঘায়ু হওয়ার আগ্রহ দেশটির রাষ্ট্রীয় গবেষণার অগ্রাধিকারগুলোর একটি হয়ে উঠেছে। তবে গবেষণার ঘোষণা ও বাস্তব বৈজ্ঞানিক সাফল্যের মধ্যে পার্থক্য রয়েছে। এ ধরনের উদ্যোগের অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্র ও পরীক্ষিত ফলাফল এখনো সীমিত।
বিজ্ঞানীদের মতে, প্রাণীর শরীরে বার্ধক্যের প্রক্রিয়া বোঝা মানুষের আয়ু বাড়ানোর গবেষণায় সহায়ক হতে পারে। কিন্তু বানরের আয়ু ও মানুষের আয়ুর মধ্যে সরাসরি সমতা টানা যায় না। দীর্ঘজীবী বানরের রক্ত বা অঙ্গ বিশ্লেষণ করলেই মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে- এমন নিশ্চয়তা নেই। মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানো এবং অমরত্ব অর্জনের ধারণার পক্ষে এখনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি।
ফলে পুতিনের ১৫০ বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা এবং রাশিয়ার সাত হাজার বানর নিয়ে গবেষণা বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করলেও এর প্রকৃত বৈজ্ঞানিক সাফল্য জানতে অপেক্ষা করতে হবে গবেষণার ফলাফলের জন্য।
তথ্য সূত্র- ফার্স্ট পোস্ট
চার ঘণ্টার মতো স্থগিত থাকার পর চালু হয়েছে যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন। দেশটির বিমান চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোতে টেলিকম বা অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থায় হঠাৎ গুরুতর ত্রুটি দেখা দেওয়ায় দেশজুড়ে অভ্যন্তরীণ ও বহির্গামী ফ্লাইট উড্ডয়ন স্থগিত (গ্রাউন্ড স্টপ) ঘোষণা করে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। এরপর স্থানীয় সময় শুক্রবার ফ্লাইট চলাচলের ওপর দেশব্যাপী স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানান যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি।
তিনি জানান, শুক্রবার বহির্গামী ফ্লাইটের ওপর জারি করা দেশব্যাপী স্থগিতাদেশ প্রত্যাহার করেছে এফএএ। তবে কর্মকর্তারা এখনও এর কারিগরি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন।
হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে শন ডাফি জানিয়েছেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হবে। এয়ারলাইনগুলোর নিয়মিত কার্যক্রম পুরোপুরি চালু করতে কিছুটা সময় লাগবে।
সাংবাদিকদের তিনি বলেন, প্রায় চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের আকাশপথে আবার উড়োজাহাজ চলছে। এমন বিপর্যয়ের পেছনে ‘পুরানো হার্ডওয়্যার’ এর কথা উল্লেখ করে বিভ্রাটের জন্য অতিরিক্ত চাপের মুখে পড়া সুইচ এবং রাউটারকে দায়ী করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের আধুনিকায়নের জন্য দেশটির আইন প্রণেতাদের কাছে ৫ হাজার কোটি ডলার বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি।
তিনটি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এই সমস্যাটি ‘এলথ্রিহ্যারিস’ (L3Harris) পরিচালিত একটি টেলিযোগাযোগ নেটওয়ার্কের সাথে সম্পর্কিত, যা এয়ার ট্রাফিক কন্ট্রোলের রেডিও ফ্রিকোয়েন্সি পরিচালনা করে। এই ঘটনায় প্রায় ৪ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।
সিস্টেম বিভ্রাটের কারণ স্পষ্ট
পরিবহন মন্ত্রী শন ডাফি বলেছেন, এ ঘটনার পেছনে সিস্টেম বিভ্রাটের কারণটি স্পষ্ট। তার মতে, সিস্টেমটি অনেক পুরনো এবং এতে পুরনো রাউটার ব্যবহার করা হয়েছে, যা ‘জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি।
মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোতে টেলিকম যোগাযোগে বড় ধরনের বিঘ্ন ঘটায় ‘অস্বাভাবিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে’ নজিরবিহীন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় দীর্ঘদিন ধরেই নানা সমস্যা চলছে। পুরোনো প্রযুক্তি ও সরঞ্জামের ঘাটতির কারণে যোগাযোগব্যবস্থার ত্রুটি এবং নিয়ন্ত্রককর্মীর সংকটে এ খাত চাপে রয়েছে। এসব অবকাঠামো আধুনিক করার জন্য ২০২৫ সালে ১২৫০ কোটি ডলার বরাদ্দ দেয় কংগ্রেস। তবে তা যথেষ্ট নয় জানিয়ে শুক্রবার দেশটির আইনপ্রণেতাদের কাছে আরও ৩০১০ কোটি ডলারের বড় বাজেট সহায়তা চেয়েছে এফএএ।
রয়টার্স জানিয়েছে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের পুরো আকাশসীমায় সব ধরনের ফ্লাইট উড্ডয়ন বন্ধ রাখা হলো। ২০২৩ সালের জানুয়ারিতেও সিস্টেম ত্রুটির কারণে অভ্যন্তরীণ ফ্লাইট কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছিল।
এর আগে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে এফএএ। এতে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল কিংবা মারাত্মক বিলম্বের শিকার হয়েছে।
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন। এতে তারা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন বলেছেন, এই ঘটনার পেছনে কোনো হামলার সুনির্দিষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি। আকাশে থাকা সব উড়োজাহাজ নিরাপদে রয়েছে।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, এই অচলাবস্থা পুরো দিন ধরে চলতে পারে। অন্যদিকে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে, গ্রাউন্ডস্টপ বলবৎ থাকা অবস্থায় কোনো অভ্যন্তরীণ ফ্লাইট উড্ডয়ন করবে না।