জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মুহাম্মদ ইউনূস

  • প্রকাশ : বুধবার ০৫ আগস্ট, ২০২৬, সময় : ১:০০ পিএম

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু অতীতের স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের প্রেরণার কেন্দ্র হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।


তিনি বলেন, আমরা পথ হারিয়ে ফেললে এখানে এসে পথ খুঁজে নেবো। আমাদের চিন্তায় যদি কোনো গাফিলতি আসে, এখান থেকেই তার ঠিকানা খুঁজে আবার নতুন করে যাত্রা শুরু করবো। বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


অধ্যাপক ইউনূস বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে নানা ধরনের জাদুঘর থাকলেও এ জাদুঘরের বৈশিষ্ট্য সম্পূর্ণ ভিন্ন। এখানে বহু বছরের পুরোনো ইতিহাস নয় বরং গণঅভ্যুত্থানের ঘটনাগুলো ঘটার সঙ্গে সঙ্গেই সেসবের স্মারক, দলিল, নিদর্শন ও মানুষের অনুভূতি সংগ্রহ করা হয়েছে।


তিনি বলেন, ঘটনা ঘটেছে আর আমরা তাৎক্ষণিকভাবে সেই ঘটনার প্রতিটি নমুনা ও ইতিহাস সংগ্রহ করে জাদুঘরে নিয়ে এসেছি। এটাই আমাদের ইতিহাস সংরক্ষণের এক নতুন অধ্যায়।


জুলাই আন্দোলনে অংশ নেওয়া তরুণদের আত্মত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, অনেকেই কোনো পরিকল্পনা ছাড়াই নিজের অনুভূতি লিখে গেছেন। পরিবারের বাধা উপেক্ষা করে কেন রাজপথে নেমেছেন সেটিও তারা চিঠিতে তুলে ধরেছেন। এসব দলিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


তিনি বলেন, আমাদের প্রত্যাশা বাংলাদেশের প্রতিটি তরুণ যেন সেই চিঠির লেখকের মতো হয়। তারা যেন বলে আমরা নতুন বাংলাদেশ গড়তে এসেছি।


সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ-তরুণী ও সাধারণ নাগরিকের অন্তত একবার এই জাদুঘর পরিদর্শন করা উচিত। শুধু দেখে চলে যাওয়া নয়, তারা যেন এখানে বসে চিন্তা করে নিজেদের স্বপ্ন, প্রত্যাশা ও ভবিষ্যতের পরিকল্পনা লিখে রেখে যায়।


তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যতে সংস্কৃতি, শিল্প, সংগীত, চিত্রকলা ও সৃজনশীল কর্মকাণ্ডেরও একটি প্রাণকেন্দ্রে পরিণত হবে।


জাদুঘরে নির্মিত প্রতীকী কবরগুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিটি কবরের সঙ্গে সংশ্লিষ্ট শহীদের পরিচয় ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষিত থাকবে যেন মানুষ জানতে পারে কীভাবে এবং কেন তারা জীবন দিয়েছিলেন।


ড. ইউনূস বলেন, তারা কোনো বিশেষ রাজনৈতিক কর্মী ছিল। তারা ছিল সাধারণ পরিবারের সাধারণ ছেলে-মেয়ে। তারা রাজপথে নেমেছিল কারণ তারা বিশ্বাস করতো এই বাংলাদেশ আর আগের মতো চলতে পারে না; আমাদের নতুন বাংলাদেশ গড়তে হবে।


জাদুঘর নির্মাণে সংশ্লিষ্টদের প্রশংসা করে এই নোবলজয়ী অধ্যাপক বলেন, প্রতিটি নিদর্শন সংগ্রহ করতে দীর্ঘ সময়, শ্রম ও নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। সেই কঠোর পরিশ্রমের ফলেই আজ দেশের মানুষের সামনে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ দলিল তুলে ধরা সম্ভব হয়েছে।


বক্তব্যের শেষে তিনি জাদুঘর নির্মাণ ও উদ্বোধনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি আশা করি দেশের প্রতিটি মানুষ পরিবার-পরিজন নিয়ে অন্তত একবার এখানে আসবেন। শুধু দেখার জন্য নয়, ভাবার জন্য কেন এটি ঘটেছিল, কীভাবে ঘটেছিল এবং এখান থেকে আমরা ভবিষ্যতে কোন পথে এগোবো।’



