ছবি : সংগৃহীত
জনপ্রিয় কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জারের মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত হওয়া গেছে। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে ফেসবুক ও টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়। তবে এই অভিনেতা বর্তমানে জীবিত আছেন এবং রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, হারুন কিসিঞ্জার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তবে গত কয়েকদিনের তুলনায় এখন তিনি অনেকটা সুস্থ। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সব ঠিক থাকলে আগামী দুই-একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বাবার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হারুন কিসিঞ্জারের ছেলে রুবেল খন্দকার। গতকাল রোববার রাতে এক ফেসবুক পোস্টে তিনি একে 'নোংরা গুজব' বলে অভিহিত করেন।
রুবেল লিখেছেন, কিছু অসাধু ও সস্তা ভিউ-লোভী মানুষ আমার আব্বুর মৃত্যু নিয়ে মিথ্যে সংবাদ প্রচার করছে। অসুস্থতা নিয়ে যারা ব্যবসা করে, তারা সমাজের আবর্জনা।
তিনি আরও জানান, তার বাবা এখন আগের চেয়ে সুস্থ আছেন। একইসাথে এই ধরনের সংবেদনশীল বিষয়ে গুজব রটনাকারীদের শনাক্ত করে ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
নব্বই দশকের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ও টেলিভিশন নাটকে স্বতন্ত্র কৌতুকাভিনয়ের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পান হারুন কিসিঞ্জার। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রেও তাকে দেখা গেছে। দীর্ঘদিন অভিনয়ে অনিয়মিত থাকলেও তার হাস্যরসাত্মক সংলাপ ও স্বতঃস্ফূর্ত অভিনয় এখনো দর্শকদের মনে গেঁথে আছে।
ডিসেম্বর মাসে নেটফ্লিক্সে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি নতুন সিরিজ ও জনপ্রিয় সিরিজের নতুন মৌসুম। রাজনৈতিক থ্রিলার, রোমান্টিক ড্রামা, অপরাধ ও রহস্যনির্ভর গল্প থেকে শুরু করে পারিবারিক টানাপোড়েন—বিভিন্ন ঘরানার এসব সিরিজে থাকছে তারকাবহুল অভিনয়। মাসের শুরুতেই আসছে রাজনৈতিক থ্রিলার ‘ট্রিনিটি’। এরপর দর্শকদের জন্য থাকছে জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’সহ আরও কয়েকটি নতুন আয়োজন।
ট্রিনিটি
ডিসেম্বরের ১ তারিখে মুক্তি পাবে রাজনৈতিক থ্রিলার সিরিজ ‘ট্রিনিটি’। সাত পর্বের এই সিরিজ নির্মাণ করেছেন ‘লাইন অব ডিউটি’ ও ‘বডিগার্ড’খ্যাত জেড মারকিউরিও। এতে অভিনয় করেছেন গুগু এমবাথা-র ও রিচার্ড ম্যাডেন। গল্পে যুক্তরাষ্ট্রের একটি পারমাণবিক সাবমেরিনের কমান্ডার ক্যাথরিন ডেকার একটি গোপন সামরিক কর্মসূচি ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সন্ধান পান। এরপর তাঁকে ঘিরে তৈরি হয় রাজনৈতিক ও সামরিক উত্তেজনা। বিশ্বযুদ্ধের আশঙ্কা, ক্ষমতার দ্বন্দ্ব এবং রাষ্ট্রীয় গোপনীয়তা নিয়ে এগিয়ে যাবে সিরিজটির কাহিনি।
