জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট
ইসরায়েল বলেছে, অধিকৃত পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট থেকে অধিকাংশ কূটনীতিককে সরিয়ে নেওয়া হবে। তবে যুক্তরাজ্য বলেছে, ভবনটি ‘বন্ধ করা হবে না’ এবং এটি ‘যুক্তরাজ্যের মিশন’ হিসেবে কার্যক্রম চালিয়ে যাবে।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ‘আমরা চাইনি, পরিস্থিতি এ পর্যায়ে গড়াক।’
গিডিয়ন সার আরও বলেন, যুক্তরাজ্যের ২০ জন কূটনীতিক ও কনসাল জেনারেল ইসরায়েল ছাড়বেন। তবে সাত সদস্যের একটি টাস্কফোর্স ভবনটিতে থেকে যেতে পারে। তাদের কার্যক্রমের পরিধি হবে ‘খুবই সীমিত’।
এ বিষয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, নিরাপত্তার কারণে কিছু কর্মীকে ‘সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়েছে’। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘মিশনটি ফিলিস্তিনি জনগণের সঙ্গে কাজ করে যাবে।’
গত মাসে ইসরায়েল বলেছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলোর ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা হিসেবে তারা ব্রিটিশ কনস্যুলেটটি বন্ধ করে দেবে।
সে সময় ইসরায়েল সরকার বলেছিল, যুক্তরাজ্য নিষেধাজ্ঞা ঘোষণার ৩০ দিনের মধ্যে তারা কনস্যুলেটটি বন্ধ করে দেবে।
আজ বৃহস্পতিবার ওই সময়সীমা শেষ হওয়ার আগে যুক্তরাজ্য সরকার শেষ মুহূর্ত পর্যন্ত ইসরায়েলকে ব্রিটিশ কনস্যুলেটটি বন্ধ না করার জন্য রাজি করানোর চেষ্টা চালিয়েছিল। আন্তর্জাতিক আইনের অধীনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের এসব বসতি অবৈধ।
১৮৩৮ সালে জেরুজালেমে প্রথম ব্রিটিশ কনস্যুলেটটি প্রতিষ্ঠিত হয়। এই কনস্যুলেট থেকে পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক দেখভাল করা হতো।
তেল আবিবে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস থেকে এটি আলাদা। তেল আবিবের ওই দূতাবাসই ইসরায়েলের সঙ্গে যুক্তরাজ্যের প্রধান কূটনৈতিক কেন্দ্র।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, গত ৮ সেপ্টেম্বর ঘোষণা দেওয়া যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জবাবে দেশটি যেসব পদক্ষেপ গ্রহণের কথা বলেছিল, সেগুলোর বাস্তবায়ন করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গিডিয়ন সার লেখেন, ‘জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট আজ থেকে তাদের কার্যক্রম বন্ধ করছে। সে অনুযায়ী, জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেটের সাইনবোর্ড সরিয়ে নেওয়া হয়েছে।’
যদিও আজ সকালেও কনস্যুলেটের বাইরে ব্রিটিশ পতাকা দেখা গেছে। এমন কি, কয়েকজন কর্মীকে ভেতরে ঢুকতেও দেখা গেছে।
সার বলেন, যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনার পর কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। এর মধ্যে রয়েছে, কনসাল জেনারেল ও ২০ জন কূটনীতিক তাঁদের দায়িত্ব শেষ করে ইসরায়েল ছাড়বেন।
তবে সার স্বীকার করেন, ভবনটি ব্রিটিশ সরকারের সম্পত্তি। তিনি বলেন, ‘ভবনটিতে খুবই সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনার জন্য মাত্র সাতজন কূটনীতিকের একটি টাস্কফোর্সকে কাজ করার অনুমতি দিয়েছে ইসরায়েল।’
প্রতীকী ছবি
স্যাটেলাইট ছবিতে সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগারের ওপর ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় আঘাত হানার দাবি করেছে ইয়েমেনের হুতি মিলিশিয়ারা। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনালগুলোর একটির পাশেই এই শোধনাগারটির অবস্থিত। স্যাটেলাইট ছবিতে এই শোধনাগারটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই শোধনাগারে হামলার বিষয়টি নিশ্চিত করেছে রয়টার্সকে।
হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, শোধনাগারে চালানো হামলায় আগুন ধরে যায়।
রয়টার্স জানিয়েছে, নাসা এবং প্ল্যানেট ল্যাবস—উভয় সংস্থার স্যাটেলাইট চিত্রেই সেখানে ঘন কালো ধোঁয়া দেখা গেছে। এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি সরকার এবং রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকো তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
হুতি মিলিশিয়ারা ইয়েমেনের রাজধানী সানাসহ পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের জেরে জুলাইয়ে ইয়েমেনের স্থবির হয়ে থাকা গৃহযুদ্ধ ফের শুরু হওয়ার পর থেকেই তারা সৌদির বিমানবন্দর, তেল অবকাঠামো এবং অফিস ভবনগুলোতে হামলা চালিয়ে আসছে।
