হাসপাতালে আহতরা।

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৮:৩৩ পিএম

পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ছাত্রদলের পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


আহতরা হলেন-পূর্ব টেংরি এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত, তছেরপাড়া এলাকার নবীর ছেলে মহিদুল, ঈদগাহ রোডের পিরুর ছেলে রিশাদ এবং শৈলপাড়া এলাকার বাবলুর ছেলে রবিউল।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


আহতদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সন্ধ্যায় মাজদিয়া এলাকায় বিক্ষোভ মিছিল করছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মুখোশধারী কয়েকজন মিছিলে অতর্কিত হামলা চালিয়ে গুলি করেন।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:২২ পিএম

টঙ্গীতে চাকরির  (ইন্টারভিউ) দিতে এসে গ্রেফতার হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক তানিয়া আক্তার তাপসী (২৫)। রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় টঙ্গীবাজারের সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাঁকে আটক করা হয়। পরে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে গাজীপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় তানিয়া আক্তার তাপসী টঙ্গীতে  চাকরির সাক্ষাৎকার দিতে আসেন। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নারী নেত্রী তাঁকে শনাক্ত করেন। পরে তাঁকে আটক করে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তানিয়া আক্তার তাপসী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন।


এ ছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে। এদিকে, গোপালগঞ্জের সাম্প্রতিক অগ্নিসংযোগ, হামলা-ভাঙচুর ও সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে তানিয়া আক্তার তাপসী হকিস্টিক হাতে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবিটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, তানিয়া আক্তার টঙ্গীতে একটি প্রতিষ্ঠানে চাকরির সাক্ষাৎকার দিতে এসেছিলেন। এ সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নারী নেত্রী তাঁকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে সোমবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।



  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৭:০০ পিএম

ঠাকুরগাঁওয়ে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ২১ নভেম্বর সকাল থেকে শুরু হওয়া ২-৩ দিনের বৃষ্টিতে ভেজা ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এতে একদিকে জমিতে কেটে রাখা আমন ধান ভিজে যাচ্ছে, অন্যদিকে নতুন করে আবাদ করা আলু, সরিষা ও ভুট্টার জমি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে আলুর জমিতে কাদা ও পানি জমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।


শনিবার সদর উপজেলার চিলারং এলাকায় দেখা যায় কয়েক আগে কেটে রাখা আমন ধান তড়িঘড়ি করে নিয়ে যাচ্ছে কৃষকরা।


ভূল্লী উপজেলার কচুবাড়ী গ্রামের কৃষক বাপ্পী জানান, বারোমাড়া কান্দরে তাঁর দুই একর জমির আমন ধান কেটে রাখা হয়েছে। ধানগুলো প্রায় শুকিয়ে এসেছিল। শনিবারই সেগুলো ঘরে তোলার প্রস্তুতি ছিল তাঁর। কিন্তু সকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কেটে রাখা ধান ভিজে গেছে।  একই সঙ্গে জমিতে পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সময়মতো ধান ঘরে তুলতে না পারায় বিপাকে পড়েছেন তিনি।


অন্যদিকে, ভেলাজান বাজার গ্রামের কৃষক মো ‌: বদিরূল  আলী জানান,  প্রায় চার বিঘা জমিতে আলুর আবাদ করেছেন। কিন্তু টানা বৃষ্টিতে জমি কাদায় পরিণত হয়েছে। জমিতে পানি জমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়ায় আলুর আবাদ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।


তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কেউ আমন ধান কেটে ঘরে তুলেছেন, আবার অনেকের ধান এখনো মাঠে পড়ে রয়েছে। ধান কাটার পর অনেক কৃষক জমিতে আলু, সরিষা ও ভুট্টার আবাদ করেছেন। ফলে চলতি সময়ের বৃষ্টি তাঁদের জন্য বাড়তি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। একদিকে কেটে রাখা ধান শুকানো ও ঘরে তোলার চিন্তা, অন্যদিকে নতুন আবাদ করা ফসল রক্ষার চেষ্টা দুই দিক সামলাতে হিমশিম খাচ্ছেন কৃষকেরা।


কৃষকদের আশঙ্কা, বৃষ্টির পানি জমিতে দীর্ঘসময় জমে থাকলে নতুন আবাদ করা ফসলের ক্ষতি হতে পারে। বিশেষ করে আলুর জমিতে অতিরিক্ত পানি জমে থাকলে আবাদ ঝুঁকির মুখে পড়তে পারে। একই সঙ্গে ভিজে যাওয়া আমন ধান শুকানো ও সংরক্ষণেও বাড়তি ভোগান্তি পোহাতে হবে। তবে টানা বৃষ্টিতে উপজেলায় আমন ধান, আলু, সরিষা ও ভুট্টার কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


এ বিষয়ে সদর উপজেলার কৃষিকর্মকর্তা নাসিরুল আলম জানান, আগাম বৃষ্টির ব্যাপারে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টি তেমন ক্ষতি হবে না। আবহাওয়া ভালো হবে বলে আমরা আশা করছি।


  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৬:৫৩ পিএম

নদী দখল, দূষণ, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ নদী রক্ষায় ১৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন ফরিদপুর জেলা কমিটি।


সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে  এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, এম এ মুঈদ হোসেন ( আরিফ) সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।


স্মারকলিপিতে পরিবেশ রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নদী রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ ও জনদাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পরিবেশ রক্ষার পক্ষে বলিষ্ঠ অবস্থান এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিসহ পরিবেশ সংরক্ষণে সরকারের বিভিন্ন উদ্যোগ আশাব্যঞ্জক। তবে মাঠপর্যায়ে এখনো নদী ও পরিবেশের পরিস্থিতি উদ্বেগজনক। বর্ষা মৌসুমে ভয়াবহ বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকট, উজান থেকে অসময়ে পানি ছেড়ে দেওয়া, নদী দখল, অবৈধ বালু উত্তোলন, শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ, নদীভাঙন এবং মৎস্যসম্পদ ধ্বংসের মতো সমস্যা অব্যাহত রয়েছে। ফরিদপুরের কুমার নদী এর অন্যতম উদাহরণ।


সংগঠনটির ১৭ দফা দাবির মধ্যে রয়েছে—নদীসংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, বিশেষজ্ঞ ও নদী বাঁচাও আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন এবং তাদের মতামত বাধ্যতামূলক করা; শিল্পকারখানায় ২৪ ঘণ্টা ইটিপি চালু রাখা; নদীর অবৈধ দখল উচ্ছেদে জেলা পর্যায়ে স্থায়ী সার্ভে কমিটি গঠন; পরিকল্পিতভাবে নদী খনন ও ড্রেজিং; বিলুপ্ত নদী, খাল, পুকুর ও দীঘি পুনঃখনন এবং অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধ করা।


এ ছাড়া নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নদীবন্দর পুনর্গঠন, অপরিকল্পিত ব্রিজ ও কালভার্ট অপসারণ, নদীর তীরে দেশীয় জলজ ও শ্বাসমূলীয় বৃক্ষরোপণ, মৎস্য ও জলজ প্রাণীর অভয়াশ্রম গড়ে তোলা এবং শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে আঞ্চলিক নদী কমিশন গঠনের দাবি জানানো হয়।


স্মারকলিপিতে আরও বলা হয়, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে জাতিসংঘের ১৯৯৭ সালের পানি প্রবাহ কনভেনশনে বাংলাদেশের অনুসমর্থন এবং যৌথ নদী কমিশনের কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। পাশাপাশি দূষিত নদীগুলোতে পানি পুনর্ব্যবহার ব্যবস্থা চালু, পাঠ্যপুস্তকে নদী রক্ষার বিষয় অন্তর্ভুক্ত, প্রজনন মৌসুমে জেলেদের বিকল্প কর্মসংস্থান ও আর্থিক প্রণোদনা প্রদান, বন্যাকবলিত এলাকায় আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং নদীতে প্লাস্টিক, পলিথিন ও গৃহবর্জ্য ফেলা বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।


স্মারকলিপির শেষাংশে বলা হয়, ১৭ দফা দাবি বাস্তবায়ন করা হলে দেশের নদ-নদী, জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং পরিবেশ সংরক্ষণে সরকারের অঙ্গীকার আরও কার্যকর হবে।


এ সময় সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপিটি গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়।

২০ বছরে ১০০ কোটি টাকা সাশ্রয়ের লক্ষ্য, ফেব্রুয়ারি থেকে আংশিক সরবরাহের প্রত্যাশা

৮.৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পে গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর


  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৫:৩৮ পিএম

পরিবেশদূষণ কমানো, বিদ্যুৎ ব্যয় সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়িয়ে টেকসই বন্দর ব্যবস্থাপনা গড়ে তুলতে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সরকারের ‘গ্রিন পোর্ট ইনিশিয়েটিভ’-এর আওতায় বন্দরের বিভিন্ন প্রশাসনিক ভবন ও পণ্য রাখার শেডের অব্যবহৃত ছাদে স্থাপন করা হচ্ছে ৮ দশমিক ৪২ মেগাওয়াট-পিক (এমডব্লিউপি) ক্ষমতার সৌরবিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় পাঁচ কোটি টাকা এবং ২০ বছরে প্রায় ১০০ কোটি টাকা বিদ্যুৎ বিল সাশ্রয় হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। আগামী ফেব্রুয়ারি থেকে আংশিক সৌরবিদ্যুৎ সরবরাহ শুরুর প্রত্যাশা করছে বন্দর কর্তৃপক্ষ।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) সূত্র জানায়, গত ১৯ অক্টোবর সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য বেসরকারি প্রতিষ্ঠান গ্রিনার গার্মেন্টস ইনিশিয়েটিভস লিমিটেডের (জিজিআই) সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তিতে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মুনিরুজ্জামান এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নূরে আলম স্বাক্ষর করেন।


চুক্তি অনুযায়ী, জিজিআই নিজস্ব অর্থায়নে অপারেটিং এক্সপেনস (ওপেক্স) মডেলে প্রকল্পটি বাস্তবায়ন করবে। সৌরবিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন, সরঞ্জাম সংগ্রহ, নির্মাণ, পরীক্ষা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি। ফলে প্রকল্প বাস্তবায়নে শুরুতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে কোনো মূলধনি বিনিয়োগ করতে হবে না। বাণিজ্যিক উৎপাদন শুরুর পরবর্তী ২০ বছর প্রতিষ্ঠানটি বন্দরকে সৌরবিদ্যুৎ সরবরাহ ও কারিগরি সহায়তা দেবে। চুক্তি অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য সরকারি নির্ধারিত সর্বোচ্চ সীমা ১০ টাকা ৫০ পয়সার মধ্যে রাখা হয়েছে।


বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, চুক্তি স্বাক্ষরের পর থেকে প্রকল্পের প্রস্তুতিমূলক কাজ চলছে। কারিগরি নকশা, প্রকৌশল পরিকল্পনা এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জাম সংগ্রহের কাজ চলছে। আগামী ফেব্রুয়ারি থেকে আংশিক সৌরবিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বন্দর একটি জাতীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনা হওয়ায় প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে নিরাপত্তা ও কারিগরি বিষয়গুলো সতর্কতার সঙ্গে বিবেচনা করা হচ্ছে।


বিদ্যুৎ বিল ৫০ কোটি টাকার বেশি


বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহভাগ পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বিপুল পরিমাণ পণ্য ওঠানামা, কনটেইনার পরিবহন এবং জাহাজের কার্যক্রম সচল রাখতে প্রতিনিয়ত বিদ্যুৎ ও জ্বালানির প্রয়োজন হয়। বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্দরে দৈনিক বিদ্যুতের চাহিদা ৭ থেকে ১৩ মেগাওয়াটের মধ্যে ওঠানামা করে। এ চাহিদা পূরণে প্রতি মাসে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি) ৫০ কোটি টাকার বেশি বিল পরিশোধ করতে হয়।


প্রকল্পের আওতায় স্থাপিত সৌরবিদ্যুৎকেন্দ্র থেকে সর্বোচ্চ ৮ দশমিক ৪২ মেগাওয়াট-পিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। দিনের বেলায় বন্দরের গড় বিদ্যুৎ চাহিদা প্রায় সাত মেগাওয়াট হওয়ায় উৎপাদিত সৌরবিদ্যুৎ দিয়ে চাহিদার বড় অংশ পূরণ করা সম্ভব হবে। চাহিদার অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিং ব্যবস্থার মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনাও রয়েছে।


চুক্তি অনুযায়ী, দিনের বেলায় সৌরবিদ্যুৎ এবং রাতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ দিয়ে বন্দরের কার্যক্রম পরিচালিত হবে। এতে বিদ্যুৎ ব্যয় সাশ্রয়ের পাশাপাশি জাতীয় গ্রিডের ওপর চাপ কমবে এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুতের ব্যবহার হ্রাস পাবে।


বিপুল যন্ত্রপাতি ও যানবাহনে কার্বন নিঃসরণ


চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনায় রয়েছে ১৮টি কি গ্যান্ট্রি ক্রেনসহ ১০ ধরনের প্রায় ১৬৯টি বিশেষায়িত ক্রেন। এ ছাড়া জেটি ও কনটেইনার ইয়ার্ডে ব্যবহৃত হয় ২২ ধরনের ২৭২টি যন্ত্রপাতি। পণ্য পরিবহন ও বন্দরের অভ্যন্তরীণ যাতায়াতে রয়েছে ৩০ হাজারের বেশি বিভিন্ন ধরনের যানবাহন। এসব যন্ত্রপাতি ও যানবাহনের বড় একটি অংশ জীবাশ্ম জ্বালানিনির্ভর। ফলে বন্দর কার্যক্রম সম্প্রসারণের সঙ্গে সঙ্গে জ্বালানি ব্যবহার ও কার্বন নিঃসরণের পরিমাণও বাড়ছে।


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য মো. জাফর আলম বলেন, বন্দরের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও জাহাজ থেকে বিপুল পরিমাণ কার্বন নিঃসরণ হয়। তা ছাড়া বর্তমানে ব্যবহৃত বিদ্যুতের বড় অংশও জীবাশ্ম জ্বালানিনির্ভর উৎস থেকে উৎপাদিত। এ পরিস্থিতিতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি। বন্দরের অব্যবহৃত ছাদ ও ফাঁকা শেডগুলো পরিকল্পিতভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ২০ থেকে ২৫ মেগাওয়াটে উন্নীত করা সম্ভব।


চার হাজারের বেশি জাহাজ, দূষণ কমানোর সম্ভাবনা


চট্টগ্রাম বন্দরে প্রতিবছর চার হাজারের বেশি আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজ আসা-যাওয়া করে। এসব জাহাজ বন্দরে অবস্থানের সময় বিদ্যুৎ ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় ভারী জ্বালানিচালিত জেনারেটর ব্যবহার করে। ফলে বন্দরের নিজস্ব যন্ত্রপাতির পাশাপাশি জাহাজ থেকেও বায়ুদূষণ ও কার্বন নিঃসরণ ঘটে।


সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে সৌরবিদ্যুতের উৎপাদন সক্ষমতা বাড়িয়ে বন্দরে অবস্থানরত জাহাজগুলোতে তীরভিত্তিক বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা (শোর পাওয়ার) চালু করা গেলে দূষণ কমানোর ক্ষেত্রে বড় অগ্রগতি সম্ভব। এ ব্যবস্থায় জাহাজ বন্দরে ভেড়ার পর নিজস্ব জেনারেটরের পরিবর্তে তীর থেকে বিদ্যুৎ নিতে পারবে। এতে জাহাজের ভারী তেলচালিত জেনারেটর বন্ধ রাখার সুযোগ তৈরি হবে এবং বন্দরের আশপাশে বায়ুদূষণ ও শব্দদূষণ কমবে।


কার্বন নিঃসরণবিষয়ক গবেষক ড. মোহাম্মদ আল আমিন বলেন, কার্বন নিঃসরণ নিয়ন্ত্রণে বন্দরকে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনা প্রয়োজন। জাহাজ বন্দরে অবস্থানের সময় মূল ইঞ্জিন ও জেনারেটরের ব্যবহার কমিয়ে সৌরবিদ্যুৎ বা বিকল্প পরিচ্ছন্ন বিদ্যুতের মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা গেলে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টে রূপান্তর করা সম্ভব। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর প্রবণতা কমিয়ে পরিবেশবান্ধব বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় সৌরবিদ্যুতের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


পূর্ণাঙ্গ গ্রিন পোর্ট গড়তে আরও উদ্যোগ প্রয়োজন


জিজিআইয়ের সিইও মোহাম্মদ নূরে আলম জানান, সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের আগে ছাদের কাঠামোগত সক্ষমতা যাচাই, যন্ত্রপাতি স্থাপনের উপযোগী প্রবেশপথ নির্ধারণ, বৈদ্যুতিক নকশা ও সংযোগব্যবস্থা তৈরি, নেট মিটারিংয়ের প্রস্তুতি, সরঞ্জাম সংগ্রহ ও সংরক্ষণসহ বিভিন্ন কারিগরি কাজ করতে হচ্ছে। নির্মাণকাজের জন্য পৃথক বিদ্যুৎ সংযোগ ও মিটার স্থাপন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টিও প্রক্রিয়াধীন।


সংশ্লিষ্টরা মনে করছেন, সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন চট্টগ্রাম বন্দরকে পূর্ণাঙ্গ গ্রিন পোর্টে রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্য পূরণে বন্দরের সামগ্রিক কার্যক্রমে জ্বালানি দক্ষতা বাড়াতে হবে। বিশেষ করে জাহাজ, ক্রেন, পণ্য ওঠানামার যন্ত্রপাতি এবং অভ্যন্তরীণ পরিবহনে বিদ্যুৎচালিত ও জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন। পাশাপাশি জাহাজের জন্য শোর পাওয়ার, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশদূষণ নিয়ন্ত্রণেও কার্যকর উদ্যোগ নিতে হবে।


তাঁদের মতে, বন্দরের অব্যবহৃত ছাদ ও স্থাপনাকে বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগানোর এ উদ্যোগ অর্থনৈতিক সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে। পরিকল্পিতভাবে উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং বন্দরের অন্যান্য কার্যক্রমে পরিচ্ছন্ন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে চট্টগ্রাম বন্দর দেশের বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি দক্ষিণ এশিয়ার একটি পরিবেশবান্ধব ও টেকসই বন্দর হিসেবেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে।


  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২৮ পিএম

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রেলওয়ে কর্মকর্তাদের ধারণা, কেরোসিনজাতীয় পদার্থ ঢেলে ট্রেনটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে রেলওয়ে পুলিশ।


রোববার (২২ নভেম্বর) রাত আটটার দিকে স্টেশনে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনটির একটি বগিতে আগুন দেখতে পান সংশ্লিষ্ট ব্যক্তিরা। রাত সাড়ে আটটায় ট্রেনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে আগুন লাগার পরপরই রেলওয়ের কর্মীরা তা নিভিয়ে ফেলেন।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক কামরুল হোসেন জানান, ট্রেনটি দাঁড়িয়ে থাকা অবস্থায় সামান্য আগুন দেওয়া হয়েছিল। রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। তাঁর ধারণা, কেউ নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে।


চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার বলেন, রেলওয়ের কর্মীরা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেছেন। ঘটনাটি তদন্ত করছে রেলওয়ে পুলিশ। স্টেশনের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে।


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এক শিক্ষার্থী জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাঁর ভাষ্য, ট্রেনের সামনের দিক থেকে তৃতীয় বগিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে সেখানে কেরোসিনের একটি বোতল এবং কয়েকটি আসনে কেরোসিন ছিটানো অবস্থায় দেখা গেছে।


ওই শিক্ষার্থী আরও জানান, ঘটনার পর পুলিশ সদস্যরা স্টেশনে আসেন। পরে শিক্ষার্থীরা অন্য একটি শাটল ট্রেনে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান।


এ ঘটনায় শাটল ট্রেনের নিরাপত্তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগুন লাগানোর পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্তের পর জানা যাবে।


  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৫:২০ পিএম

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মোহরায় মদপানের পর বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছে।


মারা যাওয়া দুজন হলেন উজ্জ্বল (৫২) ও নান্টু (৫০)। তাঁদের বাড়ি মধ্যম মোহরার বেচারামের বাড়ি এলাকায়। অসুস্থ অপর তিনজন হলেন সুদীপ্ত দত্ত (৩২), স্বরজ বৈদ্য (৫৬) ও বিধান মহাজন (৩৯)। তাঁদের মধ্যে সুদীপ্ত দত্তকে নগরীর ম্যাক্স হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অন্য দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


রোববার (২২ নভেম্বর) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল ও নান্টুর মৃত্যু হয়।


পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে মোহরার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে পাঁচ থেকে ছয়জন মদপান করেন। এর কিছুক্ষণ পর তাঁদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।


চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন গণমাধ্যমকে জানান, মদপানের পর বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। তবে বিষাক্ত মদপানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। তাঁদের সৎকার সম্পন্ন হওয়ার পর পুলিশ ঘটনাটি জানতে পারে।


ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। অসুস্থদের শারীরিক অবস্থা এবং মদের উৎস সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।