প্রাইড অ্যান্ড প্রেজুডিস
ডিসেম্বরের ৩ তারিখে মুক্তি পাওয়ার কথা জেন অস্টেনের বিখ্যাত উপন্যাস ‘প্রাইড অ্যান্ড প্রেজুডিস’-এর নতুন টেলিভিশন সংস্করণ। ছয় পর্বের এই সিরিজে এলিজাবেথ বেনেট চরিত্রে অভিনয় করেছেন এমা করিন এবং মিস্টার ডার্সি চরিত্রে জ্যাক লোডেন। এ ছাড়া অলিভিয়া কোলম্যানকে দেখা যাবে মিসেস বেনেটের ভূমিকায়। চিত্রনাট্য লিখেছেন ডলি অ্যালডারটন এবং পরিচালনা করেছেন ইউরোস লিন। বেনেট পরিবারের পাঁচ মেয়ের বিয়ে, প্রেম, সামাজিক মর্যাদা ও পারিবারিক প্রত্যাশাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে গল্প। এলিজাবেথ ও ডার্সির সম্পর্কের পাশাপাশি তৎকালীন ইংরেজ সমাজের শ্রেণিগত ব্যবধানও তুলে ধরা হবে সিরিজটিতে।
দ্য মার্ডার অব জনবেনেট রামসে
অপরাধ ও রহস্যপ্রেমীদের জন্য ডিসেম্বরের ১০ তারিখে আসছে ‘দ্য মার্ডার অব জনবেনেট রামসে’। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডোর বোল্ডারে ছয় বছর বয়সী জনবেনেট রামসের হত্যাকাণ্ড অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। এতে জনবেনেটের মা প্যাটসি রামসে চরিত্রে অভিনয় করেছেন মেলিসা ম্যাকার্থি এবং বাবা জন রামসে চরিত্রে ক্লাইভ ওয়েন। আট পর্বের এই সিরিজে হত্যাকাণ্ডের তদন্ত, পরিবারের ভূমিকা এবং দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা রহস্যের বিভিন্ন দিক তুলে ধরা হবে।
আনঅ্যাকাস্টমড আর্থ
ডিসেম্বরের ১৭ তারিখে মুক্তি পাবে ‘আনঅ্যাকাস্টমড আর্থ’। লেখক ঝুম্পা লাহিড়ীর একই নামের ছোটগল্প সংকলন অবলম্বনে তৈরি হয়েছে সিরিজটি। এতে অভিনয় করেছেন ফ্রিদা পিন্টো, সিদ্ধার্থ, ইন্দ্রনীল সেনগুপ্ত ও সারায়ু ব্লু। গল্পের কেন্দ্রে রয়েছেন পারুল চৌধুরী। অসুস্থতার কারণে স্বামী ও সন্তানকে নিয়ে মুম্বাই থেকে যুক্তরাষ্ট্রের ক্যামব্রিজে ফিরে আসেন তিনি। সেখানে পুরোনো প্রেমিকের সঙ্গে আবার দেখা হওয়ার পর তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তৈরি হয় নানা জটিলতা। অভিবাসী পরিবারের জীবন, ভালোবাসা, সম্পর্কের টানাপোড়েন এবং সাংস্কৃতিক পরিচয়ের বিষয়গুলো উঠে আসবে সিরিজটিতে।
এমিলি ইন প্যারিস
ডিসেম্বরের ২৪ তারিখে মুক্তি পাওয়ার কথা জনপ্রিয় রোমান্টিক কমেডি সিরিজ ‘এমিলি ইন প্যারিস’-এর নতুন মৌসুম। এতে এমিলি কুপার চরিত্রে ফিরছেন লিলি কলিন্স। নতুন পর্বগুলোতে এমিলির কর্মজীবন, প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের নানা দিক তুলে ধরা হবে। প্যারিসের পাশাপাশি গ্রিস ও মোনাকোকেও গল্পের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে দেখা যাবে। গ্যাব্রিয়েলের সঙ্গে এমিলির সম্পর্ক কোন দিকে এগোয়, তা নিয়েও দর্শকদের আগ্রহ রয়েছে।
ডিসেম্বরের এই আয়োজনগুলোতে একদিকে যেমন থাকছে সাহিত্যনির্ভর রোমান্টিক গল্প, অন্যদিকে থাকছে রাজনৈতিক ষড়যন্ত্র, বাস্তব হত্যাকাণ্ড ও পারিবারিক সম্পর্কের জটিলতা। ভিন্ন স্বাদের এসব সিরিজ নিয়ে মাসজুড়েই ব্যস্ত থাকতে পারেন নেটফ্লিক্সের দর্শকরা।