সর্বশেষ সব খবর

ঐতিহ্যবাহী ধুলাসার নদী। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ১০:২৮ পিএম

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটায় পলি জমে ধীরে ধীরে প্রায় ভরাট হয়ে গেছে ঐতিহ্যবাহী ধুলাসার নদী। ফলে হাজারো জেলেদের নিরাপদ পোতাশ্রয় ও মৎস্য জীবীদের একমাত্র পরিবহন ও যোগাযোগ ব্যবস্থায় ব্যবহৃত এই নৌ-পথটি এখন মরা খালে পরিনত হয়েছে। গভীর সমুদ্রে মৎস্য শিকারের পর সাগর মোহনা থেকে প্রতিদিন ঘাটে ফিরতে এই খালের ডুবচরে আটকে যাচ্ছে অসংখ্য মৎস্যবাহী ট্রলার। এমনকি প্রাকৃতিক দূর্যোগ অথবা সাগর উত্তাল হলে ওই খালে আশ্রয় নিতে আসা ট্রলার গুলো আটকে যাচ্ছে বালু চরে।


আর ঘাটে ফিরতে বিকল্প যাতায়াত ব্যবস্থা না থাকায় ট্রলারেই প্রতিদিন পঁচে যাচ্ছে লাখ লাখ টাকার মাছ। ফলে এ খালটির ওপর নির্ভরশীল লাখ মানুষের জীবন জীবিকা এখন পড়েছে চরম হুমকির মুখে। 


কলাপাড়া উপজেলার ধুলাসার ইউপির শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজার। এ বাজারেই প্রতিদিন দুর-দুরান্ত থেকে ছুটে আসেন অসংখ্য মৎস্যজীবী মানুষ। নিত্য দিনের মৎস্য পাইকারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এ বাজার সহ আসপাশের এলাকা। আর এই মৎস্য বাজারকে ঘিরেই জড়িয়ে আছে লাখও মানুষের জীবন জীবিকা। তবে সম্প্রতি সময়ে এই বন্দরটির ঘাটে সমুদ্র থেকে মাছ আহরণ করে সস্তিতে ফিরতে পারছেন না জেলেরা।


ঘাটে ফেরার একমাত্র মাধ্যম ধুলাসার নদী বেহাল দশায় প্রতিদিন ডুবচরে আটকে গিয়ে কষ্টার্জিত মাছ খোয়াচ্ছেন সমুদ্রগামীরা। কখনও কয়েক ঘন্টা, আবার কখনও দিনের পর দিন আটকে থাকায় ট্রলারেই পচন ধরে আহরণকৃত মাছে। ফলে সঠিক সময়ে মাছ পরিবহন করতে না পারায় ঘাম ঝড়িয়েও লোকসান গুনছেন জেলেরা। 


স্থানীয়রা বলছেন, এক সময়ের স্রোতের টান বয়ে চলা এই নদীটিতে  এখন জোয়ারে প্রবেশ করা গেলেও ভাটিতে বদলে যায় সব চিত্র। তাই সাগরে খাটুনির পর ফের মাথায় করে মাছ পরিবহন করে অনেক সময় ঘাটে ফেরেন জেলেরা।


আর মৎসজীবী ও আড়ৎ মালিকরা বলছেন, শুধু মৎস্য খাতেই নয়,নদীটিতে প্রবেশ বা চলাচল  বন্ধ হয়ে গেলে জীবন জীবীকা নিয়ে চরম হুমকির মুখে পড়বে লাখ মানুষ। তাই প্রয়োজন খনন প্রক্রিয়ার।


সরেজমিনে কথা হলে জেলে সোবহান সিকদার জানান, এক সময়ে এই নদীর  স্রোতের ডাক বুকে কাপন ধরিয়ে দিত। আর এখন ভাটির সময় এপার থেকে ওপারে পায়ে হেঁটে পারাপার করেন অনেকেই। তিনি বলেন, সাগর মোহনা দিয়ে প্রতিদিন নদীটিতে  হাজারো মাছধরা ট্রলার প্রবেশ করে। কিন্তু চড়ে আঁটকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করেন জেলেরা। ফলে ঠিক সময় ঘাটে মাছ নিয়ে পৌঁছাতে না পারায় অসংখ্য মাঝিরা তাদের মাছ কম দামে বিক্রি করে। এছাড়া মাছ পঁচে যায় অনেকের, এতে জেলেরা কষ্ট করেও লোকসানে পড়ে।


