ছবি: সংগৃহীত
জাকির নায়েক
ইসলামিক বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ বা আইআরএফ-এর বিরুদ্ধে চাপ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সংগঠনের তহবিল আটকাতে এবং সম্পত্তিতে প্রবেশাধিকার সীমিত করতে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। আইআরএফ-এর ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা বাড়ানোর কয়েক দিনের মধ্যেই এই পদক্ষেপ এল।
বৃহস্পতিবারের (২৬ নভেম্বর) প্রজ্ঞাপনে জানানো হয়, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-এর ৪২ ধারার অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ইউএপিএ-এর ৭ ও ৮ ধারার ক্ষমতা দেওয়া হয়েছে। গত ১৩ নভেম্বর আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করে কেন্দ্র।
নতুন ক্ষমতায় ইউএপিএ-এর ৭ ধারা অনুযায়ী রাজ্যগুলো সংগঠনের অর্থ, জামানত বা ঋণের লেনদেন ও স্থানান্তর লিখিত আদেশে বন্ধ করতে পারবে। সরকারের লিখিত অনুমতি ছাড়া এসব অর্থ ব্যবহার করা যাবে না এবং নিযুক্ত গেজেটেড কর্মকর্তা নথি ও লেনদেন তদন্ত করতে পারবেন।
পাশাপাশি ৮ ধারায় আইআরএফ-এর কাজে ব্যবহৃত বাড়ি, ভবন, তাঁবু বা নৌযান চিহ্নিত করা যাবে। জেলা ম্যাজিস্ট্রেট অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি, সন্দেহভাজন সামগ্রীর ব্যবহার নিষিদ্ধ এবং অনাবাসীদের প্রবেশ সীমিত করতে পারবেন। এ ছাড়া অন্তত সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ওই স্থানে থাকা বা প্রবেশকারী যেকোনো ব্যক্তিকে তল্লাশি করার ক্ষমতা পাবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে সাক্ষাৎকার দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার অভিযোগ, ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়টের ক্ষেপণাস্ত্র পেতে দেরি হচ্ছে। এতে রুশ হামলায় ইউক্রেনীয়দের প্রাণহানি বাড়ছে। একই সঙ্গে শান্তি আলোচনায় রাশিয়ার ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করা হচ্ছে না। কিয়েভে নিজের কার্যালয়ে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জেলেনস্কি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে উপস্থাপন করা একটি ছবির প্রসঙ্গেও কথা বলেন তিনি। বিষয়টিকে ‘অদ্ভুত’ উল্লেখ করে জেলেনস্কি বলেন, একজন আগ্রাসী ও হত্যাকারী কখনো বন্ধু হতে পারেন না। কিছুতেই না। বিষয়টি অনেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অ্যাডলফ হিটলারের সঙ্গে বন্ধুত্বের কথা বলার মতো।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তিচুক্তির জন্য দীর্ঘদিন ধরে কাজ করছেন ট্রাম্পের দুই দূত। তবে জেলেনস্কির অভিযোগ, অনেক সময় তাদের অবস্থান কিয়েভের চেয়ে মস্কোর অবস্থানের সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়।
চলতি মাসের শুরুতে আবুধাবিতে অনুষ্ঠিত শান্তি আলোচনার সর্বশেষ পর্বে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এ বিষয়ে জেলেনস্কি বলেন, ‘আমরা যত বেশি জানি, সমস্যা তত বাড়ে।’ আগামী ডিসেম্বরে আলোচনা আবার শুরু হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলেনস্কির মতে, শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণ নিয়ে মার্কিন প্রতিনিধিদের বার্তা স্পষ্ট নয়। এ ক্ষেত্রে ক্রেমলিনও প্রতিবন্ধকতা তৈরি করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করতে পারে-এমন প্রকৃত সহযোগী ও বন্ধুদের প্রয়োজন তাদের।
যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে হতাশা প্রকাশ করে জেলেনস্কি বলেন, আগ্রাসনকারীর প্রতি অতিরিক্ত নিরপেক্ষ থাকার চেষ্টা করলে তা ভুক্তভোগী ও আগ্রাসনকারী-উভয় পক্ষকে সমর্থন করার শামিল। এটি ঠিক নয়। তবে যুক্তরাষ্ট্র দুই পক্ষের মধ্যে টেকসই শান্তিচুক্তির প্রচেষ্টায় নিজেদের নিরপেক্ষ বলে দাবি করে।
ক্ষেপণাস্ত্রের ঘাটতি নিয়ে অভিযোগ
রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা নিয়েও কথা বলেন জেলেনস্কি। তার ভাষ্য, ইউক্রেনের সামরিক বাহিনী রাশিয়ার দ্রুতগতির ড্রোনের প্রায় ৭০ শতাংশ ধ্বংস করতে পারছে। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য প্রয়োজনীয় ইন্টারসেপ্টরের বড় ঘাটতি রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহে দেরি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে বেশি মনোযোগ দিচ্ছে এবং সেখানে বেশি সহায়তা দিচ্ছে। ক্ষেপণাস্ত্রের ঘাটতির অর্থ মানুষের প্রাণহানি।
ইউক্রেনের অধিকৃত এলাকাগুলোতে মার্কিন স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারলিংক ও এর সামরিক সংস্করণ স্টারশিল্ডের ব্যবহার সীমিত থাকার বিষয়টিও নিশ্চিত করেন জেলেনস্কি। এ সিদ্ধান্তের পেছনে কারা রয়েছে, এমন প্রশ্নে তিনি বলেন, প্রযুক্তিগতভাবে বিষয়টি স্পেসএক্সের এবং রাজনৈতিকভাবে কার সিদ্ধান্ত, তা তিনি জানেন না।
কঠিন শীতের প্রস্তুতি
এদিকে শীত সামনে রেখে ইউক্রেনের পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। রাশিয়ার হামলায় দেশটির বিদ্যুৎকেন্দ্র, সেতু ও অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিয়েভসহ বড় শহরগুলোতে নিয়মিত ড্রোন হামলা চলছে। বিদ্যুৎ বিভ্রাট ও সরবরাহব্যবস্থায় বিঘ্নের কারণে অনেক বাসিন্দা শহর ছেড়ে যাচ্ছেন। কিছু ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে।
জেলেনস্কি বলেন, রাশিয়া চায় ইউক্রেনের মানুষ দেশ ছেড়ে চলে যাক। তবে রাজধানী রক্ষায় তারা সর্বাত্মক চেষ্টা করবেন। তার ভাষায়, ‘মানুষ চলে যেতে পারে, কিন্তু আমরা যেকোনো উপায়ে আমাদের রাজধানী রক্ষা করার চেষ্টা করব। আমাদের রাজধানী প্রয়োজন। রাজধানী ছাড়া কোনো দেশ হয় না।’
এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে দূরপাল্লার হামলা বাড়িয়েছে ইউক্রেন। এর মধ্যে তেল শোধনাগার এবং অস্ত্র ও জ্বালানি বহনকারী জাহাজ রয়েছে। পূর্ব লিবিয়ায় নোঙর করা রুশ যুদ্ধজাহাজ মের্কুরিতে হামলার ঘটনাকে ‘ন্যায্য’ বলে উল্লেখ করেছেন জেলেনস্কি। তবে এ ধরনের হামলা বিপজ্জনক বলেও স্বীকার করেন তিনি। তার দাবি, সহযোগীদের সঙ্গে সমন্বয় না করে ইউক্রেনীয় বাহিনী কখনো হামলা চালায় না।
নিহত রাধিকা কুমারী (২০) ও মিনি প্রিয়া (২৮)
ভারতের ঝাড়খণ্ডের গুমলা জেলায় দুই নারীকে হত্যার পর পাশের জেলার জঙ্গলে মরদেহ পুঁতে রাখার অভিযোগে দুই সহোদর ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের মা-বাবাকেও আটক করা হয়েছে। নিহত দুই নারী হলেন মিনি প্রিয়া (২৮) ও রাধিকা কুমারী (২০)। হত্যার অভিযোগে গ্রেপ্তার দুই ভাই শিব শঙ্কর সাহু ও নবীন সাহু। তাদের বাবা সমেশ্বর সাহু এবং মা তিলেশ্বরী দেবীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, পেশায় অ্যাম্বুলেন্সচালক শিব শঙ্কর ও তার ভাই নবীন গত সোমবার (২৩ নভেম্বর) নিজেদের স্ত্রীদের হত্যা করেন। এরপর শিব শঙ্করের অ্যাম্বুলেন্সে করে মরদেহ দুটি সিমডেগা জেলার একটি জঙ্গলে নিয়ে মাটির নিচে লুকিয়ে রাখেন।
গুমলার পুলিশ সুপার হারিস বিন জামা বার্তা সংস্থা পিটিআইকে জানান, দুই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ ও ঝগড়া চলছিল। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যেও অসন্তোষ তৈরি হয়। তবে হত্যাকাণ্ডের দুই দিন আগে দুই নারীর মধ্যকার বিরোধের অবসান হয়েছিল।
পুলিশ সুপার বলেন, ‘মঙ্গলবার ওই দুই ভাই প্রথমে পুলিশকে জানান যে তাদের স্ত্রীরা কিছু না জানিয়েই বাড়ি ছেড়ে চলে গেছেন। তবে পুলিশের টানা জিজ্ঞাসাবাদের মুখে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।’
অভিযুক্তদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সিমডেগার জঙ্গল থেকে মাটি খুঁড়ে দুই নারীর মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য পাঠায়।
পুলিশ জানায়, ঘটনার দিন সোমবার সকাল ৯টার দিকে নিহত দুই নারীর পরিবারের সদস্যরা তাদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছিলেন। সে সময় তাদের কথাবার্তায় অস্বাভাবিক কিছু মনে হয়নি পরিবারের সদস্যদের।
হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুঠার এবং মরদেহ বহনে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।
জীবনের শেষ প্রান্তে এসে নতুন করে ভালোবাসার সন্ধান পেয়েছেন ভারতের হিমাচল প্রদেশের ৭৫ বছর বয়সী কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সী সাবিনা। পরিবারের সমর্থন ও সঙ্গহীন এই দুই মানুষ একে অপরের মধ্যে খুঁজে পেয়েছেন বেঁচে থাকার অবলম্বন। পরিচয় থেকে বন্ধুত্ব, এরপর বিশ্বাস ও ভালোবাসা-শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমেই বিয়ের সিদ্ধান্ত নেন তারা।
বুধবার হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার দয়োলির ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সকাল সাড়ে ১১টার দিকে আনন্দঘন পরিবেশে মালাবদল করেন তারা। এরপর হয় বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার উপকমিশনার কিরণ ভাদানা। তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান।কিরণ ভাদানা বলেন, ‘জীবন সব সময়ই দ্বিতীয় সুযোগ দেয়। আমাদের উচিত সেই সুযোগ গ্রহণ করে আনন্দের সঙ্গে সামনে এগিয়ে যাওয়া।’ তার মতে, বার্ধক্য মানেই মানুষের চাহিদা, আকাঙ্ক্ষা কিংবা সঙ্গ পাওয়ার ইচ্ছার সমাপ্তি নয়। এই বিয়ে সমাজে ইতিবাচক বার্তা দেবে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মান্ডি জেলার জানজেহলি এলাকার বাসিন্দা কানহাইয়া লাল কয়েক বছর আগে স্ত্রী ও ছেলের মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি বনের একটি গুহায় বসবাস শুরু করেন। ২০২২ সালে তাকে উদ্ধার করে বৃদ্ধাশ্রমে নেওয়া হয়। তিনি গণপূর্ত বিভাগে চাকরি করতেন। ২০০০ সালে অবসরে যান।অন্যদিকে, কলকাতার বাসিন্দা সাবিনাকে প্রায় চার বছর আগে শিমলা যাওয়ার পথে অপ্রকৃতিস্থ অবস্থায় পাওয়া যায়। পরে পুলিশ তাকে মাশোবরা এলাকার নারী নিকেতনে ভর্তি করে। সেখান থেকে ২০২৫ সালে তাকে বিলাসপুরের ওই বৃদ্ধাশ্রমে স্থানান্তর করা হয়।
সেখানেই কানহাইয়া ও সাবিনার পরিচয়। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে ওঠে বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক। জীবনের বাকি সময় একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন তারা।
বিয়ের অনুষ্ঠানে জেলা সমাজকল্যাণ কর্মকর্তা রমেশ বনসাল, বৃদ্ধাশ্রম পরিচালনাকারী মানব সেবা ট্রাস্টের চেয়ারম্যান প্রকাশ চাঁদ বনসালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কানহাইয়ার গ্রামের দু-একজনও অনুষ্ঠানে যোগ দেন। তবে বর-কনের পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।
গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা ও শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন।
ইসরায়েলের ধারাবাহিক হামলার জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্য গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার কথা জানিয়েছে হামাস।
বৃহস্পতিবার হামাসপ্রধান খলিল আল-হাইয়া বলেন, ইসরায়েলের অব্যাহত হামলা সহ্য করার অবস্থায় নেই তার সংগঠন।বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, এক বছরের যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই টানা তৃতীয় রাতের মতো গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল।
মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন খালেদ আবু নাদা। তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং সংগঠনটির নিয়োগ দেওয়া শিক্ষা উপমন্ত্রী ছিলেন।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাসের সদস্য ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের লক্ষ্য করে সাম্প্রতিক সময়ে চালানো ধারাবাহিক অভিযানের অংশ ছিল এ হামলা।গত এক মাসে ইসরায়েল প্রায় ৮০ জন হামাস যোদ্ধাকে হত্যা করেছে বলেও দাবি করেন তিনি।
নেতানিয়াহু বলেন, “কোনো সন্ত্রাসীই ধরাছোঁয়ার বাইরে নয়। হামাসের নেতৃত্বের কেউই আমাদের নাগালের বাইরে থাকতে পারবে না।”
ইসরায়েলি হামলায় মঙ্গলবারের পর থেকে তৃতীয় জ্যেষ্ঠ হামাস কর্মকর্তা হিসেবে আবু নাদা নিহত হলেন। এর আগে সংগঠনটির নিরাপত্তা বিভাগের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে হত্যা করে ইসরায়েল।
হামাসপ্রধান খলিল আল-হাইয়া বলেন, “যুদ্ধবিরতি চুক্তির অধীনে হত্যা ও অবরোধের এই সমীকরণ মেনে নেওয়া যায় না।”
কীভাবে জবাব দেওয়া হবে, ভাবছে হামাস
গত জুলাইয়ে হামাসের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পান খলিল আল-হাইয়া। এর আগে ২০২৫ সালে কাতারে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিজেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান। ওই হামলায় তার ছেলে ও সহযোগীরা নিহত হন।
আল-হাইয়া বলেন, ইসরায়েলি লঙ্ঘন ও প্রতিদিন হত্যার নীতির জবাব কীভাবে দেওয়া হবে, তা নিয়ে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীর সঙ্গে আলোচনা করবে হামাস। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি।
ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, আবু নাদা হামাসের অর্থনৈতিক ও ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনা করতেন এবং সশস্ত্র কার্যক্রমে তহবিল জোগাতেন। তার মৃত্যুতে হামাসের আর্থিক ও সামরিক সক্ষমতা দুর্বল হতে পারে।
এদিকে হামাস আবু নাদার মৃত্যুর খবর নিশ্চিত করে বলেছে, শিক্ষাবিদ ও বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা ইসরায়েলের ‘জঘন্য অপরাধ’।
হামলা বন্ধ করতে ব্যর্থ হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-কে দায়ী করে আল-হাইয়া বলেন, “দখলদারদের অপরাধের বিষয়ে বোর্ড অব পিস ও চুক্তির জামিনদারদের নীরব থাকার নীতি অগ্রহণযোগ্য।”
চিকিৎসাকর্মীরা জানান, বুধবার রাত ও বৃহস্পতিবার গাজা সিটির তুফাহ এলাকা, আল-শাতি শরণার্থীশিবির এবং শেখ রাদওয়ান এলাকায় চালানো আরও তিনটি বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন।
এছাড়া পূর্ব বুরেইজ শরণার্থীশিবিরে ইসরায়েলি গুলিতে ৬২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।
হামাসকে লক্ষ্য করে হামলার কথা বললেও ইসরায়েলি অভিযানে বহু বেসামরিক নাগরিক নিহত হচ্ছেন।
ফিলিস্তিন ও ইসরায়েলের নিজ নিজ হিসাব অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর থেকে অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি ও ৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউরোপের বিভিন্ন ভূখণ্ডে সামরিক আগ্রাসন বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি। ট্রাম্পের প্রত্যাশা, এসব আগ্রাসন বন্ধ হলে দ্রুত ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গতকাল বৃহস্পতিবার দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে আমি এ বিষয়ে নিয়ে অনেকক্ষণ কথা বলেছি। আমি চাই, প্রেসিডেন্ট পুতিন ইউরোপজুড়ে সব ধরনের সামরিক আগ্রাসন বন্ধ করবেন, যাতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্রুত একটি চুক্তি করা সম্ভব হয়।’
ট্রাম্প আরও বলেন, ‘আমি সত্যিই বিশ্বাস করি, (যুদ্ধ শেষ হওয়ার) জোরালো সম্ভাবনা রয়েছে। প্রতি মাসে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে—এটি একটি ব্যাপক রক্তক্ষয়ী সংঘাত।’
ট্রাম্প বরাবরই আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে আসছেন। তবে তাঁর বক্তব্যে ‘ইউরোপের বিভিন্ন ভূখণ্ড’ কথাটির মাধ্যমে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের বাইরের এলাকাগুলোর দিকেও ইঙ্গিত করা হয়েছে।
অবশ্য পুতিনকে ঠিক কোন ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে বলেছেন, তা স্পষ্ট করেননি ট্রাম্প। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে সর্বাত্মক যুদ্ধ শুরু করার পর থেকে ইউরোপের অন্যান্য দেশও মাঝেমধ্যে মস্কোর বিরুদ্ধে উসকানিমূলক আচরণের অভিযোগ তুলেছে।
গতকাল দিনের শেষ ভাগে ট্রাম্প আবারও বলেন, তাঁর বিশ্বাস পুতিন একটি চুক্তিতে পৌঁছাতে চান। তবে কূটনীতিকে প্রায়ই ব্যক্তিগত সম্পর্কের নিরিখে দেখা ট্রাম্প জানান, রুশ নেতা পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যকার চরম বৈরিতা এ আলোচনাকে কঠিন করে তুলেছে।
ছুটি কাটাতে ফ্লোরিডার পাম বিচে নিজের মার-এ-লাগো ক্লাবে অবস্থান করছেন ট্রাম্প। সেখানে সাংবাদিকদের তিনি বলেন, ‘সমাধানের পথে সবচেয়ে বড় বাধা, এ দুই নেতা একে অপরকে প্রচণ্ড ঘৃণা করেন।’
আগামী ১৪ ও ১৫ ডিসেম্বর ফ্লোরিডায় অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে পুতিন যোগ দেবেন কি না, তা জানেন না বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমার ওপর নির্ভর করলে, আমি তাঁকে সম্মেলনে পেতে চাইতাম।’
এদিকে ক্রেমলিন গতকাল জানিয়েছে, শীর্ষ সম্মেলনে পুতিনের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
চলতি সপ্তাহেই ন্যাটো সদস্যদেশ পোল্যান্ড অভিযোগ করেছে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। আর এস্তোনিয়া সম্প্রতি একটি অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার যোগসূত্র পাওয়ার কথা জানিয়েছে।
গত সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ ও বৃহত্তর নিরাপত্তা ইস্যুর সমাধানে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক তৎপরতার অংশ ছিল ওই সম্মেলন। সেখানে তিনি পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে একটি ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নেন।