মেহজাবীন চৌধুরী। ছবিঃ ফেসবুক
বিয়ের এক বছরের বেশি সময় পার হলেও নিজের নাম বদলাননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বিয়ের পর নামের সঙ্গে স্বামীর পদবি যুক্ত করার প্রচলন থাকলেও সে পথে হাঁটেননি তিনি। সম্প্রতি নাম অপরিবর্তিত রাখার কারণ, বিয়ের খরচ এবং বর্তমান সংসারজীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।
মেহজাবীন জানান, বিয়ের পর তার নাম পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের কৌতূহল থাকলেও নিজেদের মধ্যে এ বিষয়ে কোনো কথাই হয়নি। বর্তমান নামটিই তার পছন্দের এবং দর্শকরাও এই নামেই অভ্যস্ত। তা ছাড়া নাম বদলালে পাসপোর্টসহ সব দাপ্তরিক কাগজপত্র সংশোধনের যে বাড়তি ঝামেলা তৈরি হয়, সেটিও এড়াতে চেয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘নাম বদলানো নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো আলোচনাই হয়নি।’
বিয়ের এক বছর পেরিয়ে গেলেও তার বিয়ের খরচ নিয়ে এখনো আলোচনা চলে নেটদুনিয়ায়। এ প্রসঙ্গে মেহজাবীন জানান, আয়োজনটি বাইরে থেকে যতটা ব্যয়বহুল মনে হয়েছে, বাস্তবে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম। তিনি বলেন, ‘বিয়েতে ঠিক কত খরচ হয়েছে, সেই অঙ্ক আমি নিজেও জানি না। আয়োজন যতটা জমকালো দেখা গেছে, আসলে খরচ হয়েছে তার চেয়ে অনেক কম।’
অভিনেত্রীর মতে, পরিচিত শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন প্রতিষ্ঠান নিজ উদ্যোগে এগিয়ে আসায় বিয়ের খরচ কমেছে। অনুষ্ঠানে তারকা বন্ধুরা অংশ নিয়েছেন এবং সংগীতশিল্পীরা গান গেয়েছেন। সহকর্মীদের এই আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বন্ধুদের এ ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না।’
বর্তমান সংসারজীবন নিয়েও নিজের ভালো লাগার কথা জানিয়েছেন মেহজাবীন। শ্বশুরবাড়ির সদস্যদের সঙ্গে ২০১২ সাল থেকেই তার পরিচয় রয়েছে। নতুন বাসায় ওঠার পরিবর্তনটুকু ছাড়া শ্বশুরবাড়ির কাউকে কখনো পর মনে হয়নি বলে জানান তিনি। বরং বিয়ের পর আগের চেয়ে বেশি ভালোবাসা পাচ্ছেন। স্বামী আদনানের বোনদেরও নিজের কাছের বন্ধু এবং পরিবারের অংশ হিসেবে দেখেন এই অভিনেত্রী।
অসংগতি ও অনিয়ম তুলে ধরার উদ্দেশ্যেই জনপ্রিয় ‘চান্দা ভাই’ চরিত্রটি তৈরি হয়েছে বলে জানিয়েছেন কনটেন্ট নির্মাতা রাকিব হাসান। ছবি: সংগৃহীত
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক
রাজধানীর উত্তরার বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার রাতে তার বাসায় যায় পুলিশ। দরজার সামনে পুলিশকে দাঁড় করিয়ে রেখে দীর্ঘ সময় ফেইসবুক লাইভে ছিলেন জ্যোতি। পরে তাকে বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ।
আটকের পর তার ভেরিফায়েড ফেইসবুক পেইজে লাইভের ভিডিও আর পাওয়া যায়নি।
তার বাসাটি পড়েছে তুরাগ থানা এলাকায়। এ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলছেন, জ্যোতিকা জ্যোতিকে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তার আগে রাত ২টার দিকে জ্যোতি ফেইসবুক লাইভে আসেন। এ সময় তার বাসার দরজায় পুলিশ দাঁড়িয়ে ছিল। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ তাকে বাগবিতণ্ডা করতে দেখা যায়। তার বিরুদ্ধে কী অভিযোগ, কোন গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না, এসব জানতে চান জ্যোতি।
তিনি পুলিশকে বলেন, “প্রয়োজনে আমি সকালে আপনাদের অফিসে যাব। কিন্তু এখন যাব না।”
পুলিশ তার দরজা ভাঙতে ধাক্কাধাক্কি করলে তাকে লাইভে বলতে শোনা যায়, “আমার দরজা ভাঙার কোনো অধিকার আপনাদের নেই। এটা কিন্তু খুব খারাপ হবে।”
পরে তিনি পুলিশকে হাতকড়া না পরানোর অনুরোধও জানান।
জ্যোতিকা জ্যোতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার জন্য দলটির মনোনয়নপত্রও কিনেছিলেন তিনি। পরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকার টিকিট চেয়েছিলেন।
আওয়ামী লীগ সরকারের শেষের দিকে ২০২৩ সালের ১৪ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্বে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান জ্যোতি। জুলাই গণঅভ্যুত্থানে পটপরিবর্তনের পর সেপ্টেম্বরে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়। তিনি শিল্পী ও কলাকুশলীদের নিয়ে আলোচিত ‘আলো আসবে’ গ্রুপের অ্যাডমিন ছিলেন।
ছবি : সংগৃহীত
খবরটা সুস্মিতা সেনও জানলেন সংবাদমাধ্যম থেকে। তাঁর বিয়ের খবর। পাত্র পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম! ২০১৩ সালের এপ্রিলে এমন খবর ছড়াতেই টুইটারে মুখ খুললেন সুস্মিতা।
বিয়ের খবর উড়িয়ে দিয়ে লিখলেন, ‘ওয়াসিম আকরাম আমার বন্ধু, বন্ধুই থাকবেন।’ আকরামও জানালেন, বিয়ের খবরের কোনো ভিত্তি নেই। অথচ যে পরিচয় নিয়ে এত জল্পনা, তার শুরু হয়েছিল পাঁচ বছর আগে, একটি নাচের অনুষ্ঠানে বিচারকের আসনে।
তত দিনে সুস্মিতার মুকুট জয়ের গল্প সবার জানা। ১৯৭৫ সালের ১৯ নভেম্বর ভারতের হায়দরাবাদে জন্ম তাঁর। মাত্র ১৮ বছর বয়সে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় ঐশ্বরিয়া রাইকে পেছনে ফেলে মুকুট জেতেন। সে বছরই, ১৯৯৪ সালে ফিলিপাইনের ম্যানিলায় প্রথম ভারতীয় হিসেবে হন মিস ইউনিভার্স। দুই বছর পর মহেশ ভাটের ‘দস্তক’ দিয়ে বলিউডে অভিষেক। এরপর ‘বিবি নাম্বার ওয়ান’, ‘ম্যায় হুঁ না’, ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’। দীর্ঘ বিরতির পর ২০২০ সালে ‘আরিয়া’ দিয়ে অভিনয়ে ফেরেন। সিরিজটির প্রথম মৌসুম আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পায়। পরে ‘তালি’তে অভিনয় করেন রূপান্তরকামী অধিকারকর্মী গৌরী সাওয়ান্তের ভূমিকায়।