অপর এক মাঝি বলেন, সাগর খারাপ হলে এবং ঝড় বন্যা হলে ওই নদীতে  আশ্রয় নিতে আসে হাজারো ট্রলার। ডুবোচরের কারনে নদীর  মধ্যে প্রবেশ করতে নাপেরে প্রায়ই দূর্ঘটনার কবলে পড়তে হয় তাদের।


বাবলাতলা বাজারের আড়ত মালিক ও ইউপি সদস্য মো. রাসেল বলেন, এ খালটা এখন লাখো মানুষের জীবন জীবীকায় প্রভাব ফেলছে। শীত মৌসুমে এ হাঁটে কোটি টাকার মাছের কারবার চলে। কিন্তু মোহনায় বালু ভরে এমন ভাবে চর জেগেছে সেখান থেকে ট্রলার যাতায়াত প্রায় অসম্ভব। ভাটিতে বা জোয়ারে ছোট ট্রলার ঢুকলেও বড়গুলো প্রতিদিন আঁটকে যায়। তিনি বলেন, এই নদীটি  দ্রুত খনন না করলে অনেক জেলেদের পেশা পরিবর্তন করতে হবে।


অপর ব্যবসায়ী হাজী মাসুদ জানান, শত বছরের পুরানো এই বাজারটি টিকে আছে এই নদীটির  ওপর নির্ভর করে। এটা কাউকে বলে বোঝানো যাবে না যে একটি নদীর  জন্য কি পরিমাণ বিরূপ প্রভাব পড়ছে। জেলেরা এই ঘাটে মাছ নিয়ে আসতে চায়না


আবার মহিপুর আলীপুর ঘাটে পৌঁছাতে তাদের বেশি পরিমাণ তেল পুরতে হয়। তাই অনেকে কয়েক কিলোমিটার মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফেরে। এই দৃশ্য দেখাটাও কষ্ট দায়ক। তিনি বলেন, এই বাজারকে কেন্দ্র করে লাখো মানুষের জীবীকা। কিন্তু ভরসা ধুলাসার নদীটি । তাই নদীটি  খননের জন্য সরকারের কাছে জোর অনুরোধ জানিয়েছেন তিনি। 


এদিকে জেলেদের ঘাটে ফেরায় করুন দশার কথা বর্ণনা করে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.জহিরুন্নবী বলেন, জেলেরা কষ্ট করে মাছ আহরণ করলেও চ্যানেলটি দিয়ে ঠিক সময়ে ঘাটে আসতে পারে না। নদীটির  নাব্যতা কমে যাওয়া এবং অসংখ্য ডুব চরের ফলে প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়টি ইতোমধ্যে উপরস্থ কর্মকর্তাকে অবহিত করেছি। যাতে দ্রুত নদীটির  খননের জন্য উদ্যোগ গ্রহন করা হয়।


বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় খাজুরা পয়েন্টে জেলেদের জন্য চ্যানেল খনন প্রক্রিয়ার ব্যবস্থা করেছেন। সেখানে ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। এই নদীটির  জন্যও যেকোন একজন প্রতিনিধি হয়ে আবেদন করলে আমরা পরীক্ষা করে ব্যব্স্থা নিতে পারব।

সর্বশেষ সব খবর

প্রতীকী ছবি

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৪ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১৯ জন। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৭১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৪৫ হাজার ৫৬২ জন।


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৪৮ জন, গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৫ হাজার ২৮ জন।


গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ১৯ হাজার ২৪৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১০ হাজার ৪০১ জন।


গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৯৯ জনের মৃত্যু হয়েছে।


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।




সর্বশেষ সব খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:২৬ পিএম

দেশের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 


স্বাস্থ্যব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজানোর তাগিদ দিয়ে তিনি বলেন, এ জন্য মন-মানসিকতারও পরিবর্তন দরকার। শুক্রবার (১৩ নভেম্বর) বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স ও ডেন্টাল এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে রাষ্ট্রপতি সংগঠনটির স্যুভেনির উন্মোচন করেন এবং আয়োজকদের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


রাষ্ট্রপতি বলেন, দেশের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরা চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করে এবং এ ক্ষেত্রে সরকারের যথেষ্ট বিনিয়োগ রয়েছে। কিন্তু সেই বিনিয়োগের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। দেশের চিকিৎসাব্যবস্থায় এমন জট তৈরি হয়েছে যে সাধারণ মানুষের সেবা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি দাঁতের চিকিৎসার ব্যয় অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ তা বহন করতে পারে না।


 আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি


সরকারি হাসপাতালগুলোর সীমাবদ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, অধিকাংশ ক্ষেত্রে সেখানে প্রয়োজনীয় চিকিৎসক ও সেবার যথেষ্ট ব্যবস্থা নেই। উপজেলা পর্যায়ে অনেক ক্ষেত্রে চিকিৎসক পাওয়া যায় না বললেই চলে। ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে হাতুড়ে চিকিৎসকদের কাছে যায়।


তরুণ চিকিৎসকদের গ্রামাঞ্চলে গিয়ে সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অনেক তরুণ চিকিৎসক পাস করার পর গ্রামে যেতে চান না। কেউ গেলেও কিছুদিন পর অন্য প্রশিক্ষণ বা কাজে চলে যান। এই মানসিকতার পরিবর্তন দরকার। এ সময় প্রান্তিক এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে পর্যাপ্ত সরকারি চিকিৎসক নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।


স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা রোধে দায়িত্বশীলদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলে খুব সহজেই এ অবস্থার পরিবর্তন সম্ভব। দেশে একটি সর্বজনীন ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান তিনি।


পেশাজীবীদের সংগঠনগুলোকে দলীয় রাজনীতির বাইরে রাখার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, পেশাগত ক্ষেত্রে দলীয়করণ করা উচিত নয়। এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলে সমস্যাগুলো অনেকাংশে কমে আসবে। সরকার পরিবর্তন হলেই সংগঠনের সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার প্রবণতাও বন্ধ হওয়া প্রয়োজন।


আন্তর্জাতিক সেমিনার আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটি আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং দেশের ডেন্টাল সার্জনদের সহায়তা ও ডেন্টাল স্বাস্থ্যসেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


বাংলাদেশ প্রস্থোডোনটিক সোসাইটির সভাপতি প্রফেসর ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর ডা. সাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব ডা. মো. আলমগীর কবির ও সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মো. মাসুদুর রহমান।

সর্বশেষ সব খবর

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:২১ এএম

তুরস্কে জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ  শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  শুক্রবার সকাল ৫টা ৪০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। 


তুরস্কে তিন দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দর ত্যাগ করে। এর আগে প্রধানমন্ত্রী আন্তালিয়া থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তিনি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করেন।


প্রধানমন্ত্রী বিকেল ৪টা ৩০ মিনিটে আন্তালিয়া ত্যাগ করেন। সেখানে বিমানবন্দরে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা ও রাষ্ট্রদূত সুবুতায় ইউকসেল তাঁকে বিদায় জানান।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।


সফরকালে প্রধানমন্ত্রী একত্রিশতম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নেন এবং বিশ্বনেতাদের সঙ্গে ধারাবাহিক দ্বিপক্ষীয় বৈঠক করেন।


প্রধানমন্ত্রী কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে গত ১০ নভেম্বর আন্তালিয়ায় পৌঁছান। বৃহস্পতিবার তিনি কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দেন। ভাষণে তিনি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন।


সম্মেলনের ফাঁকে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।


প্রধানমন্ত্রী ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পাশাপাশি মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন।


তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের সম্ভাব্য ভূমিকার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও অবদানের কথা তুলে ধরেন।


অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে বৈঠকে তিনি বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মিয়ানমারের নিজ দেশে নিরাপদে প্রত্যাবাসন নিশ্চিত করতে অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করেন।


চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেংয়ের সঙ্গে আলোচনায় দুই পক্ষ রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন। এ ক্ষেত্রে জ্বালানি, ভারী শিল্প, অবকাঠামো এবং কর্মসংস্থান সৃষ্টিতে চীনা বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়।


যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ডের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক তৎপরতা বাড়ানোর জন্য যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। এ ছাড়া বাংলাদেশের জলবায়ু অভিযোজন কার্যক্রম, অভিবাসন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও আলোচনা হয়।


উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে বৈঠকে তারেক রহমান সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। উজবেক প্রেসিডেন্ট তাঁকে উজবেকিস্তান সফরের আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী নতুন বছরে সফরটি করার আশা ব্যক্ত করেন।


নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে তাঁর ম্যান্ডেট লাভের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। 

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাও পুনর্গঠন, বিনিয়োগ, দক্ষ জনশক্তি এবং কর্মসংস্থানের ক্ষেত্রে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন।


পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। 


অন্যদিকে, কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহর সঙ্গে আলোচনায় দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।


এসব আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়।


এদিকে, ডা. জুবাইদা রহমান বর্জ্যশূন্য ব্যবস্থাপনা বিষয়ক একটি সাইড ইভেন্টে অংশ নেন। সেখানে তিনি বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকারের নীতিগত উদ্যোগ তুলে ধরেন এবং এ ক্ষেত্রে কারিগরি সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।


প্রধানমন্ত্রী তারেক রহমাস ও তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান কপ৩১-এ অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে প্রেসিডেন্ট এরদোয়ান ও ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের আয়োজিত নৈশভোজেও অংশ নেন। 


এ ছাড়া ডা. জুবাইদা রহমান আন্তালিয়ায় রাষ্ট্র ও সরকার প্রধানদের স্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিদের সম্মানে এমিনে এরদোয়ানের আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেন।

সর্বশেষ সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৯:২৯ এএম

তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) কপ-৩১ সম্মেলনের ফাঁকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বৈঠকে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের অভিযোজন কার্যক্রমে সহযোগিতা, অভিবাসন এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাজ্যের আরও সক্রিয় কূটনৈতিক ভূমিকা কামনা করেন। তিনি এ সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ দেশ। গত প্রায় এক দশক ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ফলে দেশের অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও পরিবেশের ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকার সুযোগের ওপরও প্রভাব ফেলতে পারে, আঞ্চলিক নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে 


বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের ধারাবাহিকতায় জলবায়ু সহযোগিতা, মানবিক সংকট মোকাবিলা, অভিবাসন এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সর্বশেষ সব খবর

প্রধানমন্ত্রী তারেক রহমান

  • প্রকাশ : বৃহস্পতিবার ১২ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৫৯ এএম

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় পাঁচ জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।


প্রধানমন্ত্রী বলেছেন, ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা নীতির আলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।’


আজ বৃহস্পতিবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।


এ সময়ে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরসহ পাঁচ প্রস্তাব তুলে ধরেন।


প্রধানমন্ত্রী বলেন, ‘জলবায়ু পরিবর্তনের সম্মুখসারিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশের কম। এ চ্যালেঞ্জ সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।’‘সবার আগে বাংলাদেশ’ দর্শনে অনুপ্রাণিত হয়ে সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সুরক্ষাকে পরস্পরের পরিপূরক হিসেবে বিবেচনা করছে উল্লেখ করে তিনি বলেন, শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হবে।


২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নেট-জিরো নির্গমন অর্জনের লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি বলেন, বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।


বাংলাদেশে সবুজ শিল্পায়নকে উৎসাহিত করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রায় ৩০০টি লিড-সার্টিফায়েড তৈরি পোশাক কারখানা রয়েছে। সরকার বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণ, পাটজাত ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং কার্বন ট্রেডিংয়ের জন্য জাতীয় কাঠামো তৈরিতে কাজ করছে।


পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর লক্ষ্য হচ্ছে পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি হ্রাস, জলাভূমি পুনরুজ্জীবিত ও ভূগর্ভস্থ পানির স্তর বৃদ্ধি করা।


এ ছাড়া উপকূলীয় জমিতে ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে স্থানীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা বাড়ানো যায়।


জলবায়ু অর্থায়ন ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান বৈশ্বিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থা এখনো অপর্যাপ্ত এবং উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকার যথাযথভাবে বিবেচনা করছে না। জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করছে।


এর সঙ্গে ক্রমবর্ধমান ঋণ পরিশোধের বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে তিনি উল্লেখ করেন।


প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আর ঋণ নয়, বরং অনুদান প্রয়োজন। পাশাপাশি তাদের নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।


এ প্রেক্ষাপটে পাঁচটি প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের প্রচেষ্টাকেও সহায়তা করতে হবে।


দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালু করতে হবে।


তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।


চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়াতে হবে।


পঞ্চমত, কপ-৩১ সম্মেলনে ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণ করতে হবে।


প্রধানমন্ত্রী জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


প্রধানমন্ত্রী একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এ সম্মেলন থেকে বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী ফলাফল আসবে বলে বাংলাদেশ আশা করে। তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’


বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান।

সর্বশেষ সব খবর