সায়েদাবাদে ১০০ অবৈধ বাস কাউন্টার সিলগালা। ছবি : সংগৃহীত

  • প্রকাশ : বৃহস্পতিবার ০৯ এপ্রিল, ২০২৬, সময় : ১২:৩৬ পিএম

রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় টানা দ্বিতীয় দিনের মতো পরিচালিত অভিযানে প্রায় ১০০টি অবৈধ বাস কাউন্টার সিলগালা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। একইসঙ্গে ওই এলাকার ফুটপাত দখল করে গড়ে ওঠা দীর্ঘদিনের অবৈধ স্থাপনাগুলোও গুঁড়িয়ে দেওয়া হয়। ‎ 



বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে ‎সায়েদাবাদ বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও অবৈধ কাউন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। ‎এর আগে বুধবার (৮ এপ্রিল) অভিযান চালিয়ে একই এলাকার কিছু অবৈধ বাস কাউন্টার বন্ধ করে দেওয়া হয়।



ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আছলাম সাংবাদিকদের বলেন, রাস্তায় কাউন্টার থাকার জন্য মানুষের অনেক অসুবিধা হয়। সেজন্য সরকার উদ্যোগ নিয়েছে রাস্তার পাশে আর কোনো কাউন্টার থাকবে না। আমাদের সরকারি যে টার্মিনাল রয়েছে, সেই নির্ধারিত স্থান থেকেই যেন যাত্রীরা উঠা-নামা করতে পারেন, সেটি নিশ্চিত করতে আমরা এই অভিযানে নেমেছি।


তিনি বলেন, আমরা এখন পর্যন্ত সায়েদাবাদ এলাকার ১০০টির মতো কাউন্টার সিলগালা করেছি। কাউকে কোনো জরিমানা করা হয়নি। আমরা আপাতত কাউন্টার সিলগালা করে দিচ্ছি। পরবর্তীতেও আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। কেউ যদি পুনরায় রাস্তার পাশে কাউন্টার পরিচালনা করতে চায়, তাহলে জরিমানাসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে যেহেতু এখানে তারা দোকান ভাড়া নিয়েছে, তারা চাইলে অন্য ব্যবসা করতে পারবেন। ‎ উলেক্ষ্য, গত ১০ মার্চ নগর ভবনে ডিএসসিসি, ডিএমপি এবং পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় সায়েদাবাদ টার্মিনালের বাইরের সব অবৈধ কাউন্টার উচ্ছেদ এবং টার্মিনালের ভেতরে সুশৃঙ্খলভাবে কাউন্টার বরাদ্দের সিদ্ধান্ত হয়।


এছাড়াও একইদিন পৃথক অভিযান চালিয়ে বায়তুল মোকাররম মার্কেটের দক্ষিণ পাশে জিপিও লিংক রোডের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। দীর্ঘ দিন ধরে ফুটপাত দখল করে থাকা অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করার ফলে পথচারী চলাচলের পথ পুনরায় উন্মুক্ত হয়েছে। ‎ ‎নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে বৃহস্পতিবার ডিএসসিসির পক্ষ থেকে একটি জরুরি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ‎এতে বলা হয়, ডিএসসিসির আওতাধীন সব শপিংমল ও মার্কেটের সামনের ফুটপাতে কোনো প্রকার মালামাল রাখা যাবে না। দখলদারদের নিজ উদ্যোগে অবিলম্বে সব মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ‎ ‎নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকান বা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিলসহ বিদ্যমান আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে ডিএসসিসির এই উচ্ছেদ ও তদারকি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।




পল্লবী ও মহাখালীতে বাসে আগুন। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৩৭ পিএম

রাজধানীর পল্লবী ও মহাখালী এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার ভেতরে এসব আগুনের ঘটনা ঘটে।