পর্দার বাইরে নিজের সিদ্ধান্ত নিয়েও আলোচনায় ছিলেন সুস্মিতা। ক্যারিয়ারের গোড়াতেই ২৪ বছর বয়সে প্রথম মেয়ে রেনেকে দত্তক নেন। তাঁর ম্যানেজার তখন বলেছিলেন, মা হওয়ার পর তিনি আর কাজ পাবেন না। সুস্মিতা পরে স্মরণ করেছেন, মা হওয়ার পরই মুক্তি পেয়েছিল তাঁর ক্যারিয়ারের কয়েকটি বড় হিট। ২০১০ সালে দ্বিতীয় মেয়ে আলিশাহকে দত্তক নেন তিনি। আজ তাঁর ৫১তম জন্মদিনে ফিরে দেখা যাক সেই সম্পর্কগুলোর কথা, যেগুলো একসময় তাঁকে শিরোনামে এনেছিল।
যে অনুষ্ঠান থেকে ওয়াসিম আকরামকে নিয়ে জল্পনা
২০০৮ সালে ভারতের নাচের রিয়েলিটি শো ‘এক খিলাড়ি এক হাসিনা’য় সুস্মিতা ও আকরাম ছিলেন বিচারক। ওই অনুষ্ঠান থেকেই দুজনের নাম জুড়ে সংবাদ প্রকাশ হতে থাকে। কয়েক বছর পর সেই জল্পনা গড়ায় বিয়ের খবরে। সুস্মিতা তখন আকরামকে বন্ধু বলে পরিচয় দেন। আকরামও গুঞ্জনের ইতি টানতে বলেন সংবাদমাধ্যমকে। দুজনই তাঁদের ব্যক্তিজীবনের প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানান।
প্রথম ছবির চিত্রনাট্যকার বিক্রম ভাট
বলিউডে সুস্মিতার প্রথম ছবি ‘দস্তক’-এর চিত্রনাট্য লিখেছিলেন বিক্রম ভাট। পরিচালক ছিলেন মহেশ ভাট। ছবিতে কাজের সূত্রেই বিক্রমের সঙ্গে সুস্মিতার পরিচয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিক্রম তখন বিবাহিত। বহু বছর পর এক সাক্ষাৎকারে ওই সময়ের কথা বলতে গিয়ে স্ত্রী ও মেয়েকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অনুশোচনা প্রকাশ করেন তিনি।
রণদীপ হুদার সঙ্গে তিন বছর
২০০৬ সালের দিকে সুস্মিতা ও রণদীপ হুদার প্রেমের খবর প্রকাশ্যে আসে। দুজনকে একসঙ্গে দেখা যেত। ‘কর্মা, কনফেশনস অ্যান্ড হোলি’ ছবিতেও তাঁরা অভিনয় করেন। প্রায় তিন বছর পর ২০০৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সে সময়ের কথা বলতে গিয়ে রণদীপ পরে এক সাক্ষাৎকারে জানান, সম্পর্কটিতে তিনি অনেকটা সময় দিয়েছিলেন। বিচ্ছেদের পর আবার নিজের কাজে মন দিতে পেরেছিলেন।
আলোচনায় মুদাসসর আজিজ ও ঋত্বিক ভাসিন
মুদাসসর আজিজের পরিচালনায় ‘দুলহা মিল গায়া’য় অভিনয় করেছিলেন সুস্মিতা। একসঙ্গে কাজের সূত্রে এই নির্মাতার সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়ায়। মুম্বাইয়ের রেস্তোরাঁ ব্যবসায়ী ঋত্বিক ভাসিনকে নিয়েও একই ধরনের খবর বেরিয়েছিল। ২০১৩ সালে মুম্বাইয়ের একটি পার্টিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার খবর দেয় হিন্দুস্তান টাইমস। ২০১৭ সালে ইন্ডিয়া টুডে তাঁদের কথিত বিচ্ছেদের খবর প্রকাশ করে।
রেহমান শালের সঙ্গে বিচ্ছেদের খবর দিলেন নিজেই
মডেল রেহমান শালের সঙ্গে সম্পর্কের ইতি টানার খবর সুস্মিতা নিজেই জানান। ২০২১ সালের ২৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে দুজনের একটি ছবি দিয়ে লেখেন, বন্ধুত্ব দিয়েই তাঁদের সম্পর্ক শুরু হয়েছিল। প্রেমের সম্পর্ক অনেক আগেই শেষ হয়েছে, বন্ধুত্ব রয়ে গেছে। পরের বছর সুস্মিতার ইনস্টাগ্রাম লাইভেও দেখা যায় রেহমানকে।
