ছবি : সংগৃহীত

  • প্রকাশ : সোমবার ২৩ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৫৮ পিএম

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৪৭টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ২২টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 


শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে আরও ২৫টি কারখানায়। এ ছাড়া পাঁচটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিলেও উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন। সোমবার এসব ঘটনা ঘটে।


এদিন সকাল থেকে অধিকাংশ কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় উৎপাদন শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। কোথাও শ্রমিকেরা হাজিরা দিয়ে উৎপাদন বন্ধ রাখেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।


শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ২২টি কারখানা হলো সুসুকা নিট, রেডিয়ান্স ফ্যাশন, ক্রিস্টাল কম্পোজিট, আউটলেট স্টিচ, গ্রিন লাইফ নিটেক্স, মণ্ডল নিটওয়্যার, হংকুন লেদার কোম্পানি, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট, জিম্যাক্স ক্লোথিং, টপ টেক্স সোয়েটার, এ আর জিন্স প্রডিউসার, এফ জি এস ডেনিম ওয়্যার, ফুটস্টেপস বাংলাদেশ, অ্যালায়েন্স নিট কম্পোজিট, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ, ফ্যাশন ডট কম, হা-মীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন।


অন্যদিকে শ্রমিক অসন্তোষের কারণে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সাদাতিয়া সোয়েটার, স্টারলিং অ্যাপারেলস, স্টারলিং ক্রিয়েশন, হলিউড গার্মেন্টস, মুন রেডিওয়্যারস, বান্দো ডিজাইন, এ এম ডিজাইন, ইয়াগী বাংলাদেশ, ভার্চুয়াল বটমস, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, আলপস অ্যাপারেলস, নিউ এইজ গ্রুপ, ফ্যাশন ফোরাম, অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, ট্রাউজার লাইন, আল-মুসলিম অ্যাপারেলস, ওয়াইপি, কমপ্লিট কম্পোজিট ও উচু ফ্যাশন কারখানায়।


এ ছাড়া ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশনের শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত থাকলেও উৎপাদনকাজে অংশ নেননি। তারা কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন।


নিউ এইজ গ্রুপের সামনে উত্তেজনা, আহত ৩


সোমবার সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিজিএমইএর তথ্য উল্লেখ করে সংশ্লিষ্ট সূত্র জানায়, নিউ এইজ গ্রুপের তিনটি প্রতিষ্ঠানে প্রায় ৭ হাজার ৪৪০ জন শ্রমিক কাজ করেন। সকাল আটটার দিকে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন। তবে ৩০ হাজার টাকা নিম্নতম মজুরির দাবিতে উৎপাদন বন্ধ রেখে ভেতরে অবস্থান নেন তারা। সকাল ৮টা ৫০ মিনিটের দিকে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা কারখানা থেকে বেরিয়ে যান। এ সময় তাদের একাংশ কারখানার ১ নম্বর ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন।


একপর্যায়ে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস কারখানার সামনে দিয়ে যাওয়ার সময় বাসের শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকদের বাগ্‌বিতণ্ডা হয়। পরে উত্তেজিত শ্রমিকদের একটি অংশ বাসটির কাচ ভাঙচুর করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় পাশের আল-মুসলিম গার্মেন্টস ও জনরন সোয়েটার কারখানায়ও হাঙ্গামার চেষ্টা হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে থাকা শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দৌড়াদৌড়ির সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান সিরাতুব নামের এক নারী শ্রমিক। রেখা ও সুইটি নামের আরও দুই নারী শ্রমিক পায়ে আঘাত পান। তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে নেওয়া হয়। আহত তিনজনই আশঙ্কামুক্ত বলে জানা গেছে।


এ ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নিউ এইজ গ্রুপের আশপাশের অনন্ত গার্মেন্টস, অনন্ত স্পোর্টসওয়্যার, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইনসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যান।


এদিকে শিল্পাঞ্চলের দেওয়ান ইদ্রিস রোডের গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টসেও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। পাশাপাশি বঙ্গবন্ধু রোডের এম অ্যান্ড এইচ করপোরেশন লিমিটেডে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।