এসব হামলার কারণে এর আগে আরামকোর কিছু কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল এবং রিয়াদগামী অধিকাংশ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছিল। এ ছাড়া ফুটবলের এএফসি এশিয়ান কাপ এবং সৌদি আরবের প্রধান বিনিয়োগ সম্মেলন 'এফআইআই'-সহ বড় বড় আন্তর্জাতিক ইভেন্ট স্থগিত বা বাতিল করতেও বাধ্য হয়েছিল রিয়াদ।
ড্রোন ভূপাতিত করল সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বুধবারের ভোরে জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের রাস তানুরায় চারটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে। তবে সেখানে তেল শোধনাগারে কোনো আঘাত হানা হয়েছে কি না, সে বিষয়ে জোটটি কিছু বলেনি।
জোটটি বুধবারের পরের দিকে জানায়, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র লোহিত সাগর তীরবর্তী সৌদি আরবের জাজান বন্দরে আঘাত হেনেছে, এতে সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো বেসামরিক নাগরিক আহত হননি।
বুধবার গভীর রাতে হুতিরা জানায়, তারা জেদ্দা ও জাজান বন্দরে হামলা চালিয়েছে। জাজানের মতো জেদ্দাও সৌদি আরবের লোহিত সাগর উপকূলে অবস্থিত। তবে জেদ্দা বন্দরে আঘাত হানার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
দৈনিক পাঁচ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধনের ক্ষমতাসম্পন্ন রাস তানুরা শোধনাগারটি হুতিদের সঙ্গে সংঘাতের পাশাপাশি বৃহত্তর ইরান যুদ্ধের সময়ও হামলার শিকার হয়েছিল। এটি পারস্য উপসাগরীয় উপকূলের একটি কমপ্লেক্সের অংশ, যা সৌদি আরবের প্রধান রপ্তানি টার্মিনাল ছিল। কিন্তু যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরবের পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরের গুরুত্ব বেড়ে যায়, ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে সেখানে তেল সরবরাহ করে রপ্তানি করা হয়।
গত সেপ্টেম্বরে হুতিরা ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী কৌশলগত এলাকাগুলো দখল করে বাব এল-মান্দেব প্রণালির দিকে অগ্রসর হওয়ার পর থেকে সৌদি আরব ও হুতিদের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে। আরব উপদ্বীপের বিপরীত পাশে থাকা হরমুজ প্রণালীর মতো এই বাব এল-মান্দেব প্রণালিও উপসাগরীয় তেল উৎপাদনকারী দেশগুলোর জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ।
ছবি : সংগৃহীত
মিশরের রাজধানী কায়রোর দক্ষিণ-পশ্চিমে গিজা প্রদেশে জ্বালানিবাহী একটি ট্যাংকার ট্রাক দুর্ঘটনার পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও ১৯ জন। বুধবার (২৫ নভেম্বর) দেশটির স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, কায়রোর রিং রোডের কাছে ইমবাবা এলাকার ওয়াররাক জেলার ১০ নম্বর টানেলের ওপর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ৩৯টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়।আহত ব্যক্তিদের উদ্ধার করে তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেলগাফফার দুর্ঘটনাস্থলের আশপাশের হাসপাতালগুলোকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।
উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম তদারকি করতে তিনি নিজেই দুর্ঘটনাস্থল ও হাসপাতালগুলো পরিদর্শন করেছেন।
এর আগে মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানায়, ব্যক্তিমালিকানাধীন ওই জ্বালানিবাহী ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে। পরে সেটিতে বিস্ফোরণ ঘটে।
মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে সিভিল ডিফেন্স, অ্যাম্বুলেন্স কর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহায়তা করতে ঘটনাস্থল ও হাসপাতালগুলোতে জরুরি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া মিসরের প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, কায়রোর কাছের ওই সড়কে থাকা যানবাহনগুলো আগুনে পুড়ে যাচ্ছে। পুরো এলাকা ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যাকে প্রাথমিক হিসাব হিসেবে উল্লেখ করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
ছবি : সংগৃহীত
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি অবৈধ স্বর্ণের খনিতে ভারী বৃষ্টির পানিতে আটকা পড়ে ১৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন। বুধবার (২৫ নভেম্বর) পুলিশ ও উদ্ধারকারী কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
রাজধানী জাকার্তার দক্ষিণে বোগর অঞ্চলের ওই খনিতে সোমবার (২৩ নভেম্বর) মোট ২৬ জন শ্রমিক প্রবেশ করেন। এ সময় ভারী বৃষ্টির পানি খনির সুড়ঙ্গে ঢুকে পড়লে তারা প্রায় ১০০ মিটার (৩২৮ ফুট) গভীরে আটকা পড়েন।
