দেশের বীমা খাত নিয়ে কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে, তা তুলে ধরে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটি ব্যাংকিং ব্যবস্থার চেয়ে ‘ভালো কিছু নয়’।
তিনি বলেন, বীমা খাতে যখন হাত দিয়েছেন, সব ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে।
শনিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বীমা ও ব্যাংকিং ব্যবস্থা ছাড়াও কাস্টমস, জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর নিয়ে কথা বলেন অর্থমন্ত্রী।বীমা খাতের অবস্থা ‘ব্যাংকিং ব্যবস্থার মতোই ভালো কিছু নয়’ মন্তব্য করে আমির খসরু বলেন, “ব্যাংকিং সিস্টেমটা যে জায়গায় গিয়েছে, ইনস্যুরেন্সও কিন্তু একই জায়গায় গিয়েছে।”
তিনি বলেন, “কিন্তু আমি যখনই ইনস্যুরেন্স সেক্টরে হাত দিলাম, দেখলাম যে একই অবস্থা। ইনস্যুরেন্স কোম্পানিগুলো মিসইউজ করেছে। আপনার ক্লেইম পেমেন্ট করছে না, কিন্তু নিজেরা প্রপার্টি কিনেছে।
“নিজেরা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করছে, পার্সোনালি ইনভেস্টমেন্ট করছে, আবার ইনস্যুরেন্সের টাকাও ইনভেস্টমেন্ট করছে। মানে, কী যে একটা অবস্থা।”অর্থমন্ত্রী বলেন, “এখন এইখানে আমরা যখন হাত দিয়েছি, সব পাওয়ারফুল লোকজন আবার রেজিস্ট করতে আরম্ভ করছে। কারণ তারা অনেক দিন ধরেই অতিরিক্ত সুবিধা নিচ্ছে। আপনি যেখানে হাত দেবেন, সেখানেই সমস্যা।”
বীমা খাতে অনিয়মের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, একটি আমদানি চালানের বিপরীতে ২০ লাখ টাকা প্রিমিয়াম পাওয়ার কথা থাকলেও তা পরিশোধ করা হয়নি। অথচ বীমা সুরক্ষা ব্যবহার করে পণ্য আমদানি করা হয়েছে।
“পণ্য দেশে আসার পরও প্রিমিয়াম জমা না দেওয়ার ঘটনা ঘটছে। এতে সরকারের রাজস্ব আসছে না, বীমা কোম্পানি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থায় অনিয়মের সুযোগ তৈরি হচ্ছে।”
আমির খসরু বলেন, “আমরা যখন এসব বিষয়ে হাত দিচ্ছি, তখন অনেক সমস্যা সামনে আসছে। শুধু বীমা খাত নয়, ব্যাক-টু-ব্যাক এলসিসহ বিভিন্ন ক্ষেত্রেও তথ্যের সমন্বয় ও স্বচ্ছতার ঘাটতি রয়েছে। এসব সমস্যা দূর করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে একই ব্যবস্থার আওতায় আনতে হবে।”
কাস্টমস ও এনবিআর নিয়ে তিনি বলেন, দেশ-বিদেশের যেখানে যান সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস এবং জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর সম্বন্ধে ‘নেতিবাচক’ কথা শুনতে হয়।
মন্ত্রী ভাষ্য, “আমি শুধুমাত্র একটা বিষয় আপনাদের সবাইকে বলব যে, আমি নিজেও চেষ্টা করছি, প্রাইম মিনিস্টার চেষ্টা করছেন, গভর্নর চেষ্টা করছেন। যেটা হচ্ছে, যেকোনো প্রক্রিয়া অংশীজনদের সঙ্গে পরামর্শ করে করতে হবে। আমরা সকল স্টেকহোল্ডারদের সঙ্গে প্রতিনিয়ত আলোচনা করতে আগ্রহী।”
শুধু এনবিআর না, সবকিছুর বিষয়ে পরামর্শ গ্রহণ প্রক্রিয়া চালিয়ে যেতে চান তুলে ধরে আমির খসরু বলেন, “আমি আগেও বলেছি, সাহস করে কিছু কথা বলতে হবেতো। সংস্কার নিয়ে সরকার যতই জোরালো উদ্যোগ বা আগাম প্রস্তুতি নিক না কেন, অংশীজনরা এগিয়ে না এলে তা হবে না।”
সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার সংস্কার করতে প্রস্তুত আছে, ‘বেদনাদায়ক’ সিদ্ধান্ত নিতে প্রস্তুত আছে।
অর্থমন্ত্রী বলেন, সেই ‘বেদনাদায়ক’ সিদ্ধান্ত নিয়ে যদি দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, দেশের মানুষ ভালো থাকে, সেটাকে রাজনৈতিক সরকারের কর্তব্য মনে করেন তিনি।
দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে ‘লোকাল এলসির’ তথ্য আদান প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্লাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ এর উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: সংগৃহীত