ডিএমপির পল্লবী অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাত ৮টা ৫০ মিনিটের দিকে পল্লবীর সিরামিক রোডে মিরপুর লিংক নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। বাসে কোনো যাত্রী ছিল না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পল্লবী থানা–পুলিশ। মহাখালীর আগুনের বিষয়ে গুলশান অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মুহাম্মদ জাহিদ হাসান বলেন, রাত ৯টা ২০ মিনিটের দিকে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের বাসটিতে আগুন লাগে। বাসটি গুলশান থেকে মহাখালীর দিকে আসছিল। কে বা কারা পেছন থেকে আগুন দিয়েছে। তবে কেউ হতাহত হননি।



মুহাম্মদ জাহিদ হাসান বলেন, প্রথমে স্থানীয় লোকজনই আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আসেন। তাঁরা কাজ করছেন।

রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডে বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বাড্ডা অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন প্রথম আলোকে বলেন, যাত্রী সেজে দুজন ব্যক্তি বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।


ককটেল নিক্ষেপ

এদিকে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে ককটেল ছোড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন সামাদ সুপার মার্কেটের সামনে হানিফ ফ্লাইওভারের ওপর থেকে নিচে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার রাত ১০টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি ককটেল বিস্ফোরণ হলেও এতে কেউ হতাহত হয়নি।

দেশে ১৬ নভেম্বর পর্যন্ত গত ১০ দিনে ৪৯টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে ৫৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ সময় ককটেল বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পুলিশের দুটি স্থাপনায়ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় মোট ৩৩টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৬০ জনকে। ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ডিসেম্বরে তাঁর দেশে ফেরার ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কর্মসূচি দিচ্ছেন দলটির নেতা-কর্মীরা। পুলিশ বলছে, এসব কর্মসূচি ঘিরে ঢাকাসহ বিভিন্ন জেলায় গাড়িতে আগুন দেওয়া এবং পুলিশের স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।


মোহাম্মদ সাঈদ খোকন

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:১৫ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)।


এসআরবি সদর দপ্তরের একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এসআরবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।


সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।


এর আগে একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। আদালতে দাখিল করা আবেদনে বলা হয়, অভিযুক্তদের নামে পরিচালিত ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। সাঈদ খোকন ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব সম্পদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক যোগসূত্রের তথ্যও পাওয়া গেছে।


আবেদনে আরও উল্লেখ করা হয়, ব্যাংক হিসাবগুলো থেকে অর্থ স্থানান্তর ও উত্তোলনের আশঙ্কা রয়েছে। ফলে সাঈদ খোকনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের অভিযোগের তদন্ত এবং অবৈধ অর্থ আইনগতভাবে জব্দ করা কঠিন হয়ে পড়তে পারে।


এ ছাড়া এর আগে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১১:৪৫ এএম

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে মিরপুর-১ নম্বর থেকে মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে যাওয়ার পথে তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এছাড়া ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকও করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ নম্বর এলাকায় জড়ো হন। পরে তারা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বরের দিকে এগোতে থাকেন। সেখানে গিয়ে সড়কে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করলে মিরপুর মডেল থানার সামনে পুলিশ তাদের গতিরোধ করে।


এ সময় পুলিশ শ্রমিকদের হাতে থাকা লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার অনুরোধ করে। তবে শ্রমিকরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর-১ ও ১০ নম্বরের মাঝামাঝি এলাকার বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়ে।


পরে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সদস্যরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন। এ সময় সড়কে অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করে মিরপুর মডেল থানায় নেওয়া হয়।

 

এ বিষয়ে ডিএমপির মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম বলেন, সকাল ৯টার দিকে কয়েকশ পোশাক শ্রমিক লাঠি হাতে মিরপুর-১ থেকে ১০ নম্বরের দিকে এসে সড়ক অবরোধের চেষ্টা করেন। আমরা মিরপুর মডেল থানার সামনে ব্যারিকেড দিয়ে তাদের থামানোর চেষ্টা করি। এ সময় তাদের হাতের লাঠি ফেলে দিয়ে শান্তিপূর্ণভাবে সরে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হয়।