মজুরি নিয়ে অনিশ্চয়তায় শ্রমিকেরা


শ্রমিকদের ভাষ্য, নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হলেও নতুন বেতন কাঠামো নিয়ে তাদের অনিশ্চয়তা কাটেনি। চাকরি হারানোর ভয়ে অনেক শ্রমিক সরাসরি আন্দোলনে অংশ নিচ্ছেন না। তবে তাদের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। সরকার ও মালিকপক্ষ আন্তরিক হলে শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে যৌক্তিক বেতন কাঠামো ঘোষণা করা সম্ভব বলে মনে করেন তারা।


শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন কারখানার সামনে ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।


আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে, কয়েকটিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। কোথাও শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করছেন। দুই-একটি জায়গায় শ্রমিকেরা কারখানার ফটকে ইটপাটকেল নিক্ষেপ করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:১০ পিএম

ঠাকুরগাঁও সদর এলাকা থেকে ৪০ পিস ইয়াবাসহ মো. রাজু ইসলাম (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্ত্রী মোছা. রুমা আক্তার (২৫) পালিয়ে যান।


​সোমবার (২৩ নভেম্বর) রাত  ৮টার সময ঠাকুরগাঁও চৌরাস্তা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ছিলেন পুলিশ সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঠাকুরগাঁও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের পূর্ব পাশে পাকা রাস্তার ওপর কয়েকজন মাদক কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হয়েছেন।


​খবর পেয়ে এসআই মো. রমজান আলীর নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৮ টায় মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের টের পেয়ে দুজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে রাজু ইসলামকে ধরে ফেলে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি পালিয়ে যাওয়া অপর ব্যক্তি তার স্ত্রী রুমা আক্তার বলে নিশ্চিত করেন।

​

​রাত ৮টা ১০ মিনিটের দিকে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে রাজু ইসলামের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার পরনের জিন্স প্যান্টের সামনের ডান পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার হয়।তার ফেলে দেওয়া পলিথিন থেকে আরও ৩০ পিস ইয়াবা পাওয়া যায়।


​সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৪০ পিস (ওজন ৪ গ্রাম), যার আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।​মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত একটি ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড ফোন (আনুমানিক মূল্য ১২ হাজার টাকা) ও সিমসহ একটি সিম্ফনি বাটন ফোন জব্দ করা হয়।


​আটক রাজু ইসলাম ঠাকুরগাঁও পৌরসভার ডিসি বস্তি এলাকার বাসিন্দা।তার স্থায়ী ঠিকানা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ী। অন্যদিকে পলাতক রুমা আক্তার ডিসি বস্তির (শাহাপাড়া নতুন ব্রিজ সংলগ্ন) বাসিন্দা।


​পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, এই দম্পতি দীর্ঘদিন ধরে যোগসাজশে এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। এ ঘটনায় এসআই মো. রমজান আলী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করেছেন।ওসি, ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন পলাতক আসামিকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।



  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৫:০৫ পিএম

গাজীপুরের টঙ্গীতে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়কের টার জ্বালিয়ে অবরোধের চেষ্টা করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকায় এই ঘটনা ঘটে। শ্রমিকদের অবরোধের ফলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় বেলা ১২ টা ৫৫ মিনিটের দিকে টঙ্গী এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। 


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করলে যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা  গাজীপুরা ২৭ এলাকার মহাসড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ করে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান বললেন,বিক্ষুব্ধ শ্রমিকদেরকে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে,বিক্ষুব্ধ শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে।এ সময় তিনি জানান উত্তেজনাকর পরিস্থিতি এবং কারখানায় হামলার আশঙ্কায় বেশ কিছু পোশাক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 