ছবি : সংগৃহীত
দেশের অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক কর কাঠামোর আওতায় আনতে বড় উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর অংশ হিসেবে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের জন্য চিহ্নিত করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই ব্যবসায় শনাক্তকরণ নম্বর (বিআইএন) নেই। এনবিআরের ভ্যাট নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর বিস্তারিত তথ্য ইতিমধ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেটগুলোতে পাঠানো হয়েছে। তালিকায় প্রচলিত ই-কমার্স প্রতিষ্ঠানের পাশাপাশি ফেসবুকভিত্তিক ব্যবসা বা এফ-কমার্স প্রতিষ্ঠানও রয়েছে।
ভ্যাট গোয়েন্দা বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর অধিকাংশেরই বিআইএন নেই। এমনকি তারা আনুষ্ঠানিক ব্যবসা পরিচালনার নিয়মকানুন সম্পর্কেও সচেতন নন।
ওই কর্মকর্তা বলেন, দেশের অর্থনীতিতে অনেক ব্যবসা এখনো আনুষ্ঠানিক কাঠামোর বাইরে পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন এমন গৃহিণীরাও, যারা বাড়িতে বসে অনলাইনে পণ্য বিক্রি করেন। এসব ব্যবসাকে আনুষ্ঠানিক কাঠামোয় আনার বিষয়ে সচেতনতা ও আগ্রহ কম। অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে।
তিনি জানান, ভ্যাট কমিশনারেটগুলো পাঠানো তথ্য যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে পুরো প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগতে পারে।
ই-কমার্স ও কুরিয়ার সেবা খাত নিয়ে পরিচালিত এক গবেষণার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গবেষণায় খাত দুটিকে রাজস্ব আদায়ের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়।
ভ্যাট গোয়েন্দা বিভাগের ওই কর্মকর্তার মতে, একটি অনলাইন প্রতিষ্ঠানের লেনদেনের পরিমাণ কম হলেও সম্মিলিতভাবে পুরো খাতের আর্থিক কর্মকাণ্ডের পরিমাণ অনেক বড়। এসব ব্যবসা আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় এলে তাদের প্রকৃত আর্থিক লেনদেন ও ব্যবসায়িক কার্যক্রমের হিসাব পাওয়া যাবে। এর ইতিবাচক প্রভাব পড়বে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি)।
২৯ রেস্তোরাঁর বিক্রির হিসাবে গরমিল
এদিকে, পৃথক এক অনুসন্ধানে ২৯টি রেস্তোরাঁর বিক্রির তথ্যে বড় ধরনের অসংগতি পেয়েছে এনবিআরের ভ্যাট গোয়েন্দা বিভাগ। ফুড ডেলিভারি প্ল্যাটফর্মে এসব রেস্তোরাঁর বিক্রির যে তথ্য রয়েছে, ভ্যাট রিটার্নে তার চেয়ে অনেক কম বিক্রি দেখানো হয়েছে।
২০২৬ সালের আগস্ট মাসের বিক্রির তথ্য নিয়ে এই অনুসন্ধান চালানো হয়। এ জন্য ফুডপ্যান্ডা, ফুডি ও পাঠাও ফুড—এই তিনটি অনলাইন খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলোর দাখিল করা ভ্যাট রিটার্নের তুলনা করা হয়।
তদন্তে দেখা গেছে, বেশ কয়েকটি রেস্তোরাঁ অনলাইন প্ল্যাটফর্মে নথিভুক্ত বিক্রির তুলনায় ভ্যাট রিটার্নে উল্লেখযোগ্য পরিমাণ কম বিক্রি দেখিয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানের প্রকৃত লেনদেন ও রাজস্ব আদায়ের হিসাব যাচাইয়ের প্রয়োজন দেখা দিয়েছে।
অনলাইন ব্যবসা ও রেস্তোরাঁ খাতের এসব অনিয়ম ও অসংগতি যাচাইয়ের মাধ্যমে করজাল সম্প্রসারণ এবং রাজস্ব আদায় বাড়াতে চায় এনবিআর।
ছবি : সংগৃহীত
একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা।