তিনি আরও বলেন, শ্রমিকরা পুলিশের অনুরোধ না শুনে ব্যারিকেড ভেঙে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনদুর্ভোগ কমানো ও জানমালের নিরাপত্তার স্বার্থে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করা হয়। ঘটনাস্থল থেকে অস্থিরতা সৃষ্টিকারী কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


অন্যদিকে, একই দাবিতে রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরে দেওয়ার চেষ্টা করে। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে মাইকিংও করে।


পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি মোতায়েন রয়েছে।

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৯ এএম
  • আপডেট : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ২:৩৯ পিএম


সাঈদ খোকন

  • প্রকাশ : মঙ্গলবার ১৭ নভেম্বর, ২০২৬, সময় : ১০:১৯ এএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। 


স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বার্তায় জানানো হয়েছে, বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে এসআরবি-০১-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

বিষয় :


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : রবিবার ১৫ নভেম্বর, ২০২৬, সময় : ১০:৩৮ এএম

রাজধানীর বনানীর কড়াইল বস্তির টিএন্ডটি কলোনিতে অগ্নিকাণ্ডে শাহরিয়ার রহমান শুভ্র (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুড়ে গেছে অন্তত সাত থেকে আটটি বসতঘর ও একটি দোকান।


রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে টিঅ্যান্ডটি কলোনির পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, ভোর ৪টা ৫৩ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে ৬টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় একজন মারা গেছে। 


জানা গেছে, নিহত শাহরিয়ার রহমান শুভ্রর বাবার নাম মো. মনির হোসেন এবং মায়ের নাম মোর্শেদা আক্তার মিতা। তার বর্তমান ঠিকানা টিএন্ডটি কলোনির স্যাটেলাইট গেটে ইসলামের ভাড়াটিয়া হিসেবে। তার স্থায়ী ঠিকানা ঝালকাঠি সদর উপজেলার শিরযুগ গ্রাম।


অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। ছবি: সংগৃহীত

  • প্রকাশ : শুক্রবার ১৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:১২ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক ও উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। সাংস্কৃতিক আয়োজনের নামে আয়োজিত উন্মুক্ত কনসার্টের পর কিশোরদের বেপরোয়া আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই ইসলামি বক্তা।


শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন তিনি।


পোস্টে তিনি লেখেন, লাগামটা ছিঁড়তে দিয়েন না! মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা কেমন প্রজন্ম গড়ে তুলছি?


দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দাদের সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি লেখেন, গভীর ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ! না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে!


উন্মুক্ত কনসার্টের উদ্দেশ্য ও প্রভাব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার ভাষ্য, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব কনসার্ট থেকে বিপথগামী কোনো তরুণ সুপথে ফিরেছে কি না, মাদক ছেড়েছে কি না কিংবা পড়ালেখায় মনোযোগী হয়েছে কি না, তা ভেবে দেখা প্রয়োজন। তিনি আরও প্রশ্ন তোলেন, এসব আয়োজনের মাধ্যমে তরুণদের মানসিক চাপ কমেছে, তারা মাদক ও জুয়া নির্মূলে কাজ করছে, খারাপ সঙ্গ ত্যাগ করেছে কিংবা বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল ও বড়দের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে কি না। নাকি উল্টো উচ্ছৃঙ্খলতা ও মূল্যবোধহীনতাকেই স্বাভাবিক করে তোলা হচ্ছে?


পোস্টে আব্দুল হাই সাইফুল্লাহ বলেন, একদিকে অভিভাবকেরা সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার প্রভাব থেকে দূরে রাখতে চেষ্টা করছেন, অন্যদিকে বিনোদনের নামে আয়োজিত কিছু অনুষ্ঠান বিতর্কিত আচরণকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি করছে।


তিনি লেখেন, সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট হোক, ধর্মীয় আয়োজন হোক কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, কোনোটিই যেন কিশোরদের বিপথে নেওয়ার উপলক্ষ না হয়।