​৫৬টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা

এর আগে, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি এবং কারখানায় হামলার আশঙ্কায় টঙ্গীর বিভিন্ন এলাকার ৫৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে কারখানাগুলো ছুটি ঘোষণা শুরু হয়। ​দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে টঙ্গীর গাজীপুরা, সাতাইশ, খরতৈল, বাগানবাড়ী, রাজনগর, তিলারগাতি, দাঁড়াইল, মুদাফা, ভাদাম ও মিলগেট এলাকার কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, আন্দোলনরত শ্রমিকদের চাপ এবং বহিরাগত ও অন্য কারখানার শ্রমিকদের আক্রমণের আশঙ্কায় শ্রমিকদের নিরাপত্তা ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটি ঘোষণা করা উল্লেখযোগ্য কারখানাগুলোর মধ্যে রয়েছে টি জে সোয়েটারস লিমিটেড, বেইস ফ্যাশন লিমিটেড, এস এম পি সোয়েটারস, এল লইস ফ্যাশন লিমিটেড, জি জে ক্যাপ, দেওটি ফ্যাশন লিমিটেড, মিকফিক অ্যাপারেলস, ই এইচ ফেব্রিক্স, তানাজ ফ্যাশন, ভিয়েলা টেক্স, হান্ডি ক্রাফট বিউটি অ্যান্ড ফ্যাশন, সাউথ ইস্ট টেক্সটাইল, মাসকো গ্রুপের একাধিক প্রতিষ্ঠান (মাসকো জি-১ ও জি-২, মাসকো কটন সেম্পল, মাসকো পিকাসো, মাসকো কনসেপ্ট নিটিং, মাসকো শান্তা এক্সপ্রেশন), বরকত ফ্যাশন, ডেনিম ফ্যাশন, সান ছিড়ি বডি ফ্যাশন, লিড টাইম অ্যাপারেলস, এম এইচ সি ওয়্যার, উন্টার উল, জে এফ অ্যান্ড কো, এস এম জেকার্ড, ফ্যাশন স্টেপ, সানি সোয়েটার, টি এম এস অ্যাপারেলস, নিউ আর জি অ্যাপারেলস, টি পি ও গার্মেন্টস, ইস্পিরিট অ্যাপারেলস, সিভিউ ড্রেসেস, তুসুকা স্পিরিট অ্যাপারেলস, তুসুকা ফ্যাশন লিমিটেড, ট্রাউজার, কটন ফিল্ড বিডি, লাইফমোর স্টাইল, এস এম সোয়েটার, এস অ্যান্ড পি বাংলা, কে এ ডিজাইন ওয়্যার, এসি অ্যাপারেলস, এস কে ট্রিমস, লাকি স্টার অ্যাপারেলস, ইনট্রাস্ট ডিজাইন, এইচ বি অ্যাপারেলস, মার্স স্টিচ অ্যাপারেলস, নিপন গার্মেন্টস, ইকো টেক্স, মিম ফ্যাশন, বারাকা ফ্যাশন, এবি মার্ট, মজুমদার গার্মেন্টস, সেগ ফ্যাশন, ক্রস লাইন এবং নিট বাজার।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:৩৬ পিএম

পঞ্চগড় শহরের যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে বানিয়া পট্টি থেকে সিনেমা হল রোড পর্যন্ত ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ৪০০ মিটার পাকা সড়ক নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ সড়ক নির্মাণকাজের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মাইনুল ইসলাম, পঞ্চগড় সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রমজান আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।


উদ্বোধনকালে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, পঞ্চগড় শহরের গুরুত্বপূর্ণ এ সড়কটির নির্মাণকাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকটাই কমে আসবে। পাশাপাশি শহরের যান চলাচল আরও সহজ, স্বাভাবিক ও গতিশীল হবে।


তিনি আরও বলেন, সড়কটি নির্মাণের ফলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। শহরের যোগাযোগব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও নাগরিক সুবিধা বৃদ্ধিতেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।


স্থানীয়দের প্রত্যাশা, সড়কটির নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন হলে পঞ্চগড় শহরের যান চলাচলে নতুন গতি আসবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।


ছবি : সংগৃহীত

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৪:০৪ পিএম

পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় গুলির ঘটনার জেরে জামায়াতে ইসলামীর চারজন নেতা–কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। 


গতকাল সোমবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাঝদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় অন্তত আটটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এর আগে গতকাল বিকেলে মাঝদিয়া এলাকায় বিএনপির নেতা–কর্মীদের মিছিলের প্রস্তুতির সময় হামলা ও গুলি চালায় একদল মুখোশধারী। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হন। এরপর সন্ধ্যা থেকে জামায়াতের চারজন নেতা–কর্মীর বাড়িঘরে হামলা–অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছেন জামায়াতের নেতারা।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পদ্মা নদীর বালুমহাল নিয়ে ঈশ্বরদীতে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এর জেরে গতকাল বিকেলে ঈশ্বরদী পৌর বিএনপির বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকেরা বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন একদল মুখোশধারী তাঁদের ওপর গুলি চালায়। ঘটনার পর গুলিবিদ্ধ পাঁচজনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


গুলির ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর রাতে একদল লোক সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক, জামায়াতের কর্মী ছমির উদ্দিন, নুরুল আলম ও নুরুল ইসলামের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। একপর্যায়ে এসব বাড়িতে থাকা আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।


সাঁড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) বিরুদ্ধে স্লোগান দিতে দিতে আমাদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে। অত্যন্ত চতুরতার সঙ্গে বর্বরোচিত ও ন্যক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’


বিএনপি থেকে বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টুর ভাই মেহেদীর নেতৃত্বে জামায়াতের নেতা–কর্মীদের বাড়িঘরে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেছেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গাফফার খান। তিনি এ ঘটনার বিচার দাবি করেছেন।


তবে জাকারিয়া পিন্টুর সমর্থকেরা দাবি করেছেন, তাঁরা এলাকায় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বিরোধী বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন। তখন আওয়ামী লীগ–সমর্থিত কাঁকন বাহিনীর সদস্যরা অতর্কিতে হামলা করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। মূলত পদ্মার বালু ব্যবসা নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে। এখানে জামায়াতের সঙ্গে কারও কোনো বিরোধ নেই।


জানতে চাইলে বিএনপির বহিষ্কৃত নেতা জাকারিয়া পিন্টু বলেন, ‘আমি ঢাকায় আছি। ঘটনার কিছুই জানি না। অকারণে আমার লোকজনকে দোষারোপ করা হচ্ছে। ঘটনা যত দূর জেনেছি, পদ্মার বালুমহাল নিয়ে আওয়ামী লীগের একটি পক্ষের সঙ্গে স্থানীয় লোকজনের বিরোধ চলছিল। এর জেরেই গুলি ও রাতে কয়েকটি বাড়িতে হামলা হয়েছে। এখানে জামায়াতের কোনো বিষয় নেই। জামায়াতের কারও বাড়িতে হামলা হয়েছে বলেও আমার জানা নেই।’


এদিকে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, যুবদল ও বিএনপির লোকজন জামায়াতের নেতা–কর্মীদের বাড়িঘরে আগুন দিয়েছেন। উল্টো পুলিশ বিএনপির লোকজনকে সুরক্ষা দিয়েছে। হামলা–অগ্নিসংযোগে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সরকারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে।‎


তবে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক এবং ঈশ্বরদীর বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়। পদ্মার বালুমহাল নিয়ে বিরোধের জেরেই সব হয়েছে। একটি পক্ষ বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করছে। পুলিশ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন এলাকার পরিস্থিতি শান্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুলি ও অগ্নিসংযোগের দুটি ঘটনাই তদন্ত করছে পুলিশ।


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:৪৬ পিএম

নাটোরের জেলা প্রশাসক মোছাঃ সুমনী আক্তারের সঙ্গে লালপুর উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) লালপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে 


মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ নার্গিস সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়াজেদ আলী মৃধা।


লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম, বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টুসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিবর্গ নিজ নিজ এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৯ পিএম
  • আপডেট : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৯ এএম


  • প্রকাশ : মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬, সময় : ৩:০৯ পিএম

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২ হাজার ৪৩ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ৭ দশমিক ৫৩ শতাংশের ফল পরিবর্তন হয়েছে।


সোমবার (২৩ নভেম্বর) বিকেলে পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।


বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মোট ২৭ হাজার ১২৪ জন শিক্ষার্থী আবেদন করেন। তাঁরা বিভিন্ন বিষয়ের মোট ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনরায় যাচাইয়ের আবেদন করেছিলেন।


আবেদনগুলোর পরিপ্রেক্ষিতে উত্তরপত্র পুনরায় যাচাই-বাছাই শেষে ২ হাজার ৪৩ জন শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন আনা হয়। অর্থাৎ প্রতি ১০০ জন আবেদনকারীর মধ্যে প্রায় সাড়ে সাতজনের ফলাফলে পরিবর্তন এসেছে।


চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী সংবাদ মাধ্যমে বলেন, চট্টগ্রাম বোর্ডে ২৭ হাজার ১২৪ জন শিক্ষার্থী উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। বিভিন্ন বিষয়ের ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনরায় যাচাই করা হয়েছে। যাচাই শেষে ২ হাজার ৪৩ জনের ফলাফলে পরিবর্তন এসেছে।

পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষার্থীরা বোর্ডের নির্ধারিত মাধ্যমে নিজেদের সংশোধিত ফলাফল জানতে পারবেন।