বাজুস জানিয়েছে, স্বর্ণালঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলঙ্কার পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পুরোনো স্বর্ণ কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দাম কার্যকর থাকবে।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রতি ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯৭ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ দুই দিনেই প্রতি ভরিতে স্বর্ণের দাম বেড়েছে ২ হাজার ১০০ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৯ বার দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৭ বার এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ৮০ বার সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ৪৪ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে রুপার দাম সমন্বয় করা হয়েছিল ১৩ বার। তখন ১০ বার দাম বাড়ানো এবং তিনবার কমানো হয়েছিল।
ছবি : সংগৃহীত
সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৩ টাকা বাড়িয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা করা হয়েছে। তবে খোলা পাম তেলের দাম লিটারপ্রতি ১৬৬ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশের ভোজ্যতেলের মজুত, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হয়। এসব তথ্য পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়।
সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তরফে বলা হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। এতে ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে।
রোজায় দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে দাম সমন্বয়ের দাবি জানান তারা।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছবি: সংগৃহীত
নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে একগুচ্ছ শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের আমদানির ওপর ধার্য করা এই নতুন করের আওতায় পড়তে যাচ্ছে দেশটির শীর্ষ বাণিজ্যিক অংশীদার চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশসহ আরও ১২টি অর্থনৈতিক অঞ্চল।বুধবার (২৫ নভেম্বর) বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব বাণিজ্য নীতি নিয়ে এগিয়ে যাওয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। আমেরিকায় আমদানির ওপর আরোপিত এই নতুন শুল্ক দেশটির অনেক বড় বাণিজ্য অংশীদার—চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং আরও ১২টি দেশের ওপর প্রভাব ফেলবে।
মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের পূর্বে ঘোষিত ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর, মার্চ মাসে অন্যান্য দেশের বাণিজ্য নীতি নিয়ে হোয়াইট হাউসের তদন্তের পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চীনের ওপর সর্বোচ্চ ‘৪০% পর্যন্ত’ শুল্ক আরোপ করা হয়েছে, এরপর ভিয়েতনামের ওপর ৩৫% পর্যন্ত এবং বাকি দেশগুলোর ওপর ২০% বা ২৫% শুল্ক আরোপ করা হয়েছে।
ট্রাম্পের সম্মত হওয়া শুল্কের সর্বোচ্চ সীমা নির্ধারণের কারণে এই হারগুলোর কয়েকটি কার্যকরভাবে হ্রাস পাবে। তথাকথিত ‘ধারা ৩০১’ তদন্তের আওতায় থাকা দেশগুলো হলো: চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান এবং ভারত।
ধারা ৩০১ তদন্তের আওতায় বিদেশি সরকারগুলোর আচরণ ও নীতি এবং সেগুলো মার্কিন ব্যবসা, শ্রমিক ও ভোক্তাদের ওপর অন্যায়ভাবে প্রভাব ফেলে কি না, তা খতিয়ে দেখা হয়। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে বারবার শুল্ক আরোপের হুমকি দিয়েছেন বা তা আরোপ করেছেন, এই যুক্তিতে যে এই নীতি আমেরিকান উৎপাদন বৃদ্ধি করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে।