উপমহাদেশের সংগীত ভুবনের এক আলোকিত নাম বাপ্পি লাহিড়ী। সংগীতের এই জাদুকর তার কালজয়ী গান দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করে নেন। মৃত্যুর পরও তিনি ভক্তদের হৃদয়ের গভীরেই রয়ে গেছেন। গানের প্রতি যেমন তার অনুরাগ ছিল, তেমনি স্বর্ণের প্রতি অগাধ ভালোবাসার জন্যও ছিলেন অনন্য। গলায় একাধিক মোটা চেন, হাতে ব্রেসলেট আর চোখে কালো চশমায় তিনি দর্শক মাতাতেন।
কেজি কেজি মূল্যবান স্বর্ণ সবসময় থাকত তার গলায়, হাতে। সোনালি পরশের তার সেই স্বতন্ত্র লুক আজও অনুরাগীদের স্মৃতিতে উজ্জ্বল। এই সময়ের স্বর্ণের উচ্চ মূল্যের বাজারে তার সংগ্রহে ঠিক কতটা স্বর্ণ ছিল এবং বর্তমান বাজারদরে সেই গয়নার মূল্য কত—এ নিয়েই চলছে বিস্তর আলোচনা।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে জমা দেওয়া হলফনামায় নিজের সম্পত্তির তথ্য প্রকাশ করেছিলেন বাপ্পি লাহিড়ী। সেই নথি অনুযায়ী, তার নিজের নামে ছিল ৭৫৪ গ্রাম স্বর্ণের গয়না এবং স্ত্রী চিত্রাণী লাহিড়ীর নামে ছিল ৯৬৭ গ্রাম স্বর্ণ। অর্থাৎ দুজনের মিলিত স্বর্ণের পরিমাণ ১ কেজি ৭২১ গ্রাম। পাশাপাশি বিপুল পরিমাণ রুপা ও হীরার গহনার তথ্যও সেখানে ছিল। তবে তার ব্যবহৃত স্বর্ণ যে হলফনামায় দেওয়া পরিমাণের চেয়ে অনেক কম, তা সবাই জানেন।
বর্তমানের বাজারদর অনুযায়ী, ২২ ক্যারেট হলমার্ক স্বর্ণের দাম হিসাব ধরলে বাপ্পি লাহিড়ীর ঘোষিত ৭৫৪ গ্রাম স্বর্ণের আনুমানিক মূল্য দাঁড়ায় ১ কোটি ২৭ লাখ ২৪ হাজার টাকা বেশি। অন্যদিকে, স্ত্রীর স্বর্ণসহ সব মিলিয়ে তাদের ঘোষিত স্বর্ণের বর্তমান বাজারমূল্য ২ কোটি ৯০ লাখ ৪২ হাজার টাকা কাছাকাছি।২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি মারা যান সংগীতের কিংবদন্তি বাপ্পি লাহিড়ী। তার মৃত্যুর পর ছেলে বাপ্পা জানিয়েছিলেন, বাবার প্রিয় গহনাগুলো পরিবারের তরফে সংরক্ষণ করে রাখার ইচ্ছা রয়েছে। গান, সুর আর নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টের পাশাপাশি স্বর্ণের প্রতি দুর্বলতা তার অনুরাগীদের মনে চিরকাল ভাস্বর হয়ে থাকবে।
সূত্র: এইসময় অনলাইন
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
ফের সংসার ভাঙার খবর জানালেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। স্বামী মহসিন মেহেদীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে নিজেই এ খবর নিশ্চিত করেন এই সংগীতশিল্পী।
ইংরেজিতে দেওয়া ওই স্ট্যাটাসে ন্যান্সি লেখেন, ‘মেহেদী এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে পথচলার একসময় অনেক অর্থ ছিল, তার সমাপ্তি ঘটেছে। একসঙ্গে কাটানো বছরগুলোর স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি লেখেন, ‘যারা আমাদের নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ভালোবাসা দিয়ে পাশে ছিলেন, এই সময়ে তাদের কাছে আমার অনুরোধ, বিষয়টি বুঝবেন, আমাদের সিদ্ধান্তকে সম্মান করবেন এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সহযোগিতা করবেন।’
এ সংগীতশিল্পী লেখেন, ‘জীবন নিজের নিয়মেই এগিয়ে চলে। আমি শক্তি, মর্যাদা ও শান্তির সঙ্গে জীবনের নতুন অধ্যায়কে গ্রহণ করতে চাই। সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ।’
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে পারিবারিক আয়োজনে গীতিকার ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রেকর্ডিং মিডিয়ার চিফ অপারেটিং অফিসার (সিওও) মহসিন মেহেদীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ন্যান্সি। এটি ছিল সংগীতশিল্পীর তৃতীয় বিয়ে।
প্লেব্যাক ও আধুনিক গানে জনপ্রিয়তা পাওয়া ন্যান্সি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিকবার মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।
সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি এ পর্যন্ত তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন তিনি। এই সংসারে তাদের মার্জিয়া বুশরা রোদেলা নামে এক কন্যাসন্তান রয়েছে এবং ২০১২ সালে তাদের বিচ্ছেদ ঘটে।
২০১৩ সালের ৪ মার্চ তিনি ময়মনসিংহ পৌরসভার তৎকালীন কর্মকর্তা নাজিমুজ্জামান জায়েদকে বিয়ে করেন। এই সংসারে তাদের নায়লা নামে এক কন্যাসন্তান জন্ম নেয় এবং ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়।
পরে ২০২১ সালের আগস্ট মাসে তিনি গীতিকবি ও সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম মিউজিকের কর্মকর্তা মহসিন মেহেদীকে বিয়ে করেন। এই সংসারেও তাদের মেহনাজ নামে এক কন্যাসন্তান রয়েছে।
মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’। একের পর এক রেকর্ড গড়ে মুক্তির ১৯ দিনেই বিশ্বজুড়ে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ১ হাজার ৭০৪ কোটি ৬৫ লাখ রুপি। একই সময়ে ভারতের বাজারে সিনেমাটির নিট আয় ৯৫৫ কোটি ৪৫ লাখ রুপি। ফলে ভারতীয় বক্স অফিসে ১ হাজার কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছে সিনেমাটি।
নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন রণবীর কাপুর, সাই পল্লবী, যশ, সানি দেওল, রবি দুবে ও লারা দত্তসহ অনেকে।
বক্স অফিসের তথ্য বিশ্লেষণকারী ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৯তম দিনে ভারতে সিনেমাটি আয় করেছে ১২ কোটি ৭০ লাখ রুপি। এদিন ১৫ হাজার ৬৯৬টি শো থেকে এ আয় আসে। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে আয় ৯ কোটি ২৫ লাখ রুপি। এ ছাড়া মালয়ালমে ১ কোটি ৫০ লাখ, কন্নড়ে ৮৫ লাখ, তামিলে ৮০ লাখ এবং তেলুগু সংস্করণ থেকে ৩০ লাখ রুপি আয় হয়েছে।
বিদেশের বাজার থেকে সিনেমাটির আয় ৫৬৭ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী মোট আয় ১ হাজার ৭০৪ কোটি ৬৫ লাখ রুপি। এই আয়ে ‘ধুরন্ধর ২’-কে প্রায় ৭০ কোটি রুপির ব্যবধানে পেছনে ফেলেছে ‘রামায়ণ’।এদিকে হিন্দি সংস্করণে ৭০০ কোটি রুপি নিট আয়ের মাইলফলকও অতিক্রম করেছে সিনেমাটি। রণবীর কাপুরের ক্যারিয়ারে ভারতের বাজারে এটিই এখন সর্বোচ্চ আয়কারী সিনেমা। এর আগে তার ‘অ্যানিমেল’ সিনেমার আয় ছিল ৫৫৩ কোটি ৮৭ লাখ রুপি।
বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ জানিয়েছেন, তৃতীয় সপ্তাহের শেষ দিকে দর্শক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে সামনে নতুন সিনেমা মুক্তি পাওয়ায় ‘রামায়ণ’-এর আয়ের গতি ধরে রাখা বড় চ্যালেঞ্জ।
প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমাটিকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম উচ্চাভিলাষী প্রযোজনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এখন দেখার বিষয়, ভারতের বাজারে ১ হাজার কোটি রুপি নিট আয়ের রেকর্ড গড়তে পারে কি না ‘রামায়ণ’।
সূত্র: এনডিটিভি
‘প্রিয় বাংলাদেশ, আজ আমার হৃদয়ে অনেক কথা জমে আছে। জানি, আপনারা আমাকে ঘিরে অনেক স্বপ্ন দেখেছেন, অনেক আশা করেছেন। আমার জন্য এত ভালোবাসা, এত দোয়া, এত ভোট এবং এতটা সময় দিয়েছেন- সত্যিই আমি কৃতজ্ঞ।’ মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার পর বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই নিজের মনের কথা তুলে ধরেছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। ‘বাংলাদেশই আমার পরিচয় ও আমার গর্ব’- এভাবেই তিনি দর্শকদের ভালোবাসাকে কৃতজ্ঞতা জানিয়েছেন।