পশ্চিম জাভার পুলিশপ্রধান হেংকি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, নিহত ১৩ জনের মধ্যে ছয়জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। আবহাওয়া প্রতিকূল না হলে বৃহস্পতিবার উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, খনির সুড়ঙ্গটি সরু, পিচ্ছিল ও অন্ধকার হওয়ায় উদ্ধারকাজ পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থা জানিয়েছে, উদ্ধারকর্মীরা খনির দুটি সুড়ঙ্গে অনুসন্ধানে গুরুত্ব দিচ্ছেন। সেখানে পৌঁছাতে দড়ি ব্যবহার করা হচ্ছে। তবে খনির ১০০ মিটার গভীরতা উদ্ধার অভিযানকে জটিল করে তুলেছে।
ইন্দোনেশিয়ায় প্রত্যন্ত অঞ্চলে খনিজ সম্পদ থাকায় এসব এলাকায় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও নজরদারি কঠিন। ফলে দেশটিতে ছোট পরিসরের ও অবৈধ খনিতে একের পর এক দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় সংবাদমাধ্যম ডেটিকের প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে একই এলাকার একটি অবৈধ স্বর্ণের খনিতে কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় কয়েকজন শ্রমিকের মৃত্যু হয়।
এদিকে ওই অঞ্চলে স্বর্ণখনি পরিচালনাকারী রাষ্ট্রায়ত্ত খনি প্রতিষ্ঠান আন্তাম (এএনটিএম.জেকে) জানিয়েছে, দুর্ঘটনাটি একটি অননুমোদিত খনিতে ঘটেছে। এটি তাদের পরিচালনাধীন কোনো কার্যক্রমের অংশ নয়।
সূত্র: রয়টার্স
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি ঢাকার পক্ষ থেকে করা প্রত্যর্পণ অনুরোধ থেকে সম্পূর্ণ আলাদা একটি বিষয় বলে স্পষ্ট করেছে ভারত।
বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার কথিত পরিকল্পনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ভারতের এই অবস্থান তুলে ধরেন।
ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি ভারতের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে কোনো নাগরিকের ভ্রমণ নথিপত্র নিয়ে স্বেচ্ছায় নিজের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা এবং প্রত্যর্পণ অনুরোধ—এ দুটি ভিন্ন বিষয়। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি তাঁর এবং বাংলাদেশ সরকারের মধ্যকার ব্যাপার বলেও মন্তব্য করেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা।
তাঁর ভাষ্যমতে, প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্রের (ট্রাভেল ডকুমেন্ট) জন্য আইনজীবীর মাধ্যমে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করেছেন শেখ হাসিনা; পাশাপাশি রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দিল্লি থেকে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করার জন্যও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটার পর ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এবং তখন থেকেই তিনি সেখানে অবস্থান করছেন।এদিকে শেখ হাসিনার দেশে ফেরার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে প্রবেশের সঙ্গে সঙ্গেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে এবং অন্যান্য দণ্ডিত পলাতক আসামির মতোই প্রচলিত আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০২৪ সালের বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০২৫ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এসব অভিযোগ প্রত্যাখ্যান করে দেশে ফিরে আদালতের মুখোমুখি হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি জানিয়ে আসছে ঢাকা, যা বর্তমানে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে অন্যতম টানাপোড়েনের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ আগামী জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো পর্যাপ্ত অর্থ রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি বলেছেন, চাইলে যে কোনো সময় এ যুদ্ধের অবসান ঘটাতে পারেন।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
সাক্ষাৎকারে মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যদের সমালোচনা করেন তিনি। ট্রাম্পের আশঙ্কা, ডেমোক্র্যাটরা যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিজয় পরাজয়ে রূপ নিতে পারে।
তিনি বলেন, ‘তারা একটি নিশ্চিত বিজয়কে সম্পূর্ণ পরাজয়ে পরিণত করবে।’ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশটির নেতৃত্বও নির্মূল করা হয়েছে বলে দাবি করেন তিনি।
জানুয়ারিতে ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে সামরিক অভিযান পরিচালনায় তার ক্ষমতা সীমিত হয়ে আসবে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ততদিন পর্যন্ত অভিযান চালানোর জন্য তার প্রশাসনের পর্যাপ্ত অর্থায়ন রয়েছে।
তিনি বলেন, ‘জানুয়ারির শেষ পর্যন্ত মোটামুটি আমাদের অর্থায়ন রয়েছে।’
সূত্র: আনাদোলু এজেন্সি