ললিত মোদির ঘোষণার পর সুস্মিতার জবাব
২০২২ সালের ১৪ জুলাই আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি টুইটারে সুস্মিতার সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে জানান, তাঁরা প্রেম করছেন। ছবি দেখে বিয়ের জল্পনা শুরু হলে আরেকটি পোস্টে ললিত জানান, তাঁদের বিয়ে হয়নি। পরদিন দুই মেয়ের সঙ্গে নিজের ছবি দিয়ে সুস্মিতাও লেখেন, তিনি বিয়ে করেননি, আংটিবদলও হয়নি। তাঁর পোস্টে ললিতের নাম ছিল না।
এর দুই বছর পর রিয়া চক্রবর্তীর অনুষ্ঠান ‘চ্যাপ্টার ২’-এ ব্যক্তিজীবন নিয়ে আবার কথা বলেন সুস্মিতা। সেদিন তিনি জানান, প্রায় তিন বছর ধরে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই।
বলিউডে তিনি ‘বাদশা’। পর্দায় তাঁর দাপটে কাঁপে প্রতিপক্ষ। তবে বাড়িতে নাকি নিজের ইচ্ছেমতো কিছুই করতে পারেন না শাহরুখ খান। বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে বিছানায় বসে খাওয়া সবকিছুতেই স্ত্রী গৌরী খানের নিয়ম মেনে চলতে হয় তাঁকে।
সম্প্রতি দুবাইয়ে নিজের আবাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে পারিবারিক জীবনের এমন মজার অভিজ্ঞতা তুলে ধরেন শাহরুখ। গত বুধবার (১১ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন নির্মাতা করণ জোহর।
অনুষ্ঠানে শাহরুখের কাছে জানতে চাওয়া হয়, নিজের বাড়িতে এমন কী আছে, যেখানে তাঁর কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই? উত্তরে অভিনেতা মজা করে বলেন, বাড়িতে আসলে তাঁর কিছুই করার স্বাধীনতা নেই।
বাড়ির সব সিদ্ধান্ত গৌরীর
শাহরুখ জানান, বাড়ির ওয়াই-ফাই ঠিকমতো কাজ না করলেও অভিযোগ করা যাবে না। বিছানায় বসে খাওয়াও নিষেধ। দেয়ালের রং, ছবি, সিঁড়ি, লিফট কিংবা আলোর ব্যবস্থা—কোনো কিছু নিয়েই নিজের মত প্রকাশের সুযোগ নেই তাঁর।
অভিনেতার ভাষায়, পরিবারের সদস্যদের কাজ শুধু গৌরীর বাড়ির নকশার প্রশংসা করা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু বলতে হয়, গৌরী, কী সুন্দর বাড়ি বানিয়েছো!’
দুবাইয়ের নতুন প্রকল্পের বিলাসবহুল পেন্টহাউস নিয়েও একই ধরনের রসিকতা করেন শাহরুখ। সেটির নকশাও করেছেন গৌরী। অভিনেতা মজা করে জানান, বাড়ির বাইরে ছেলে আরিয়ান ও মেয়ে সুহানার সঙ্গে নিজেদের মতো সময় কাটানোর সুযোগ থাকলেও ঘরে ফিরলে সবাইকে গৌরীর নিয়ম মেনে চলতে হয়।
আসছে শাহরুখের ‘কিং’
এদিকে অভিনয়জীবনে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত তাঁর পরবর্তী সিনেমা ‘কিং’ ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
সিনেমাটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি ও অভয় বর্মা। বড় পর্দায় বাবা-মেয়ের জুটি হিসেবে শাহরুখ ও সুহানাকে একসঙ্গে দেখার অপেক্ষায় রয়েছেন তাঁদের ভক্তরা।