পুয়ের্তো রিকোয় বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। শুরুর এক ঘণ্টা আগেও দর্শকের ভোটে এগিয়ে ছিলেন সামিরা খান। তবে শেষ পর্যন্ত জায়গা করে নিতে পারলেন না সেরা ৩০-এ। শেষ পর্যন্ত আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’-এর ৭৫তম আসরে বিজয়ীর মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো।
অনাকাঙ্ক্ষিত বিদায়ের পর দীর্ঘ এক স্ট্যাটাসে মাহি নিজের পাশাপাশি বাংলাদেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, বিশ্বমঞ্চে দেশের নাম আরও উজ্জ্বল করার প্রবল ইচ্ছা নিয়েই তিনি নেমেছিলেন এবং নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন। দিনরাত পাশে থেকে সমর্থন ও ভোট দেওয়ার জন্য ভক্ত-অনুরাগীদের প্রতি অকৃত্রিম ঋণ স্বীকার করেন এই মডেল ও অভিনেত্রী।তবে প্রত্যাশার প্রতিদান দিতে না পারায় আক্ষেপ ঝরেছে তার কণ্ঠে। মাহি লিখেছেন, দর্শকদের প্রত্যাশা অনুযায়ী গর্বিত করতে না পারার জন্য তিনি আন্তরিকভাবে দুঃখিত। তার মতে, জীবনের প্রতিটি প্রচেষ্টা সবসময় কাঙ্ক্ষিত ফল দেয় না, কিন্তু সেই অভিজ্ঞতা ও মুহূর্তগুলোর মূল্য কখনোই ফুরিয়ে যায় না।
সবশেষে নিজের প্রাপ্তিকে ছাপিয়ে দেশবাসীর ভালোবাসাকেই সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন সামিরা খান মাহি। তিনি স্পষ্ট করেছেন, বাংলাদেশই আমার পরিচয় ও আমার গর্ব। দর্শকদের এই ভালোবাসাকে পুঁজি করেই আগামী দিনে এগিয়ে যেতে চান তিনি। সব ধরনের সহযোগিতা ও বিশ্বাসের জন্য দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে স্ট্যাটাসের ইতি টানেন মাহি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থের জোগান এবং আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় তার ভূমিকা তদন্ত করতে এই রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার এজাহারে জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জ্যোতিকা জ্যোতির রিমান্ড শুনানি বুধবার বিকেল ৩টায় আদালতের কার্যতালিকায় উঠতে পারে।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় জ্যোতির সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের সত্যতা যাচাই, অন্যদের সঙ্গে তার যোগাযোগ ও সমন্বয়ের তথ্য জানতে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে তদন্তকারী সংস্থা।
মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এজাহারভুক্ত ২০ আসামির বিরুদ্ধে আন্দোলন দমনে অর্থের জোগান দেওয়ার অভিযোগ রয়েছে। তাদের মধ্যে জ্যোতিও একজন।
রিমান্ড আবেদনে জ্যোতিকে জিজ্ঞাসাবাদের পাঁচটি কারণ উল্লেখ করেছে পুলিশ। সেগুলো হলো: ১. মামলার এজাহারভুক্ত পলাতক আসামিদের পূর্ণাঙ্গ পরিচয় ও অবস্থান শনাক্ত করা; ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের ভূমিকা এবং পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের তথ্য সংগ্রহ করা; আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও অন্যান্য আলামত সম্পর্কে তথ্য সংগ্রহ এবং সেগুলো উদ্ধারের চেষ্টা করা; ঘটনার সঙ্গে জ্যোতিকা জ্যোতির কথিত সংশ্লিষ্টতা যাচাই, সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্রের সত্যতা পরীক্ষা করা; ও আন্দোলন দমনে অর্থের জোগান, সংশ্লিষ্টদের যোগাযোগ ও সমন্বয়ের অভিযোগ তদন্ত করে তাদের ভূমিকা নির্ধারণ করা।
পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলেও আবেদনের এক অংশে পাঁচ দিনের রিমান্ডের প্রয়োজনীয়তার কথা উল্লেখ রয়েছে। শুনানি শেষে রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।
চিত্রনায়িকা মিষ্টি জান্নাত
র্যাম্পে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পড়ে আহত হয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।পরে তাকে সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, অনুষ্ঠানে র্যাম্পে হাঁটতে শুরু করেন মিষ্টি জান্নাত। কিছুদূর এগিয়ে যাওয়ার পর হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি।পরে তাকে কোলে করে অনুষ্ঠানস্থলের বাইরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
মিষ্টি জান্নাতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে, গত তিন দিন ধরে জ্বর ও বমিতে ভুগছিলেন তিনি। অসুস্থতা নিয়েই অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন।একপর্যায়ে মাথা ঘুরে পড়ে যান। এতে তার পায়ের লিগামেন্টে আঘাত লাগে।
এদিকে দুর্ঘটনার খবর প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমকে বিতর্কিত শিরোনাম বা ক্যাপশন ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী। এ বিষয়ে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘কোনো রকম কনট্রোভার্সিয়াল ক্যাপশন আপনারা দেবেন না। স্পেশালি আমি কোনো নায়িকা, নায়ক নিয়ে কিছুই বলি না।আপনারা প্রশ্ন করেন, আমি উত্তর দিই। কিন্তু কারও ছবি আমার ইন্টারভিউ বা ভিডিওর মধ্যে লাগিয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। হাত জোড় করে সবাইকে অনুরোধ করছি।’
পোস্টে মিষ্টি জান্নাত আরো জানান, মিডিয়ার সবাই তার কাছের মানুষ। কোনো ধরনের দলাদলি পছন্দ করেন না তিনি। পাশাপাশি পায়ের লিগামেন্টে গুরুতর আঘাত ও জ্বরে আক্রান্ত হওয়ার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
মামুনুর রশীদ
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিন দিন ধরে চিকিৎসা নিচ্ছেন এই অভিনেতা। বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা সুজাত শিমুল।
তিনি বলেন, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গেল পাঁচ-ছয় দিন ধরে তিনি অসুস্থ। এরপর তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। আজ সন্ধ্যায় চিকিৎসারা তার স্বাস্থের বিষয়ে বিস্তারিত জানাবেন। এর আগেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে থাকতে হয়েছিল তাকে। ২০২৫ সালের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবারও অভিনয়ে ফিরেছিলেন তিনি।
বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনেতা হিসেবে পরিচিতির পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও রয়েছে তার বিশেষ খ্যাতি। ১৯৭২ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।
১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। তার বাবা হারুনুর রশীদ এবং মা রোকেয়া খানম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তার। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় সেই পথচলা। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চায় আরও গভীরভাবে যুক্ত হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তার লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।
মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন এই গুণী শিল্পী। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।